ইতিহাস কখনো সরলরেখায় চলে না। ইতিহাস চলে বৃত্তাকারে-কখনো উত্থানে, কখনো পতনে, কখনো প্রত্যাশায়, কখনো প্রতিরোধে। বাংলাদেশের জাতীয় রাজনীতিও এর ব্যতিক্রম নয়। এই ভূখণ্ডের রাজনীতি জন্ম নিয়েছে সংগ্রাম থেকে, রক্ত থেকে, আত্মত্যাগ থেকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মুহূর্ত রয়েছে, যা কেবল সময়ের একটি বিন্দু নয়, বরং দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও প্রত্যাশার সম্মিলিত প্রতিফলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন তেমনই একটি মুহূর্ত। দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর তার দেশে ফেরা কেবল একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন নয়, এটি গণতান্ত্রিক রাজনীতির পুনরুজ্জীবনের প্রতীক, এটি জাতীয়তাবাদী চেতনার নতুন করে উচ্চারণ, এটি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে মানুষের প্রবল আশা-আকাক্সক্ষার প্রতিফলন।
স্বৈরাচারী শাসনের দীর্ঘকাল শেষে যখন দেশ এক সংকটময় বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, ভোটাধিকার বাস্তবায়ন, অর্থনীতি চাপে, প্রতিষ্ঠানগুলো দুর্বল-ঠিক সেই সময়ে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিক বাস্তবতায় যোগ করেছে নতুন মাত্রা। রাজপথে, সামাজিক পরিসরে, রাজনৈতিক আলোচনায়- সবখানেই এই প্রত্যাবর্তন এক অনিবার্য আলোচনার বিষয় হয়ে উঠেছে।\r\nএই প্রত্যাবর্তনকে আলাদা করে দেখা যায় না শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির পরিসরে সীমাবদ্ধ রেখে, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা-উত্তর রাজনৈতিক ইতিহাসের একটি ধারাবাহিক অধ্যায়, যার সূচনা হয়েছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সেই ঘোষণার বজ্রনিনাদ শুধু শত্রুর বিরুদ্ধে যুদ্ধের আহ্বান ছিল না, ছিল একটি স্বাধীন রাষ্ট্রচিন্তার জন্মক্ষণ।
যুদ্ধবিধ্বস্ত, ক্ষুধার্ত, বিভ্রান্ত বাংলাদেশ, সমাজ ও মানুষের আত্মবিশ্বাসকে পুনর্গঠনের যে সংগ্রাম শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় জন্ম নেয় বাংলাদেশী জাতীয়তাবাদ এবং সেই আদর্শের রাজনৈতিক বাহন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি কোনো হঠাৎ গড়ে ওঠা দল নয়, এটি একটি ঐতিহাসিক প্রয়োজনের ফল। স্বাধীনতার পরপরই যে রাষ্ট্রটি আদর্শিক সংকটে পড়েছিল, যেখানে মানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতীয় পরিচয় উপেক্ষিত হচ্ছিল, সেই শূন্যতা পূরণের দায়িত্ব নিয়েছিল জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা।
তিনি উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে কেবল ক্ষমতার কাঠামো নয়, দরকার একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়, যেখানে গ্রাম ও শহর, কৃষক ও শ্রমিক, আলেম ও বুদ্ধিজীবী- সকলেই নিজেদের রাষ্ট্রের অংশ বলে অনুভব করবে। এই দর্শনের ওপর ভিত্তি করেই জাগো দল থেকে শুরু করে বিভিন্ন মত ও পথের মানুষকে একত্র করে ১৯৭৮ সালে গঠিত হয় বিএনপি, যা খুব অল্প সময়ের মধ্যেই দেশের সবচেয়ে বড় গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়। এর পেছনে ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ-একটি অন্তর্ভুক্তিমূলক, ধর্মনিরপেক্ষ নয় বরং ধর্মসহিষ্ণু, গ্রামবাংলার মূল্যবোধনির্ভর রাজনৈতিক চিন্তা।
জাগো দল থেকে শুরু করে বিভিন্ন মত ও পথের মানুষকে এক ছাতার নিচে এনে বিএনপি হয়ে ওঠে বহুধাবিভক্ত সমাজের একীভূত রাজনৈতিক প্ল্যাটফর্ম।\r\nশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল ছিল উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনাকাল। চৌদ্দ হাজার খাল খনন কর্মসূচি কেবল একটি প্রকল্প ছিল না, এটি ছিল গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণের রাষ্ট্রদর্শন। কৃষিকে অগ্রাধিকার দিয়ে সবুজ বিপ্লবের সূচনা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে অগ্রযাত্রা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা- এসবই ছিল জাতীয়তাবাদী রাজনীতির বাস্তব রূপ। কিন্তু ইতিহাস নির্মম, ১৯৮১ সালে জিয়াউর রহমান শাহাদাত বরণ করলে অনেকেই ভেবেছিল বিএনপি হয়তো নেতৃত্বশূন্য হয়ে পড়বে। সেই ধারণাকে ভুল প্রমাণ করে রাজনীতিতে আবির্ভূত হন বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক।
স্বৈরাচারবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণ-অভ্যুত্থান, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন- এই প্রতিটি অধ্যায়ে তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার নেতৃত্বে বিএনপি কেবল ক্ষমতায় যায়নি, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তিও মজবুত করেছে। এই ধারাবাহিকতার মধ্যেই রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমান। তার রাজনৈতিক জীবন কোনো আকস্মিক উত্তরাধিকার নয়। তিনি রাজনীতিতে এসেছেন উত্তরাধিকারসূত্রে। কিন্তু নিজস্ব রাজনৈতিক পরিচয় গড়েছেন অভিজ্ঞতার মধ্য দিয়ে। ছাত্ররাজনীতি থেকে শুরু করে সংগঠক হিসেবে তার উত্থান ছিল ধীর কিন্তু গভীর। তিনি বেড়ে উঠেছেন এমন এক রাজনৈতিক পরিবারে, যেখানে রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়, বরং রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন- এই উত্তরাধিকার তার রাজনৈতিক চিন্তার ভিত্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন গণতান্ত্রিক সংগ্রাম তার রাজনৈতিক চরিত্রে যুক্ত করেছে দৃঢ়তা ও ধৈর্য।\r\nছাত্রজীবন থেকেই তারেক রহমান রাজনীতির সঙ্গে যুক্ত। মাঠের রাজনীতি, তৃণমূল সংগঠন, সাধারণ মানুষের জীবনসংগ্রাম- এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই গড়ে ওঠে তার রাজনৈতিক শিক্ষা। তিনি রাজনীতিকে কেবল বক্তৃতা বা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং সংগঠন, পরিকল্পনা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছেন।
২০০১-২০০৬ সময়কালে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার ভেতর দিয়ে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আরও পরিণত হয়, যেখানে উন্নয়ন, নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক বাস্তবতার সমন্বয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়।\r\nকিন্তু ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে তার জীবনে নেমে আসে সবচেয়ে কঠিন অধ্যায়। নির্যাতন, মিথ্যা মামলা, রাজনৈতিক দমন-পীড়ন এবং অবশেষে দেশত্যাগ- এই বাস্তবতা তাকে শারীরিকভাবে দুর্বল করলেও রাজনৈতিকভাবে ভাঙতে পারেনি। এই সময়টিকে কেউ কেউ ভেবেছিল বিএনপির দুর্বলতার সময়। কিন্তু বাস্তবে এটি ছিল বিএনপির আদর্শিক সংহতির সময়। নির্বাসনে গিয়েও তিনি নেতৃত্ব ছাড়েননি। লন্ডন থেকে তারেক রহমান শুধু দল পরিচালনা করেননি, বরং আধুনিক রাজনীতির ভাষা ও কৌশল রপ্ত করেছেন।
ডিজিটাল যোগাযোগ, প্রবাসী নেটওয়ার্ক, আন্তর্জাতিক রাজনীতি- সবকিছুকে সমন্বয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত আদর্শগতভাবে ঐক্যবদ্ধ এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছেন।\r\nএই দীর্ঘ ১৭ বছরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এক স্বৈরাচারী শাসনব্যবস্থা। নির্বাচনহীন রাজনীতি, মতপ্রকাশের সংকোচন, গুম-খুন, মামলা ও হামলায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী নিপীড়নের শিকার হন। তবু দল ভেঙে পড়েনি। কারণ, নেতৃত্বের কেন্দ্র থেকে বার্তা ছিল স্পষ্ট-গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোস নয়।
এই সময়েই তারেক রহমান সামনে আনেন রাষ্ট্র সংস্কারের রূপরেখা, যার কেন্দ্রে রয়েছে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহি, দুর্নীতিবিরোধী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ।\r\nস্বৈরাচার পতনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে যে আগ্রহ, উদ্দীপনা ও আবেগ তৈরি হয়েছে- তা কেবল দলীয় নয়, বরং জাতীয় পর্যায়ের। লাখো-কোটি বিএনপি নেতাকর্মী ও সমর্থক বরণ ও সংবর্ধনার প্রস্তুতিতে জেগে উঠেছেন। এই উচ্ছ্বাসের পেছনে আছে দীর্ঘ ত্যাগের স্বীকৃতি এবং নেতৃত্বের প্রতি অগাধ আস্থা। গ্রাম থেকে শহর- সবখানেই একটি অনুভূতি কাজ করছে- দীর্ঘ অপেক্ষার অবসান। এই প্রত্যাবর্তনের প্রভাব শুধু বিএনপির মধ্যেই সীমাবদ্ধ নয়।
১৮ কোটি মানুষের বাংলাদেশে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের সংকটময় সময়ে অনেকেই তারেক রহমানকে দেখছেন একটি সম্ভাবনার প্রতীক হিসেবে, যিনি গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে পারেন, যিনি জাতীয় ঐক্যের ভাষা বলতে পারেন, যিনি আধুনিক রাষ্ট্র পরিচালনার বাস্তবতা বোঝেন।\r\nতারেক রহমানের রাজনৈতিক দর্শনের কেন্দ্রে রয়েছে মানুষ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, কর্মসংস্থানভিত্তিক অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সর্বজনীন অধিকার, সামাজিক ন্যায়বিচার- এসব তার চিন্তার মূল স্তম্ভ। জাতীয়তাবাদ তার কাছে সংকীর্ণতা নয়, এটি সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সম্মিলিত রূপ।
তিনি বিশ্বাস করেন, বাংলাদেশকে কারো করুণার ওপর নির্ভর না করে দাঁড়াতে হবে নিজের শক্তিতে।\r\nত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক তৈরি করেছে বাস্তবতা। বিএনপি এখন নির্বাচনমুখী প্রস্তুতি, সংগঠন পুনর্গঠন এবং নীতিভিত্তিক রাজনীতির ওপর জোর দিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দলটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও সংলাপ অব্যাহত রাখতে চায়। তরুণ ও নতুন ভোটারদের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর রাজনীতি এবং আধুনিক রাষ্ট্রচিন্তা- এই সবকিছুই তার রাজনৈতিক পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে যে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে, তা নিছক আবেগ নয়।
এর ভেতরে রয়েছে প্রগতিশীল চিন্তা, উন্নয়নের আকাক্সক্ষা এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন। এই জাগরণ যদি সঠিক দিশায় পরিচালিত হয়, তবে তা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে-গণতন্ত্রের পথে, উন্নয়নের পথে, মানবিক রাষ্ট্র গঠনের পথে। তারেক রহমান আজ মানুষের অনুভূতির জায়গায় একজন বিশ্বস্ত প্রতীক। দীর্ঘ ত্যাগ, আপসহীন অবস্থান ও সুস্পষ্ট ভবিষ্যৎ ভাবনা তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তার স্বদেশ প্রত্যাবর্তন তাই শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা-যেখানে জাতীয়তাবাদ মানে ঐক্য, গণতন্ত্র মানে অধিকার, আর উন্নয়ন মানে মানুষের জীবনমানের উন্নতি।\r\nবাংলাদেশ আজ আবারও ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সন্ধিক্ষণে তারেক রহমানের প্রত্যাবর্তন একটি নতুন প্রত্যয়ের নাম।
এই প্রত্যয় কতদূর বাস্তবায়িত হবে তা নির্ভর করবে রাজনৈতিক প্রজ্ঞা, সহনশীলতা ও জাতীয় ঐক্যের ওপর। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে, এই স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে এক নতুন স্পন্দন সৃষ্টি করেছে, যা আগামী দিনের ইতিহাস রচনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।\r\nঐতিহাসিক এই প্রত্যাবর্তন হয়তো সব প্রশ্নের উত্তর নয়, কিন্তু এটি এক নতুন অধ্যায়ের সূচনা। ইতিহাস সাক্ষী থাকবে- একদিন মানুষ বলবে, এই প্রত্যাবর্তনের মধ্যেই লুকিয়ে ছিল পরিবর্তনের প্রথম স্পন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি কখনো ব্যক্তিকেন্দ্রিক ছিল না, ছিল দর্শনকেন্দ্রিক। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে তারেক রহমানের প্রত্যাবর্তন- এই পথচলা একটি ধারাবাহিক রাষ্ট্রচিন্তার ইতিহাস। স্বদেশ প্রত্যাবর্তন তাই শুধু একটি ঘটনা নয়, এটি একটি বার্তা। বার্তাটি হলো- ইতিহাস থেমে থাকে না, জনগণের আকাক্সক্ষাও থেমে থাকে না। যে রাজনীতি সেই আকাক্সক্ষাকে ধারণ করতে পারে শেষ পর্যন্ত ইতিহাস তার পক্ষেই কথা বলে। এটি একটি জাতীয়তাবাদী চেতনার বিবর্তন। \r\nলেখক : সাংবাদিক
