সরকার গঠনের পর পক্ষকালও পেরোয়নি; উন্মত্ত ও সহিংস বিশ্বপরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের ঘটনা পুরো বিশ্বের স্থিতিশীলতার ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে পরিচালিত এই আগ্রাসী হামলা সভ্যতা ও ভব্যতাকেও বুড়ো আঙুল দেখিয়েছে। বস্তুত ক্ষমতার সামনে আন্তর্জাতিক আইন যে কত অসহায় ও অর্থহীন– শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘবদ্ধ হামলা আরেকবার প্রমাণ করেছে। হামলায় ইরানের প্রধান নেতা খামেনি ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ বহু সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হন। মিনাব শহরে মেয়েদের স্কুলে হামলায় অন্তত ১৫০ শিশু নিহত হয়েছে। ইরানও জবাবে ইসরায়েল, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতেও হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েল এই আগ্রাসী ঘটনার অন্যতম অনুঘটক; গত আট দশক ধরে ফিলিস্তিনে তারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত বছর গাজায় জঘন্য হত্যাযজ্ঞ সত্ত্বেও ইসরায়েলকে ন্যূনতম জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। ইসরায়েলের হিংস্রতার মদদদাতা বরাবরই যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যের নানা দেশে বিভিন্ন সময়ে পরমাণু অস্ত্র সন্ধানের অজুহাতে যুক্তরাষ্ট্র হামলা করে। একের পর এক দেশ তছনছ হয়। গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যায়। এবার ইরানের প্রধান ধর্মীয় নেতাকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ ফিরে পাওয়ার সর্বশ্রেষ্ঠ সুযোগ।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ধর্মীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সেই থেকে ইরানের শাসকদের বিরুদ্ধে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা ও জনগণকে বিশেষত নারীদের দমন-পীড়নের অভিযোগ এসেছে। শুধু ইরান কেন; যে কোনো দেশের শাসন পদ্ধতি নিয়ে অন্য কোনো দেশের সমালোচনা থাকতে পারে। তবে কোন দেশ কোন প্রক্রিয়ায় চলবে– এটি ঠিক করবে সংশ্লিষ্ট দেশের জনগণ। এটিই ন্যূনতম আন্তর্জাতিক শিষ্টাচার। ইরানে হামলা-পরবর্তী ট্রাম্পের কথাবার্তা স্পষ্টতই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কর্তৃত্ব ফলানোর ইঙ্গিত। এটি ক্ষমতারই বহিঃপ্রকাশ। আর নারী অধিকার প্রতিষ্ঠার কথা উচ্চারণ করে নারী বিদ্যায়তনে হামলা করে দেড় শতাধিক কন্যাশিশু হত্যা প্রতারণারই নামান্তর।

২. ইরানে মার্কিন আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা লক্ষ্য করবার মতো। জাতিসংঘ পর্যন্ত এই ঘটনায় এখন পর্যন্ত কার্যত প্রতিক্রিয়াহীন। রাশিয়া ও চীন ছাড়া অন্য কোনো দেশই সরাসরি নিন্দা পর্যন্ত জানায়নি। সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলো তাৎক্ষণিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট সাম্প্রতিক কালের নয়। পুরো আশির দশক বিশ্ব ইরাক-ইরানের ভ্রাতৃঘাতী যুদ্ধ প্রত্যক্ষ করেছে। সে সময় ইরানের বিরুদ্ধে ইরাককে মদদ দেয় যুক্তরাষ্ট্র। তখন থেকেই ইরান প্রাণপণে লড়ে চলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। হাজার বছরের ইতিহাস- ঐতিহ্যের ইরান তার সমৃদ্ধি ও সম্পদের প্রায় পুরোটাই সঁপে দেয় নিজেদের ভূমি ও মর্যাদা রক্ষার আন্দোলনে। এবারের যুদ্ধ দীর্ঘায়িত হলে পুরো বৈশ্বিক পরিস্থিতিতে এর প্রভাব পড়বে। বাণিজ্য বিশেষত জ্বালানি ক্ষেত্রে প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।

৩. অস্থির ও উন্মত্ত ভূ-রাজনীতির কালে নিজ দেশের স্বার্থ আগলে রাখাই নবনির্বাচিত বিএনপি সরকারের প্রথম দায়িত্ব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ন্যক্কারজনক হামলার পর ১ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নাম উল্লেখ করে সেসব দেশের ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা’ জানিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইরানের নাম নেই। উল্লেখ নেই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নামও। এই দেশ দুটি যে প্রথমে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে– তার কোনো উল্লেখ নেই। বিবৃতি পড়ে মনে হয়, শুধু বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে!

২ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকার জানতে পেরেছে, সুনির্দিষ্ট আক্রমণের মাধ্যমে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও বিধির পরিপন্থি। এ ঘটনায় ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সমবেদনা প্রকাশ করেছে।

শুধু সমবেদনা? আগ্রাসী আক্রমণকারী দুই দেশের নাম নেই কেন? বিপুল মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারকে কেন সত্য প্রকাশে ভয় পেতে হবে? আজ যদি বাংলাদেশ নিজের পথে শক্ত পায়ে দাঁড়াতে পারে, তাহলে আগামী সব কাজেই নিজের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। নতুন সরকারের কাছে আরও স্বচ্ছ ও মেরুদণ্ডসম্পন্ন আচরণ অবশ্যই প্রত্যাশিত।

আর সংসদের বিরোধী দল? জামায়াতে ইসলামীর মিছিলে দেখা গেল এই ঘটনার প্রতিবাদে বিএনপির বিরুদ্ধে স্লোগান! সুদূর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; আর তার বিরুদ্ধে ঢাকায় বিএনপি নেতাদের ওপর ক্ষোভ ঝাড়ছেন জামায়াত নেতৃবৃন্দ। বিরোধী নেতৃবৃন্দকে আরও যুক্তি ও তথ্যনিষ্ঠ হতে হবে বৈকি।

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি মজুতে আশু নজর দিতে হবে সরকারকে। জ্বালানি তেলের দাম হু-হু করে বেড়ে যাওয়ার ইশারা মিলছে, পণ্যের পুরো বাজারের ওপর এর প্রভাব পড়বে। ডলারের দাম গত দেড় বছর স্থিতিশীল থাকবার পর বেড়ে যাওয়ার দিকে ঝুঁকেছে। অন্তর্বর্তী সরকারের অনেক দুর্বলতা ও অব্যবস্থাপনার পরও যে ক্ষেত্রে সাফল্যের কথা বলতেই হয়, তা অর্থনৈতিক ক্ষেত্রে আপাত স্থিতিশীলতা রক্ষা ও ডলারের দামের স্থিতি রক্ষা। এটিকে অবশ্যই বর্তমান সরকারকে ধরে রাখতে হবে। মধ্যপ্রাচ্যে লাখ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অন্যতম চালিকাশক্তি। ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ আরও দীর্ঘ হলে এর প্রভাব সেখানে কর্মরত আমাদের কর্মীদের ওপর পড়বে। এ ব্যাপারে এখনই সতর্ক পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

আজকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আচমকা বৃহস্পতিবার বেলা ২টায় কেন বিদায় দেওয়া হলো, এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নতুন সরকার অবশ্যই তার মতো করে নতুন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে দেবে, এটি সংগত। কিন্তু আর দশটি প্রতিষ্ঠানের মতো নয় বাংলাদেশ ব্যাংক। এটি দেশের অর্থ কাঠামো নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। এর গভর্নর এভাবে এক দুপুরে বিনা নোটিশে অফিস ত্যাগ করবেন ও সংবাদমাধ্যমে বলবেন– ‘শুনেছি, আমি নেই। তাই চলে যাচ্ছি।’ এই ঘটনার একটি ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া প্রয়োজন ছিল। নতুন সরকার সম্ভবত এ ক্ষেত্রে প্রস্তুতি না নিয়েই সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তুতি রাখতে হবে সব ক্ষেত্রেই। বিশেষত ভূ-রাজনীতির কণ্টকময় পথে নিজের প্রাপ্য সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখবার জন্য বিশেষ প্রস্তুতি সরকারকে নিতে হবে।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com