ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য চেতনাদীপ্ত অধ্যায় রচিত হয়েছিল একুশে ফেব্রুয়ারিকে ঘিরেই। কিন্তু এ বছরে বিষয়টি ঠিক পূর্বের ন্যায় মিডিয়াতে প্রচারের সুযোগ পাচ্ছে না একটি কারণে। তা হলো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ায় এবং অনতিপরেই পবিত্র রমাজানের কারণে বইমেলার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে ৩ বার। শেষ পর্যন্ত বইমেলা শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, যার শুভ উদ্বোধন করেছেন নবনির্বাচিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।\r\n১৯৮৩ সালে প্রথম আয়োজন করা হয় অমর একুশে গ্রন্থমেলার। সে বছর তৎকালীন এরশাদ সরকার শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দেওয়ায় নিহত হন দু জন শিক্ষার্থী। এমন রাজনৈতিক পরিস্থিতিতে সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। তবে এর পরের বছর খুব জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বইমেলা। পাঠক এবং প্রকাশকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৮৪ সালেই বইমেলার সময়কাল বাড়িয়ে পুরো ফেব্রুয়ারি মাস করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলা একাডেমি। মেলার পরিসর বাড়তে থাকলে বাংলা একাডেমি চত্বরে আর জায়গা সংকুলান হচ্ছিল না।