অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রথমদিকে বিদ্যুৎ ও জ্বালনি খাতে খরচ কমাতে সবিশেষ জোর দিয়েছিল সাশ্রয়ে। কিছু ক্ষেত্রে সফল হলেও এখন পর্যন্ত বিদ্যুতের দাম কমাতে পারেনি সরকার। বরং এক বছরের ব্যবধানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়েছে প্রায় ৮ শতাংশ। সরকারকে গত এক বছরে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়াই দিতে হয়েছে ১০ হাজার কোটি টাকা। মূলত তিনটি কারণে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে বলে মনে করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

প্রথম কারণ, সস্তা ও সশ্রায়ী জ্বালানি হিসেবে গ্যাস ও কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন কমেছে। বর্তমানে কয়েকটি গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ রয়েছে। দ্বিতীয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও পিডিবির কাছ থেকে বাড়তি দাম নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। বিদ্যুৎ উৎপাদনে এলপিজি ব্যবহার করা হলেও খরচ বেশি পড়ে। তৃতীয়ত, দেশে ডলারের দামের ক্রমাগত বৃদ্ধি। এর ফলেও খরচ বেড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ১৩৫টি। এর মধ্যে বেসরকারি ৬৮টি। পিডিবির সূত্র অনুযায়ী, টাকায় পরিশোধ করা হলেও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল করা হয় ডলারে। বেসরকারি খাতে ৯০ শতাংশের বেশি বিদ্যুৎ কেন্দ্রের বিল পুরোটাই হিসাব করা হয় ডলারে। সৌরচালিত বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

এর বাইরে প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমদানি করা হয়, সেসবের বিলও পরিশোধ করা হয় ডলারে। যেসব বিদ্যুৎ কেন্দ্রে বিদেশি ঋণ রয়েছে, সেসবের বিলও দিতে হয় ডলারে। এতে খরচ বেড়ে গেছে পিডিবির। পিডিবির সূত্র বলছে, চুক্তি অনুযায়ী সরকারি-বেসকারি সব বিদ্যুৎ কেন্দ্র থেকে সব বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। বিদ্যুৎ উৎপাদান করুক বা নাই করুক প্রতিটি কেন্দ্রকে দিতে হয় ক্যাপাসিটি চার্জ। যেটি কেন্দ্র ভাড়া হিসেবে পরিচিত। ১০টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নবায়ন না করায় বিদ্যুৎ উৎপাদানের সক্ষমতা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৪৪ মেগাওয়াট। এ বাবদ কেন্দ্র ভাড়া দিতে হয়েছে অতিরিক্ত ৪২ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে যা ছিল ৩২ হাজার কোটি টাকা। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো দরপত্র ছাড়াই একের পর এক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে বেসরকারি খাতে একটি বিদেশ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, যা কুইক রেন্টাল নামে কুখ্যাত। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকার বেশি খরচ করতে হচ্ছে পিডিবিকে। পিডিবি তা বিক্রি করে ৭ টাকা ৪ পয়সায়। ফলে প্রতি বছর পিডিবিকে অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে সরকারকে, যা ভর্তুকি নামে পরিচিত। বিদ্যুৎ খাতে সরকার গত বছর ভর্তুকি দিয়েছে ৫৯ হাজার কোটি টাকা। লুণ্ঠনমূলক ব্যয়ের মাধ্যমে গত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ উৎপাদন খাতে খরচ বাড়িয়েছে। অথচ এর জের টানতে হচ্ছে বর্তমান সরকারকেও। দায়মুক্তি আইন বাতিল করা হলেও আগের চুক্তিগুলো বহাল রাখা হয়েছে। ফলে বর্তমান সরকারকেও বিদ্যুৎ খাত চালিয়ে যেতে হচ্ছে আগের ধারাবাহিকতায়, যা থেকে আশু মুক্তির সম্ভাবনা প্রায় নেই।