ইদানিং লক্ষ করছি, কথাবার্তা ও আচার-আচরণে আমরা যেন অসহিষ্ণু হয়ে পড়ছি। বাকসংযম, বিচার-বিবেচনা, পরমতসহিষ্ণুতা ও বিনয় আমাদের মাঝ থেকে যেন ক্রমশ লোপ পাচ্ছে। আমরা যেন আমাদের চারিত্রিক মাধুর্য দিন দিন হারিয়ে ফেলছি। সকলের মাঝে যেন নিজেকে জাহির করার ও অন্যকে ঘায়েল করার একটা প্রবণতা বেড়ে যাচ্ছে। সভা-সমিতি বা বক্তৃতা-বিবৃতিতেও এর ব্যতিক্রম পরিলক্ষিত হয় না। পোস্টারের মধ্যে কার নাম যাবে, কার নাম উপরে থাকবে অথবা কে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন, কে প্রধান বক্তা হবেন বা কে সভাপতির দায়িত্ব পালন করবেনÑ এসব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করেও কম সংঘাত হয় না। যেহেতু একজন বয়সে নিজেকে সিনিয়র মনে করেন, আর একজন নিজেকে ধনসম্পদের দিক দিয়ে সকলের থেকে শ্রেষ্ঠ মনে করেন, অন্যজন সুবক্তা হিসেবে নিজেকে ভাবেন; সেহেতু তারা কেন পোস্টারে বা ডায়াসে অতিথি বা বক্তা হিসেবে প্রাধান্য পাবেন না? এটা কারো কারো অভিমত।
এসব নিয়েও পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাত কম দেখা যায় না। কোনো কোনো সামাজিক সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে মাঝে মাঝে উপস্থিত থাকতে হয়। কোথায় বসব, সামনে না পিছনে একথা ভাবতেই ছোটকালে বাবা যে কথাগুলো উপদেশ আকারে বলতেন, তা মনে পড়ে যায়। বাবা বলতেন ‘এমন জায়গায় বসোনা যে, উঠে যেতে হয় আর এমন কথা বলো না যে পরে মিথ্যা প্রমাণিত হয়’। কিন্তু তারপরও মাঝে মাধ্যে ব্যতিক্রম হয়। দীর্ঘদিন থেকে সাংবাদিকতা, লেখালেখি ও সামাজিক কর্মকা-ে নিয়োজিত আছি, তাই সবাই জানেন, চেনেন আর এ কারণে কেউ কেউ ভালবেসে বা সম্মান দেখিয়ে সামনের সিটে বা মঞ্চে বসার জন্য পীড়াপীড়ি করেন। অগত্যা তা মেনে নিতে হয় আর সুযোগ পেলে দু’একটা কথাও বলতে হয়।
সাধারণত রাজনৈতিক কর্মী বা সংগঠন দ্বারা কোনো রাজনৈতিক সভার আয়োজন করা হলে তাতে কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন যার প্রচারের জন্য সভার আয়োজন বা যিনি সভার আয়োজনে অর্থ যোগান দেন, তাকে প্রধান অতিথি হিসেবে সম্মান দেখানো বা তার নামে গগনবিদারী শ্লোগানÑ যেমন ‘অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’Ñ এসব সাধারণত করা হয়ে থাকে। এসব আয়োজকদের সমর্থনপুষ্ট ব্যক্তিরাই সভাকক্ষে বসার ও বক্তৃতা করার সুযোগ পান। এসব অখ্যাত-অজ্ঞাতদের একঘেঁয়ে একই ভাষায় বক্তৃতা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। যে বুদ্ধিজীবী বা গুণবান ব্যক্তির বক্তব্য শোনার জন্য লোকজন উদগ্রীব হয়ে বসে থাকেন তিনি আর বক্তৃতা করার সময় সুযোগ ও পরিবেশই পান না। অবশেষে হতাশ হয়ে লোকজনদের ফিরে যেতে দেখা যায়। অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীতে বড় বড় কথা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কথা, বড় বড় রাজনীতিবিদ বা রাষ্ট্রনায়করা লক্ষ লক্ষ মানুষের সামনে ধীরে সুস্থেই বলেছেন।
আমাদের কোনো কোনো রাজনৈতিক নেতার দেখি কথার কোনো গুরুত্ব নেই। ভাষায় নেই সৌন্দর্য্য। এক নাগাড়ে হাত-মাথা নেড়ে চিৎকার করে বক্তৃতা দিয়ে থাকেন। বক্তার হাত-পা ও মাথা নাড়া দেখে ও অপর পক্ষের প্রতি কটাক্ষ পূর্ণ কথামালা শুনে উপস্থিত শ্রোতারা হাততালি দিয়ে থাকেন। অবশ্য এটা অস্বীকার করার উপায় নেই যে, আমাদের দেশে পান্ডিত্যপূর্ণ বা বুদ্ধিদীপ্ত ধীরলয়ের ভাষণ রাজনৈতিক সভা-সমিতিতে অচল। সুন্দর করে প্রাঞ্জল ও সাবলীল ভাষায় আস্তে আস্তে বক্তৃতা করলে কেউ শুনতে চায় না।
রাজনীতির দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। রাজনৈতিক ধারায় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। রাজনীতির ধারা জনগণের কল্যাণ আসে, অধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমাদের দেশের রাজনীতির মান কত তা বলতেও লজ্জা অনুভূত হয়। হেন মিথ্যা কথা নেই, যা আমাদের এক শ্রেণীর রাজনীতিবিদ বলেন না। হেন কটু কথা নেই, যা একে অপরের বিরুদ্ধে প্রয়োগ করেন না। হেন অন্যায় কাজ নেই, যা করেন না। এহেন অবস্থায় দুটো কথা আমাদের রাজনীতি ও কোনো কোনো রাজনীতিবিদের জন্য কতটুকু সত্যি হতে পারে তা বিবেচনা করা যেতে পারে। ‘রাজনীতি হচ্ছে নীতিহীনদের বিপদকালের শেষ অবলম্বন’ বলেছেন আমেরিকার এক প্রখ্যাত দার্শনিক। ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার টি এন সেশনও রাজনীতির উপর কটাক্ষ করেছেন। সুহৃদ পাঠক, বেশি বলা হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন। কিন্তু কথাগুলো আমার নয়, বিখ্যাত লোকদের।
গণতন্ত্র আমরা মুখে বলি অথচ নিজেরা চর্চা করি না। ধীরে ধীরে অনেক ছোট-বড় উত্থান-পতনের মধ্য দিয়ে গণতন্ত্র আপনার প্রণালীতে জনগণের রাষ্ট্রীয় ও সমাজ চেতনাকে ক্রমশ স্বচ্ছ করে তুলে, প্রতিটি মানুষকে আপনার মর্যাদা সম্বন্ধে সচেতন করে। আপনার দৃষ্টি শক্তিতেও মানুষকে করে তুলে আস্থাবান। জনশক্তিতে বিশ্বাস যেন গণতন্ত্রের মূল কথা, জনচেতনার উন্নয়ন, মানবাত্মার উদ্বোধনও তেমনি গণতন্ত্রের প্রধান কর্ম। আর এভাবেই গণতান্ত্রিক রীতি মানুষের আদি ও সর্বশেষ কথা। কিন্তু সত্যি বলতে কি, আমাদের রাজনীতির যেন সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমাদের অনেক নেতা অন্যায় করে সাধু সাজতে চেষ্টা করেন, দুর্নীতি করে নিজেকে সৎ দেখাতে চান। সুতরাং তাদের দ্বারা জনচেতনার উন্নয়ন বা মানবাত্মার উদ্বোধন আশা করা যায় না। এজন্যই দেশে এত সঙ্কট, এত রেষারেষি, হানাহানি ও হিংসার রাজনীতি। আসলে ঈর্ষা-বিদ্বেষ থেকে অহিংসায় উপনীত হওয়ার মধ্যেই আছে পূর্ণ মানবত্ব। সাম্য প্রতিষ্ঠিত হতে পারে পূর্ণ মানবত্ব অর্জনের মাধ্যমে। অন্তরের পবিত্রতা, পরিশুদ্ধতার মধ্যেই আছে পরম কাম্য সুখ ও শান্তি। মানুষকে কাছে টানবার, মানুষকে স্বীকার করবার, মানুষকে মানুষ বলে বুকে গ্রহণ করবার এ সহজাত মাধুর্য এবং ঔদার্যের তুলনা আজকাল সংসারে বিরল-অতি বিরল।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
