কিছু সুযোগ ইতিহাস বারবার দেয় না। একটি করিডোরও তেমনই। মানচিত্রে এটি কয়েকশ’ কিলোমিটার দীর্ঘ একটি রেখা মাত্র; কিন্তু এটি সময়কে সংকুচিত করার এক বিরল সুযোগ। যে রাষ্ট্র সিদ্ধান্তহীনতা, গোষ্ঠীগত স্বার্থ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কাছে বন্দি থাকে, তার জন্য একটি প্রস্তাবিত করিডোর হয়ে উঠতে পারে আরেকটি হারিয়ে যাওয়া সম্ভাবনা। আজ বাংলাদেশের সামনে ঠিক এমনই একটি মুহূর্ত এসে দাঁড়িয়েছে। চীনের সাম্প্রতিক করিডোর প্রস্তাবকে কেবল একটি কূটনৈতিক ঘটনা বা একটি সম্ভাব্য প্রকল্প হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা, নীতিগত দূরদর্শিতা এবং সময়কে উন্নয়নে রূপান্তর করার ক্ষমতার এক ঐতিহাসিক পরীক্ষা।

ইতিহাসে এমন অনেক রাষ্ট্র আছে, যারা একই ভৌগোলিক সুবিধা পেয়েও সমৃদ্ধ হতে পারেনি; আবার এমন রাষ্ট্রও আছে, যারা একটি করিডোর ব্যবহার করে কয়েক দশকের উন্নয়ন কয়েক বছরে করেছে। পার্থক্যটি ভূগোলে নয়, রাষ্ট্রীয় সক্ষমতায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা। এটি সফল হলে বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য, শিল্পায়ন, সরবরাহশৃঙ্খল এবং বৈদেশিক বিনিয়োগের গতিপথ আমূল বদলে দিতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে: একটি করিডোর কি নিজেই উন্নয়ন সৃষ্টি করে, নাকি উন্নয়ন নির্ভর করে সেই রাষ্ট্রের ওপর, যে করিডোরকে উৎপাদন, উদ্ভাবন এবং কার্যকর প্রতিষ্ঠান-ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পারে?

ইতিহাসের অভিজ্ঞতা দ্বিতীয় উত্তরটির পক্ষেই সাক্ষ্য দেয়। তাই আজকের আলোচনার মূল বিষয় চীন নয়, করিডোরও নয়; বরং করিডোরকে বাস্তব উন্নয়নে রূপ দেওয়ার রাষ্ট্রীয় সক্ষমতা। করিডোর শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে মহাসড়ক, রেললাইন, সমুদ্রবন্দর কিংবা কনটেইনারবাহী ট্রাকের দীর্ঘ সারি। কিন্তু রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিতে করিডোর তার চেয়ে অনেক বড় ধারণা। বর্তমান বিশ্বে করিডোর শুধু বাণিজ্যের নয়; সাপ্লাই চেইন নিরাপত্তারও প্রশ্ন। করিডোর শুধু একটি পরিবহনপথ নয়; এটি এমন একটি সমন্বিত রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে অবকাঠামো, উৎপাদন, বিনিয়োগ, প্রযুক্তি, সরবরাহশৃঙ্খল, আর্থিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় শাসনক্ষমতা একই প্রবাহে যুক্ত হয়ে সিদ্ধান্তের গতি ও লেনদেনের ব্যয়কে আমূল বদলে দেয়।

তাই করিডোরের প্রকৃত অবকাঠামো কংক্রিটের সড়ক নয়, বরং সময়ের ওপর প্রতিষ্ঠানের দক্ষ নিয়ন্ত্রণ। এই অর্থে করিডোর হলো রাষ্ট্রীয় সময়ের প্রাতিষ্ঠানিক সংকোচন; যেখানে মাসের কাজ দিনে, দিনের কাজ ঘণ্টায় এবং ঘণ্টার কাজ মিনিটে নামিয়ে আনার সক্ষমতাই উন্নয়নের প্রকৃত প্রতিযোগিতা নির্ধারণ করে। যে রাষ্ট্র এই সংকোচন ঘটাতে পারে, করিডোর তার জন্য প্রবৃদ্ধির অনুঘটক হয়ে ওঠে; আর যে রাষ্ট্র পারে না, সেখানে একই সড়ক, একই বন্দর ও একই অর্থায়নও শেষ পর্যন্ত কেবল ব্যয়বহুল অবকাঠামোয় সীমাবদ্ধ থাকে। অর্থাৎ করিডোরের প্রতিযোগিতা রাস্তার প্রস্থে নয়; সিদ্ধান্ত, অনুমোদন, উৎপাদন, আমদানি ও রপ্তানির মধ্যবর্তী সময়ের দৈর্ঘ্যে। সময়-রাজনৈতিক অর্থনীতির সবচেয়ে জীবন্ত পরীক্ষাগার চীনের শেনজেন। ১৯৮০ সালে এটি ছিল মাত্র একটি ছোট মৎস্যগ্রাম।

মাত্র চার দশকের মধ্যে সেটি বিশ্বের ‘ভবিষ্যতের শহর’ হিসেবে পরিচিতি পেয়েছে। অনেকেই এই সাফল্যের কৃতিত্ব দেন বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে। কিন্তু এটি ছিল ফলাফল; মূল কারণ ছিল রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা। শেনজেনে বিনিয়োগ অনুমোদন দ্রুত হয়েছে, সম্পত্তির অধিকার তুলনামূলকভাবে সুরক্ষিত হয়েছে, শিল্পনীতি ধারাবাহিক থেকেছে, লজিস্টিকস ও বন্দর একীভূত হয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের প্রশাসনিক গতি ধারাবাহিকভাবে বেড়েছে। অর্থাৎ, শেনজেন কেবল রাস্তা, ভবন বা বন্দর নির্মাণ করেনি; রাষ্ট্রীয় সিদ্ধান্তগ্রহণ ও উৎপাদনের মধ্যকার সময়কে নাটকীয়ভাবে সংকুচিত করেছে।

আজকের শেনজেনে চালকবিহীন ট্যাক্সি, ড্রোন-ডেলিভারি, রোবটনির্ভর সেবা কিংবা বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স ক্লাস্টার; এসবই সেই দীর্ঘ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার দৃশ্যমান ফল। একের পর এক বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও উদ্ভাবন পরস্পরকে শক্তিশালী করে একটি ইতিবাচক সমাবেশ-অর্থনীতি তৈরি করেছে, যেখানে প্রতিটি নতুন সাফল্য পরবর্তী সাফল্যের গতি আরও বাড়িয়েছে। একই সময়ে বহু উন্নয়নশীল দেশও সড়ক, বন্দর ও শিল্পাঞ্চল নির্মাণ করেও ব্যর্থ হয়েছে; কিন্তু শেনজেনের সাফল্য এসেছিল অবকাঠামোকে দ্রুত সিদ্ধান্ত, নীতিগত ধারাবাহিকতা এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে। শেনজেনের সাফল্য মূলত প্রাতিষ্ঠানিক সময় সংকোচনের সাফল্য বা বাস্তবায়নের গতি।

এই রূপান্তরের সবচেয়ে বড় শিক্ষা হলো, অর্থনৈতিক ভূগোল একা উন্নয়ন নির্ধারণ করে না; দ্রুত সঠিক সিদ্ধান্ত, নীতির ধারাবাহিকতা এবং কার্যকর বাস্তবায়নই ভৌগোলিক সম্ভাবনাকে বৈশ্বিক প্রতিযোগিতামূলক শক্তিতে রূপান্তরিত করে। যদি করিডোরের প্রকৃত শক্তি রাষ্ট্রের সিদ্ধান্তগ্রহণের গতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা হয়, তাহলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? এখানেই ঢাকা ও শেনজেনের সবচেয়ে বড় পার্থক্য দৃশ্যমান হয়। তাই, আজকে আমাদের আলোচনার কেন্দ্র সেই গভর্ন্যান্স আর্কিটেকচার, যা অবকাঠামোকে উৎপাদনশীল অর্থনীতিতে রূপান্তরিত করে। বাংলাদেশের সংকট মূলধনের ঘাটতি নয়, বরং সিদ্ধান্ত বাস্তবায়নের দীর্ঘসূত্রতা, নীতির অস্থিরতা, দুর্বল সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক বিলম্বের ধারাবাহিকতা। অর্থনীতিতে সময়ও একটি উৎপাদনের উপাদান।

সিদ্ধান্তে বিলম্বের প্রতিটি মাস বিনিয়োগের খরচ বাড়ায়, প্রতিযোগিতা কমায় এবং অনেক ক্ষেত্রে বিনিয়োগকে অন্য দেশে সরিয়ে দেয়। আমার গবেষণায় এই অবস্থাকে আমি বলেছি টেম্পোরাল ক্যাপচার। এটি একটি কাঠামোগত অবস্থা, যেখানে রাষ্ট্রের সিদ্ধান্তের সময়, তথ্যপ্রবাহ এবং নীতিগত প্রতিক্রিয়া ধীরে ধীরে জনস্বার্থ থেকে বিচ্ছিন্ন হয়ে সংকীর্ণ ক্ষমতাকাঠামোর নিয়ন্ত্রণে চলে যায়। এই প্রক্রিয়াকে টিকিয়ে রাখে একটি সপ্তভূজ লৌহ কাঠামো। এটি রাজনৈতিক ক্ষমতা, আমলাতন্ত্র, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, নিষ্কাশনমূলক প্রাতিষ্ঠানিক স্বার্থ, তথ্য-প্রভাবের নেটওয়ার্ক, বহিরাগত ভূরাজনৈতিক চাপ এবং অনানুষ্ঠানিক ক্ষমতার বলয়ের পারস্পরিক জোট। ফলাফল হলো, উন্নয়ন থেমে যায় না; কিন্তু তার গতি বারবার কমে যায়।

প্রকল্প তৈরি হয়, অর্থায়ন আসে, অবকাঠামোও নির্মিত হয়; তবু প্রত্যাশিত উৎপাদনশীল রূপান্তর ঘটে না। কারণ, বন্দি থাকে রাস্তা নয়; বন্দি থাকে রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময়। তাই, করিডোরের আগে প্রয়োজন রাষ্ট্রের সময়কে মুক্ত করা। বিনিয়োগকারী মূলধন নিয়ে আসে তখনই, যখন সে নিশ্চিত হয় অনুমোদন অনির্দিষ্টকাল ঝুলে থাকবে না, নীতির আকস্মিক পরিবর্তনে ব্যবসায়িক হিসাব ভেঙে পড়বে না এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাবে প্রকল্প বছরের পর বছর আটকে থাকবে না। তাই বাংলাদেশের সামনে আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ করিডোর বা নতুন রাস্তা নির্মাণ নয়; রাষ্ট্রীয় সময়কে অকার্যকারিতা, দীর্ঘসূত্রতা এবং সমন্বয়হীনতার বন্দিদশা থেকে মুক্ত করা।

আর সময়কে মুক্ত করতে পারলে এই করিডোর শিল্পায়ন, প্রযুক্তি, উৎপাদন এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির অনুঘটক হয়ে উঠতে পারে। বাংলাদেশের জন্য এই করিডোরের ধারণা অবশ্য একেবারে নতুন নয়। কয়েক বছর আগেও অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে; কিন্তু শেষ পর্যন্ত বাস্তব অগ্রগতি পায়নি। সেই অভিজ্ঞতা দেখায়, বড় অবকাঠামো নির্মাণ এবং সফল অর্থনৈতিক করিডোর গড়ে তোলা এক বিষয় নয়। প্রথমটি প্রকৌশল; দ্বিতীয়টি শাসনক্ষমতার পরীক্ষা। কিন্তু, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাস্তবতা ভিন্ন। আজকের বিশ্বে দেশগুলো মূলধনের জন্য যতটা প্রতিযোগিতা করে, তার চেয়েও বেশি প্রতিযোগিতা করে সিদ্ধান্তের গতির জন্য। কারণ বৈশ্বিক বিনিয়োগ সবচেয়ে সস্তা শ্রম নয়; সবচেয়ে পূর্বানুমানযোগ্য রাষ্ট্র খোঁজে।

এসময় চীনা করিডোর প্রস্তাবের তাৎপর্য আরও বেড়েছে, কারণ এটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল পুনর্গঠিত হচ্ছে এবং উৎপাদনকেন্দ্রগুলো বিকল্প গন্তব্য খুঁজছে। ফলে করিডোরের প্রশ্ন কেবল কূটনৈতিক সম্পর্কের নয়; এটি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত ভূগোলের মধ্যেও বাংলাদেশের অবস্থান পুনর্নির্ধারণের প্রশ্ন। একটি অর্থনৈতিক করিডোর সফল হওয়ার জন্য অন্তত পাঁচটি মৌলিক শর্ত অপরিহার্য। প্রথমত, আইনের শাসন; যাতে বিনিয়োগকারী নিশ্চিত হতে পারে যে চুক্তি, সম্পত্তির অধিকার ও নীতিগত অঙ্গীকার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ভেঙে পড়বে না। দ্বিতীয়ত, দ্রুত ও পূর্বানুমানযোগ্য সিদ্ধান্তগ্রহণ; কারণ বৈশ্বিক বিনিয়োগ অপেক্ষা করে না, বিলম্বের মূল্য প্রায়ই বিনিয়োগ হারানোর মাধ্যমে পরিশোধ করতে হয়।

তৃতীয়ত, প্রতিযোগিতামূলক লজিস্টিকস; যেখানে বন্দর, কাস্টমস, পরিবহন ও ডিজিটাল সেবাগুলো একই গতিতে কাজ করে। চতুর্থত, শিল্পগুচ্ছ; যেখানে করিডোর কেবল পণ্য পরিবহনের পথ নয়, বরং উৎপাদন, উদ্ভাবন এবং মূল্য সংযোজনের বাস্তুতন্ত্রে পরিণত হয়। এবং পঞ্চমত, দক্ষ মানবসম্পদ; কারণ শেষ পর্যন্ত কোনো করিডোরের প্রকৃত প্রতিযোগিতা নির্ধারণ করে রাস্তা নয়, সেই রাস্তা ব্যবহার করে উচ্চমূল্য সংযোজিত উৎপাদন গড়ে তোলার সক্ষম মানুষ। এই পাঁচটির কোনোটিই কংক্রিট দিয়ে নির্মাণ করা যায় না; এগুলো রাষ্ট্রীয় সক্ষমতার স্থাপত্য। এই কারণেই চীনের সাফল্যের মূল রহস্য কেবল দ্রুত মহাসড়ক নির্মাণে নয়; বরং এমন একটি রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলায়, যা অবকাঠামোকে উৎপাদনশীল অর্থনীতির সঙ্গে নিরবচ্ছিন্নভাবে যুক্ত করতে পেরেছে।

অন্য কথায়, তারা শুধু কংক্রিট নির্মাণ করেনি; তারা নির্মাণ করেছে এমন এক শাসনব্যবস্থা, যেখানে সিদ্ধান্তের গতি, বাস্তবায়নের বিশ্বাসযোগ্যতা এবং উৎপাদনের সক্ষমতা একই প্রবাহে কাজ করে। এই কারণেই বাংলাদেশের সামনে আজ মূলত দুটি ভিন্ন উন্নয়নপথ উন্মুক্ত। প্রথমটি একটি ট্রানজিট স্টেট; যেখানে দেশ কেবল অন্যের পণ্য, মূলধন ও ভূরাজনৈতিক স্বার্থের চলাচলের পথ হয়ে থাকে। সেখানে বন্দর ব্যস্ত থাকে, মহাসড়কে ট্রাক চলাচল বাড়ে, কিছু রাজস্বও আসে; কিন্তু শিল্পের গভীরতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং উচ্চমূল্য সংযোজিত উৎপাদনের ভিত্তি গড়ে ওঠে না। দ্বিতীয়টি একটি প্রোডাকশন স্টেট; যেখানে একটি করিডোর দেশীয় শিল্প, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, দক্ষ মানবসম্পদ, প্রযুক্তি স্থানান্তর এবং নতুন বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এই দুই ভবিষ্যতের পার্থক্য রাস্তার দৈর্ঘ্যে নয়, রাষ্ট্রের নীতিগত সক্ষমতায়। করিডোর কোনো দেশকে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনশীল রাষ্ট্রে রূপান্তরিত করে না; বরং একটি সক্ষম রাষ্ট্রই করিডোরকে উৎপাদন, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির ইঞ্জিনে পরিণত করতে পারে। ইতিহাসে প্রায় সব সফল করিডোর শেষ পর্যন্ত উৎপাদনকেন্দ্র তৈরি করেছে; আর ব্যর্থ করিডোরগুলো কেবল অন্যের পণ্যের চলাচলের পথ হয়ে থেকেছে। তাই বাংলাদেশের সামনে প্রকৃত নির্বাচন চীন বা অন্য কোনো অংশীদার নয়; প্রকৃত নির্বাচন হলো আমরা কি একটি ট্রানজিট অর্থনীতি হয়ে থাকব, নাকি একটি উৎপাদনশীল অর্থনীতিতে রূপান্তরিত হব? বলাই বাহুল্য, করিডোর নিজে কোনো দেশকে ধনী করে না, যেমন একটি বন্দর নিজে শিল্পায়ন ঘটায় না। এগুলো কেবল সম্ভাবনার বাহক। সেই সম্ভাবনাকে উৎপাদন, কর্মসংস্থান, প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে রূপান্তর করে রাষ্ট্রের নীতিগত দূরদর্শিতা, প্রশাসনিক দক্ষতা এবং বাস্তবায়নের বিশ্বাসযোগ্যতা। আমরা কি এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে পারব, যে করিডোরকে উৎপাদনের শক্তিতে, উদ্ভাবনের অর্থনীতিতে এবং ভৌগোলিক অবস্থানকে কেবল মানচিত্রের সুবিধা নয়, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রতিযোগিতামূলক শক্তিতে রূপান্তর করতে পারে?

লেখক: সহযোগী অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী Email: hhafij@yahoo.com