মধ্যপ্রাচ্য বরাবরই একটি অতি সংবেদনশীল ভূরাজনৈতিক অঞ্চল। বর্তমানে যে সংঘাত এই অঞ্চলকে গ্রাস করেছে, তাকে কেবল ইসরাইল-ফিলিস্তিন বা ইরান-ইসরাইল দ্বন্দ্ব হিসেবে ব্যাখ্যা করলে বাস্তবতার একটি বড় অংশই অদৃশ্য রয়ে যাবে। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ মূলত একবিংশ শতাব্দীর বহুমাত্রিক ক্ষমতার এমন এক প্রতিযোগিতা, যেখানে রাষ্ট্র, অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী, বৈশ্বিক পরাশক্তি, জ্বালানি বাজার, সামরিক প্রযুক্তি, সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, গোয়েন্দা তথ্য, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক কূটনীতি একই সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করছে। এটি আর প্রচলিত যুদ্ধের সংজ্ঞায় সীমাবদ্ধ নয়; বরং এটি একটি ‘হাইব্রিড যুদ্ধ’ যেখানে যুদ্ধক্ষেত্র যেমন সীমান্তে, তেমনি অর্থনীতিতে, তথ্যপ্রবাহে, সাইবার জগতে এবং জনমতের অঙ্গনেও।

মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের শিকড় কয়েক দশক, এমনকি এক শতাব্দীরও বেশি সময় ধরে বিস্তৃত। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন, কৃত্রিম সীমান্ত নির্ধারণ, উপনিবেশবাদী শক্তির হস্তক্ষেপ, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা, ধারাবাহিক আরব-ইসরাইল যুদ্ধ, ১৯৭৯ সালের ইরানি বিপ্লব, ইরাক যুদ্ধ, আরব বসন্ত, সিরিয়ার গৃহযুদ্ধ এবং সাম্প্রতিক গাজা সংকটÑ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতা তৈরি হয়েছে। ফলে আজকের সংঘাতকে কোনো একক ঘটনার ফল হিসেবে দেখা যায় না; বরং এটি বহু দশকের অসমাপ্ত দ্বন্দ্বের একটি রূপ। ইসরাইলের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং সম্ভাব্য বহুমুখী সামরিক হুমকি মোকাবিলা সর্বোচ্চ অগ্রাধিকার। অন্যদিকে ইরান নিজেকে শুধু একটি রাষ্ট্র নয়, বরং একটি আঞ্চলিক প্রভাববলয়ের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই ভিন্ন নিরাপত্তা-দর্শনের সংঘর্ষই দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনার অন্যতম ভিত্তি। তবে বাস্তবতা আরও জটিল। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং গাজায় সক্রিয় বিভিন্ন অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী আঞ্চলিক নিরাপত্তা পরিবেশকে বহুস্তরীয় করে তুলেছে। এর ফলে সংঘাত অনেক সময় সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্রের যুদ্ধ না হয়ে প্রক্সি সংঘাতে রূপ নেয়, যেখানে বিভিন্ন পক্ষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত থাকে।

যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বহিরাগত শক্তি। জ্বালানি নিরাপত্তা, সমুদ্রপথের অবাধ চলাচল, মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদ মোকাবিলাÑ এই চারটি লক্ষ্য দীর্ঘদিন ধরে মার্কিন নীতির ভিত্তি হিসেবে কাজ করেছে। কিন্তু বর্তমান বিশ্বব্যবস্থা অনেকটাই পরিবর্তিত হয়েছে। ইউক্রেন যুদ্ধ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব, বৈশ্বিক প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল গ্রহণে বাধ্য করছে। ফলে মধ্যপ্রাচ্যে তাদের প্রত্যক্ষ উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত করার চেষ্টা থাকলেও বড় ধরনের সংঘাত দেখা দিলে তাদের সম্পৃক্ততা প্রায় অবশ্যম্ভাবী হয়ে ওঠে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভূমিকায় তা সুস্পষ্ট। মধ্যপ্রাচ্যে রাশিয়ায় একটি অবস্থান রয়েছে। অপরদিকে চীন তুলনামূলকভাবে অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে অঞ্চলটিতে প্রভাব বিস্তার করছে। মধ্যপ্রাচ্য চীনের জ্বালানি নিরাপত্তা এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই বেইজিং সাধারণত স্থিতিশীলতা, বাণিজ্য এবং উন্নয়নকেন্দ্রিক সমাধানের ওপর জোর দেয়।

ওদিকে তুরস্ক একদিকে ন্যাটোর সদস্য, অন্যদিকে স্বাধীন আঞ্চলিক শক্তি হিসেবে নিজস্ব ভূরাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রও এখন অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদেশিক বিনিয়োগকে ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। ফলে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নিরাপত্তার পাশাপাশি অর্থনীতিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো প্রযুক্তি। ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ, সাইবার হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক তথ্যযুদ্ধ এখন সামরিক কৌশলের অবিচ্ছেদ্য অংশ। অনেক ক্ষেত্রে জনমত প্রভাবিত করাও সামরিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকট মুসলিম বিশ্বের রাজনৈতিক বিভক্তিকেও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। বিভিন্ন রাষ্ট্রের নিরাপত্তা অগ্রাধিকার, অর্থনৈতিক স্বার্থ, আন্তর্জাতিক জোট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হওয়ায় ফিলিস্তিন প্রশ্নসহ বহু গুরুত্বপূর্ণ ইস্যুতে একটি অভিন্ন ও কার্যকর অবস্থান গড়ে ওঠে না। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম বিশ্বের সম্মিলিত প্রভাব সীমিত হয়ে পড়ে এবং সংকট সমাধান আরও কঠিন হয়ে ওঠে। এই সংঘাতের অর্থনৈতিক প্রভাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎপাদনকারী অঞ্চল।

এই অঞ্চলে যুদ্ধ দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, সরবরাহ শৃঙ্খলে বিঘœ, সমুদ্রপথে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়া স্বাভাবিক। বিশেষ করে হরমুজ প্রণালি বা লোহিত সাগরের মতো কৌশলগত নৌপথে উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করতে পারে। বাংলাদেশও এর বাইরে নয়। দেশের রেমিট্যান্সের একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। জ্বালানি আমদানি, বৈদেশিক কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে এই অঞ্চলের গভীর সম্পর্ক রয়েছে। ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জ্বালানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, রপ্তানি ব্যয় বৃদ্ধি এবং প্রবাসী শ্রমবাজারে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

এ অবস্থায় বাংলাদেশের জন্য বিচক্ষণ, ভারসাম্যপূর্ণ এবং স্বার্থনির্ভর পররাষ্ট্রনীতি অপরিহার্য। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মানবিক মূল্যবোধের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানির বিকল্প উৎস অনুসন্ধান, কৌশলগত খাদ্য ও জ্বালানি মজুত বৃদ্ধি এবং রপ্তানি বাজার বহুমুখীকরণে জোর দেওয়া উচিত। একই সঙ্গে প্রতিরক্ষা কূটনীতি, অর্থনৈতিক কূটনীতি এবং মানবিক কূটনীতিকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন। কারণ বর্তমান বিশ্বের সংঘাত কেবল সামরিক শক্তি দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়; এর জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষ কূটনৈতিক প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ কোনো একক রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রের প্রচলিত যুদ্ধ নয়; এটি এমন এক বহুমাত্রিক বৈশ্বিক ক্ষমতার প্রতিযোগিতা, যেখানে সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, তথ্য, কূটনীতি, জ্বালানি এবং জনমতÑসবই যুদ্ধের কার্যকর উপাদান।

শান্তির পথও তাই কেবল অস্ত্রবিরতি নয়। প্রয়োজন পারস্পরিক আস্থা পুনর্গঠন, কার্যকর আন্তর্জাতিক মধ্যস্থতা, আন্তর্জাতিক আইনের নিরপেক্ষ প্রয়োগ, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক রাজনৈতিক সমাধানের আন্তরিক উদ্যোগ। অন্যথায় এই অস্বাভাবিক ও নজিরবিহীন সংঘাতের অভিঘাত বহু বছর ধরে মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানবিক নিরাপত্তাকে গভীরভাবে প্রভাবিত করবে - এ কথা অনেকটা নিশ্চিত ভাবেই বলা যায়। লেখক: অর্থনীতিবিদ ও ভূরাজনৈতিক গবেষক