বাংলাদেশের সংবিধান মতে, জনগণ হলো সকল ক্ষমতার উৎস। সংবিধান জনগণকে সর্বোচ্চ গুরুত্বও দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, জনগণকে শুধু ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যারা সরকার পরিচালনা করে তারা নির্বাচনের পর জনগণের সঙ্গে কেমন ব্যবহার করেন সেটা একেবারেই ওপেন সিক্রেট। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্য সব প্রশাসনিক স্থানে সাধারণ জনগণ মানে হলো গুরুত্বহীন একটি ক্রান্তি। \r\nযখন যারাই ক্ষমতায় আসে, তখন তারা সাধারণ জনগণকে কীভাবে দমিয়ে রাখা যায় এবং তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারেন সেরকম অনেক কালা কানুন বানায়। এরকম একটি আইন তৈরি হয়েছিল ২০১১ সালে। আইনটি হলো গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২(৩ক) (ক) বিধান অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী ইতোপূর্বে জাতীয় সংসদের কোনও নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে ওই তালিকা দেওয়ার প্রয়োজন হবে না। এ আইনটি সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।