‘রঙিন স্ক্রিনের নেশায় মানুষ ভুলে যায় বাস্তব, অনলাইন গেম–নিঃশব্দে গিলে ফেলে স্বপ্নের সব।’

একটা সময় ছিল, যখন নেশা মানেই ধোঁয়া, মদ বা নিষিদ্ধ কোনো পদার্থ। চারপাশে সেই নেশার কালো ছায়া সমাজকে গ্রাস করত। আজকের পৃথিবীতে নেশার রূপ পাল্টে গেছে। এখন কোনো গলি, কোনো অন্ধকার কোণ নয়–নেশা ঢুকে পড়েছে ঘরের ভেতর, মানুষের হাতের মুঠোয়। একটি ছোট্ট স্মার্টফোনই হয়ে উঠেছে নতুন যুগের নেশার কারখানা, আর অনলাইন গেম সেই নেশার সবচেয়ে শক্তিশালী রূপ। দেখতে নিরীহ মনে হলেও, বাস্তবে এটি ধীরে ধীরে মানুষের চিন্তা, মন আর ভবিষ্যৎকে গ্রাস করে নিচ্ছে।

অনলাইন গেমের শুরুটা হয় খুব সাধারণভাবে। পড়াশোনার ফাঁকে একটু খেলা, বন্ধুদের সঙ্গে মজা করা, কিংবা কাজের চাপ ভুলে থাকার জন্য কয়েক মিনিটের বিনোদন। কিন্তু অজান্তেই সেই কয়েক মিনিট রূপ নেয় ঘণ্টায়, আর ঘণ্টা রূপ নেয় আসক্তিতে। ‘আরেকটা ম্যাচ খেললেই বন্ধ’–এই ছোট্ট অজুহাত মানুষকে ধীরে ধীরে এমন এক জগতে টেনে নেয়, যেখান থেকে বের হয়ে আসা কঠিন হয়ে পড়ে। মানুষ তখন আর সময়ের হিসাব রাখে না, বাস্তব আর ভার্চুয়াল দুনিয়ার পার্থক্যটাও ঝাপসা হয়ে যায়।

এই আসক্তি যে শুধু সময় নষ্ট করে, তা নয়। এটি মানুষের মস্তিষ্কের ভেতরে গভীর পরিবর্তন ঘটায়। গেমে জয়, লেভেল আপ, রিওয়ার্ড–এসব মানুষের মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের ‘সুখের হরমোন’ নিঃসরণ করে। সেই মুহূর্তের আনন্দ ধীরে ধীরে নেশায় পরিণত হয়। মানুষ বাস্তব জীবনের ছোট ছোট আনন্দকে তুচ্ছ ভাবতে শুরু করে, কারণ ভার্চুয়াল জগতে পাওয়া উত্তেজনাই তার কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে।

সময়ের পর সময় স্ক্রিনের সামনে বসে থাকার ফলে শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে। চোখ জ্বালাপোড়া, মাথাব্যথা, ঘাড় ও পিঠের ব্যথা, অনিদ্রা–এসব হয়ে ওঠে নিত্যদিনের সঙ্গী। রাত জেগে গেম খেলার অভ্যাস মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করে দেয়। দিনের আলোয় সে ক্লান্ত, অবসন্ন, বিষণ্ন হয়ে পড়ে, তবুও রাতে আবার ফিরে যায় সেই রঙিন স্ক্রিনের কাছে, কারণ তার মন তখন সেই কৃত্রিম আনন্দের দাস হয়ে গেছে।

মানসিক দিক থেকে ক্ষতিটা আরও গভীর। গেম না খেলতে পারলে অস্থিরতা, রাগ, হতাশা মানুষের আচরণে স্পষ্ট হয়ে ওঠে। বাস্তব জীবনের ব্যর্থতা থেকে পালানোর জন্য সে নিজেকে গেমের জগতে লুকিয়ে ফেলে। সেখানে সে শক্তিশালী, বিজয়ী, অদম্য মনে করে নিজেকে। স্ক্রিন বন্ধ হলেই বাস্তবের কঠিন সত্য আবার সামনে এসে দাঁড়ায়, আর সেই ধাক্কা মানুষকে আরও দুর্বল করে তোলে। এভাবেই একজন মানুষ নিজের অজান্তেই এক ধরনের মানসিক কারাগারে বন্দি হয়ে যায়।

এই সমস্যার সবচেয়ে বড় শিকার হচ্ছে তরুণ সমাজ; যারা দেশের ভবিষ্যৎ, যাদের হাতে সমাজ গড়ার দায়িত্ব; তারাই আজ হারিয়ে যাচ্ছে ভার্চুয়াল লেভেল, র‍্যাঙ্ক, স্ক্রিন আর ডিজিটাল পুরস্কারের পেছনে। একসময় তারা যে স্বপ্নগুলো দেখত, সেগুলো ধীরে ধীরে ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। জীবনের লক্ষ্য বদলে যাচ্ছে; বড় হওয়ার আকাঙ্ক্ষার জায়গা দখল করে নিচ্ছে কেবল ‘আরেকটা গেম’। অনলাইন গেম যে একেবারে খারাপ, তা বলা যায় না। সমস্যা তখনই, যখন এটি বিনোদনের সীমা ছাড়িয়ে নেশায় পরিণত হয়। ঠিক যেমন মাদক ধীরে ধীরে শরীর ও মনকে ধ্বংস করে, তেমনি এই ডিজিটাল নেশাও নীরবে মানুষের জীবন ধ্বংস করছে। পার্থক্য শুধু এই– এতে ধোঁয়া নেই, গন্ধ নেই, তবু এর ক্ষতি অনেক গভীর। পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান–সবাই মিলে যদি এই বিষয়ে সচেতন না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ এক অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হবে।

ওম্মে হাবিবা তৃষা: দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ommahabibatrisha@gmail.com