বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কহার কমানো হয়েছে ১ শতাংশ, যা এখন দাঁড়িয়েছে ১৯ শতাংশে। গত সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় এই চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা সেখানে যেতে পারেননি। পরিবর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনিনের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল গেছেন ওয়াশিংটনে। মূলত তাদের উপস্থিতিতেই স্বাক্ষরিত হয় চুক্তিটি। সেখানে বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্য সচিব ভার্চুয়ালি যুক্ত হন।

নিঃসন্দেহে বলা যায় যে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি বড় সাফল্য। \r\nচুক্তির ফলে সার্বিকভাবে এক শতাংশ হারে শুল্ক কমায় এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কাঁচামালের তৈরি পোশাক রপ্তানিতে পাল্টা শুল্ক মুক্ত সুবিধা হওয়ার বিষয়টিকে খুবই আনন্দের এবং ইতিবাচক বলে মনে করছেন সে দেশে পোশাক রপ্তানির সঙ্গে যুক্ত শীর্ষ রপ্তানিকারকরা। চুক্তির সুবিধা বিষয় জানতে চাইলে দেশের শীর্ষ স্থানীয় পোশাক রপ্তানিকারক হা-মীম গ্রুপের ব্যবস্থাপক পরিচালক এ কে আজাদ বলেন, চুক্তির ফলে যে সুবিধা পেয়েছি, তা নিয়ে ভালোভাবে কাজে লাগাতে পারব । এমনিতেই বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে প্রচুর তুলা আমদানি হয়ে থাকে। এখন এর পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে সে দেশের তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না।

ফলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আরও বাড়বে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৮০০ কোটি ডলারের। এর মধ্যে ৬০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে ২০০ কোটি ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অনুকূলে। এ ঘাটতি কমাতে এই চুক্তি উল্লেখযোগ্য আবদান রাখবে বলেই প্রত্যাশা। \r\nউল্লেখ্য, বাংলাদেশের ওপর আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্ক হার নিয়ে এর আগে গত বছরের আগস্টে সমঝোতা হয় দুই দেশের মধ্যে। তবে তখন কোনো চুক্তি হয়নি। এখন সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে। তবে চুক্তিটি গোপন বিধায় তা এ নিয়ে আপত্তি জানিয়েছে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো। এর আগে ৩ ফেব্রুয়ারি জাপানের টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্বের (বিজিইপিএ) স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে বাংলাদেশের ৭ হাজার ৩শ র বেশি পণ্য সে দেশে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে। ফলে স্বভাবতই বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রবল আশার সঞ্চার হতে পারে। অন্যদিকে জাপানের এক হাজার ৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে পাবে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এও বলেন, বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা শেষ হওয়ার পরও বাংলাদেশ যেন সে দেশে রপ্তানি বিশেষ করে তৈরি পোশাকের বাজার ধরে রাখতে পারে সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখনই।