‘উইথ গ্রেট পাওয়ার্স কামস গ্রেট রেসপনসিবিলিটি’, ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরির পর ইংরেজি এই প্রবাদটির কথা মনে পড়ে গেল। এর অর্থ হচ্ছে, মহান ক্ষমতার সাথে মহান দায়িত্ব আসে। জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতাবান বানিয়ে মহান দায়িত্ব দিয়েছে। মানুষ তার উপর বিশ্বাস স্থাপন করেছে। জনগণ বিশ্বাস করে তাকে ভোট দিয়েছে এই কারণে যে, দলটি সততার সাথে দায়িত্ব পালন করতে পারবে। এখন বিএনপিকে জনগণের এই বিশ্বাস এবং আস্থা রক্ষা করে আগামী পাঁচ বছর সরকার পরিচালনা করতে হবে। মনে রাখা দরকার, জনগণ তাকে তাদের সেবা করার দায়িত্ব দিয়েছে, ক্ষমতা দেখানো বা তাদের উপর ছড়ি ঘোরানোর জন্য নয়। এই দায়িত্ব পালনে যদি দলটির ন্যূনতম বিচ্যুতি ঘটে, তাহলে তার উপর জনগণের যে বিশাল প্রত্যাশা, আস্থা ও বিশ্বাস, তা ধুলোয় লুটিয়ে যেতে সময় লাগবে না। দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণকে যেভাবে দাস বানিয়ে রেখেছিল এবং দীর্ঘ দেড় যুগ ধরে বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছিল, এই যন্ত্রণা ও বঞ্চনা থেকে জনগণই মুক্তি দিয়েছে। মজলুমই মজলুমের দুঃখ-কষ্ট বোঝে। সঙ্গতকারণেই মজলুম জনগণ মজলুম দল বিএনপিকে নির্বাচিত করে, দায়িত্ব দিয়েছে। আশা করি আগামী পাঁচ বছর বিএনপি মজলুম জনগণের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা কিসে, তা বুঝে তাদের সেবা করবে। ক্ষমতা দেখাবে না। জনগণের দেয়া মহান ক্ষমতা নিয়ে বড়াই করবে না।

দুই. পবিত্র কুরআনে সূরা আলে-ইমরানের ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নেন। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন।’ আল্লাহ শেখ হাসিনাকে রাজ্য দিয়েছিলেন, তবে তিনি ন্যায়সঙ্গতভাবে রাজ্য চালাতে পারেননি। এজন্য তার রাজ্য কেড়ে নিয়ে লাঞ্ছিত ও অপমানিত করে বিতাড়িত করেছেন। অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর মজলুম অবস্থায় বিদেশে থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সসম্মানে আল্লাহ দেশে এনেছেন এবং জনগণের বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে রাজ্য দান করেছেন।

দেশে এসে তারেক রহমান নির্বাচনী প্রচার-প্রচারণাসহ বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়ার সময় যেভাবে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’, ‘আল্লাহর সহায়তায় সরকার গঠন করলে’, ‘ইনশাআল্লাহ’ উচ্চারণ করেছেন, তাতে বোঝা যায়, তিনি আল্লাহর দেয়া অসীম নেয়ামত জনগণের ভালবাসা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন এবং তা ধরেও রাখতে পারবেন। বহুল প্রচলিত কথা হচ্ছে, ‘সিংহাসন আরোহনের চেয়ে সিংহাসন ধরে রাখা’ কঠিন। এই কঠিন কাজ এখন বিএনপি সরকারের সামনে। জনগণের বিপুল প্রত্যাশার চাপ দলটির ওপর পড়েছে। এই চাপ সামলে প্রত্যাশা পূরণই এখন তার একমাত্র কাজ। বিএনপি সরকারে যারা আছেন, তাদের ভাগ্যের পরিবর্তন নয়, জনগণের ভাগ্যের পরিবর্তনের মনোভাব নিয়ে কাজ করতে হবে। ক্ষমতা প্রদর্শন নয়, দায়িত্ব পালন করে যেতে হবে।

বলার অপেক্ষা রাখে না, ক্ষমতাপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালনে মনোযোগী হওয়া কঠিন কাজ। ক্ষমতার নিজস্ব গরম আছে। এই গরমকে নিয়ন্ত্রিত করে চলা সবার পক্ষে সম্ভব নয়। তবে বিএনপি সরকারে যেসব মন্ত্রী-এমপি হয়েছেন, তাদেরকে এই ক্ষমতার গরমকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। তাদেরকে যাতে ক্ষমতার গরম নিয়ন্ত্রণ করতে না পারে, তারা যাতে ক্ষমতার গরম নিয়ন্ত্রণ করে দায়িত্ব পালনে সচেষ্ট হন, এটাই জনগণের কাম্য। আমরা দেখেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা কীভাবে ক্ষমতার গরমে দেশের মানুষকে নিস্পেষিত করেছে। ক্ষমতা ধরে রাখার জন্য কীভাবে ভারতের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বন্দক দিয়ে দিয়েছিল। তার পতন কীভাবে হয়েছে, তা বোধকরি বিএনপিকে বুঝিয়ে বলতে হবে না।

বিএনপিকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার, আমাদের দেশে যে আমলাতান্ত্রিক জটিলতা বা আমলাচক্র রয়েছে, তা এতটাই অসংলগ্ন যে, তারা সরকারের দায়িত্ব পালনের চেয়ে ক্ষমতাসীনদের সন্তুষ্টি অর্জন ও তোষামোদে ব্যস্ত থাকে। এই চক্রে পড়ে ক্ষমতাসীনরা বিভ্রান্তিতে পড়ে, ভুল করে এবং জনগণের আস্থা হারায়। আমলাতন্ত্র এখনো গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি। উন্নত বিশ্বে আমরা দেখি, ক্ষমতাসীন দল আসে-যায়, তবে রাষ্ট্রের প্রশাসন তার মতো কাজ করে যায়। প্রশাসন রাষ্ট্রসেবার কাজ করে আর ক্ষমতাসীন দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করে। তাতে কোনো তোষামোদী নেই, আছে পেশাদারিত্ব। আমাদের আমলাযন্ত্র এই পেশাদারিত্ব অর্জনের চেয়ে তোষামোদীর যন্ত্রে পরিণত হয়েছে। বিএনপি সরকার এই তোষামোদীর আমলাতান্ত্রিক সিস্টেম নিয়েই যাত্রা শুরু করেছে। বিএনপিকে এই বিষয়টি বিবেচনায় নিতে হবে। সে যাতে তোষামোদীচক্রে না পড়ে, তাদের দ্বারা চালিত না হয়, এ ব্যাপারে এখন থেকেই সচেতন থাকতে হবে। তবে বিএনপি যেহেতু সরকার পরিচালনায় অভিজ্ঞ, বিষয়টি তার জানার মধ্যে রয়েছে, তাই তার উচিৎ হবে, আমলাতন্ত্রকে গণতান্ত্রিক শাসন ধারায় রূপান্তরের উদ্যোগ নেয়া। প্রশাসনকে পেশাদার রাষ্টযন্ত্রে পরিণত করতে হবে। দলের লেজুড়ভিত্তিক নয়, রাষ্ট্রভিত্তিক প্রশাসনে পরিণত করতে হবে, যাতে প্রশাসন শুধু দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকে, জনগণকে দেয়া বিএনপির অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হয়। বিএনপি সরকারকে আমলাদের তৈলমর্দনে তৈলাক্ত হওয়া যাবে না। এই ফাঁদে পা দিলে জনগণকে দেয়া তার প্রতিশ্রুতি পূরণ করা কঠিন হয়ে পড়বে। বিএনপিকে জনগণ যে মহান ক্ষমতা দিয়েছে, যে রাজনৈতিক শক্তি দিয়েছে, তা দিয়ে আমলাতন্ত্রকে পরিবর্তন করতে হবে। প্রশাসনকে জনগণের সেবকে পরিণত করতে হবে।

তিন. নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের ট্রাম্পকার্ড ছিল তারেক রহমানের পরিকল্পনা এবং তা জনগণের সামনে তুলে ধরে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করা। এই ট্রাম্পকার্ডের মধ্যে ছিল, দেশের চারকোটি পরিবারের গৃহীনিদের ‘ফ্যামিলি কার্ড’ দেয়া, কৃষকদের ‘কৃষি কার্ড’ দেয়া, দশ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, অন্য ধর্মাবলম্বীদের পুরোহিত ও ধর্মীয় নেতাদের মাসিক ভাতা দেয়া, ঘরে বসে প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়ার জন্য এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সর্বোপরি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শ্লোগান ‘দিল্লী নয় পি-ি নয়, সবার আগে বাংলাদেশ’ এবং কর্মসংস্থান ও দেশ গড়ার শ্লোগান ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এছাড়া দেশের উন্নয়ন ও সংস্কারে ৩১ দফা কর্মসূচি। জনগণ তারেক রহমানের এসব পরিকল্পনা আন্তরিকতার সাথে গ্রহণ করেছে এবং তার দলকে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। তারেক রহমানের দেয়া এই প্রতিশ্রুতি এখন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা সরকারের জন্য বাধ্যতামূলক হয়ে পড়েছে। এগুলো জনগণের দাবি। এ দাবি পূরণে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, নির্বাচিত এমপি এবং প্রশাসনকে এখন থেকেই কাজ শুরু করতে হবে। বলা বাহুল্য, আমাদের দেশে নতুন যে সরকার গঠিত হয়, মেয়াদের শুরু থেকে তার ১০০ দিনের কিছু কর্মসূচি থাকে কিংবা ছয় মাসের মেয়াদকে ‘হানিমুন’ পিরিয়ড ধরা হয়। এই সময়ের পারফরমেন্সের উপর সরকারের কার্যকারিতা ও সক্ষমতা বিচার করা হয়। যাকে বলে ‘মর্নিং সোজ দ্য ডে’। তবে সচেতন মহল মনে করে, বিএনপির এই ‘হানিমুন’ পিরিয়ডে পড়ে এক মিনিট সময় নষ্ট করার সুযোগ নেই। কারণ, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণার প্রায় প্রতিটি জনসভায় জনগণকে তার দলের এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, ১২ ফেব্রুয়ারি তাদের ভোট দিয়ে নির্বাচিত করলে, ১৩ ফেব্রুয়ারি থেকে তারা আপনাদেরকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নেমে পড়বে। পাঁচ বছর তারা আপনাদের পা ধরে থাকবে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রী-এমপিদের কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। তাদেরকে প্রতিটি দিন, প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আরাম-আয়েশ করার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি, তারেক রহমান যখন গত বছরের ২৫ ডিসেম্বর দেশে আসেন, তিনি দম ফেলার সুযোগ পাননি। প্রতিটি মুহূর্ত তাকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে হয়েছে। জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশে ফেরার পর থেকে এক মিনিটের জন্যও তিনি স্বস্তি নিয়ে থাকতে পারেননি। কীভাবে সময় গেছে, বুঝিয়ে বলতে পারব না। কাজেই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে এক মিনিট সময় নষ্ট করেননি, সেখানে তার দলের যারা মন্ত্রী-এমপি হয়েছেন, তাদের কি বিশ্রাম বা আরাম-আয়েশে থাকার সুযোগ আছে? নেই। তাদেরকে প্রধানমন্ত্রীর দেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে দিন-রাত পরিশ্রম করতে হবে। তাদের জন্য ‘হানিমুন পিরিয়ড’ বলে কিছু নেই। তাদের মনে রাখতে হবে, দেশের মানুষ তাদেরকে ক্ষমতা নয়, তাদের সেবা করার দায়িত্ব দিয়েছে। এমন এক সময়ে এই দায়িত্ব দিয়েছে, যখন দেশ ক্রান্তিকালে রয়েছে। দেশের অর্থনীতি অত্যন্ত শোচনীয়। মানুষের কষ্টের সীমা নেই। তাদের এই কষ্ট কমাতে দ্রুত উদ্যোগ নিতে হবে। মনে রাখা দরকার, দেশের এই ক্রান্তিকাল থেকে বের করে আনার জন্যই তাদের উপর জনগণ আস্থা ও বিশ্বাস রেখেছে।

চার. বিশ্বে বিরল নজির, এক পরিবার থেকে বাবা দেশের প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী এবং ছেলেও প্রধানমন্ত্রী হয়েছেন। তারা প্রত্যেকেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এটা বুঝতে হবে, জনগণ এই জিয়া পরিবারকে কতটা ভালবাসে! তাদেরকে এবং বিএনপিকে নির্বাচিত হতে কোনো ষড়যন্ত্রই কাজ করেনি। এবারের নির্বাচনেও বিএনপিকে হারাতে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে। জনগণের প্রবল ভালবাসার জোয়ারে, সব ষড়যন্ত্র ভেসে গেছে। কাজেই জনগণের এই ভালবাসা আগামী পাঁচটি বছর ধরে রাখা বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। তাদেরকে এমন কাজে জড়ানো যাবে না, যা জনগণের এই ভালবাসা কমতে শুরু করে। জনগণ যাতে বলতে না পারে, ‘আগেই ভালো ছিলাম’।

এটাও যাতে মনে না করে, বিএনপিকে নির্বাচিত করে ভুল করেছি। তাদের মনে রাখতে হবে, ষড়যন্ত্র এখনো চলমান, থেমে নেই। বিএনপি সরকারকে ব্যর্থ করে দিতে পতিত ও পরাজিত শক্তি এখন থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপিকে এখন থেকেই ভালো কাজ দিয়ে ষড়যন্ত্রকারিদের মন্দ কাজ মোকাবেলা করতে হবে। তার প্রতি জনগণের বিপুল ভালবাসা ধরে রাখতে হবে। মন্ত্রী-এমপি ও বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে এটা মনে রাখতে হবে, তাদের একটি মন্দ কাজের দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরই বর্তাবে। তার ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রীকে ব্যর্থ ও বদনামের ভাগিদার করতে না চাইলে তাদেরকে জনগণের ভালবাসা ধরে রাখা এবং আরও বেশি ভালবাসা অর্জন করা ছাড়া কোনো পথ নেই। এই ভালবাসা ধরে রাখতে হলে জনগণকে দেয়া প্রধানমন্ত্রীর প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে হবে। ক্ষমতা পেয়ে গেছি মনে করে, যা খুশি তা করার প্রবণতা দেখালে, তাতে জনগণ অতীষ্ঠ ও অসন্তুষ্ট হলে অদূর ভবিষ্যতে বিএনপি সরকারকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ফলে তাদের পুরো মনোযোগ থাকতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে কর্মমুখী হওয়া। এক্ষেত্রে এক মিনিট সময়ও নষ্ট করা যাবে না।

darpan.journalist@gmail.com