(গত শুক্রবারের পর)

এ বাড়ির বাজার সর্দার মা, কিন্তু মেনু ঠিক করে টোড়িমাসি। আগে মা-ই মেনু ঠিক করত। কিন্তু দুপুরে শুধু ডাল আর লাউয়ের খোসা ভাজা মেনু দেওয়ায় মা সে চাকরি হারিয়েছে। তবে মনে হয় মা’র পারমিশন লাগে বিশেষ কিছু রান্না করবার থাকলে। টোড়িমাসির মনে হয় খুব খাসির মাংস খেতে ইচ্ছে করছিল। আমি এতদিন পর এসেছি। কিছু খেতে চাইলে কেউ মানা করবে না। তাই টোড়িমাসি আমাকে বলে কি, ‘যা তোর মা’কে গিয়ে বল তোর খাসির মাংস খেতে ইচ্ছে করছে।’ যেই বলা সেই কাজ। আজ খাসির মাংস রান্না হচ্ছে। সে জন্যই শেফালির বেশি করে শুকনো লঙ্কা বাটা। কিন্তু বাড়িতে বসে থেকেও মুক্তি নেই। আমি তো ফোন ধরব না। তাই মা সকাল সাড়ে এগারোটার সময় শেফালিকে ফোন করেছে, আমি ঘুম থেকে উঠেছি কিনা জানতে। সেই সঙ্গে রুটি, তরকারি, ফল আর ডিম পোচ খেয়েছি কিনা। এখন কী করছি?

শেফালি এসে আমাকে সব জানিয়ে গেল। ১৯৬৭ সালে জন্ম আমার। আর এই হচ্ছে তার পরিণতি! দুপুরে টোড়িমাসির সঙ্গে ভাত খেয়ে উঠেছি। এমন সময় মা এসে খেতে বসেছে। আমাকে প্রশ্ন, ‘ভাত খাবি নাকি?’ ‘এই তো খেয়ে উঠলাম।’ মা সহজে ছাড়বার পাত্র নয়। ‘না, বাঁধাকপির তরকারিটা খুব ভালো হয়েছে তো, তাই বলছিলাম।’ এদিকে সারাদিন পাখিপড়ার মতো বলে চলেছে, ‘ওজনের দিকে খেয়াল রাখতে হবে। একবার ওজন বেড়ে গেলে খুব মুশকিল!’ খাওয়া শেষ হওয়া মাত্র আবার মোজা এপিসোড। ‘ঠান্ডাটা ভালোই পড়েছে। ঝলমলে রোদ নয়। বাদামি রঙের পাতলা মোজাগুলো আছে। পরবি নাকি?’ এই পাতলা মোজার প্রতি মা’র অসীম ভালোবাসাটা আমি ঠিক বুঝি না। কিছুক্ষণ আগেই আমি আমার ফ্যান্সি মোজা পায়ে দিয়েছি- বাঁশের সুতা দিয়ে তৈরি। নেভি ব্লু রঙের, তাতে হলুদ সূর্যমুখী ফুল।

আমি বললাম, ‘পায়ের দিকে দেখ।’ মা নাকি কিছু দেখতেই পেল না। ভ্যান গ্যঁ’র আঁকা আইরিস ফুলের একটা হুডি পড়েছি। সেও মা’র চোখে পড়ল না। বাদামি রঙের পাতলা মোজাতেই সব চিন্তা আটকে আছে। আমার কিছু ওষুধ আনবার আছে। আমি একটা কাগজে লিখেছি কামাল ভাইকে দেব বলে। মা’র তা একদম পছন্দ হলো না। আবার একটা কাগজে পুরো প্রেসক্রিপশন লিখল। মাঝে মাঝে আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি নাকি দুঃস্বপ্ন? কাল আমার প্রিয় বন্ধু মিহি এসেছিল ওর মেয়েকে নিয়ে। সারাদিন চমৎকার কাটল। তবে আমি বেশিরভাগ সময় লিখি রুটি, আলুভাজি, অমলেট নিয়ে। বড় অভিমানী মিহি খুব দুঃখ পেয়েছে ওকে নিয়ে কিছু লিখিনি বলে। আমি শুধু বললাম, ‘তুমি কি ডিম পোচ?’ দরজায় টুংটাং শব্দ। আমি তখনো আধো ঘুমে বিছানায় আধমরা হয়ে গড়াগড়ি খাচ্ছি।

দরজা খুললে দেখা গেল যথারীতি আমাদের ড্রাইভার কামাল ভাই। শুক্রবার বলে সাদা ইস্ত্রি করা পাজামা, পাঞ্জাবি আর সঙ্গে ভেস্ট। ফ্যাশন সেন্সে নানা রকম চমক দেখানোই কামাল ভাইয়ের কাজ। বাড়ির কন্সট্রাকশন কোম্পানি থেকে লোক এসেছে। বাড়িতে কতজন লোক থাকে তা লিখে দিতে হবে। মা খুবই উত্তেজিত, কাজ পাওয়া গেছে। ‘শেফালি, শেফালি, তোমার নামের শেষে কী লেখ? সরকার না ঘোষ?’ এ ছাড়াও জানা গেল রবিবার সকাল এগারোটা থেকে দু’টা পর্যন্ত ইলেক্ট্রিসিটি থাকবে না। মা একটা কাগজে এই গুরুত্বপূর্ণ খবরটা লিখে রাখল আর সবাইকে বলল ওই সময় লিফট ব্যবহার না করলেই চলবে। হঠাৎ লিফট কেন, তা ঠিক বুঝতে পারলাম না। বিশেষত যখন এ বাড়ির কেউই বড় একটা কোথাও যায় না। সেদিন আড়ং-এ গিয়েছিলাম। আমি যে আড়ং দেখে দেশ ছেড়েছিলাম, তার সঙ্গে এখনকার আড়ং-এর অনেক অমিল।

ঝলকানি দেখে চমকে গেলাম। মা যদিও সারাক্ষণ বলে চলে, ‘আমার আড়ং-এর জামা ভালো লাগে না। ‘আয়না’ অনেক ভালো।’ ‘আয়না’ হচ্ছে সেই জায়গা যেখানে আমার নীলের ওপর সোনালি ফুল তোলা জামা পাওয়া যায়। কিন্তু কাউকে কিছু গিফট দিতে হলে তো আড়ংয়েই যাওয়া চাই। ব্র্যান্ড বলে কথা! মা শাহানারা মাসির মেয়ে আনন্দীর জন্য ছোট একটা গিফট কিনে লাইনে দাঁড়িয়েছে আর সেলসগার্লকে বলছে, ‘একটু ভালো করে চেক করে দেখেন তো, গিফট দেব।’ আমি কিছু না বুঝেই তার পাশের লাইনে দাঁড়িয়েছি। হাতে কিছুই নেই। সেলসগার্ল আমাকে বলেন কী, ‘আপনিও কি গিফট কিনছেন?’ ‘না, না, আমি কেন গিফট কিনব?’ সেলসগার্ল আমাকে বললেন না, ‘আপনি তবে সরে দাঁড়ান।’ কিন্তু এমন একটা তাকানো উপহার দিলেন গর্দভ আমাকে যে আমি তাড়াতাড়ি ওই আইল ছেড়ে জামাকাপড়ের শূন্য ময়দানে দাঁড়িয়ে পড়লাম। আড়ং-এ জিনিসপত্রের দাম শতগুণ বেড়েছে, সেইসঙ্গে কায়দা কানুনও। মনে হয় না যারা কেনাকাটা করছে তারা বাংলাদেশে রোজগারপাতি করে। কাল রঞ্জনামাসি রসগোল্লা বানিয়ে এনেছিলেন। গুণের শেষ নেই। এদিকে চিনি তো একেবারেই হাওয়া। রসগোল্লার রস দিয়ে সুজি নয়, এবার শেফালি আমায় সকালের চা বানিয়ে দিয়েছে। আর টোড়িমাসি বাড়ি নেই বলে আমার বিছানাও তুলে দিয়েছে। শেফালি অসম্ভব বুদ্ধিমতী। আমাকে বলে কি, ‘কাল তো দিদিকে আমি বলি নাই আপনার বিছানা তুলবার কথা। দিদি জানল কেমনে?’ আমি বললাম, ‘এই আমি একটু আমার গল্পে লিখেছিলাম।’ আজ বিছানা তুলে আমায় বলে কি, ‘এ কথা যেন আবার লিইখ্যান না!’

মা’র হাতে দেখি সবুজ, স্বচ্ছ কিছু ফল। লবণ দিয়ে আহা, উহু করে মা তা খাচ্ছে। আর বলে চলেছে, ‘কী ফ্রেশ যে লাগছে! খাবি নাকি?’ মা বীট খেয়েও ‘কী ফ্রেশ যে লাগছে’ বলে দেখে আমি একটু সন্দিহান হলাম। ফলগুলো টকের টক আমলকী। আমি এক কামড় দিয়েই রঙ্গমঞ্চ থেকে বিদায় গ্রহণ করলাম। কিন্তু মা যে তা কী ভালোবেসেই খাচ্ছে তা দেখে স্তব্ধ হয়ে গেলাম। অবশেষে কাল দিনশেষে কামাল ভাইয়ের দেখা পেলাম। ওনার ভেস্ট দেখে আবার আমি উৎসাহিত। আমি বললাম, ‘দরজি দিয়ে বানিয়েছেন?’ উনি আমাকে জানালেন, ‘হ, বেশ গরম। শীতকালে আরাম লাগে।’ গতকাল মা যে কন্সট্রাকশন কোম্পানিতে জানিয়েছিল বাড়িতে কয়জন থাকে তা যথারীতি ভুল হয়েছে। টোড়িমাসি এক ঝলক দেখেই বলে দিল। মা আমার নামও জুড়ে দিয়েছে। টোড়িমাসির বক্তব্য, সে হবে না কারণ আমি বেড়াতে এসেছি।

আমার নাম থাকলে বেশি করে সার্ভিস চার্জ দিতে হবে। কামাল ভাই পর্যন্ত আমাকে সান্ত¦না দিয়ে জানালেন, ‘আপনি আমাদের পরিবারের একজন, কিন্তু বেড়াইতে আইছেন।’ জটিল সব বিষয়। কাল বিকালে ‘সাথী’ নামের একটা দোকানে গিয়েছিলাম। এখানে টোড়িমাসি আর মেসোর বন্ধুরা একসঙ্গে হয়ে আড্ডা দেয় আর আমি আলুপুরী খাই। তবে দোকানটার শাড়ি বিক্রি করবারই নাকি কথা! এবারের ১৬ ডিসেম্বরে আমি দেশে। বিজয় দিবস। টিভিতে বিউগল বাজছিল। স্বাধীনতা যুদ্ধের গানগুলো যতবারই শুনি, আমার বুক ব্যথা করে, চোখ জলে ভরে যায়। সন্ধ্যায় টোড়িমাসি আমাকে আলোকসজ্জা দেখাতে নিয়ে গিয়েছিল। আমি কোনোদিন ঢাকার ১৬ ডিসেম্বরের আলোকসজ্জা দেখিনি। এই দিনে কামাল ভাই যথারীতি বাংলাদেশের পতাকার রঙে রঙ মিলিয়ে লাল আর সবুজের বর্ডার দেওয়া জ্যাকেট পরে এসেছিলেন।

বিজয় দিবসে রমনা পার্কে হাঁটতে গিয়েছিলাম। ছেলেরা লাল আর সবুজ পাঞ্জাবি পরেছে। মেয়েরা লাল, সবুজ শাড়ি। দুটি মেয়ে একেবারে নজর কেড়ে নিল। একজন লাল শাড়ি পরেছে, অন্যজন সবুজ শাড়ি। তারপর তারা দু’জন হাত ধরে হেঁটে গেল। সকলের আনন্দ দেখে চমকিত হয়ে গেলাম। হঠাৎ দেখলাম দশ বারোজনের একটা দল ‘আচারটা আন, আচারটা আন’ বলে ছুটে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো বিজয় দিবসে পিকনিক করবে, কিন্তু কারও হাতে আর কোনো রান্নার ডিব্বা দেখতে পেলাম না। শুধু কি আচার খাবে? আর কিছুদূর যেতেই দেখি এক ঝাঁক কাক। কুচকুচে কালো। আরও লক্ষ্য করে দেখি ঝিলের কাছে বেশ কিছু লোক প্রায় উপুড় হয়ে পড়েছে। শুধু দৃষ্টি দিয়েই মাছ ধরবে কিনা, কে জানে। বিজয় দিবসের জন্য সাঁতারের ক্লাস বন্ধ ছিল। কিন্তু কামাল ভাই ওখানে যেতেই নাস্তা পেয়েছেন। পরোটা, সবজি, ডিম সিদ্ধ।

খুব নাকি ভালো ছিল রান্না। সেই তো! ভালো ডিম সিদ্ধ কে আর কবে রাঁধতে পেরেছে! আমাদের বাসায় বিজয় দিবসে লাল-সবুজ কোনো রান্না হয়নি। একেবারে হয়নি, তাই বা বলি কেমন করে? কই মাছের ঝোল হয়েছিল, তাতে সবুজ শিম আর লাল টমেটো পড়েছিল। মা সকাল ৬টায় এলার্ম দিয়ে সাড়ে নয়টায় উঠেছে। প্রতিদিন তাই করে। আমি বললাম, যদি দেরি করেই উঠবে তবে অত আগে এলার্ম দেওয়ার কী প্রয়োজন? বক্তব্য শুনে বুঝলাম মা প্রতিদিন সকাল ছয়টায় উঠবে কিন্তু সাড়ে নয়টায় বিছানা থেকে নামবে। স্বাস্থ্যকর! এদিকে কাল আমি খুবই প্রতিবাদের মুখোমুখি হয়েছি। আমি নাকি আমার গল্পকথায় লিখেছি যে মা গাজর খেতে খুব ভালোবাসে। কিন্তু সে কথাটা একদম সত্যি না। আমি নাকি বানিয়ে বানিয়ে নানাকিছু লিখছি। মা গাজর খুবই অপছন্দ করে। টোড়িমাসি সঙ্গে সঙ্গে বলে কী টোড়িমাসি গাজর খেতে ভালোবাসে।

দুই বোনের মধ্যে কার যে গাজর ফ্রেশ লাগে, সে সংশয়ের মুখে আমি শুধু মিনমিন করে বললাম, ‘আমার গাজরের হালুয়া খুব ভালো লাগে।’ ঝগড়াটা ঠিক পথে এগোল না দেখে কেউ খুশি হলো না। আজ ঘুম ভেঙে দেখি সব সোফা ঘরের মাঝখানে। কাল সারাদিন শেফালি মেঝের টাইল ঘষে প্রায় এক পরত চামড়া তুলে ফেলেছে। আজ সোফাগুলো যেখানে ছিল সেই মেঝে ঘষবে। শুধু মেঝে ঘষাই নয়, সোফাগুলো দেয়ালে যেখানে যেখানে টাচ করেছে, সেখানেও ঘষবে। লোকজনের মাথার ঠেলাঠেলিতে দেয়ালে নাকি কালো দাগ হয়ে গেছে। যেভাবে আমাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, তাতে মনে হয় এরপর থেকে কেউ এ বাড়িতে এলে তাদের সোফা, বিছানা ইত্যাদিতে না বসে ফ্যানে ঝুলে থাকতে হবে। শেফালির ঘষাঘষিতে মেঝে এত পরিষ্কার হয়েছে যে আয়নার মতো মুখ দেখা যাচ্ছে।

চলতে ফিরতে মাটির দিকে তাকালেই নিজের মুখ দেখতে পাওয়ার অভিজ্ঞতাটা খুব সুখকর নয়। তার ওপর সাবানের উপদ্রপে এমন পিছল হয়েছে মেঝে যে হাঁটতেও ভয় পাচ্ছি। পা পিছলে আলুর দম হওয়ার সমূহ সম্ভাবনা আছে। মেঝে শুকানোর জন্য ফ্যান চালাতে পারছি না, ইলেক্ট্রিক বিল বেড়ে যাওয়ার ভয়ে। এদিকে খুবই সূক্ষ্মভাবে এসব কথা লিখতে হচ্ছে। ঘাড়ে আমার একটাই মাথা। শেফালিও কম যায় না। এইরকম বিপজ্জনক পরিস্থিতিতে আমাকে আবার বলে কী, ‘সন্দেশ খাবেন?’ আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি। আমি ‘হ্যাঁ’ বলতেই শেফালি মুচকি হাসতে হাসতে বলে, ‘সন্দেশ তো নাই।’ এত ধুরন্ধর হয়ে উঠেছে। শেষে একটা লাড্ডু খেলাম। খুব ভালো খেতে তা বলব না। যা হোক, কিছু একটা তো পেলাম। বিশেষত এখনো যখন মিষ্টির শিরা দিয়ে চা খেয়ে চলেছি। এদিকে কথা নেই বার্তা নেই, কামাল ভাই দেখি গ্রীন টি নিয়ে এসেছেন। আবার আশ্বাস দিয়ে বলেছেন যদি ভালো লাগে তবে আর এক বাক্স নিয়ে আসবেন। মা বলে কী ‘গ্রীন টি আমার খুবই প্রিয়! আমেরিকায় খেয়েছি।’ জীবনে আমি শুধু এক কাপ দুধ চা চেয়েছিলাম! (ধারাবাহিক)

লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)