জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ ১৯ লাখ ১৯ হাজার ১১১টির বিপরীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার। অর্থাৎ এখনও সরকারি চাকরিতে মোট অনুমোদিত লোকবলের চেয়ে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য আছে। পক্ষান্তরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হালনাগাদ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে বেসরকারি বা প্রাইভেট সেক্টরে কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় ছয় কোটি ৭৫ লাখ ১০ হাজার, যা মোট কর্মক্ষম জনগোষ্ঠীর ৯৫ শতাংশ। অথচ এদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, নেই কোনো বাড়তি সুযোগ-সুবিধা। চাকরি চলে গেলে কীভাবে সংসার চলবে নিজেই জানে না। বেঁচে থাকার জন্য যে ন্যূনতম জীবন-জীবিকার নিরাপত্তা থাকার কথা, তার বিন্দুমাত্র কোনো সুযোগ বা অধিকার তাদের নেই। অথচ দেশের অর্থনীতির তারাই প্রধান চালিকাশক্তি, আবার এদের কাছ থেকেই দেশের সিংহভাগ রাজস্ব কর সরকার আদায় করে থাকে।
এমন অবস্থায় দেশে দিন দিন বেকার মানুষের সংখ্যা বেড়ে চলেছে। এর মধ্যে বড় একটি অংশই শিক্ষিত বেকার জনগোষ্ঠী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ এবং সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা ২৬ থেকে ২৭ লাখ। এর মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার ১৩.৫ শতাংশ, যা জাতীয় বেকারত্বের হারের তুলনায় প্রায় তিন গুণ। শুধু স্নাতক বা উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন এমন বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ। সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা গেছে, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে কর্মবাজারের চাহিদার বড় ধরনের অমিল রয়েছে। নিয়োগকর্তারা একাডেমিক ডিগ্রির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, সফট স্কিল এবং ডিজিটাল দক্ষতা বেশি খুঁজে থাকেন, যেখানে আমাদের প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বড় রকমের ঘাটতি রয়েছে। এ ছাড়া নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার মতো অভিযোগগুলো তো অনেক পুরোনো।
সংগত কারণেই জনমনে প্রশ্ন আসাটা স্বাভাবিক– কেন সরকার শুধু সরকারি চাকরিজীবীদের কথা ভাবছে? কেন শুধু তাদের জন্যই পে-স্কেলের কথা আসে? কী কারণে শুধু তাদের জন্যই বেতন ও বোনাস বৃদ্ধির কথা চিন্তা করা হয়? কী কারণে প্রায় সব সরকার শুধু তাদের জন্যই সুযোগ-সুবিধার খই ফোটানোর চেষ্টা করে? দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিকে টেনে রাখা বেসরকারি খাতের কোটি কোটি আদম সন্তান কি তবে এই দেশের তথাকথিত সৎ মায়ের সন্তান? তাদের কথা ভাবার বা বলার মতো একজন নীতিনির্ধারক কি রাষ্ট্র পরিচালনার এই পুরো সিস্টেমে নেই?
যদিও বর্তমানে জনগণের নিরঙ্কুশ ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে তাদের বহুল প্রচারিত বিভিন্ন কর্মসূচি এই অল্প সময়ের মধ্যে বাস্তবায়নে হাতও দিয়েছে। কিন্তু বাস্তবে তা কতটুকু ‘ইনক্লুসিভ’ বা ‘অন্তর্ভুক্তিমূলক’, এই পরিকল্পনা বা নির্বাচনী প্রতিশ্রুতি সবার সমসুবিধা নিশ্চিত করতে পারবে কিনা, তা নিয়ে নানাজনের নানা অভিমত রয়েছে। ক্ষমতা গ্রহণের পরপরই সরকার অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন কার্ডের প্রচলন শুরু করেছে। আর এই কার্ডের সুবিধাভোগীরা মূলত প্রান্তিক, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সদস্যরা হবে সরকারের আগে থেকেই সে ঘোষণা ছিল। এই কর্মসূচির আওতায় এক কোটি পরিবারের ওপর জরিপ চালিয়ে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নির্বাচন করার কথা বলা হয়েছে। নির্বাচিত প্রতিটি পরিবারকে প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। এ জন্য আগামী বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার ঘোঘণা দেওয়া হয়েছে।
এর বাইরেও সরকার ‘কৃষক কার্ড’-এর আওতায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে বছরে দুই হাজার ৫০০ টাকা করে দেওয়ার কথা বলেছে। এ খাতে বরাদ্দ থাকছে প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা। জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ৬৬৯ জনকে আঘাতের মাত্রা অনুযায়ী তিনটি শ্রেণিতে ভাগ করে প্রতি মাসে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দোলনে নিহত ৮৪৪ জনের পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতা, ভিজিএফ কর্মসূচির আওতায় নতুন একটি উদ্যোগে ১৫ লাখ দরিদ্র কর্মজীবী মানুষকে এক লাখ ১০ হাজার টন চালের সমপরিমাণ নগদ সহায়তা দেওয়ার ঘোষণা ছাড়াও বিদ্যমান কর্মসূচিগুলোর মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি ও সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা এক লাখের বেশি করার ভাবনাও সরকারের রয়েছে। এ ছাড়াও ফ্রিল্যান্সার আইডি কার্ড, ই-হেলথ কার্ড, সরকারের ডিজিটাল প্রচারে ‘আট কার্ড’ পরিকল্পনার আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই সুবিধার অন্তর্ভুক্ত থাকবে বলে সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী জাতীয় বাজেট উপস্থাপনাকালে জাতিকে জানিয়েছেন। নিঃসন্দেহে এগুলো এ দেশের সুবিধাবঞ্চিত মানুষকে অনেকটা সুবিধা ও স্বস্তি এনে দেবে এবং তা প্রশংসারও দাবি রাখে।
সব মিলিয়ে সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেটে নবনির্বাচিত এই সরকার দেশের দরিদ্র, নিম্নআয়ভুক্ত ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা জোরদারে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বড় ধরনের বরাদ্দ বাড়িয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির জন্য আগামী অর্থবছরে এক লাখ ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা ঘোষণা করা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় ১৪ দশমিক ৪ শতাংশ বেশি। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে যে আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতের এই বরাদ্দ দেশের মোট জিডিপির ২ দশমিক ১ শতাংশ এবং প্রস্তাবিত মোট বাজেটের প্রায় ১৬ শতাংশ। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল জিডিপির ১ দশমিক ৮৭ শতাংশ এবং মোট বাজেটের ১৪ দশমিক ৭৮ শতাংশ।
কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এত বড় মাপের বাজেট করা হলেও সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা লক্ষণীয় নয় সংখ্যাগরিষ্ঠ বেসরকারি চাকরিজীবী বা কর্মজীবীদের ঘিরে। বিগত সব সরকারের শাসনামলের মতো এবারও তারা জাতীয় বাজেটে ও সরকারের নীতি ভাবনায় সম্পূর্ণভাবেই উপেক্ষিত। ইউএসএআইডিসহ আন্তর্জাতিক বড় বড় দাতাগোষ্ঠী তাদের উন্নয়ন তহবিল বন্ধ করে দেওয়ায় দীর্ঘদিন ধরেই দেশের বিশাল একটা শিক্ষিত ও দক্ষ প্রফেশনাল গোষ্ঠী কর্মহীন জীবনযাপনে মানবেতর জীবন-যাপন করছে, অন্যদিকে বিদেশি বিনিয়োগ না আসায় এবং বিশ্বজুড়ে চরম অস্থিতিশীল আর্থসামাজিক পরিস্থিতির পাশাপাশি বিশ্বজুড়ে যুদ্ধবিগ্রহ, নানা রকম প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ ইত্যাদি লেগে থাকায় অর্থনীতির চরম ধস নামায় দেশের ব্যবসা-বাণিজ্যের ওপর তার বিরূপ প্রভাব পড়েছে। গার্মেন্টস ফ্যাক্টরিসহ দেশের বিভিন্ন শিল্পকলকারখানা ক্রমাগত বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সংগত কারণেই এসব সেক্টরে কর্মরত বিশাল জনগোষ্ঠী কর্মহীন জীবনের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। কিন্তু এদের নিয়ে ভাবার মতো যেন সরকারের মধ্যে কেউ নেই!
এসব ভয়াবহ ঝুঁকির মধ্যে থাকা জনগণ সরকারের কোন পর্যায়ের কার্ডের সুবিধাভোগী হবেন, সেটা একটা বড় প্রশ্ন। তাদের মেধা ও শ্রমশক্তিকে ব্যবহারের কোনো উদ্যোগ সরকারি পর্যায় থেকে দৃশ্যমান হচ্ছে না। উপরন্তু, এখনও যারা সামান্য বেতনে অমানবিক পরিশ্রম করে প্রাইভেট সেক্টরের বিভিন্ন মাধ্যমে কর্মজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন, সরকারি পে-স্কেল থাকলে এসব বেসরকারি চাকরিজীবীর জন্য কোনো সুনির্দিষ্ট ন্যূনতম বেতন কাঠামো বা গাইডলাইন প্রবর্তনে সরকার কেন দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হচ্ছে না, সেটাও একটা বড় প্রশ্ন!
বেসরকারি খাতের সিংহভাগ কর্মী যেখানে নানা সংকটের মধ্যেও তাদের যাবতীয় শ্রম, মেধা ও পরিশ্রম দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল ও গতিশীল রাখতে বদ্ধপরিকর, সেখানে এদের দুর্দিন বা দুঃসময়ে আমরা কাউকে তাদের পাশে দাঁড়াতে দেখি না। একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী চাকরিজীবন শেষ হলেও সারাজীবন ধরে পেনশনসহ সরকারের যাবতীয় সুবিধার অংশীদারি হন, কিন্তু একজন বেসরকারি চাকরিজীবী বেঁচে থাকার প্রয়োজনে ধুঁকে ধুঁকে কর্মজীবন শেষ করার পর একটা টাকাও হাতে থাকে না। কেউ কেউ অনেক কষ্টে দুঃসময়ের কথা চিন্তা করে সরকার প্রদত্ত সঞ্চয়পত্র কিনে তার মুনাফা থেকে কোনোভাবে জীবিকা নির্বাহ করতে চাইলেও সরকার এবার সেখান থেকেও সর্বস্তরের মানুষের সঞ্চয়ের ওপর ১০ শতাংশ কর আরোপ বাধ্যতামূলক করে তাদের জীবনকে আরও দুর্বিষহ অবস্থায় ফেলে দিয়েছে। এ ধরনের উদ্যোগের যৌক্তিকতা নিয়ে তাই প্রশ্ন ওঠা অবান্তর কিছু নয়!
জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের উচিত হবে এই সেক্টরের মানুষের জীবনযুদ্ধ নিয়ে ভাবা এবং তাদের জন্যও নিরাপদ ও সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য দীর্ঘ মেয়াদে যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা। কারণ, এই শ্রেণি ও পেশার মানুষ আত্মমর্যাদা রক্ষায় নিজেদের দুরবস্থার কথা সহজে অন্যদের বলতে পারেন না। সেই মরণব্যাধি করোনাকাল থেকে তাদের যে দুরবস্থা শুরু হয়েছে, দিন দিন সেখানে নতুন নতুন সংকট যুক্ত হওয়ায় এই শ্রেণির মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা, হৃদরোগ, ব্রেইন স্ট্রোক, ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ তাদের ক্রমাগত কুরে কুরে খাচ্ছে!
মনজুর রশীদ: গবেষক ও সমাজ বিশ্লেষক
