সার কারখানাগুলোতে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১৬ টাকা থেকে বাড়িয়ে নতুন দাম ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন দাম। ফলে গ্যাসের দাম বেড়েছে ৮২ দশমিক ৮১ শতাংশ। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সারের দামও বাড়বে। বর্তমানে ইউরিয়া সারের উৎপাদন খরচ পড়ছে কেজিতে ৩৮ টাকার মতো। আর বাজারে বিক্রি হচ্ছে ২৭ টাকা দরে। এতে প্রতি কেজিতে ভর্তুকি দিতে হচ্ছে ১৩ টাকা। তবে কৃষক ন্যায্য দামে সার পায় না বলে অভিযোগ রয়েছে। \r\nসার কারখানাগুলোতে গ্যাসের মূল্য হঠাৎ উল্লম্ফনে কৃষি উৎপাদন ব্যয় ও বাজারব্যবস্থায় কমবেশি প্রভাব পড়বে। দেশে ইউরিয়া সারের উৎপাদন ইতোমধ্যে বাড়তি ব্যয়ের চাপে রয়েছে। গ্যাসের দাম বাড়ায় সেই ব্যয় আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এর মানে হলো, কৃষককে আরও বেশি দামে সার কিনতে হবে। ফলে উৎপাদন ব্যয় বাড়বে। যে কৃষক এখনো ন্যূনতম লাভ নিয়ে কৃষিকাজ টিকিয়ে রেখেছেন, তাদের ওপর এই বাড়তি চাপ নতুন সংকট তৈরি করতে পারে। উৎপাদন খরচ বাজারমূল্যে প্রতিফলিত হলে সাধারণ মানুষ প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাবে। এছাড়াও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সার ব্যবহারের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে ফসলের উৎপাদনশীলতায়। বাংলাদেশে যে খাদ্যনিরাপত্তা সতর্ক সীমায় অবস্থান করছে, সেখানে উৎপাদন হ্রাস জাতীয় অর্থনীতি ও বাজার দরকে অস্থির করে তুলতে পারে। গ্যাসের মূল্য সমন্বয়ের যুক্তি থাকলেও, প্রশ্ন থাকছে সিদ্ধান্তের সময়, গতি ও প্রভাব মূল্যায়ন নিয়ে। পূর্বঘোষণা দিয়ে, প্রভাব বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া ছিল যুক্তিযুক্ত।\r\nসরকার যদি বাড়তি ভর্তুকি বা বিশেষ সহায়তা না দেয়, তবে কৃষকের উৎপাদন খরচ বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যদ্রব্যের বাজারমূল্যও বাড়বে। একদিকে দ্রব্যমূল্যস্ফীতি, অন্যদিকে চাকরি-বাজারের অনিশ্চয়তা- এই বাস্তবতায় এমন একটি পদক্ষেপে কর্তৃপক্ষকে নীতিগতভাবে আরও সুচিন্তিত হওয়া প্রয়োজন। এছাড়া দীর্ঘমেয়াদে গ্যাসনির্ভরতা কমাতে বিকল্প শক্তির উদ্ভাবনে দরকার বিনিয়োগ। কৃষকের জন্য সহায়ক নীতিমালা বা ভর্তুকি সমন্বয় এবং সার উৎপাদন ও বাজারবণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কৃষিকে চাপে ফেলে কোনো অর্থনীতিই টেকসই হতে পারে না। তাই প্রয়োজন ভারসাম্যপূর্ণ নীতি, যেখানে রাষ্ট্রীয় ব্যয় ও কৃষকের স্বার্থ পাবে সমান গুরুত্ব।
