বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের মতো অ্যান্টিকোলেস্টেরল ওষুধের ঢালাও ব্যবহারও দিন দিন আমাদের বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ৪৫ বয়সোর্ধ্ব চারজনের একজন স্ট্যাটিন গ্রুপের ওষুধ (অ্যাটরভ্যাস্ট্যাটিন, লোভাস্ট্যাটিন, রসুভ্যাস্ট্যাটিন, সিমভ্যাস্ট্যাটিন, ইমভ্যাস্ট্যাটিন, ফ্লুভ্যাস্ট্যাটিন, প্রেভ্যাস্ট্যাটিন) গ্রহণ করেন। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য বিশ্বব্যাপী ব্যাপকহারে স্ট্যাটিন গ্রুপের এ ওষুধগুলো ব্যবহার হচ্ছে। এ পর্যন্ত সারা বিশ্বে পরিচালিত প্রায় ৯০০ গবেষণায় দেখা গেছে, কোলেস্টেরল কমানোর জন্য ব্যবহৃত স্ট্যাটিন গ্রুপের এসব ওষুধের ভয়াবহ ও ধ্বংসাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। পেশি ধ্বংস, ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি বাড়ানো ওইসব পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে অন্যতম।

স্ট্যাটিন গ্রুপের ওষুধগুলো শরীরে কীভাবে কাজ করে, তা জানা গেলে আমরা এ জাতীয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত নানা জটিল সমস্যা থেকে অনেকাংশে মুক্তিলাভ করতে পারি। শরীরে কোলেস্টেরলের উৎস মূলত দুটি: প্রথমত–কোলেস্টেরলসমৃদ্ধ খাবার (ডিম, দুধ, খাসি, গরু, শূকর, মগজ, লিভার)। দ্বিতীয়ত–শরীরে বেশির ভাগ অর্থাৎ প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ কোলেস্টেরল তৈরি হয় লিভার বা যকৃতে সংশ্লেষণের মাধ্যমে। এ সংশ্লেষণের জন্য আবশ্যক যৌগটির নাম অ্যাসিটাইল কো-এ বা অ্যাসিটাইল কো-এনজাইম-এ। অ্যাসিটাইল কো-এর উৎস হলো মূলত কার্বোহাইড্রেট বা শর্করা (গ্লুকোজ, ফ্রুকটোজ, সুক্রোজ বা চিনি, স্টার্চ বা ভাত, গম, আটা, ময়দা) প্রোটিন বা আমিষ ও ফ্যাট বা চর্বি। যারা মাত্রাতিরিক্ত শর্করা জাতীয় খাবার খান, তাদের কোলেস্টেরলের মাত্রা বেশি হবে। অর্থাৎ কোলেস্টেরলসমৃদ্ধ খাবার শরীরের কোলেস্টেরলের প্রধান উৎস নয়। আমরা অনর্থক ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে কোলেস্টেরলসমৃদ্ধ খাবার থেকে মানুষকে দূরে রাখছি।

স্ট্রোক বা হৃদরোগী অনেককেই আমি জানি, যারা বছরের পর বছর ডিমের সাদা অংশ খান, কুসুম স্পর্শও করেন না। সপ্তাহে হয়তো দুয়েকবার ডিমের কুসুম খান। অনেকেই আবার বহু বছর ধরে খাসি বা গরুর গোশত কেনা বন্ধই করে দিয়েছেন, খাওয়া তো দূরের কথা। এতো বাড়াবাড়ি না করে মাঝে মধ্যে দুয়েক টুকরা গরু বা খাসির মাংস খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না। তবে রেড মিট খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে বলে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে।

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি কমে গেলেও সমস্যা আছে। শরীরে অসংখ্য অত্যাবশ্যকীয় যৌগ রয়েছে, যেগুলো কোলেস্টেরল থেকে লিভারে তৈরি হয়। এসব অত্যাবশ্যকীয় যৌগের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ভিটামিন-ডি, শরীরের সেক্স হরমোন (টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইসট্রোজেন ইত্যাদি), কর্টিসন, কর্টিসলের মতো প্রয়োজনীয় স্টেরয়েড, ডলিকলস, কোলিক এসিড, যা আমাদের অন্ত্রে খাবার পরিপাকে সাহায্য করে। শরীরে কোলেস্টেরলের মাত্রা অনিয়মতান্ত্রিকভাবে কমে গেলে উল্লিখিত যৌগগুলোর উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। এতে শরীর ঠিকমতো কাজ করতে পারে না। কোলেস্টেরল আমাদের শরীরের জন্য একটি আবশ্যকীয় রাসায়নিক যৌগ। আমাদের শরীরের কয়েকশ কোটি সেল বা কোষের প্রাচীর তৈরির জন্য কোলেস্টেরল প্রয়োজন হয়। কোলেস্টেরলের অভাবে কোষপ্রাচীর ঠিকভাবে তৈরি হতে পারে না। অথচ ভালো-মন্দ বিচার না করেই এ অত্যাবশ্যকীয় উপাদানটি কমানোর জন্য আমরা মানুষকে ঢালাওভাবে ওষুধ দিচ্ছি।

এলডিএলকে আমরা ঢালাওভাবে আখ্যায়িত করি বিষ বা সবচেয়ে ক্ষতিকর কোলেস্টেরল হিসেবে। কিন্তু এর উপকারিতার কথা আমরা খুব কমই জানি। শিরা-উপশিরার অভ্যন্তর দেয়ালে যদি প্রদাহ বা ক্ষত সৃষ্টি হয়, তখন শুধু এনডিএল দেয়ালগাত্রে জমে যেতে পারে এবং অ্যাথেরোসক্লেরোসিস সৃষ্টি করতে পারে। শিরা-উপশিরার দেয়াল স্বাভাবিক থাকলে এলডিএলের কারণে কোনো সমস্যা হওয়ার কথা নয়; বরং এলডিএল কোষ দেয়াল তৈরি ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলডিএলের মুখ্য ভূমিকা হলো টেস্টোস্টেরন প্রস্তুত।

টেস্টোস্টেরন একটি গুরুত্বর্পূণ সেক্স হরমোন, যার অভাবে যৌনবাসনা হ্রাস পায় বা বিলুপ্ত হয়। টেস্টিকল বা অণ্ডকোষের লেইডিগ কোষ এলডিএল কোলেস্টেরল থেকে টেস্টোস্টেরন তৈরি করে। এ ধরনের কোষগুলো রক্তপ্রবাহ থেকে এলডিএল কোলেস্টেরল সংগ্রহ করে টেস্টোস্টেরন উৎপাদনে বেশ পারদর্শী। অনেক ক্ষেত্রে কোষ অভ্যন্তরে পুঞ্জীভূত এলডিএল কোলেস্টেরল থেকেও তারা টেস্টোস্টেরন উৎপাদন করতে পারে। এ অবস্থায় কেউ স্ট্যাটিন গ্রুপের ওষুধ গ্রহণ করলে রক্তে এলডিএলের মাত্রা কমে যায়। ফলে লেইডিগ কোষ রক্তপ্রবাহ থেকে পর্যাপ্ত এলডিএল সংগ্রহ করতে পারে না। লেইডিগ কোষ ঠিক লিভারের মতো একই এনজাইম ব্যবহার করে কোলেস্টেরল উৎপন্ন করে। লেইডিগ কোষ পর্যাপ্ত পরিমাণ স্ট্যাটিন গ্রুপের ওষুধ শোষণ করে নিতে সক্ষম বলে এনজাইম প্রতিহত হওয়ার কারণে এলডিএল কোলেস্টেরল থেকে টেস্টোস্টেরন উৎপাদন যথেষ্ট মাত্রায় বাধাগ্রস্ত হয়। স্ট্যাটিন গ্রুপের ওষুধ সিমভ্যাস্ট্যাটিন কোলেস্টেরল উৎপাদনে বাড়তি সমস্যা সৃষ্টি করে। এ ওষুধ অণ্ডকোষে এলডিএল কোলেস্টেরল বিশোষণ শুধু বাধাগ্রস্তই করে না; উলটো টেস্টোস্টেরন ও অ্যানড্রোস্টেনডাইওল প্রস্তুতে দুটি মধ্যবর্তী যৌগের উৎপাদনও প্রতিহত করে। ডিহাইড্রো এপিয়েন্ড্রোস্টেরন, ডিহাইড্রো-অ্যান্ড্রোস্টেরনডাইওন বা টেস্টোস্টেরন শুধু পুরুষের যৌনবাসনার জন্য প্রয়োজন, তা নয়; সিমভ্যাস্ট্যাটিন গ্রহণ করার কারণে মহিলারাও লস অব লিবিডো বা যৌন অক্ষমতায় ভোগেন।

কোলেস্টেরল কমানোর জন্য স্ট্যাটিন গ্রুপের ওষুধ প্রেসক্রাইব করার ক্ষেত্রে অনিয়ম ও যুক্তিহীনতা প্রায়ই পরিলক্ষিত হয় আমাদের দেশে। লাখ লাখ রোগী ও সুস্থ মানুষকে স্ট্যাটিন গ্রুপের ওষুধ দেওয়া হয়। তাদের মধ্যে হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, হাইপার কোলেস্টেরলেমিয়ায় আক্রান্ত রোগী ছাড়াও সুস্থ ও স্বাভাবিক কোলেস্টরল মাত্রার মানুষও রয়েছে। আমি এমন বহু লোককে জানি, স্বাভাবিক কোলেস্টরল মাত্রা থাকা সত্ত্বেও যাদের ২০ মিলিগ্রামের অ্যাটরভ্যাস্ট্যাটিন দেওয়া হয়েছে। এ ওষুধ গ্রহণ করার কয়েক দিনের মধ্যেই তারা পূর্বোল্লিখিত যৌন সমস্যায় আক্রান্ত হন। তারা বুঝে উঠতে পারছিলেন না কী কারণে এমন হলো এবং তাদের কী করা উচিত।

এমন সমস্যার কথা অনেকেই জানিয়েছেন এবং আমি তাদের ওষুধটি বন্ধের পরামর্শ দিয়ে বলি, তারা যেন প্রাকৃতিক উপায়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করেন, মাঝেমধ্যে লিপিড প্রোপাইল মেপে দেখেন। কিছুদিন পর কয়েকজন তাদের সমস্যাটি এখন আর নেই বলে জানান। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এমন অসংখ্য ঘটনার সঙ্গে আমি পরিচিত। আমাদের দেশে বহু প্রগতিবাদী চিকিৎসক আছেন; যারা বিবেক, বুদ্ধি ও যুক্তি দিয়ে অল্প ওষুধে বহু রোগী সারিয়ে তোলেন। তাদের আমি শ্রদ্ধা করি। তারা অপ্রয়োজনে রোগীকে ওষুধ দেন না। রোগ এবং রোগীকে এক্সপ্লয়েট করে যারা ব্যবসা করেন, তারা অপরাধ করছেন। বহু চিকিৎসককে আমি জানি, যারা পেশাগত দিক থেকে সৎ নন, ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষায় রোগীকে গাদাগাদা ওষুধ দেন। এভাবে স্ট্যাটিন গ্রুপের ওষুধগুলোও ভয়াবহভাবে অপব্যবহার হচ্ছে, যার খেসারত দিচ্ছেন নিরীহ রোগীরা।

মাত্রাতিরিক্ত কোলেস্টেরলের হাত থেকে রক্ষা পেতে আমরা কার্যকর কিছু পন্থা অবলম্বন করতে পারি। খাদ্যতালিকা হবে পরিমিত ও সুষম। চর্বিজাতীয় খাবার, শর্করাজাতীয় খাবারের আধিক্য কমাতে হবে। ভাত ও রুটি কম খাওয়া; চিনি, ফ্রুকটোজ কর্ন সিরাপসমৃদ্ধ কোমল পানীয় বর্জন করতে হবে। ফাইবার বা আঁশজাতীয় শাক-সবজি, ফলমূল, খোসাযুক্ত আটা খাবারের মূল অংশ হতে হবে। স্বাস্থ্যের উপযোগী চর্বির জন্য অ্যাভাকাডো, অলিভ, নারকেল, অর্গানিক ডিম, মিঠাপানির মাছ খেতে হবে। তেল বা ডালডায় পোড়া খাবার, আগুনে ঝলসানো ও উচ্চ তাপে রান্না প্রাণিজ খাবার একেবারেই কম খেতে হবে। এর বাইরে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যায়াম বা শরীরচর্চা। সুস্থ-সুন্দর জীবনের জন্য এর কোনো বিকল্প নেই। এসব নিয়ম মেনে চললে প্রাকৃতিক উপায়ে আপনার কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকবে। তখন আপনাকে অনর্থক ওষুধ খেতে হবে না।

ড. মুনীরউদ্দিন আহমদ: অধ্যাপক, ফার্মাসি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; সাবেক ডিন, ফার্মাসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় drmuniruddin@gmail.com