এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং একটি বাস্তব সফলতা। বিদেশে কর্মরত বিপুলসংখ্যক রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে দেশের ভেতরেও যারা নানা কারণে ভোট দিতে পারে না, তারা এবার পোস্টাল ভোটিংয়ে ভোট দিতে পারছে। গণতান্ত্রিক সফলতা অনেকাংশেই নির্ভর করে কত সহজে, নিরাপদে ও সর্বজনগ্রাহ্য উপায়ে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু বাস্তবতা হলো জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ, প্রবাসী জনগোষ্ঠীর বিস্তার, কর্মব্যস্ত জীবন ও নিরাপত্তাজনিত নানা জটিলতার কারণে প্রচলিত কাগজভিত্তিক ভোটিং পদ্ধতি আজ অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ।

উন্নত দেশগুলো এই চ্যালেঞ্জ মোকাবিলায় বহু আগেই প্রযুক্তিনির্ভর ভোটিং ব্যবস্থার দিকে অগ্রসর হয়েছে। সেসব দেশে বিমান, হোটেল, চিকিৎসা ও ব্যাংকিং খাতে অনলাইনে যেমন বিপ্লব এনেছে, ঠিক তেমনি ভোটিং ব্যবস্থায় অনলাইন ও পোস্টাল পদ্ধতি গণতন্ত্রকে করেছে আরও অন্তর্ভুক্তিমূলক। ঘরে বসেই ভোট দেওয়ার সুযোগ থাকলে একদিকে যেমন রাষ্ট্রের বিপুল অর্থ সাশ্রয় হয়, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কাও অনেকাংশে হ্রাস পায়। বাংলাদেশে পোস্টাল ভোটিং চালুর উদ্যোগ সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও, ভবিষ্যতের জন্য অনলাইন ভোটিং ব্যবস্থার দাবি ক্রমেই জোরালো হওয়া উচিত। কারণ এটি শুধু সময়ের দাবি নয়, বরং আধুনিক প্রযুক্তি নির্ভর রাষ্ট্রব্যবস্থার একটি অপরিহার্য শর্ত।

বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক বাস্তবতায় পোস্টাল ভোটিং একটি যুগান্তকারী উদ্যোগ। দেশের বিপুলসংখ্যক প্রবাসী নাগরিক, সরকারি-বেসরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জরুরি সেবায় নিয়োজিত মানুষ নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন না। ফলে তারা নাগরিক অধিকার থেকেও বঞ্চিত হন। পোস্টাল ভোটিং দীর্ঘদিনের এই বঞ্চনার একটি বাস্তব সমাধান। এতে করে ভোটাধিকার আরও অন্তর্ভুক্তিমূলক হচ্ছে এবং নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা বাড়ছে। পাশাপাশি রাষ্ট্রকেও কম ব্যয়ে নির্বাচন পরিচালনার সুযোগ করে দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও পোস্টাল ভোটিংয়ের একটি বড় সুফল। নির্বাচনের সময় যে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের আশঙ্কা থাকে, তা অনেকাংশে কমে যাবে। পোস্টাল ভোটিং তাই শুধু একটি প্রযুক্তিগত ব্যবস্থা নয়, এটি একটি রাজনৈতিক সংস্কারের অংশ, যা গণতন্ত্রকে শক্তিশালী করছে। তবে এই পদ্ধতি আরও সফল ও কার্যকর করতে হলে স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ডাক বিভাগের সক্ষমতা বৃদ্ধি, ভোটের গোপনীয়তা রক্ষা এবং সময়মতো ভোট গণনার মতো বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিতে হবে।

বিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে অনলাইন ও পোস্টাল ভোটিং বহু বছর ধরেই সফলভাবে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, এস্তোনিয়া, জাপানসহ নানা দেশে বিভিন্ন মাত্রায় এই পদ্ধতি চালু রয়েছে। বিশেষ করে এস্তোনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে পূর্ণাঙ্গ অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করে, যেখানে নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্র ও ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করে নিরাপদে ভোট দিতে পারে। এসব দেশে দেখা গেছে, অনলাইন ও পোস্টাল ভোটিং চালুর ফলে ভোটার উপস্থিতি বেড়েছে, প্রবাসী নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পদ্ধতিগুলো রাষ্ট্রের প্রশাসনিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।

ব্যালট পেপার ছাপানো, কেন্দ্র স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, পরিবহন ও জনবল খাতে যে বিপুল ব্যয় হতো, তা অনেকাংশে সাশ্রয় হয়েছে। একই সঙ্গে নির্বাচনী সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা ভোটকেন্দ্রভিত্তিক সংঘর্ষের মতো ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এসব অভিজ্ঞতা প্রমাণ করে যথাযথ প্রযুক্তি ও আইনগত কাঠামো থাকলে অনলাইন ভোটিং কোনো কল্পনা নয়, বরং বাস্তব ও কার্যকর সমাধান। দেশে পোস্টাল ভোটিং যদি বর্তমানের বাস্তব সমাধান হয়, তবে অনলাইন ভোটিং নিঃসন্দেহে ভবিষ্যতের দাবি হওয়া খুবই যুক্তিক। কারণ প্রযুক্তিগত সক্ষমতায় বাংলাদেশ ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ই-গভর্ন্যান্স, অনলাইন শিক্ষা ও টেলিমেডিসিন যখন সফলভাবে পরিচালিত হচ্ছে, তখন ভোটিং ব্যবস্থাকে প্রযুক্তির বাইরে রাখার কোনো যৌক্তিক কারণ নেই। অনলাইন ভোটিং চালু হলে নাগরিকরা ঘরে বসেই নিরাপদে ভোট দিতে পারবেন, যা তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়াবে এবং ভোটের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। বিশেষ করে শহুরে কর্মজীবী মানুষ ও প্রবাসীদের জন্য এটি হবে সবচেয়ে কার্যকর পদ্ধতি।

তবে অনলাইন ভোটিং চালুর ক্ষেত্রে সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাকিং, তথ্য বিকৃতি বা পরিচয় জালিয়াতির আশঙ্কা দূর করতে শক্তিশালী এনক্রিপশন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন এবং স্বাধীন তদারকি ব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মান অনুসরণ করা যেতে পারে। সঠিক পরিকল্পনা ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অনলাইন ভোটিং বাংলাদেশে একটি নির্ভরযোগ্য ব্যবস্থায় রূপ নিতে পারে। তবে গণতন্ত্র স্থির কোনো ব্যবস্থা নয়, এটি সময়, সমাজ ও প্রযুক্তির সঙ্গে পরিবর্তিত হয়। উন্নত দেশে অনলাইন ও পোস্টাল ভোটিং চালুর অভিজ্ঞতা প্রমাণ করে প্রযুক্তি গণতন্ত্রের শত্রু নয়, বরং এর অন্যতম শক্তিশালী সহায়ক। যে কোনো নতুন সিস্টেম চালুর সময় কিছু সীমাবদ্ধতা, ভুল-ভ্রান্তি এবং সমালোচনা দেখা দেওয়াই স্বাভাবিক। গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। পোস্টাল ভোটিং ব্যবস্থা তারই একটি উদাহরণ। দেশের বাইরে অবস্থানরত নাগরিক, প্রবাসী কর্মজীবী, অসুস্থ ব্যক্তি বা বিশেষ পরিস্থিতিতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে পোস্টাল ভোটিং চালু করা হলেও এর প্রাথমিক পর্যায়ে নানা প্রশ্ন ও সমালোচনা উঠেছে। কেউ বলছেন ভোটের গোপনীয়তা রক্ষা হবে না, কেউ আশঙ্কা করছেন কারচুপি বা প্রশাসনিক দুর্বলতার কথা। কিন্তু এসব সমালোচনা মূলত নতুন ব্যবস্থার প্রতি স্বাভাবিক অনাস্থা ও বাস্তবায়নের প্রাথমিক জটিলতা থেকে উদ্ভূত।

বাস্তবে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে নীতিমালা পরিমার্জন, প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এসব সমস্যার অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়। ঠিক যেমনভাবে একসময় জাতীয় পরিচয়পত্র, ই-টেন্ডারিং বা অনলাইন ব্যাংকিং ব্যবস্থাও ব্যাপক সমালোচিত হলেও আজ তা অপরিহার্য ও গ্রহণযোগ্য ব্যবস্থায় পরিণত হয়েছে। সুতরাং পোস্টাল ভোটিংয়ের ক্ষেত্রেও প্রাথমিক সীমাবদ্ধতাকে কাটিয়ে এখন একটি সফল ও কার্যকর অবস্থায় উপনীত হতে যাচ্ছে। বলা যায় পোস্টাল ভোটিং চালুর উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ, যা ভবিষ্যতের অনলাইন ভোটিং ব্যবস্থার ভিত্তি তৈরি করছে। এতে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং সর্বোপরি নাগরিকের ভোটাধিকার আরও সুরক্ষিত ও সহজলভ্য হবে। শুধু প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও জনসচেতনতা। আজ পোস্টাল ভোটিং, আগামীতে অনলাইন ভোটিং এই ধারাবাহিকতায় একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। তাই প্রযুক্তিকে ভয় নয়, বরং গণতন্ত্রের অগ্রযাত্রার হাতিয়ার হিসেবে গণ্য করে সকল সমালোচনা ও চ্যালেঞ্জ দূর করতে হবে। কারণ প্রযুক্তির এই যুগে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা অসম্ভব কিছু নয়। বরং আধুনিক এনক্রিপশন, বায়োমেট্রিক যাচাইকরণ, ব্লকচেইন প্রযুক্তি এবং শক্তিশালী সাইবার নিরাপত্তা কাঠামোর মাধ্যমে অনলাইন ভোটিংকে আরও স্বচ্ছ, দ্রুত ও বিশ্বাসযোগ্য করা সম্ভব।

অবশ্য সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, হ্যাকিং, ভোটারের পরিচয় যাচাই, ডিজিটাল বৈষম্য ইত্যাদি নানা প্রশ্ন ভবিষ্যতেও চলমান থাকবে। তাই কিছু ঝুঁকি ও সমালোচনার ভয়ে প্রযুক্তিনির্ভর ভোটিং ব্যবস্থা থেকে সরে আসা মানে গণতন্ত্রের সম্ভাবনাকে সীমিত করা। বরং দায়িত্বশীল পরিকল্পনা, ধাপে ধাপে বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রযুক্তির সহায়তায় গণতন্ত্রের উন্নয়নে এই সুবিধাগুলো গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ। এতে কর্মব্যস্ত নাগরিক, দূরবর্তী অঞ্চলের মানুষ ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ভোটাধিকার প্রয়োগ শুধু সহজ হবে তাই নয়, তারাও নিজেদের গর্বিত নাগরিক হিসেবেও গণ্য করবে এবং দেশপ্রেমের প্রতি আরো যতœবান হবে। লেখক : অধ্যাপক ও আইটি গবেষক, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়