বিদ্যুৎখাতে বাস্তবতা হলো এ খাত বর্তমানে ভয়াবহ অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও আর্থিক লুণ্ঠনের সমূহ সংকটে নিমজ্জিত। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্প্রতি বিদ্যুৎ ক্রয়চুক্তির শর্ত উপেক্ষা করে বিদ্যুৎকেন্দ্রগুলোর বিল থেকে পূর্বনির্ধারিত জরিমানা (লিকুইডেটেড ড্যামেজ বা এলডি) কর্তন, চলমান সালিশি প্রক্রিয়া থাকা সত্ত্বেও বিইআরসির নির্দেশনা অমান্য, দেশি-বিদেশি বিদ্যুৎ উৎপাদকদের মধ্যে বৈষম্যমূলক আচরণ এবং বকেয়া বিলসহ নানা বিষয়ে অনিয়মে খাতটির স্থিতিশীলতা ও বিনিয়োগ আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা ও আস্থাহীনতা।

রমজান ও আসন্ন সেচ মৌসুমের আগে বিদ্যুৎ উৎপাদকদের সঙ্গে বিপিডিবির দ্বন্দ্ব বিদ্যুৎ সরবরাহব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। প্রতি বছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় ৫-৬ হাজার মেগাওয়াট বৃদ্ধি পায়। বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা ১০-১১ হাজার মেগাওয়াট। বিপিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আগামী গ্রীষ্মকালে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা বেড়ে ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত হতে পারে। এর বিপরীতে সর্বোচ্চ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট। ফলে ঘাটতির প্রভাব পড়বে সেচ, শিল্প ও সাধারণ জনগণের ওপর।\r\nবর্তমানে বেসরকারি খাতে প্রায় ৬০-৬৫টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যাদের মোট উৎপাদন সক্ষমতা প্রায় ৯ হাজার মেগাওয়াট।

এসব কেন্দ্রে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার। এই বিশাল বিনিয়োগ দেশের বিদ্যুৎ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বেসরকারি বিদ্যুৎ খাতের সঙ্গে আচরণ করা হচ্ছে বৈষম্যমূলকভাবে। \r\nদিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন, যা এখন যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদনহীন। তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ থাকায় কীভাবে চাষাবাদ করবেন তা নিয়ে শঙ্কায় আছেন কৃষক। বিদ্যুৎ খাত রাষ্ট্রীয় ভর্তুকির এক কালো গহ্বরে পরিণত হয়েছে। ভর্তুকির সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। উল্টো বিদ্যুতের দাম বাড়ছে প্রতিনিয়ত। শিল্প খাতের জন্য বিদ্যুৎ সবচেয়ে বড় বাধা। উচ্চমূল্য ও অনিয়মিত সরবরাহের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকা যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে বিদ্যুৎ খাত সেই চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে। হতাশাজনক বিষয় হলো, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে চরম ব্যর্থতা। সৌর ও বায়ু শক্তির সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে বিনিয়োগ ন্যূনতম। বিশ্ব যখন সবুজ জ্বালানির দিকে এগোচ্ছে, তখন আমরা আরও গভীরভাবে পুরানো ঝুঁকির ফাঁদে আটকে যাচ্ছি, যা দুঃখজনক।