বিশ্ব আজ এক অস্থির সময় পার করছে। যুদ্ধ, সহিংসতা, রাজনৈতিক প্রতিহিংসা আর সামাজিক বিভাজন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা, সমাজে মেরুকরণ, আইনের শাসনের দুর্বলতা মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলেছে। প্রতিহিংসার আগুন জ্বলছে সবখানে। এক পক্ষ ক্ষমতায় এলে আরেক পক্ষকে শায়েস্তা করার চেষ্টা চলে। এই চক্র কখনো শেষ হয় না। এমন পরিস্থিতিতে নেলসন ম্যান্ডেলার রিকন্সিলিয়েশন বা পুনর্মিলনের ধারণা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় দেখিয়েছিলেন কীভাবে প্রতিহিংসার পথ না নিয়ে সংলাপ, সমঝোতা ও পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) মাধ্যমে একটি বিভক্ত দেশকে এক করা যায়।
তার এই শিক্ষা আজ শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্য প্রয়োজন।\r\nনেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাগারে ছিলেন। শ্বেতাঙ্গ শাসকরা তাকে অমানবিক নির্যাতন করেছে। তার জীবনের সবচেয়ে সক্রিয় সময় কেটেছে জেলখানায়। স্বাভাবিকভাবেই তার মনে ক্রোধ ও প্রতিহিংসা জন্ম নিতে পারত। কিন্তু ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর তিনি প্রতিশোধ নেননি। বরং বেছে নিয়েছিলেন সমঝোতার পথ। তিনি বলেছিলেন জেলের গেট দিয়ে বেরোনোর সময় তিনি তার সব ক্রোধ সেখানেই রেখে এসেছেন। কারণ তিনি জানতেন প্রতিহিংসা দেশকে আরও বিভক্ত করবে, গৃহযুদ্ধ ডেকে আনবে। তিনি চেয়েছিলেন শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরা একসঙ্গে নতুন দক্ষিণ আফ্রিকা গড়বে। এই মহানুভবতা তাকে বিশ্বনেতায় পরিণত করেছে।
তার দেখানো পথ আজও অনুসরণযোগ্য।\r\nম্যান্ডেলা ১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তখন তিনি ইতোমধ্যে মুক্ত মানুষ, সক্রিয় রাজনীতিবিদ এবং বর্ণবাদবিরোধী শান্তিপূর্ণ রূপান্তরের প্রধান মুখ। এই পরিস্থিতির মূল্যায়নে কারাগার থেকে বেরিয়ে প্রতিশোধের পথে না গিয়ে সংলাপ, ক্ষমা এবং সমঝোতার পথ বেছে নেওয়ার কারণেই তিনি এই পুরস্কার পান। নোবেল কমিটি মূলত সম্মান জানিয়েছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের শান্তিপূর্ণ অবসান ঘটানোর সেই ঐতিহাসিক প্রচেষ্টাকে। সেই দায়ভার তিনি পালন করেছেন সম্মানের সঙ্গে। নোবেল পুরস্কার তাই তার সংগ্রামের শেষ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। \r\nদক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসানের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ন্যায়বিচার এবং সমঝোতার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া।
শত বছরের নিপীড়নের প্রতিশোধ নেওয়া সহজ ছিল। কিন্তু ম্যান্ডেলা সেই পথে হাঁটেননি। ১৯৯৪ সালে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৫ সালে তিনি ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন গঠন করেন। এই কমিশনের কাজ ছিল অতীতের অপরাধের সত্য প্রকাশ করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা। কিন্তু যারা সত্য স্বীকার করবে এবং অনুশোচনা প্রকাশ করবে, তাদের ক্ষমা করা হবে। এই প্রক্রিয়া সহজ ছিল না। অনেকে এর বিরোধিতা করেছে। কিন্তু শেষ পর্যন্ত এটি কাজ করেছে। দেশে গৃহযুদ্ধ হয়নি। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরা একসঙ্গে বসবাস শুরু করেছে। এই মডেল পরে বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে।\r\nবাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি প্রতিহিংসায় নিমজ্জিত।
এক সরকার যখন ক্ষমতায় আসে, বিরোধী দলকে দমন করা শুরু করে। মামলা দেওয়া হয়, গ্রেপ্তার করা হয়, হয়রানি করা হয়। পরের বার বিরোধী দল ক্ষমতায় এলে একই কাজ করে। এই চক্র চলছে দশকের পর দশক। ফলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। মানুষ ভয়ে থাকে, কারণ তারা জানে না কখন পরিস্থিতি বদলে যাবে। এই সংস্কৃতি দেশকে পিছিয়ে রাখছে। উন্নয়ন হচ্ছে, কিন্তু রাজনৈতিক পরিপক্বতা আসছে না। ম্যান্ডেলার রিকন্সিলিয়েশনের শিক্ষা এখানে প্রাসঙ্গিক। রাজনৈতিক দলগুলোকে প্রতিহিংসার পথ ছেড়ে সংলাপের পথে আসতে হবে। অতীতের ভুল স্বীকার করতে হবে এবং একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে।\r\nসমাজেও বিভাজন বাড়ছে। ধর্মীয়, জাতিগত, আঞ্চলিক পরিচয়ে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে। সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের ওপর হামলা হচ্ছে, সম্পত্তি দখল হচ্ছে।
কিন্তু ন্যায়বিচার মিলছে না। এই পরিস্থিতি দেশের জন্য বিপজ্জনক। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন সব নাগরিক নিরাপদ থাকে। ম্যান্ডেলা দেখিয়েছিলেন সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব। তিনি শ্বেতাঙ্গদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন, যদিও তারা বছরের পর বছর কৃষ্ণাঙ্গদের নিপীড়ন করেছিল। এই মহানুভবতা দক্ষিণ আফ্রিকাকে গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছে। বাংলাদেশেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের সম্পত্তি রক্ষা করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। তবেই দেশে প্রকৃত সম্প্রীতি আসবে।\r\nবিশ্বজুড়ে জাতীয়তাবাদ এবং পরিচয়ের রাজনীতি বাড়ছে। দেশে দেশে চরমপন্থি দল ক্ষমতায় আসছে। তারা বিভাজনের রাজনীতি করছে। একটি গোষ্ঠীকে শত্রু বানিয়ে ভোট পাচ্ছে। এই প্রবণতা বিপজ্জনক।
ইউরোপে, আমেরিকায়, এশিয়ায় সবখানে এই সমস্যা দেখা যাচ্ছে। মানুষ ভুলে যাচ্ছে মানবতার মূল্য। ভুলে যাচ্ছে সহনশীলতা এবং সহমর্মিতার গুরুত্ব। ম্যান্ডেলার শিক্ষা এখানে প্রাসঙ্গিক। তিনি দেখিয়েছিলেন বিভাজন নয়, ঐক্যই শক্তি। তিনি দেখিয়েছিলেন শত্রুকেও বন্ধু বানানো যায়। তার রাগবি বিশ্বকাপের গল্প বিখ্যাত। তিনি জানতেন শ্বেতাঙ্গদের প্রিয় খেলা রাগবি। তিনি সেই খেলাকে ব্যবহার করেছিলেন দেশকে এক করতে। বিশ্বনেতাদের এই শিক্ষা নেওয়া উচিত।\r\nম্যান্ডেলার রিকন্সিলিয়েশন শুধু রাজনীতিতে নয়, সামাজিক জীবনেও প্রয়োজন। পরিবারে, প্রতিবেশীদের মধ্যে, কর্মক্ষেত্রে মানুষ ঝগড়া করছে। ছোট বিষয় নিয়ে শত্রুতা তৈরি হচ্ছে। অহঙ্কার এবং ক্রোধের বশে মানুষ সম্পর্ক নষ্ট করছে। ক্ষমা করার মানসিকতা কমে যাচ্ছে। কেউ ভুল স্বীকার করতে চায় না।
এই মানসিকতা পরিবর্তন করতে হবে। ম্যান্ডেলা শিখিয়েছেন ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। যে ক্ষমা করতে পারে, সে প্রকৃত মানুষ। ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং শক্তি। যে তার শত্রুকে ক্ষমা করতে পারে, সে আসলে নিজেকে মুক্ত করে। প্রতিহিংসা মানুষকে বন্দি করে রাখে, কিন্তু ক্ষমা মুক্তি দেয়। এই শিক্ষা সমাজের প্রতিটি স্তরে প্রয়োগ করা দরকার।\r\nশিক্ষা ব্যবস্থায় ম্যান্ডেলার জীবন ও দর্শন পড়ানো উচিত। শিশুরা যখন স্কুলে পড়বে কীভাবে একজন মানুষ ২৭ বছর জেলে থেকেও প্রতিহিংসা নেননি, তখন তারা অনুপ্রাণিত হবে। তারা শিখবে ক্ষমা করতে, সহনশীল হতে। বাংলাদেশের স্কুলে মুক্তিযুদ্ধ পড়ানো হয়, যেটা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে সংলাপ ও সমঝোতার শিক্ষাও দিতে হবে।
যুদ্ধশেষে কীভাবে দেশ পুনর্গঠন করতে হয়, আন্দোলন-পরিবর্তিত সময়ে কীভাবে অন্তর্ভুক্তির শক্তিতে মহীয়ান হওয়া যায়, সেটাও শেখাতে হবে। ম্যান্ডেলার জীবন এই শিক্ষার উৎকৃষ্ট উদাহরণ। তার গল্প, তার সংগ্রাম, তার ক্ষমা শিশুদের মনে গভীর প্রভাব ফেলবে। তারা বড় হয়ে সহনশীল নাগরিক হবে।\r\nবিশ্বে এখন অনেক সংঘাত চলছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইউক্রেনে যুদ্ধ, মিয়ানমারে গৃহযুদ্ধ। এসব সংঘাত নিরসনে ম্যান্ডেলার পথ অনুসরণ করা যেতে পারে। যুদ্ধ শেষ হলে প্রতিহিংসার পথে হাঁটলে আবার সংঘাত শুরু হবে। কিন্তু পুনর্মিলনের পথে হাঁটলে দীর্ঘস্থায়ী শান্তি আসবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিষয়ে কাজ করতে পারে। সংঘাতপূর্ণ দেশগুলোতে ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন গঠনে সহায়তা করতে পারে।
অপরাধীদের বিচার হবে, কিন্তু যারা সত্য স্বীকার করবে তাদের ক্ষমার সুযোগ থাকবে। এই ভারসাম্য জরুরি। শুধু শাস্তি দিলে প্রতিহিংসা বাড়ে। কিন্তু ক্ষমা এবং ন্যায়বিচারের সমন্বয়ে শান্তি আসে।\r\nম্যান্ডেলার রিকন্সিলিয়েশন মানে অন্যায়কে মেনে নেওয়া নয়। এটা মানে সত্য প্রকাশ করা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং তারপর এগিয়ে যাওয়া। অতীতের বোঝা বয়ে নিয়ে দেশ এগোতে পারে না। অতীত স্বীকার করতে হবে, শিক্ষা নিতে হবে, কিন্তু সেখানে থেমে থাকা যাবে না। ভবিষ্যতের দিকে তাকাতে হবে। ম্যান্ডেলা এটাই করেছিলেন। তিনি অতীতকে ভোলেননি, কিন্তু সেখানে আটকে থাকেননি। তিনি নতুন দক্ষিণ আফ্রিকা গড়েছিলেন। বাংলাদেশেও এই পথে হাঁটতে হবে। অতীতের রাজনৈতিক হিংসা, সামাজিক বিভেদ ভুলে নতুন করে শুরু করতে হবে। সব দল একসঙ্গে বসে দেশের জন্য কাজ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।\r\nপ্রতিহিংসা সহজ, কিন্তু ধ্বংসাত্মক। ক্ষমা কঠিন, কিন্তু গঠনমূলক। ম্যান্ডেলা এই সহজ সত্য বুঝেছিলেন। তিনি জানতেন প্রতিহিংসা নিলে দক্ষিণ আফ্রিকা ধ্বংস হয়ে যাবে। তাই তিনি কঠিন পথ বেছে নিয়েছিলেন। আজকের বিশ্বেও এই পথ প্রয়োজন। বাংলাদেশেও প্রয়োজন। রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, ধর্মীয় নেতা সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের বলতে হবে প্রতিহিংসা নয়, পুনর্মিলন। তাদের দেখাতে হবে সংলাপ, সমঝোতা ও অন্তর্ভুক্তির শক্তি। ম্যান্ডেলা একাই দেশ বদলে দিয়েছিলেন। বাংলাদেশেও যদি কিছু সৎ এবং সাহসী নেতা এগিয়ে আসে, তাহলে দেশ বদলানোর সুযোগ সৃষ্টি হবে। প্রতিহিংসার চক্র ভাঙবে। শান্তি আসবে। মানুষ নিরাপদে বাস করতে পারবে। এতেই নিহিত ম্যান্ডেলার রিকন্সিলিয়েশনের বৈশ্বিক গুরুত্ব। \r\nলেখক : অধ্যাপক \r\nচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়\r\nalactg@gmail.com
