সবার আগে দেশ ও জনগণের স্বার্থ, এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দৈনিক ইনকিলাবের যাত্রা শুরু হয় চার দশক আগে। দৈনিকটি এ সময়ের কর্পোরেট প্রতিষ্ঠানের পত্রিকার মতো নিজ প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের যে চরিত্র ও বৈশিষ্ট্য এবং দায়িত্ব, সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়। ইনকিলাব প্রতিষ্ঠালগ্ন থেকেই এ লক্ষ্যে অটুট রয়েছে। তার প্রমাণ প্রতিদিন, প্রতিটি ক্ষণ দিয়ে যাচ্ছে। সরকারের কৃতকর্মের যেমন প্রশংসা করে, তেমনি তার ভুল কাজ বা সিদ্ধান্তের সমালোচনা করে। শুধু সমালোচনা করেই ক্ষান্ত হয় না, কী করতে হবে, তার সুচিন্তিত মতামতও ব্যক্ত করে। ফলে ইনকিলাবকে বলা হয়, লিডার্স নিউজ পেপার। এটি দেশের ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়।

প্রতিনিয়ত পরিবর্তিত ভূরাজনৈতিক পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করে তার গতিপ্রকৃতি তুলে ধরে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইনকিলাব তার চিরায়ত বৈশিষ্ট্য অনুযায়ী, নিজ অবস্থান থেকে দেশের স্বার্থে এমনই এক ভূমিকা পালন করে। ওইদিন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইনকিলাব অফিস পরিদর্শনে আসেন। তিনি ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি নির্বাহী পরিচালক ফাহিমা বাহাউদ্দিন, নির্বাহী সম্পাদক নাজিফা বাহাউদ্দীনসহ ইনকিলাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বর্তমান বিশ্ব রাজনীতি এবং তাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান মতবিনিময় অনুষ্ঠানে উঠে আসে। মতবিনিময়কালে ইয়াও ওয়েন বাংলাদেশের সাথে চীনের দীর্ঘ পঞ্চাশ বছরের বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন।

দুই দেশ কীভাবে আত্মমর্যাদার সাথে এগিয়ে যেতে পারে এবং কীভাবে কাজ করতে পারে, তার কিছু তাৎপর্যপূর্ণ কথা ব্যক্ত করেন তিনি। তার যে কথাটি সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য তা হচ্ছে, চীন বাংলাদেশের বন্ধু হয়ে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে যেতে চায়। ভারতের মতো চাপিয়ে দেয়া বা খবরদারিমূলক আচরণ করতে চায় না। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি কী হবে, কীভাবে তা পরিচালিত হবে, তা বাংলাদেশের সরকার ও জনগণই নির্ধারণ করবে। এ প্রসঙ্গে তিনি বিগত হাসিনা সরকারের শাসনামলে ভারতের আরোপিত রাজনীতি ও আধিপত্যবাদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, চীন তা কখনোই করতে চায় না। এ কথাও তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাথে চীন কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। এজন্য এ সরকারের প্রথম দুই মাসে বাংলাদেশে চীনের বিনিয়োগও বৃদ্ধি পেয়েছে। ক্রমান্বয়ে বিনিয়োগ বৃদ্ধি পাবে। অবকাঠামো, টেক্সটাইল, গার্মেন্ট, তথ্যপ্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন খাতে প্রায় একশ’ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। তিনি বলেন, উপযুক্ত ও স্থিতিশীল পরিবেশে বিনিয়োগের জন্য আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে সেই স্থিতিশীলতা ফিরে এসেছে।

দুই. ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন চীনের সাথে সম্পর্কের সুদীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেন। বেগম খালেদা জিয়ার শাসনামলে এই সম্পর্ক আরও দৃঢ়তা লাভ করে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাবে। তিনি বাংলাদেশে চীনের বিনিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে চীনকে আহ্বান জানান। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার ‘লুক ইস্ট’ নীতির আলোকে পূর্বমুখী অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করার আহ্বান জানান।

এর মাধ্যমে বাংলাদেশ থেকে মিয়ানমার, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া প্রভৃতি দেশের সাথে সড়ক ও রেলপথে কানেক্টিভিটি তৈরি হবে এবং এর মাধ্যমে একটি বৃহৎ ও শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে উঠবে। এতে প্রত্যেকটি দেশই উপকৃত হবে। মানুষের সাথে মানুষের পারস্পরিক সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পাবে, যা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইনকিলাব সম্পাদকের এই দূরদর্শী বক্তব্য ও চিন্তা নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে। সরকারকে বৃহৎ পরিসরে কূটনৈতিক চিন্তা করতে সহায়তা করবে। বতর্মান বৈশ্বিক সংকট ও ভবিষ্যৎ বৈশ্বিক প্রেক্ষাপটে চীনকে কেন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন, এর বিশ্লেষণ করা এখন সময়ের দাবি।

বর্তমান বিশ্ব যুদ্ধের চেয়ে অর্থনৈতিক যুদ্ধই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। অর্থনৈতিক রাজনীতিই এখন বিশ্ব নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর চালিকাশক্তি যার হাতে থাকবে, সেই বিশ্ব নিয়ন্ত্রণ করবে। যুক্তরাষ্ট্র নিজেকে এক নম্বর পরাশক্তি ভেবে বিশ্বমোড়ল সাজলেও ইরানযুদ্ধে তার সক্ষমতার পরীক্ষা হয়ে গেছে। সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়েও ইরানকে সে পরাভূত করতে পারেনি। ফলে এখন সে এ যুদ্ধ থেকে পালাবার নানা পথ খোঁজা শুরু করেছে। ইতোমধ্যে বিশ্বের তাবৎ বিশ্লেষকরা খোলাখুলিভাবেই বলে দিয়েছেন, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে। সে এখন মানসম্মান বাঁচাতে তার বিজয় হয়েছে, এই কাগুজে স্বীকৃতি নিয়ে লেজ গুটিয়ে পালাতে চাচ্ছে। নিদেন পক্ষে ‘জিরো সাম’ বা কারোই পরাজয় হয়নি, এমন একটি পথ খুঁজছে।

ফলে যুক্তরাষ্ট্র যতই হম্বিতম্বি করুক না কেন, সে যে নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে, তা এখন বিশ্বে ওপেন হয়ে গেছে। মূলত কোনো যুদ্ধেই কেউ জেতে না। জেতে ধ্বংস। তাহলে, যুক্তরাষ্ট্র জেনেবুঝে কেন এই ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত হলো? এর পেছনে তার অর্থনৈতিক জবরদখলদারিত্বের বাসনা সক্রিয় রয়েছে। রয়েছে ধর্মীয় বিষয়। রয়েছে মুসলমানদের হত্যার মাধ্যমে ইহুদী-খ্রিস্টানদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করা। ইহুদীদের নিয়ে মুসলমান নিধনের তার এই নেপথ্য মিশন ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হবেই। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইহুদিদের (বনি ইসরাইল) সম্পর্কে বলেছেন, তারা পৃথিবীতে যতবার আগুন লাগিয়েছে, ততবারই আমি নিভিয়েছি। অর্থাৎ এই সীমালঙ্ঘনকারী ইহুদিরা বিজয়ী হতে পারবে না। ইরানযুদ্ধে যে ইহুদী-খ্রিস্টানচক্রের পরাজয় হয়েছে, তা বোঝা যাচ্ছে। অন্যদিকে, চীন ধ্বংসাত্মক যুদ্ধে না জড়িয়ে কৌশলে তার অর্থনীতিকে অটুট রেখে বিশ্বে আরও শক্তিশালী অবস্থানে চলে গেছে। আমরা দেখেছি, করোনার মহামারির সময় যখন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং চরম অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছে, তখন চীনে মৃতের সংখ্যা খুবই কম হয়েছে এবং চীনের অর্থনীতি শক্তিশালী হয়েছে। এমনকি, যুক্তরাষ্ট্রও চীনের কাছে প্রায় বিশ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে। এক কথায় বলা যায়, চীন তার অর্থনৈতিক ও বাণিজ্যযুদ্ধ, যে যুদ্ধ শান্তির, সে যুদ্ধকে প্রধান হাতিয়ারে পরিণত করেছে। বিশ্বের এমন কোনো প্রান্ত নেই, যেখানে চীনের বাণিজ্য সম্প্রসারিত হয়নি। আফ্রিকার দরিদ্র দেশ থেকে শুরু করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো চীনের বিনিয়োগ ও বাণিজ্যিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছে। তারা প্রত্যেকেই চীনমুখী হয়েছে।

তিন. এই উপলব্ধি এবং দূরদর্শী চিন্তা থেকেই ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ভারতীয় হ্যাজিমনি বা আধিপত্যবাদকে পাশ কাটিয়ে দেশের স্বার্থে নিজ অবস্থান থেকে চীনকে বাংলাদেশের পাশে পাওয়ার সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চীনের রাষ্ট্রদূত বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করেছেন বলেই তার দেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার জন্য ইনকিলাব পরিদর্শনে আসেন। একটি সৌজন্য সাক্ষাৎ যে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে, তা এর মাধ্যমে উপলব্ধি করা যায়। ইনকিলাব সম্পাদক ভালোভাবেই জানেন, ভারত ‘হোস্টাইল এনিমি’ হিসেবে বৃহৎ প্রতিবেশী হলেও তার স্বার্থ ছাড়া আমাদের বিন্দুমাত্র উপকার কখনো হয়নি, হবেও না। কারণ, সে নিজেই দরিদ্র একটি দেশ। তার সহযোগিতা করার সক্ষমতা নেই।

তার চারপাশের অন্যান্য প্রতিবেশী দেশও তার কাছ থেকে সরে চীনমুখী হয়েছে। এক্ষেত্রে আমাদেরও পিছিয়ে থাকার কোনো কারণ নেই। এতে আমরা যেমন বিনিয়োগ, বাণিজ্য, টেকনোলজিসহ অবকাঠামোগত উন্নয়নসহ সামরিক খাতকে শক্তিশালী করতে পারব, তেমনি ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে মর্যাদাও পাব। কারণ, এশিয়া প্যাসিফিক অঞ্চল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও ভারতের যে ভূরাজনীতি চলছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। এই সুবিধা কাজে লাগাতে আমাদেরকে চীনমুখী হওয়ার কূটনীতিই সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। এতে এক ঢিলে একাধিক পাখি মারা যাবে। যুক্তরাষ্ট্রও আমাদেরকে পাশে পেতে চাইবে বা চাচ্ছে, ভারতকেও চাপে ফেলে সোজা রাখা যাবে। এতে কূটনৈতিক ভারসাম্য যেমন রক্ষা হবে, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির পুরোটাই বাস্তবায়িত হবে। আমরা এখন যে চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যে রয়েছি এবং এর উত্তরণে বৈদেশিক সহযোগিতা প্রয়োজন, তার অন্যতম উৎস হতে পারে চীন। সেও বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। ইতোমধ্যে দেশটি বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশে পরিণত হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য এবং অর্থায়নের অন্যতম প্রধান উৎস। এসব ব্যাপারে যেখানে চীন খুবই আগ্রহী, সেখানে এ সুযোগ আমরা কেন নেব না? মূলত এ বিষয়টি উপলব্ধি করেই ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বাংলাদেশের সাথে চীনের সম্পর্ককে গভীর করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করছেন।

চার. সাধারণত কোনো প্রতিষ্ঠানে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিদর্শন সৌজন্যমূলক হয়। প্রতিষ্ঠানের সকলের সাথে অতিথির হাত মেলানো এবং চা চক্র পর্যন্ত সীমাবদ্ধ থাকে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও তেমনি এক সৌজন্যমূলক পরিদর্শনে ইনকিলাব ভবনে এসেছিলেন। আমরা তার সাথে বসেছিলাম। তবে এই বসাকে যে, আমাদের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন দেশের স্বার্থে একটি কূটনৈতিক আলাপে পরিণত করবেন, এমন ধারণা ছিল না। তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকে দেশের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে রূপান্তরিত করেন। বাংলাদেশে চীন কীভাবে আরও বেশি বিনিয়োগ ও উন্নয়নে সহযোগিতা করতে পারে, তার বিস্তারিত বিবরণ তিনি রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। শুধু তাই নয়, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভের মাধ্যমে কীভাবে দুই দেশ উপকৃত হতে পারে, তার রূপরেখাও তুলে ধরেন। এক্ষেত্রে দেশের মানুষকে এর উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত ও সচেতন করার জন্য ইনকিলাব ভূমিকা পালন করবে বলেও তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন। বলা যায়, ইনকিলাব সম্পাদক দেশের হয়ে চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা সরকারের প্রতি তাৎপর্যপূর্ণ সহযোগিতা হিসেবে গণ্য। ইনকিলাব যে, দেশ ও জাতির স্বার্থে নিবেদিত, তা চীনের রাষ্ট্রদূতের সাথে এই বৈঠকের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে।

darpan.journalist@gmail.com