বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বিষয়ক দীর্ঘদিনের একটি বড় সমস্যা ছিল- ফি একাধিকবার বাড়ানোর প্রবণতা। ভর্তি হওয়ার পর বিভিন্ন অজুহাতে হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়গুলো ফি বৃদ্ধি করে, যা শিক্ষার্থীদের জন্য এক বড় ধরনের আর্থিক চাপ হয়ে দাঁড়াত। এদিকে প্রতিষ্ঠানগুলো নিজেরাই ফি নির্ধারণের দায়িত্ব পেয়ে, তাদের একতরফা সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়িয়েছিল। বর্তমানে এ অবস্থার পরিবর্তন আনতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫ (সংশোধিত) খসড়া প্রস্তুত করা হয়েছে, যেখানে ফি কাঠামো এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত আইনে, বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের টিউশন ফি নির্ধারণের জন্য এখন ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অনুমোদন নিতে হবে। ফলে শিক্ষার্থীরা যে ফি কাঠামো দিয়ে ভর্তি হবে, তা আর বাড়ানো যাবে না। ভর্তি হওয়ার পর, ফি বাড়ানোর কোনো সুযোগ থাকবে না, যা শিক্ষার্থীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য এই ফি কাঠামো ৫০ শতাংশ বেশি হবে। কিন্তু তাও অনুমোদিত ফি কাঠামোর আওতায় থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আর কোনো অপ্রত্যাশিত ফি বৃদ্ধির শিকার হতে হবে না, যা দীর্ঘদিন ধরে তাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ইচ্ছামতো ফি বাড়িয়ে শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করত। অনেক সময় লিখিত নোটিশও দেওয়া হতো না, যার কারণে শিক্ষার্থীরা অজান্তেই ফি বাড়ানোর বিষয়টি জানতে পারত। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫ (সংশোধিত) খসড়ায় আইন লঙ্ঘন করলে শাস্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে, যারা শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে কাজ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অনূর্ধ্ব ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড। এর আগে এই শাস্তির পরিমাণ ছিল ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদ- এবং ৫ বছরের কারাদণ্ড।

এমনকি সার্টিফিকেট জালিয়াতি ও অননুমোদিত কার্যক্রম পরিচালনার শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম ন্যূনতম দুই বছর বন্ধ রাখার বিধান রাখা হয়েছে। অন্যদিকে আইনের খসড়ায় তদন্ত প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তি করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। যদি কোনো অভিযোগ প্রমাণ হয়, তাহলে তদন্তকারী কর্মকর্তাকে ৬০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করতে হবে এবং এই সময়সীমা ম্যাজিস্ট্রেটের অনুমোদনক্রমে আরও ৩০ দিন বাড়ানো যেতে পারে। ফলে যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অপর একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিবর্তন। সংশোধিত আইনে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য একটি সাত সদস্যের সার্চ কমিটি গঠন করার প্রস্তাব করা হয়েছে।

এই কমিটি উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করবে এবং তিনজন প্রার্থীর নাম প্রতিটি পদের বিপরীতে সুপারিশ করবে। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদের নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দক্ষ হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠনেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে কোনো বিশ্ববিদ্যালয়ে এক পরিবারের পাঁচজনের বেশি সদস্য বোর্ডে থাকতে পারবে না। এ বিধানটি নিশ্চিত করবে যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে ক্ষমতার অপব্যবহার হওয়ার সুযোগ কমে যাবে এবং একে আরও স্বচ্ছভাবে পরিচালিত করা সম্ভব হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপন ও পরিচালনার জন্য নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে। ২০১০ সালের আইনে বিশ্ববিদ্যালয়ের জন্য ২৫ হাজার বর্গফুট জায়গার শর্ত ছিল। কিন্তু এখন সেটি বাড়িয়ে ৫০ হাজার বর্গফুট করা হয়েছে।

এটি নিশ্চিত করবে যে বিশ্ববিদ্যালয়ের ভবন যথেষ্ট বড় এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় অবকাঠামো থাকবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের নামের পাশে জাতীয় বা আন্তর্জাতিক শব্দ ব্যবহার না করার প্রস্তাবও করা হয়েছে, যাতে কোনো বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান বা মর্যাদা বাড়ানোর জন্য এ ধরনের শব্দ ব্যবহার করে জনগণের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি না করে। এছাড়া ১ একর জমি থাকা বাধ্যবাধকতার পরিবর্তে ৫ একর জমির শর্ত আরোপ করা হয়েছে, যা নিশ্চিত করবে যে বিশ্ববিদ্যালয়টি যথেষ্ট পরিসরে প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষার জন্য ভালো পরিবেশ সৃষ্টি হবে। তবে যেসব বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের আগে অনুমোদন পেয়েছে, তাদের ক্ষেত্রে এই শর্ত শিথিল থাকবে। একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ প্রদান। সংশোধিত আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৯ শতাংশ আসনে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে গ্রামের বা পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ উন্মুক্ত হবে এবং তারা আর আর্থিক কারণে শিক্ষা থেকে বঞ্চিত হবে না। সংশোধিত এই আইনের উদ্দেশ্য শুধু টিউশন ফি বা প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশের উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি ব্যাপক পদক্ষেপ।

একদিকে যেমন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে, তেমনি অন্যদিকে দেশের শিক্ষা খাতের স্থিতিশীলতা ও উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে, শিক্ষার্থীরা আর তাদের শিক্ষার জন্য অর্থনৈতিক অস্বস্তির মধ্যে পড়বে না এবং তারা একটি সুসংগঠিত, স্বচ্ছ এবং ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থেকে উপকৃত হবে। ফলে দেশের শিক্ষা খাতে আরও দক্ষ এবং প্রতিযোগিতামূলক একটি পরিবেশ সৃষ্টি হবে, যা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গলজনক হবে।

বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যাধিক্য এবং তাদের প্রতি শিক্ষার্থীদের বাড়তি আগ্রহের পরিপ্রেক্ষিতে, এসবের মান উন্নয়নের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে। বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করতে সক্ষম হলেও, অনেক বিশ্ববিদ্যালয় এখনো উচ্চমানের শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে কিছু মৌলিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যা এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও সুসংহত, নৈতিক ও বৈশ্বিক শিক্ষার মানদ-ে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষার মানের উন্নয়ন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমের বৈচিত্র্য এবং আধুনিকতার দিকে বেশি মনোযোগ দিতে হবে।

বর্তমান যুগের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে, যা শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে। উদাহরণস্বরূপ আন্তর্জাতিক বাজারে চাহিদাসম্পন্ন কোর্সগুলো যেমনÑ তথ্যপ্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি অন্তর্ভুক্ত করা দরকার। পাশাপাশি, বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে পাঠ্যক্রমটি সময়োপযোগী ও উদ্ভাবনী হতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ভর করে তার শিক্ষক-শিক্ষিকার দক্ষতা ও অভিজ্ঞতার ওপর। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই উচ্চমানের শিক্ষক নিয়োগ দেওয়া উচিত, যারা নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং গবেষণামুখী। শিক্ষকগণকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও কাজের সুযোগ প্রদান করলে শিক্ষার গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পাবে।

শিক্ষকদের গবেষণা কার্যক্রমেও উৎসাহিত করা উচিত এবং তাদের গবেষণার জন্য যথাযথ অনুদান বা সুযোগ প্রদান করা দরকার। বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো তার গবেষণা কার্যক্রম। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচিত, তাদের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করা, যাতে তারা নতুন নতুন ধারণা, উদ্ভাবন এবং সমাধান বের করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো যদি গবেষণা প্রকল্পে আরো বিনিয়োগ করে, তবে তা শুধু একাডেমিক মান বৃদ্ধিতে সহায়তা করবে না, বরং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গবেষণার জন্য প্রয়োজনীয় পরিবেশ, সহায়তা এবং অর্থায়ন নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। শিক্ষকদেরও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যাতে তারা বিশ্বমানের তত্ত্ব ও কৌশল শিখতে পারে। এতে ছাত্রছাত্রীদের বিশ্বজনীন এবং প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা তৈরি হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক দক্ষতা এবং স্বচ্ছতার প্রয়োজনীয়তা অপরিসীম। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫ (সংশোধিত) খসড়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হবে। এর মাধ্যমে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বিষয়ক অসুবিধা, প্রশাসনিক অপব্যবহার এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়া হবে। এটি শিক্ষার্থীদের জন্য একটি ন্যায়বিচারপূর্ণ, স্বচ্ছ ও উচ্চমানের শিক্ষা পরিবেশ তৈরি করবে, যা ভবিষ্যতের জন্য একটি সুদৃঢ় ভিত্তি স্থাপন করবে। লেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ