বাংলাদেশে নির্বাচিত বিদেশী বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস স্থাপনের সুযোগ দিতে নীতিমালা প্রণয়নের কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ১০ নভেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ পত্রিকাটিকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় আগ্রহ দেখিয়েছে এবং চলতি বছরেই নীতিমালা চূড়ান্ত করার আশা রয়েছে। তিনি আরো বলেছেন, আমরা খুব বাছাই করে এগোব। বিশ্বের শীর্ষ ১০০, ২০০ বা ৫০০ র‍্যাংকিংয়ের শর্ত, বাধ্যতামূলক স্থানীয় অংশগ্রহণ, সাশ্রয়ী ফি, মূল ক্যাম্পাস থেকে শিক্ষক পাঠানো এবং যুগ্ম ও দ্বৈত ডিগ্রির মতো প্রস্তাব বিবেচনায় আছে। উদ্যোগটি সময়োপযোগী। চলতি বছরের মধ্যে নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যও ইতিবাচক। একই সঙ্গে ফি, শিক্ষক অনুপাত ও স্থানীয় অংশগ্রহণের রূপের মতো কয়েকটি মূল বিষয় এখনো নির্ধারণের অপেক্ষায়। এসব বিষয়ে পর্যাপ্ত আলোচনার সুযোগ রাখা গেলে নীতির কার্যকারিতা আরো বাড়বে।

অন্য দেশের অভিজ্ঞতা: বিদেশী ক্যাম্পাস উচ্চ শিক্ষার জগতে নতুন কিছু নয়। মালয়েশিয়া ১৯৯০-এর দশক থেকে মোনাশ, নটিংহ্যাম, কার্টিন ও সাউদাম্পটনের মতো বিশ্ববিদ্যালয়ের শাখাকে স্বাগত জানিয়েছে। বেসরকারি উচ্চ শিক্ষা আইনের অধীনে নিবন্ধন এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির মান যাচাইয়ের কাঠামোয় দেশটি নিজেকে আঞ্চলিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এতে বিদেশগামী শিক্ষার্থীদের অর্থ দেশেই থেকেছে, আবার বিদেশী শিক্ষার্থীও এসেছে।

ভিয়েতনাম একসঙ্গে একাধিক মডেল চালিয়েছে। সেখানে আরএমআইটির মতো শতভাগ বিদেশী মালিকানার প্রতিষ্ঠান আছে, আবার ফুলব্রাইট ও ভিনইউনিভার্সিটির মতো যৌথ উদ্যোগও আছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ শক্ত এবং জোর দেয়া হয়েছে প্রযুক্তি, ব্যবস্থাপনা ও স্বাস্থ্যের মতো চাহিদাভিত্তিক বিষয়ে। চীনে বিদেশী বিশ্ববিদ্যালয় এককভাবে ক্যাম্পাস খুলতে পারে না, চীনা অংশীদারের সঙ্গে যৌথ প্রতিষ্ঠান গড়তে হয়। নটিংহ্যাম নিংবো ও ডিউক কুনশান এভাবেই চলছে। মান যাচাইয়ে উত্তীর্ণ না হওয়া অনেক যৌথ কর্মসূচি বন্ধও হয়েছে, যদিও একাডেমিক স্বাধীনতার বিষয়টি সেখানে আলোচনার বিষয় হিসেবে রয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকায় সরকারি নিবন্ধন, কাউন্সিল অন হায়ার এডুকেশনের অ্যাক্রেডিটেশন ও জাতীয় যোগ্যতা কাঠামোয় প্রোগ্রাম নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থী-সুরক্ষার ওপর জোর দেয়া হয়েছে। ভারত ২০২৩ সালে বিধিমালা করে বিশ্বসেরা ৫০০-এর মধ্যে থাকা প্রতিষ্ঠানকে সুযোগ দিয়েছে, আর কাতার ও সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রীয় অর্থায়নে বিশেষ শিক্ষা অঞ্চল গড়েছে। মডেল ভিন্ন হলেও মিল আছে: সবখানেই নিবন্ধন ও মান যাচাইয়ের একটি স্বাধীন কাঠামো রয়েছে এবং স্থানীয় প্রয়োজনের সঙ্গে প্রতিষ্ঠানের সংযোগ রাখার চেষ্টা আছে।

দেশগুলো এ পথে হাঁটে মূলত কয়েকটি উদ্দেশ্যে: বিদেশে শিক্ষা ব্যয় হিসেবে বেরিয়ে যাওয়া বৈদেশিক মুদ্রা দেশে ধরে রাখা, আন্তর্জাতিক মানের শিক্ষা তুলনামূলক কম খরচে সুলভ করা, বিদেশী শিক্ষার্থী আকর্ষণ করে দেশকে শিক্ষা কেন্দ্র বানানো, স্থানীয় প্রতিষ্ঠানের জন্য মানের নতুন মাপকাঠি তৈরি করা এবং গবেষণা সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ নেয়া। ইউজিসি চেয়ারম্যানও প্রায় একই সম্ভাবনার কথা বলেছেন। তার মতে, এতে বিদেশে শিক্ষা ব্যয় কমবে, প্রতিবেশী দেশের শিক্ষার্থী আসবে এবং “ব্রেন ড্রেনের জায়গায় “ব্রেন সার্কুলেশন” গড়ে উঠবে। এ সম্ভাবনাগুলো বাস্তব। এগুলো পুরোপুরি কাজে লাগাতে কত শিক্ষার্থী কোন দেশে যান, কত অর্থ বাইরে যায় এবং দেশে কোন বিষয়ে ঘাটতি আছে, তার একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ সহায়ক হবে। এতে নীতির লক্ষ্য আরো স্পষ্ট হবে এবং পরবর্তী সময়ে প্রভাব মাপাও সহজ হবে।

দেশী ও বিদেশী প্রতিষ্ঠানের জন্য সমান কাঠামো: নীতি প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো দেশী ও বিদেশী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইনি কাঠামোর পার্থক্য। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দেশী বিশ্ববিদ্যালয়কে স্থায়ী সনদের জন্য ঢাকা ও চট্টগ্রামে অন্তত এক একর জমিতে নিজস্ব ক্যাম্পাস গড়তে হয়। রিজার্ভ ফান্ডে ৫ কোটি টাকা পর্যন্ত রাখতে হয়, ৬ শতাংশ আসনে ফি মওকুফ দিতে হয় এবং প্রতিষ্ঠান অলাভজনক ভিত্তিতে চলে। অন্যদিকে ২০১৪ সালের বিদেশী বিশ্ববিদ্যালয় বিধিমালায় স্থায়ী জমি ও র‍্যাংকিংয়ের শর্ত নেই, আর উদ্বৃত্ত অর্থ বিদেশী প্রতিষ্ঠান, স্থানীয় প্রতিনিধি ও উদ্যোক্তাদের মধ্যে ভাগ করার সুযোগ আছে। নতুন নীতিতে এ পার্থক্য সমন্বয় করা গেলে দেশী ও বিদেশী প্রতিষ্ঠান সমান ভিত্তিতে প্রতিযোগিতা করতে পারবে। এতে ক্যাম্পাস গড়ে তুলতে থাকা নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও সুরক্ষিত থাকবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠন এপিইউবি বিদেশী প্রতিষ্ঠানের আগমনকে স্বাগত জানিয়েছে। তবে তারা একই রকম শর্ত প্রত্যাশা করে এবং নীতি চূড়ান্ত হওয়ার আগে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদকের কথায়, প্রতিযোগিতা স্বাস্থ্যকর হলে তা ভালো। যাদের ওপর নীতির প্রভাব সরাসরি পড়বে, তাদের মতামত নেয়া গেলে নীতির গ্রহণযোগ্যতা ও টেকসইতা বাড়বে।

শিক্ষার্থী ও সরকারি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ: বেতন কাঠামোর পার্থক্যের কারণে সরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী বিদেশী ক্যাম্পাসের প্রতি আকৃষ্ট হতে পারেন। এ সম্ভাবনা মাথায় রেখে নিয়োগ ও ছুটি-সংক্রান্ত নীতি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারর সুযোগ রাখা যেতে পারে। শিক্ষার্থীর দিক থেকে ফি কাঠামো ও বৃত্তির বিষয়টি গুরুত্বপূর্ণ। ইউজিসি ফি সাশ্রয়ী রাখতে চায়, তবে ঊর্ধ্বসীমা ও বৃত্তির বাধ্যবাধকতা এখনো নির্ধারিত হয়নি। এসব স্পষ্ট হলে সব আর্থসামাজিক পটভূমির শিক্ষার্থীর জন্য সুযোগ নিশ্চিত হবে।

ক্রেডিট ট্রান্সফারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এপিইউবি উল্লেখ করেছে, কেউ বাংলাদেশে দুই বছর পড়ার পর মূল ক্যাম্পাস যদি এক বছরের ক্রেডিট স্বীকৃতি দেয়, তবে শিক্ষার্থীর আর্থিক ও সময়ের ক্ষতি হতে পারে। তাই ভর্তির আগেই ক্রেডিট স্বীকৃতির শর্ত লিখিতভাবে জানানো, মূল ক্যাম্পাসের সমমানের ডিগ্রি নিশ্চিত করা এবং কোনো কারণে ক্যাম্পাসের কার্যক্রম বন্ধ হলে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার জন্য আগাম সুরক্ষা ব্যবস্থা, যেমন ব্যাংক গ্যারান্টি বা তহবিল রাখা সহায়ক হবে।

অতীত অভিজ্ঞতা ও বাস্তবায়নের প্রস্তুতি: বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতা থেকেও শেখার আছে। ২০০৭ সালে ইউজিসি বিদেশী শাখা বা সংযুক্ত কেন্দ্র হিসেবে চলা ৫৬টি অননুমোদিত প্রতিষ্ঠান শনাক্ত করেছিল। ২০১৪ সালে বিধিমালা হলেও ২০১৬ সালের নভেম্বরে অনুমোদন প্রক্রিয়া স্থগিত হয়। ২০২১ সালে একটি স্টাডি সেন্টার অনুমোদিত হয়, ২০২৩ সালে মালয়েশিয়ার ইউসিএসআই ঢাকায় শাখা ক্যাম্পাস খোলে। এ বছরের মার্চে ইউজিসি অননুমোদিত শাখা ও স্টাডি সেন্টারকে কার্যক্রম স্থগিত করে ২৫ এপ্রিলের মধ্যে অনুমোদনের আবেদন করতে বলেছে। এসব উদ্যোগ নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের প্রচেষ্টাই নির্দেশ করে। মালয়েশিয়ার সাফল্যের পেছনে ছিল দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশেও ইউজিসি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের জনবল ও কারিগরি সক্ষমতা বাড়িয়ে নতুন নীতির সঙ্গে প্রোগ্রামভিত্তিক অ্যাক্রেডিটেশন, অনুমোদিত প্রতিষ্ঠানের প্রকাশ্য তালিকা, নিয়মিত পরিদর্শন ও শর্তভঙ্গের স্পষ্ট পরিণতি যুক্ত করা গেলে নীতির কার্যকর বাস্তবায়ন সহজ হবে।

র‍্যাংকিংয়ের ভূমিকা নিয়েও ভাবার আছে। সামগ্রিক র‍্যাংকিং মূলত গবেষণা ও সুনামের প্রতিফলন, তাই এটি বাংলাদেশে খোলা শাখা ক্যাম্পাসের মানের একক নিশ্চয়তা নয়। র‍্যাংকিং প্রাথমিক ছাঁকনি হিসেবে কাজ করতে পারে। এর সঙ্গে নির্দিষ্ট বিষয়ের মান, বিদেশে শাখা পরিচালনার অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা এবং মূল ক্যাম্পাসের সমমান বজায় রাখার লিখিত অঙ্গীকার যুক্ত করা যায়। একইভাবে ‘স্থানীয় অংশগ্রহণ’ বলতে যৌথ গবেষণা, দেশী শিক্ষকের প্রশিক্ষণ ও পিএইচডির সুযোগ, পাঠ্যক্রম উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরকে মাপযোগ্য সূচকসহ সংজ্ঞায়িত করলে তা বাস্তব সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখবে।

এগিয়ে যাওয়ার পথ: সব দিক বিবেচনায় কয়েকটি প্রস্তাব উল্লেখ করা যায়। প্রথমত, শুরুতে সীমিত সংখ্যক প্রতিষ্ঠানকে পরীক্ষামূলকভাবে অনুমতি দিয়ে কয়েক বছর পর স্বাধীন মূল্যায়ন করা যেতে পারে। দ্বিতীয়ত, স্থায়ী ক্যাম্পাস, রিজার্ভ ফান্ড, অলাভজনক চরিত্র, উদ্বৃত্ত অর্থের পুনর্বিনিয়োগ ও ফি মওকুফ আসনের বিধান দেশী ও বিদেশী প্রতিষ্ঠানের জন্য সমান রাখা যায়; স্টাডি সেন্টারের জন্য স্পষ্ট সীমা থাকলে ভালো। তৃতীয়ত, ফি ও বৃত্তির স্বচ্ছতা, ক্রেডিট স্বীকৃতির লিখিত শর্ত এবং শিক্ষার্থী-সুরক্ষা তহবিল নিশ্চিত করা দরকার। চতুর্থত, প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও স্বাস্থ্যের মতো ঘাটতির খাতকে অগ্রাধিকার দেয়া যায়, তবে চিকিৎসাশিক্ষার মতো স্পর্শকাতর ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। পঞ্চমত, বিদেশী ক্যাম্পাস বাংলাদেশের আইন মেনে চলবে, পাশাপাশি একাডেমিক স্বাধীনতাও সুরক্ষিত থাকবে।

নীতি প্রণয়নের প্রক্রিয়াও নীতির মতোই গুরুত্বপূর্ণ। খসড়া প্রকাশ করে নির্দিষ্ট সময় ধরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নেয়া হলে নীতির গ্রহণযোগ্যতা বাড়বে। বিদেশী ক্যাম্পাস নিজে ভালোও নয়, মন্দও নয়; ফলাফল নির্ভর করে নীতির নকশা ও বাস্তবায়নের ওপর। মালয়েশিয়া দেখিয়েছে পরিকল্পনা থাকলে সুফল মেলে, চীন দেখিয়েছে নিয়ন্ত্রণ কীভাবে ধরে রাখা যায়। বাংলাদেশ নিজের অভিজ্ঞতা ও বাস্তবতা কাজে লাগিয়ে স্বচ্ছতা, সমান দায়বদ্ধতা ও কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিলে বিদেশী ক্যাম্পাস দেশের উচ্চ শিক্ষার জন্য একটি টেকসই সুযোগ হয়ে উঠতে পারে।

ড. মোহাম্মদ মনিনুর রশিদ : অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়