সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আবারও নাগরিক জীবনে গভীর শঙ্কা তৈরি করেছে। মানুষ প্রশ্ন তুলছে, আবার কি ফিরে এলো সেই আগুনসন্ত্রাসের ভয়ংকর দিনগুলো? চট্টগ্রাম ও ঢাকায় প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা, চলন্ত বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন নয়; বরং জনমনে আতঙ্ক সৃষ্টি করার মতো সংঘটিত নাশকতারই লক্ষণ। দুটি বড় শহরে একের পর এক সহিংস ঘটনা ঘটায় সাধারণ মানুষের মন যেন আবার অস্থির হয়ে উঠেছে। যেখানেই আগুন, ধোঁয়া বা বিস্ফোরণের শব্দ, মানুষ সন্ত্রস্ত হয়ে ওঠে ভাবে যে কোথাও আবার সেই পুরানো অরাজকতা ছড়িয়ে পড়ল কি-না। দেশের পরিবহন ব্যবস্থা, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী সবার মনে এখন ভয়, নিরাপত্তাহীনতা আর অদ্ভুত অনিশ্চয়তা। এ ধরনের নাশকতামূলক ঘটনা দমনে মূল দায়িত্ব সরকারের।

জনগণের জানমাল রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান কর্তব্য। তাই সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। দ্রুত তদন্ত, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা। এসব পদক্ষেপ এখন আরও জরুরি। কারণ জনগণ দেখতে চায়, অপরাধীরা শাস্তি পাচ্ছে এবং অপরাধ দমনে রাষ্ট্রের অবস্থান কঠোর।\r\nতবে শুধু সরকারের কঠোর অবস্থানই যথেষ্ট নয়। দেশের সব রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে। আমাদের রাজনীতির সুষ্ঠু ও শান্তিপূর্ণ ধারা অব্যাহত না থাকলে নাশকতার সুযোগ বাড়ে। রাজনীতিকে সংঘাতমুক্ত, মানুষকেন্দ্রিক ও গণতান্ত্রিক রাখাই এখন সবচেয়ে জরুরি। সহিংসতা কখনোই রাজনীতির ভাষা হতে পারে না। এটা সব দলেরই উপলব্ধি করা উচিত। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহনশীলতা, সংলাপ, এবং গণতান্ত্রিক আচরণ সমাজে ইতিবাচক বার্তা দেয়। আর সেই বার্তাই জনমনে শান্তি আনে। তাই অরাজকতার বিরুদ্ধে সকল পক্ষের ঐক্যবদ্ধ অবস্থানই এই সংকট কাটিয়ে উঠতে পারে। বর্তমান পরিস্থিতি আমাদের আরেকবার ভাবিয়ে তুলেছে যে নিরাপত্তা কতটা মূল্যবান। জনগণের মনে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ সবাইকে দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে মানুষ শান্তিতে বাঁচতে চায়; যেখানে আগুনসন্ত্রাস, ককটেল বা গুলির আতঙ্ক ফিরে আসার কোনো সুযোগ না থাকে। অতএব, আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ দমন এবং রাজনীতির স্বাভাবিক ধারা বজায় রাখার মধ্য দিয়েই আমরা আবারও একটি স্বস্তির সমাজ গড়তে পারব। আমাদের প্রত্যাশা দেশ আবার স্থিতিশীল হয়ে উঠবে, আর ভয় নয়, নিরাপত্তার মাঝেই এগিয়ে যাবে বাংলাদেশ।\r\nকিশোরগঞ্জ থেকে