বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদের মুখের ভাষায় লেগেছে আধুনিকতার হাওয়া। ফলে ভাষাশৈলীতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেখানে শুদ্ধ বাংলায় কথা বলতে অভ্যস্ত শিক্ষার্থীদের সংখ্যা নগণ্য, সেখানে অশুদ্ধ উচ্চারণে ইংরেজি ফোটানো শিক্ষার্থীর সংখ্যা অহরহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা বলা যেন করোনাকালীন সময়ে থুতনিতে মাস্ক লাগানোর মতোই এক বাহ্যিক শোভায় পরিণত হয়েছে।\r\nভাষার অবক্ষয় যেন বায়ুদূষণের মতো নিঃশব্দে বেড়েই চলেছে। প্রতিদিন আমাদের আশপাশের বাক্যালাপে শোনা যাচ্ছে নানা অশ্লীল শব্দ। যেগুলো শুনে প্রশ্ন জাগে, এটি কি বাংলা ভাষা, নাকি গালিতে দূষিত কোনো নতুন শব্দরাশি? অবস্থা এমন দাঁড়িয়েছে, বিশেষ বর্গীয় অশ্লীল শব্দ ব্যবহার ছাড়া কিছু শিক্ষার্থীর মনের ভাব প্রকাশই পায় না।
ভয়াবহ দিক হলো, অনেকেই আবার এগুলোকে বাংলা ভাষায় প্রচলিত বাগধারা বলে দাবি করতে শুরু করেছে। অথচ এসব শব্দের না আছে কোনো অর্থ, আর না আছে সৌন্দর্য। ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে এই ভাষাগত অসচেতনতা ছড়িয়ে পড়ছে বিনোদনমাধ্যম, বেতার ও অন্যান্য কর্মপরিবেশগুলোতে।\r\nএর সঙ্গে যুক্ত হয়েছে শব্দের বিকৃতীকরণ। শুরুটা হয় দ্রুত টাইপ করার প্রয়োজনে মূল শব্দের বিকৃত বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করার মাধ্যমে। শেষটা হয় বাস্তব সংলাপে তা প্রয়োগের মাধ্যমে। ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের অবদান এক্ষেত্রে অনস্বীকার্য। এই বিকৃত উচ্চারণে সচেতন শিক্ষার্থীদের অংশগ্রহণও কম নয়।
যেখানে বয়োবৃদ্ধদের মুখে অপুষ্ট বা দুর্বল শব্দগুলো ছিল এক সময়কার ছোটদের কাছে হাসির বিষয়, আজ যুব ও তরুণ প্রজন্মের মুখে এমন অদ্ভুত উচ্চারণ রীতিমতো সেই বয়োজ্যেষ্ঠদেরই অবাক করছে।\r\nএই ভাষা-দূষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর গণরুম সংস্কৃতি। যেখানে প্রায়ই ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর গালিগালাজ, অশ্লীল ভাষা ব্যবহার এবং শারীরিক-মানসিক নির্যাতনের অসংখ্য অভিযোগ পাওয়া যায়। বিগত দিনগুলোতে ক্যাম্পাসে ভাষা দূষণের কেন্দ্র হিসেবে ছিল গণরুম। বর্তমানে এই গণরুম বিলুপ্ত হয়েছে ঠিকই, কিন্তু ভাষার অশুদ্ধ চর্চার ধারাটি এখনো চলমান রয়েছে। অর্থাৎ, অবকাঠামো বদলালেও চর্চার মানসিকতা বদলায়নি।
শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে ভাষাগত অসচেতনতা ছড়িয়ে পড়ছে বিনোদনমাধ্যম, বেতার ও অন্যান্য কর্মপরিবেশগুলোতেও। ফলে বিভিন্ন কর্মকর্তা, রাজনীতিবিদ, শিল্পী ও প্রগতিশীলদের কণ্ঠ থেকেও বেরিয়ে আসছে কুরুচিপূর্ণ ভাষার শব্দ। কখনো প্রবল উৎসাহে, কখনো অস্ফুটে; এমনকি আনুষ্ঠানিক পরিবেশেও তারা যেন আজ নিয়ন্ত্রণহারা। এতে তরুণদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে ভাষার একটি বিকৃত নমুনা, যার ফল ভোগ করছে পুরো জাতি।\r\nআজকাল ইংরেজি বলার ঢঙে বাংলা উপস্থাপনার নব্য রীতিকে অনেকটাই পারদর্শিতার মানদণ্ড হিসেবে দেখা হচ্ছে। ছোট পর্দার বিষাক্ত বিনোদনও এর বাইরে নয়। অথচ কয়েক দশক আগেও এই বিনোদন জগৎ ছিল সমৃদ্ধ। আজ সেই নাটক-সিনেমার অকথ্য ভাষার সংলাপ আমাদের পরিবারগুলোকে রীতিমতো বিব্রতকর পরিবেশে ফেলে দিচ্ছে।
বাস্তব জীবনেও নাটক-সিরিজগুলো তরুণ প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করছে। তরুণদের অশ্লীল শব্দচয়নের তীব্রতায় বয়োজ্যেষ্ঠদের ঠোঁটে জমে থাকা সেই মুগ্ধতার হাসিটা আজকাল বিবর্ণ আকার ধারণ করতে শুরু করেছে। নাট্যকার বা নির্মাতারা অনেকে আত্মপক্ষ সমর্থনে বলে থাকেন, তারা সমাজে যা ঘটছে কেবল তারই প্রতিফলন দেখাচ্ছেন। বাস্তবিক অর্থে, যখন একটি অকথ্য বা অশ্লীল শব্দ পর্দার জনপ্রিয় কোনো নায়ক বা চরিত্রের মুখে বারবার শোনা যায়, তখন তরুণ প্রজন্মের কাছে ভালো-মন্দ বিচারের ক্ষমতা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই তরুণরা সেটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করে। ফলশ্রুতিতে, যা ছিল ব্যতিক্রম , এখন তা-ই হয়ে দাঁড়িয়েছে নিয়ম । একসময় সেটিই স্বাভাবিক আচরণে পরিণত হয়।
আবারও এই স্বাভাবিক আচরণ প্রতিফলিত হয়ে বিবর্তনের ছদ্মবেশ ধারণ করে। ভাষা মানুষের মুখে মুখে বদলে যায়। কিন্তু সেই বদলটা যদি প্রাণশক্তি না হয়ে পচন হয়, তবে তা বিবর্তন নয়, বরং অপমৃত্যু।\r\n?যদি বহুমুখী সংস্কৃতি লালন করা হয় মানদণ্ড, তবে আমরাই শ্রেষ্ঠ জাতি। আমরা শংকর জাতি। কিন্তু বাঙালি আত্মপরিচয়ের প্রশ্নে অসচেতন হলে সেই বৈচিত্র্যই দুর্বলতায় পরিণত হয়। নিজ ভাষার শুদ্ধচর্চা সংস্কৃতির ভিত্তিকে শক্তিশালী করে। একটি ভাষা হারিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে সেই ভাষাভাষী সম্প্রদায়ের ঐতিহ্য, লোককথা, রীতিনীতি ও জীবনযাত্রাও হারিয়ে যায়। অতীতে যার অসংখ্য প্রমাণ রয়েছে। সুমেরীয়, আক্কাদীয় এবং প্রাচীন মিশরীয় ভাষার মতো বহু প্রাচীন ভাষা আজ শুধু জাদুঘর ও গ্রন্থে সীমাবদ্ধ।\r\nএমন ধারা চলতে থাকলে সেদিন আর বেশি দূর নয়, ভাষার বিবর্তনে আজকের সমৃদ্ধ শব্দস্তবক যেদিন হয়ে পড়বে অর্থহীন। প্রাচীন চর্যাপদের মতোই আমাদের চিরচেনা জীবন-সংস্কৃতি হয়ে উঠবে দুর্বোধ্য। তুই, তুমি, আপনি এই সম্মানসূচক বৈচিত্র্যপূর্ণ সম্বোধক পদগুলো হারিয়ে একটি মাত্র শব্দের ওপর আশ্রয় করে সবাইকে বসাতে হবে একই আসনে। এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য ভাষার শুদ্ধচর্চা অপরিহার্য। এজন্য বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ সাংস্কৃতিক অঙ্গনগুলো আরও সক্রিয় ও বিস্তৃতভাবে সামনে আসা প্রয়োজন। একইসঙ্গে বাংলা ভাষার বিকৃতি রোধে, ভাষার অপব্যবহার প্রকাশ্যে এলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নচেৎ ভাষার বিবর্তনের নামে আমরা অজান্তেই আমাদের ভাষার বিরাট ক্ষতি করে ফেলব।\r\nলেখক : গবেষক
