বিংশ শতাব্দীর শেষভাগে এসে ঔপনিবেশিক শৃঙ্খলমুক্ত এবং স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পতনের পর উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্রগুলোতে সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের প্রশ্নটি বারবার সামনে এসেছে। বাংলাদেশের সমকালীন রাজনীতিতে ‘জুলাই সনদ’ এবং ‘গণভোট’ বিষয় দুটি তেমনই এক গভীর রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের জন্ম দিয়েছে। রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের প্রশ্নকে কেন্দ্র করে এই বিতর্ক ক্রমশ বিস্তৃত হচ্ছে। একদিকে এই উদ্যোগকে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্মাণের একটি সম্ভাব্য রূপরেখা হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অন্যদিকে এর সাংবিধানিক বৈধতা, রাজনৈতিক উদ্দেশ্য এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উত্থাপিত হয়েছে। ফলে জুলাই সনদ ও গণভোট কেবল সাময়িক রাজনৈতিক আলোচনার বিষয় নয়; এটি সংবিধান, জনপ্রভুত্ব, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তারও একটি গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র। রাষ্ট্রবিজ্ঞানী ব্রুস অ্যাকারম্যান তাঁর বিখ্যাত ‘উই দ্য পিপল’ (We the People) গ্রন্থে উল্লেখ করেছেন যে, একটি স্বাধীন জাতির জীবনে এমন কিছু সাংবিধানিক মুহূর্ত আসে যখন সাধারণ রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণকে সরাসরি সিদ্ধান্ত নিতে হয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে অনেক বিশ্লেষক তেমন একটি রূপান্তরকালীন মুহূর্ত হিসেবে অভিহিত করছেন।
জন অ্যাডামস তাঁর রাজনৈতিক চিন্তায় সতর্ক করে বলেছিলেন, Liberty cannot be preserved without a general knowledge among the people. রাষ্ট্র পুনর্গঠনের যেকোনো সনদের সাফল্য নির্ভর করে নাগরিকদের রাজনৈতিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক ঐকমত্যের ওপর। টমাস জেফারসন মনে করতেন, প্রতিটি প্রজন্মের নিজস্ব শাসনতান্ত্রিক রূপরেখা নির্ধারণের অধিকার রয়েছে। তিনি লিখেছিলেন, The earth belongs to the living generation. এই দৃষ্টিকোণ থেকে জুলাই সনদ ও গণভোটের দাবিকে একটি নতুন প্রজন্মের রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষা হিসেবে দেখা যেতে পারে। তবে এই আকাঙ্ক্ষাকে যখন একটি আইনি ও সাংবিধানিক কাঠামো দিতে হয়, তখন তার পদ্ধতিগত এবং আইনি বৈধতার প্রশ্নটি এড়ানো যায় না। এই প্রবন্ধের উদ্দেশ্য হলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের অবস্থান থেকে নয়, বরং সংবিধান, রাজনৈতিক তত্ত্ব, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং তুলনামূলক রাষ্ট্রবিজ্ঞানের আলোকে জুলাই সনদ ও গণভোটের সম্ভাবনা ও সীমাবদ্ধতার একটি নিরপেক্ষ, গবেষণাভিত্তিক এবং সমালোচনামূলক মূল্যায়ন উপস্থাপন করা।
যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাস মূলত সংসদীয় সার্বভৌমত্বের ওপর প্রতিষ্ঠিত হলেও, সেখানে ঐতিহাসিক কিছু সিদ্ধান্তে গণভোটের আশ্রয় নেওয়া হয়েছে। এর সবচেয়ে বড় এবং সাম্প্রতিক উদাহরণ হলো ২০১৬ সালের ‘ব্রেক্সিট’ (Brexit) গণভোট। যুক্তরাজ্যের ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিলেন, যা দেশের সম্পূর্ণ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক গতিপথ বদলে দেয়। তবে ব্রেক্সিট গণভোট এটিও দেখিয়ে দিয়েছে যে, জটিল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলোকে যখন ‘হ্যাঁ’ বা ‘না’- এই সাধারণ মেরুকরণে নামিয়ে আনা হয়, তখন তা সমাজে গভীর রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে। উইনস্টন চার্চিলের সেই বিখ্যাত উক্তিটি এখানে স্মরণীয়: Democracy is the worst form of government except for all the others. অর্থাৎ ত্রুটি থাকা সত্ত্বেও গণতন্ত্রই এখন পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা এবং গণভোট সেই ব্যবস্থার একটি চরম পরীক্ষা।
বাংলাদেশের ১৯৭২ সালের মূল সংবিধানে গণভোটের কোনো বিধান ছিল না। সংবিধানের মূল দর্শনে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের পরোক্ষ প্রতিনিধিত্বকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। সংবিধানে গণভোটের ধারণার প্রথম অনুপ্রবেশ ঘটে ১৯৭৭ সালে, সামরিক ফরমানের মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর শাসনকালে ১৯-দফা কর্মসূচির প্রতি জনসমর্থন প্রমাণের জন্য ১৯৭৭ সালের মে মাসে একটি গণভোটের আয়োজন করেন। পরবর্তীতে ১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ১৪২(১এ) অনুচ্ছেদ যুক্ত করা হয়, যা সংবিধানের কিছু মৌলিক বিষয় (যেমন- প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতির পদের মেয়াদ ইত্যাদি) পরিবর্তনের জন্য গণভোট বাধ্যতামূলক করে। পরবর্তী সামরিক শাসক লেফটেনেন্ট জেনারেল এইচ এম এরশাদও ১৯৮৫ সালে তাঁর শাসনের বৈধতা নিশ্চিত করতে গণভোটকে নিজের সুবিধার জন্য ব্যবহার করেন। ১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার পর, তা সুরক্ষার্থেও গণভোটের আইনি প্রাচীর ব্যবহার করা হয়। ১৯৯১ সালে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের লক্ষ্যে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক অভূতপূর্ব ঐকমত্যের ভিত্তিতে ১৪২ অনুচ্ছেদের গণভোটের বিধানটি বহাল রাখা হয়, যাতে ভবিষ্যতে কেউ সহজে সংসদীয় ব্যবস্থা পরিবর্তন করতে না পারে। ১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে দ্বাদশ সংশোধনীর ওপর একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল-নিরপেক্ষ এবং ব্যাপকভাবে গ্রহণযোগ্য গণভোট হিসেবে স্বীকৃত।
তবে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদটি পুনর্লিখন করা হয় এবং সংবিধানে গণভোটের বিধানটি সম্পূর্ণ বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংবিধানে ৭খ অনুচ্ছেদ যুক্ত করে সংবিধানের একটি বিশাল অংশকে ‘অসংশোধনযোগ্য’ হিসেবে ঘোষণা করা হয়। এই পরিবর্তনের ফলে সংবিধানে প্রত্যক্ষ গণতন্ত্রের শেষ সুযোগটিও বন্ধ হয়ে যায়। আইনি তাত্ত্বিকদের মতে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একদিকে যেমন সংসদীয় ব্যবস্থার নামে একদলীয় আধিপত্যের পথ সুগম করা হয়েছিল, অন্যদিকে জনগণের সরাসরি মতামত প্রকাশের সাংবিধানিক পথ রুদ্ধ করা হয়েছিল। ফ্রেডরিক এ. হায়েক তাঁর ‘কনস্টিটিউশনালিজম’ তত্ত্বে বলেছিলেন, Constitutionalism is the limitation of government by law. কিন্তু পঞ্চদশ সংশোধনী আইনকে সরকারের সীমাবদ্ধতা করার পরিবর্তে সরকারের ক্ষমতাকে চিরস্থায়ী করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ‘জুলাই সনদ’-এর ধারণাটি সামনে আসে। দীর্ঘদিনের রাজনৈতিক দমনপীড়ন, নির্বাচন ব্যবস্থার সম্পূর্ণ collapse এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম দলীয়করণের প্রেক্ষাপটে এই সনদকে একটি নতুন সামাজিক চুক্তি বা ‘সোশ্যাল কন্ট্রাক্ট’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ইন্টারন্যাশনাল আইডিইএ এবং কনস্টিটিউশননেট (ConstitutionNet)-এ প্রকাশিত ‘জুলাই চার্টার অ্যান্ড কনস্টিটিউশনাল রিফর্মস ইন বাংলাদেশ’ (July Charter and Constitutional Reforms in Bangladesh) শীর্ষক নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে, এই সনদটি আসলে বিদ্যমান সংবিধানের কাঠামোর বাইরে থেকে আসা একটি রাজনৈতিক ইশতেহার, যা রাষ্ট্রের বিপ্লবী রূপান্তরের আকাঙ্ক্ষাকে ধারণ করে। এই সনদের মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য আনা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং প্রশাসনের সব স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করা।
অবশ্য এই রাজনৈতিক আকাক্সক্ষা যখন বিদ্যমান সাংবিধানিক বাস্তবতার মুখোমুখি হয়, তখন এক গভীর আইনি ও তাত্ত্বিক সংকট তৈরি হয়। ২০২৪ সালে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে, তা সুপ্রিম কোর্টের অ্যাডভাইজরি ওপেনিয়নের (আর্টিকেল ১০৬) অধীনে এক ধরনের আপৎকালীন আইনি বৈধতা পেলেও, সম্পূর্ণ নতুন একটি ‘সনদ’ বা ‘সংবিধান’ চাপিয়ে দেওয়ার ক্ষমতা তার ছিল না। সংবিধানে বর্তমানে গণভোটের কোনো বিধান নেই; ফলে যেকোনো মৌলিক সংস্কার বা নতুন সনদ বাস্তবায়ন করতে হলে বিদ্যমান সংবিধানের ভেতর থেকে তা করা অসম্ভব হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে রাষ্ট্র পুনর্গঠনের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবি উত্থাপিত হচ্ছে। তাত্ত্বিক দিক থেকে এটি অত্যন্ত আকর্ষণীয় মনে হতে পারে, কারণ এটি সরাসরি জনগণের কাছে যাওয়ার কথা বলে। কিন্তু আইনি দৃষ্টিকোণ থেকে, বর্তমান সংবিধানে গণভোটের কোনো অস্তিত্ব না থাকায়, বিএনপি সরকার কীভাবে বাস্তবায়ন করবে? জন লক তাঁর ‘টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট’ গ্রন্থে স্পষ্ট করেছিলেন যে, সরকারের বৈধতা আসে শাসিতের সম্মতি থেকে। কিন্তু সেই সম্মতি আদায়ের প্রক্রিয়াটি যদি নিজেই আইনি বিতর্কের ঊর্ধ্বে না হয়, তবে তা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।
জুলাই সনদ এবং গণভোটের পক্ষে সবচেয়ে বড় যুক্তি হলো- এটি বাংলাদেশের রাজনীতিতে একটি ‘ক্লিন স্লেট’ বা নতুন করে শুরু করার সুযোগ দেবে। সমর্থকদের মতে, বাংলাদেশের বর্তমান সংবিধানটি বারবার সংশোধনের মাধ্যমে এমন একটি রূপ নিয়েছে যা স্বৈরতন্ত্রকে সুরক্ষা দেয় এবং ক্ষমতার চরম কেন্দ্রীকরণ ঘটায়। জন স্টুয়ার্ট মিল তাঁর ‘কনসিডারেশনস অন রিপ্রেজেন্টেটিভ গভর্মেন্ট’ গ্রন্থে লিখেছিলেন যে, যখন প্রতিনিধিরা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হয়, তখন প্রত্যক্ষ হস্তক্ষেপ অপরিহার্য হয়ে পড়ে। এই মতের পক্ষে থাকা তাত্ত্বিকেরা মনে করেন, একটি গণভোটের মাধ্যমে জুলাই সনদকে অনুমোদন দেওয়া হয়েছে ফলে তা বিদ্যমান সংবিধানের চেয়েও উচ্চতর ‘জনপ্রভুত্ব’ বা ‘পপুলার সভরেনটি’ (Popular Sovereignty) লাভ করেছে। এর ফলে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সহজে এই সংস্কারগুলো বাতিল করতে পারবে না। বিপক্ষে থাকা আইনবিদ এবং রাজনৈতিক দলগুলোর যুক্তি অত্যন্ত জোরালো। তাদের মতে, সংবিধানে গণভোটের বিধান না থাকা অবস্থায় যেকোনো ধরনের গণভোট সংবিধান-বহির্ভূত এবং বেআইনি।
উভয় পক্ষের এই দ্বন্দ্বের মূলে রয়েছে আইনি আনুষ্ঠানিকতাবাদ (Legal Formalism) এবং রাজনৈতিক বাস্তবতাবাদের (Political Realism) সংঘাত। এক পক্ষ যখন আইনের অক্ষরে সংবিধান রক্ষা করতে চাচ্ছে, অন্য পক্ষ তখন আইনের আত্মাকে ধারণ করে রাষ্ট্রকে আমূল বদলে দিতে চাচ্ছে। তবে তাত্ত্বিক এ. ভি. ডাইসির মতে, রাজনৈতিক সার্বভৌমত্ব (Political Sovereignty) এবং আইনি সার্বভৌমত্ব (Legal Sovereignty) এর মধ্যে যদি দীর্ঘমেয়াদি দূরত্ব তৈরি হয়, তবে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে। জুলাই সনদ যদি দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর ন্যূনতম ঐকমত্য (Minimum Political Consensus) অর্জন করতে না পারে, তবে কেবল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে আইনি বৈধতা দিলেও তা দীর্ঘস্থায়ী হবে না।
জুলাই সনদ এবং গণভোটের এই সম্পূর্ণ ধারণাকে একটি সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করলে দেখা যায়, এটি মূলত বাংলাদেশের দীর্ঘদিনের ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিক্রিয়া। কিন্তু আবেগ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি হওয়া কোনো রূপরেখা দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় স্থিতিশীলতা দিতে পারে না। এডমন্ড বার্ক তাঁর ‘রিফ্লেকশন্স অন দ্য রেভোলিউশন ইন ফ্রান্স’ গ্রন্থে লিখেছিলেন, Any nation without the means of some change is without the means of its conservation. অর্থাৎ রাষ্ট্রকে রক্ষা করতে হলে পরিবর্তনের ব্যবস্থা রাখতে হবে, কিন্তু তা হতে হবে ক্রমান্বয়ে এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা রক্ষা করে। বাংলাদেশের ক্ষেত্রে বিদ্যমান সংবিধানকে সম্পূর্ণ ফেলে দিয়ে একটি নতুন সনদ গ্রহণ করার চেয়ে, একটি নির্বাচিত গণপরিষদ (Constituent Assembly) বা বর্তমান সংবিধানের ভেতরেই আইনি সংশোধনীর মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া বেশি বাস্তবসম্মত হতে পারে।
নিকোলো মেকিয়াভেলি তাঁর ‘দ্য ডিসকোর্সেস’-এ সতর্ক করেছিলেন যে, একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেয়ে কঠিন এবং বিপজ্জনক কাজ আর নেই, কারণ যিনি নতুন ব্যবস্থা আনছেন তাঁর পক্ষে থাকবে কেবল তারা যারা নতুন ব্যবস্থায় লাভবান হবে, আর বিপক্ষে থাকবে তারা যারা পুরনো ব্যবস্থায় ভালো ছিল। জুলাই সনদের প্রবক্তাদের এই বাস্তব সত্যটি অনুধাবন করতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য কেবল একটি ভালো ইশতেহার বা সনদ থাকাই যথেষ্ট নয়, তার জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সমাজের সর্বস্তরের মানুষের মালিকানাবোধ। যদি গণভোটের রায় বাস্তবায়ন করতেই হয়, তবে তা হতে হবে দীর্ঘ আলোচনার পর এবং সুনির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে, কোনো অস্পষ্ট সনদের ঢালাও অনুমোদন দেওয়ার নয়।
মূলত জুলাই সনদ ও গণভোটের রায়কে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কটি বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনের এক ঐতিহাসিক সন্ধিক্ষণকে নির্দেশ করে; যা Realities of Nexus । এটি কেবল কোনো আইনি মারপ্যাঁচ বা ক্ষমতার অংশীদারিত্বের লড়াই নয়; এটি হলো রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে, তা পুনর্র্নিধারণের সংগ্রাম। জন লকের সেই বিখ্যাত উক্তিটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক, The end of law is not to abolish or restrain, but to preserve and enlarge freedom. জুলাই সনদ বা গণভোটের রায়ের বাস্তবায়নের মতো যেকোনো উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নাগরিকের স্বাধীনতা ও অধিকারকে প্রসারিত করা, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করা নয়। বাংলাদেশ যদি এই সাংবিধানিক সংকট কাটিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, তবে তাকে অবশ্যই আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় একটি আইনি ও রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করাই হবে এই সংকটের একমাত্র টেকসই সমাধান। অন্যথায়, তড়িঘড়ি করে নেওয়া যেকোনো রূপান্তর প্রক্রিয়া রাষ্ট্রকে আরও গভীর আইনি শূন্যতা এবং রাজনৈতিক মেরুকরণের দিকে ঠেলে দিতে পারে। রাষ্ট্র গঠনের এই মহাপরিকল্পনায় আবেগ নয়, বরং তথ্য, যুক্তি এবং সাংবিধানিক বাস্তবতাই হওয়া উচিত আমাদের মূল পথপ্রদর্শক।
লেখক : রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
