ইউএস-বাংলার বিমানে বসে মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (বর্তমানে ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-ভিআইএ নামে পরিচিত) অবতরণের ঘণ্টাখানেক আগে থেকেই পাশের সিটের মোনতাজ মিয়ার সঙ্গে কথা হচ্ছিল তাদের প্রবাসজীবন নিয়ে। কথা হয় আরও দু-একজনের সঙ্গে। বিমানে যখন তাদের সঙ্গে কথা বলছিলাম তখন আমার চোখে ভেসে উঠছিল বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা এসব মানুষের একসময়ের নিদারুণ অভাবগ্রস্ত, নিরানন্দ তথা নিস্তরঙ্গ জীবনচিত্রটি।
আজ তাদের উপার্জিত ফরেন কারেন্সি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অর্থাৎ পরিবারগুলোর ভাগ্যবদলে যে ইতিবাচকতা তৈরি করেছে, তা শুধু বাংলাদেশের কোনো একটি নির্দিষ্ট অঞ্চল নয়, বলা যায়, সারাদেশ আলোকিত করে চলেছে। আমাদের দেশের অর্থলোলুপ, বিদেশে অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা শ্রেণির বিরুদ্ধে এক অন্যরকম ন্যারেটিভও তৈরি করেছে এই শ্রমজীবী মানুষেরা।
মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরে তীরে অবস্থিত বিশ্বের একটি ক্ষুদ্র ও নিচু দ্বীপরাষ্ট্র। ১২শরও বেশি ছোট প্রবাল দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা পর্যটননির্ভর দেশটির রাজধানী মালে। তবে এত প্রবাল দ্বীপের মাত্র ২০০টিতে রয়েছে জনবসতি। রাজধানী মালে হলো মালদ্বীপের বৃহত্তম শহর, যেখানে দেশটির সিংহভাগ মানুষ বসবাস করে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মালদ্বীপের বর্তমান জনসংখ্যা পাঁচ লাখ ৩১ হাজার ৭৯ জন। এটি এশিয়ার অন্যতম ক্ষুদ্র ও কম জনবহুল দেশ। এই জনসংখ্যার একটি বড় অংশ বিদেশি শ্রমিক। ২০২৪ সালের তথ্যমতে, দেশটিতে বিদেশি শ্রমিক রয়েছেন দুই লাখেরও বেশি। মজার ব্যাপার হলো, এর মধ্যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা এক লাখেরও বেশি। তবে এর একটি বড় অংশ অবৈধ বা অনিবন্ধিত। এসব শ্রমিককে বৈধ করার জন্য বাংলাদেশ সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। কারণ অন্যান্য দেশের তুলনায় এখানকার শ্রমিকদের আয় বেশ ভালো। মালদিভিয়ান ১ রুফিয়া (এমভিআর) আমাদের ৮.০৬ টাকার সমান। একেকজন শ্রমিকের মাসিক আয় ৮০০ থেকে ১৬শ ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে এর পরিমাণ দাঁড়ায় এক লাখ থেকে দুই লাখ টাকা। অথচ সৌদি আরবে দেখেছি বাংলাদেশি শ্রমিকরা তীব্র রোদে কাজ করে গড়ে মাত্র ৭০০-৮০০ রিয়াল (২১,৭০০ থেকে ২৪,৮০০ টাকা) বেতন পান। কখনও কখনও সেই বেতনও নিয়মিত পান না। মালয়েশিয়ার অবস্থাও সৌদি আরবের চেয়ে ভালো নয়। এসব দিক বিবেচনা করলে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালদ্বীপ একটি আকর্ষণীয় শ্রমবাজার।
বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন মালদ্বীপ। মালদ্বীপের সমুদ্রের স্ফটিক স্বচ্ছ নীল জল, সাদা বালুকাময় সৈকত এবং বিলাসবহুল রিসোর্ট বিশ্বখ্যাত। এখানকার সমুদ্রে স্নোরকেলিং (শ্বাস-নল ডুবসাঁতার) রোমাঞ্চকর ইভেন্ট। জলের ওপরে বা সামান্য নিচে ভেসে থেকে বিশেষ শ্বাস-নল, মাস্ক এবং ফ্লিপার ব্যবহার করে পানির নিচের দৃশ্য দেখার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা ভোলার নয়। বিচিত্র সব মাছের সঙ্গে বড় আকারের অনেক শাপলাপাতা মাছ দেখা এবং স্পর্শ করা আরও রোমাঞ্চকর। আর স্যান্ডব্যাংকসে গা ডুবিয়ে হাঁটাও দারুণ ব্যাপার। স্কুভা ডাইভিং, সার্ফিংসহ বিচিত্র সব জল-বিনোদনের সঙ্গে আছে ডলফিন ক্রুজও। এসব প্রসঙ্গ তোলার প্রধান কারণ এসব কাজে দক্ষ গাইড এখন মালদেভিয়ানদের মতো বাংলাদেশি শ্রমিকরাও। ফিশিং, কনস্ট্রাকশন, হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট, দোকানপাট–কী নেই বাংলাদেশি শ্রমিকদের তত্ত্বাবধানে!
শুরুতেই বলছিলাম মোনতাজ মিয়া ও শাহ আলমের কথা। মোনতাজ মিয়া (৪২) কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মানুষ। ২৮ বছর ধরে আছেন মালদ্বীপে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ১৩-১৪ বছর বয়সে চাচাতো ভাই হারুনুর রশিদের কল্যাণে মালদ্বীপ যান। মালদ্বীপের ইউনিভার্সেল কোম্পানি পরিচালিত কোরামদি আইল্যান্ডের একটি রিসোর্টে রক্ষণাবেক্ষণের কাজ করেন। মালে সিটি থেকে কোরামদি দ্বীপের দূরত্ব স্পিডবোটে এক ঘণ্টা ১০ মিনিটের পথ। তিনি ওভারটাইমসহ মাসিক বেতন পান ১২শ ইউএস ডলার। তবে পর্যটন মৌসুম ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১৭শ থেকে ১৮শ ডলারে। শাহ আলমের (৪০) বাড়ি আমার জন্মজেলা কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামে। তিনি ১০ বছর ধরে আছেন মালদ্বীপে, থাকেন কোডাবদ আইল্যান্ডে। রাজধানী মালে থেকে ডমিস্টিক ফ্লাইটে ৪৫ মিনিটের দূরত্ব। ফিশিং করেন, বিশেষত টুনা ফিশ। ফিশিং বোটে আছেন ১০ জন বাংলাদেশি ও চারজন মালদেভিয়ান ফিশারম্যান। প্রতিদিন বাংলাদেশি মুদ্রায় দেড় থেকে আড়াই লাখ টাকার মাছ ধরা পড়ে তাদের জালে। ফিশারম্যানরা পান তিন ভাগের এক ভাগ। বাকি মাছ বোট মালিকের। মালদ্বীপ ভ্রমণকালে অনেক বাংলাদেশি ও বিদেশি শ্রমিকের সঙ্গে আলাপ হয়েছে। কথাসূত্রে এটুকু বুঝতে পেরেছি যে তারা ভালো আছেন।
ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি ১৯৬৫ সালের ২৬ জুলাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। এখানকার প্রধান ধর্ম ইসলাম এবং ভাষা দিভেহি। এই ভাষার নিজস্ব বর্ণমালা আছে, যা ‘থানা’ নামে পরিচিত। এটি ডান থেকে বামে লেখা একটি বিশেষ লিপি, যা আঠারো শতকে তৈরি হয়েছিল। এই লিপিটি আরবি সংখ্যা ও দিভেহি ভাষার পুরোনো অক্ষরের সমন্বয়ে গঠিত। দেখতে অনেকটা আরবি বর্ণমালার মতো। সেখানকার বিলবোর্ড-সাইনবোর্ড দেখে তেমনটাই মনে হয়েছে।
মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি শ্রমিকরা এখন প্রধান চালিকাশক্তি। স্থানীয়রা নিজেদের ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপাজর্নের নানা খাত বিদেশি শ্রমিকদের হাতে বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের হাতে তুলে দিয়ে দিব্যি নির্ভাবনায় ও আনন্দে দিন কাটাচ্ছেন। আমাদের এই শ্রমজীবী প্রবাসী লড়াকু যোদ্ধারা নিশ্চয়ই একদিন আর্থিক টানাপোড়েনের এই বাংলাদেশকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন, যা দেখে কোনো এক বিচক্ষণ বিদেশি পর্যটক আমাদের কবি সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠবেন: ‘সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়’। লড়াকু যোদ্ধাদের এই অদম্য প্রাণশক্তি, দুঃসাহস এবং বিচিত্র প্রতিকূলতার মধ্যেও মাথা না নোয়াবার অভিব্যক্তি বাংলাদেশকে নতুন ন্যারেটিভে দেখার প্রেরণা জোগাবে।
মতিন রায়হান: কবি ও সাবেক সংবাদকর্মী
