সংবিধান নাগরিকের জন্য চিকিৎসাসেবার অধিকার নিশ্চিত করেছে। বাস্তবে সেই অধিকার আজও সাধারণ মানুষের নাগালের বাইরে। শহর ও গ্রামের ব্যবধান, সরকারি ও বেসরকারি সেবার বৈষম্য, অবকাঠামো থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থাপনার অভাবÑসব মিলিয়ে দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই গভীর সংকটে নিমজ্জিত। এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি।

বিএনপির নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা, চিকিৎসক ও নার্সের শূন্যপদ পূরণ, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা, ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ওষুধের মান ও দাম নিয়ন্ত্রণ এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। প্রশ্ন হলো, এই প্রতিশ্রুতিগুলো কি কেবল কাগজে-কলমে থাকবে, নাকি বাস্তবায়নের উদ্যোগ দেখা যাবে দৃশ্যমান। স্বাস্থ্য খাতের সংকট নতুন নয়। সরকারি হাসপাতালগুলোতে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বহু গুণ বেশি। একজন চিকিৎসককে দিনে শতাধিক রোগী দেখতে হয়। ফলে মানসম্মত চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব। বহু হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ থাকে না, পরীক্ষার যন্ত্রপাতি বিকল পড়ে থাকে মাসের পর মাস। গ্রামে চিকিৎসক থাকলেও থাকেন না কর্মস্থলে। শহরে আবার বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য দীর্ঘ সিরিয়ালে অপেক্ষা করতে হয়। এই পরিস্থিতি পরিবর্তনে প্রয়োজন সুশাসন ও দক্ষ ব্যবস্থাপনা। নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবেÑ ঘোষিত সংস্কারকে বাস্তবে রূপ দেওয়া। দুর্নীতি স্বাস্থ্য খাতের অন্যতম বড় ব্যাধি। ওষুধ ক্রয়, যন্ত্রপাতি সরবরাহ, নিয়োগ ও বদলিতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। নতুন সরকার যদি সত্যিই সংস্কার চায়, তবে প্রথমেই দরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও স্বাধীন তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো জরুরি, কিন্তু তার চেয়েও জরুরি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা। বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল জিডিপির ১ শতাংশের কম। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে হলে বাংলাদেশের মতো দেশগুলোকে তাদের জিডিপির কমপক্ষে ৫ শতাংশ বরাদ্দ রাখতে হবে স্বাস্থ্য খাতে।

স্বাস্থ্যব্যবস্থায় পরিবর্তন আনতে নির্বাচন পূর্বে বিএনপি তাদের রূপরেখায় জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের ঘোষণা দিয়েছে। এটি যথেষ্ট আশাব্যঞ্জক। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য খাত নিয়ে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে হবে। চিকিৎসার মান বাড়াতে পারলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে। কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করার আশ্বাস দিয়েছে। সরকার অসুস্থ জনগোষ্ঠী কোনো দেশের উৎপাদনশীল শক্তি হতে পারে না। ত্রয়োদশ সংসদের নতুন সরকার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছে ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের। রাজনৈতিক সদিচ্ছা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে পারলে পরিবর্তন সম্ভব।