বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি হয়েছেÑ যারা নিজেদের সবচেয়ে বড় যোগ্য মনে করেন তারা প্রায় প্রতিটি বিষয়, প্রতিটি মানুষ, প্রতিটি মত, প্রতিটি উৎসবকে সমস্যা হিসেবে চিহ্নিত করেন। বাস্তবে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তাদের রাজনৈতিক পরিচয়ের মূল চালিকাশক্তিই হয়ে দাঁড়িয়েছে ‘সমস্যা খোঁজা’। সমাজে সামান্য ভিন্নতা দেখলেই তারা ভয় পায়, প্রশ্ন দেখলেই রেগে যায়, সংস্কৃতি দেখলেই সন্দেহে পড়ে, আর মানুষ দেখলেই বিভেদ সৃষ্টি করে। তবুও তারা দাবি করেÑ দেশ চালানোর দায়িত্ব তাদেরই দেওয়া উচিত।
বাংলাদেশ বহুমাত্রিক ধর্মীয় সংস্কৃতির দেশ। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানÑ সবাই একসঙ্গে একটি সমাজ গড়ে তুলেছে। কিন্তু সংকীর্ণ গোষ্ঠীর কাছে এই বৈচিত্র্যই নাকি ‘সমস্যা’! এদের তালিকা এত বড় যে মনে হয়, তারা মানুষের পরিচয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করাকেই অভ্যাস করেনি। ধর্মীয় ভিন্নতা যে এক দেশের শক্তি হতে পারেÑ এ বিশ^াসই তারা হারিয়ে ফেলেছে। ইসলামের ভেতর বহু ধারার সহাবস্থান রয়েছে। ইসলামিক সভ্যতার উত্থানের শক্তি ছিল, মতভিন্নতা গ্রহণ করার সাহস। কিন্তু সংকীর্ণ রাজনীতির লোকেরা এসবকেও সমস্যা মনে করে। তারা মনে করে, একমাত্র তাদের ব্যাখ্যাই সত্য; বাকিরা সবাই ভ্রান্ত।
আদিবাসী জনগোষ্ঠী শত শত বছর ধরে এই দেশের পাহাড়, বন, নদী, জলাশয় রক্ষা করে এসেছে। কিন্তু সংকীর্ণ গোষ্ঠীর কাছে তাদের অস্তিত্বই সমস্যা। চাকমা সমস্যা, মারমা সমস্যা, সাঁওতাল সমস্যাÑ একটি মৌলিক পরিচয়ের মধ্যে এত সমস্যা খুঁজে পাওয়া মানেই তাদের রাজনৈতিক দৃষ্টি পক্ষপাতদুষ্ট। সংস্কৃতি যেকোনো জাতির প্রাণ। কিন্তু এই সংকীর্ণ মতাদর্শের গোষ্ঠী সংগীত, নৃত্য, নাটক, চারুকলা, ভাস্কর্যÑ এইসবকেও সন্দেহের চোখে দেখে। তাদের কাছেÑ সংগীত সমস্যা, নৃত্য সমস্যা, চারুকলা সমস্যা, মূর্তি সমস্যা, ভাস্কর্য সমস্যা, চলচ্চিত্র সমস্যা। শিল্পকে যারা দেশের শত্রু মনে করে, তারা দেশকে এগিয়ে নেয়ার কথা বললে তা হাস্যকর শোনায়। কারণ, শিল্প মানেই মুক্ত মনÑ এই মুক্ত মন তাদের রাজনীতির প্রথম শত্রু। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলার মূল ভিত্তিতে দাঁড়িয়ে আছে যারাÑ তাদেরও তারা সমস্যা মনে করে। রবীন্দ্রনাথ সমস্যা, লালন সমস্যা, রোকেয়া সমস্যাÑ এরা কেবল নাম নয়, বাংলাদেশের আত্মপরিচয়েরও স্তম্ভ। তাদেরকে যারা ‘সমস্যা’ ভাবে, তারা আসলে সাহিত্য-সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান করে।
গণতন্ত্রের মূল শক্তি হলো প্রশ্ন করার অধিকার। যুক্তি দেয়া, বিতর্ক করা, মতপ্রকাশ করা। কিন্তু সংকীর্ণ গোষ্ঠী এগুলোকে ভয় পায়। কারণ, যুক্তি অন্ধবিশ^াস ভেঙে দেয়। তাই তারা বলে, যুক্তি সমস্যা, প্রশ্ন সমস্যা, মুক্তচিন্তা সমস্যা, নিরীশ^রবাদী সমস্যা। একজন নাগরিক চিন্তা করলে যদি তাতেই সমস্যা হয়, তাহলে সেই রাজনৈতিক গোষ্ঠীর অস্তিত্বই গণতন্ত্রের জন্য বিপদ। নারী বাংলাদেশের অর্থনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কিন্তু সংকীর্ণ রাজনীতিতে নারীকে সমমর্যাদা ও মানুষের বদলে ‘সমস্যা’ হিসেবে তুলে ধরা হয়। নারী সমস্যা, নারীবাদ সমস্যা, নারী পোশাক সমস্যা, নারীর চাকরি সমস্যাÑ এছাড়া নারীর স্বাধীনতাকেও ভয় দেখানো হয়। একটি রাজনৈতিক গোষ্ঠী যদি অর্ধেক জনগোষ্ঠীকেই সমস্যা মনে করে, তারা রাষ্ট্রকে কখনোই সমানাধিকার দিতে পারে না।
বাংলার প্রাণবন্ত সংস্কৃতিÑ পহেলা বৈশাখ, বসন্ত উৎসব, নাট্যোৎসব, ঘুড়ি উৎসব, নবান্ন উৎসব, চারুকলাÑ এসবই মানুষকে আনন্দ দেয়। কিন্তু সংকীর্ণ গোষ্ঠীর কাছে আনন্দই অপরাধ। তাদের কাছে পহেলা বৈশাখ সমস্যা, ঘুড়ি উৎসব সমস্যা, চারুকলা সমস্যা, বসন্ত উৎসব সমস্যা। যারা রাষ্ট্র পরিচালনায় আসতে চায়, তারা যদি একটি জাতির আনন্দকেও অপরাধ মনে করে, তবে তাদের রাজনীতি জনগণের জন্য নয়। একটি জাতির জন্ম ইতিহাসকেও তারা সমস্যা করে দেখাতে চায়। তাদের কাছে মুক্তিযুদ্ধ সমস্যা, মুক্তিযোদ্ধা সমস্যা, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সমস্যা, শহীদ মিনার সমস্যা, স্মৃতিসৌধ সমস্যা, জাতীয় সংগীত সমস্যা। যে রাজনীতি জন্মের ইতিহাসকে অস্বীকার করে, শিকড়কে দুর্বল করে, আত্মপরিচয়কে প্রশ্নবিদ্ধ করেÑ সে রাজনীতি কখনোই স্বাধীন দেশের রাজনীতি হতে পারে না।
রাষ্ট্র চালানো মানে সমাজের প্রতিটি মানুষকে, প্রতিটি মতকে, প্রতিটি পরিচয়কে গ্রহণ করা। ক্ষমতা মানে দায়িত্ব; দায়িত্ব মানে সহিষ্ণুতা। কিন্তু যারা সমাজের প্রতিটি ভিন্ন মানুষ, প্রতিটি উৎসব, প্রতিটি চিন্তাকে হুমকি মনে করেÑতারা রাষ্ট্রে ন্যায্যতা দিতে পারে না। বরং তারা নিষেধাজ্ঞা বাড়ায়, ভিন্নমত দমন করে, মানুষের স্বাধীনতা সংকুচিত করে। বাংলাদেশের যেসব সরকার অতীতে ক্ষমতায় ছিল, তাদের অনেক ভুল ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোনো সরকারই কখনো মানুষের পরিচয়কে ‘সমস্যা’ হিসেবে দেখেনি। কেউ রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেনি, কেউ বৈশাখ বাতিল করতে বলেনি, কেউ নারীর স্বাধীনতাকে অপরাধ করেনি, কেউ শিল্প-সংস্কৃতিকে ধ্বংস করেনি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ন্যূনতম মানবিকতা ছিল।
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেনÑ ‘নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতের ইসলামও ইসলাম নয়, এটি আসলে মওদূদীবাদ।’ এই উক্তি কোনো কৌতুক ছিল না; ছিল সতর্কবার্তা। ভাসানী নিজে ছিলেন কৃষক-শ্রমিকের নেতা, শোষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী। তার কাছে রাজনীতি ছিল মানুষকে মুক্ত করা, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। তাই তিনি দেখেছিলেন, জামায়াত ধর্মের নাম ব্যবহার করে মূলত ক্ষমতার রাজনীতি করতে চায়। অনেকেই মনে করেন, শুধু প্রগতিশীল রাজনীতিকরাই জামায়াতকে সমালোচনা করে। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের অন্যান্য ইসলামি দলও জামায়াতকে ইতিবাচকভাবে দেখে না। বিভিন্ন তরিকার দল মনে করে, জামায়াতের রাজনীতি ধর্মকেন্দ্রিক নয়; বরং সংগঠন রক্ষা, ক্ষমতার ভাগাভাগি এবং রাজনৈতিক হিসাবনিকাশ।
তারা ইসলামকে নৈতিকতার জায়গায় নয়Ñ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। জামায়াত জন্মলগ্নে দাবি করেছিলÑ তারা শরিয়াহভিত্তিক সমাজ গড়বে, মানবতার কল্যাণে নেতৃত্ব দেবে, কুরআন-সুন্নাহর আলোকে রাজনীতি করবে। কিন্তু সময়ের সাথে দেখা যাচ্ছে, তার কথার সাথে কাজের কোনো মিল নেই। ইসলাম সত্যবাদিতা, স্বচ্ছতা ও ন্যায়ের শিক্ষা দেয়; কিন্তু জামায়াত ক্ষমতার জন্য আপস করেছে, গোপন সংগঠন তৈরি করেছে, ভ্রান্ত তথ্য ছড়িয়েছে এবং রাজনৈতিক প্রতারণাকে নিয়মে পরিণত করেছে। তাদের আচরণ ইসলামের নৈতিকতার সাথে নয়, বরং রাজনৈতিক সুবিধাবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ১৯৭১ সালে জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধিতা ছিল শুধু রাজনৈতিক ভুল নয়Ñ এটি ছিল নৈতিক লজ্জা।
পাকিস্তানি বাহিনীর পাশে দাঁড়ানো, আলবদর-রাজাকার গঠন, গণহত্যার সহযোগিতাÑ এগুলো ইতিহাসের অমোচনীয় অধ্যায়। বরং নিজেদের ভূমিকা ধামাচাপা দিয়ে আজও বিভ্রান্তি ছড়ায়। এই ইতিহাস তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে স্থায়ীভাবে সংকুচিত করেছে। জামায়াত বহুবার নিজেদের অবস্থান বদলেছে। ১৯৪৬ সালে মুসলিম লীগকে সমর্থন করেনি। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছে। ১৯৬৫ সালে ফাতিমা জিন্নাহকে সমর্থন দিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও ১৯৮৬ সালে এরশাদের নির্বাচন বৈধতা দিয়ে স্বৈরতন্ত্রকে দীর্ঘায়িত করেছে। এ প্রতিটি সিদ্ধান্তে বোঝা যায়, তার রাজনীতি নৈতিক নয়, সুযোগসন্ধানী। আওয়ামী লীগের সময়ে তারা নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন, চাকরি, মিডিয়ার সুবিধা, জায়গা-জমি ও ব্যাবসা। বিএনপির সময়ে মন্ত্রিত্ব ও রাজনৈতিক সুরক্ষা।
তারা সবসময় বড় শক্তির পাশে থেকেছেÑ কখনো ধর্মের কথা বলে, কখনো জাতীয়তাবাদের কথা বলে। সুবিধা ও স্বার্থ যতক্ষণ মেলে, ততক্ষণ তারা জোটে থাকে; সুবিধা ফুরিয়ে গেলে অন্য দলে ভিড়ে যায়। সরকারে অংশীদার হওয়ার জন্য তাদের চরিত্র বদলাতে সময় লাগে না। গণতন্ত্র, নীতি ও আদর্শ তাদের কাছে কখনো মুখ্য নয়Ñ মুখ্য হলো ক্ষমতার ভাগ এবং সুযোগের সদ্ব্যবহার। জামায়াত-শিবির চব্বিশের গণঅভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে প্রচার চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল জনগণকে বিভ্রান্ত করা। তারা বলেছে, ১৯৭১ সালের স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা নয়; সেটি ভারতের আধিপত্য প্রতিষ্ঠার কৌশল ছিল। আর চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই আধিপত্য থেকে মুক্তি এসেছে। এই অপপ্রচার মুক্তিযুদ্ধের ওপর আঘাত এবং শহিদদের আত্মত্যাগকেও অবমাননা করা।
অভ্যুত্থানের কয়েক মাস আগে ছাত্রশিবির তাদের নিজস্ব পত্রিকায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে একটি নিবন্ধ প্রকাশ করে। সেখানে মুক্তিযুদ্ধকে হালকা করে দেখানো হয়েছে, শহিদদের ত্যাগকে কমিয়ে আনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিবন্ধের বিপরীতে প্রচ- প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থী থেকে প্রগতিশীল মহলÑ সকলেই একযোগে এর তীব্র নিন্দা জানায়। দেশজুড়ে চাপ বৃদ্ধি পেলে ছাত্রশিবিরকে তাদের ভুল স্বীকার করতে বাধ্য করা হয়। তবে অতীতের ভয়ংকর ভূমিকার জন্য তারা কখনো অনুশোচনা প্রকাশ করেনি। বরং মুক্তিযুদ্ধবিরোধী রাজাকারদের ‘শহিদ’ পরিচয় দিয়ে টিএসসিতে প্রদর্শনী করেছে এবং ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালিয়েছে। শিক্ষার্থী সমাজ ও বামপন্থি ছাত্র সংগঠনগুলোর তীব্র প্রতিবাদে বিশ^বিদ্যালয় প্রশাসন শেষ পর্যন্ত সেই কলঙ্কজনক প্রদর্শনী সরাতে বাধ্য হয়। যে গোষ্ঠী মানুষের পরিচয়, নারী স্বাধীনতা, উৎসব, সাংস্কৃতিক চর্চা, যুক্তি, প্রশ্ন, শিল্প, ইতিহাসÑসবকিছুকেই সমস্যা ভাবে, তারা রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত নয়। তারা শুধু বিভেদে বাঁচে, ঘৃণায় টিকে থাকে, অন্ধকারে রাজনীতি করে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সমস্যা-সন্ধানী রাজনীতির অবসান ঘটাতে হবে। প্রয়োজন মানবিক, যুক্তিবাদী, বৈচিত্র্য-স্বীকারকারী গণতন্ত্রের পথ তৈরি করা। বাংলাদেশ এগোবে সব মানুষের শক্তিতেÑ সমস্যা খোঁজা সংকীর্ণ গোষ্ঠীর রাজনীতি দিয়ে নয়।
জিয়ার আত্মনির্ভর দর্শন, খালেদা জিয়ার গণতান্ত্রিক সাহস এবং তারেক রহমানের আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক চিন্তার সমন্বয়ে যদি বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের পথে এগোয়Ñ সেটিই হবে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ট্রান্সফরমেশন। তখনই এই রাষ্ট্র হবে সত্যিকারের ‘সবার বাংলাদেশ’, যেখানে প্রত্যেক নাগরিক যেমন কৃষক, শ্রমিক, তরুণ উদ্যোক্তা, নিজেকে দেশের অংশীদার হিসেবে অনুভব করবে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই চেতনা প্রতিষ্ঠা করলেই বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করবে, মানবিক, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধির দিকে অগ্রসর হবে।
লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক
sk.rafiq1982@gmail.com
