ব্যাপক প্রতিকূলতার বিরুদ্ধে ইরান এক গুরুত্বপূর্ণ, দীর্ঘ ও ঐতিহাসিক যুদ্ধে জয়লাভ করেছে। এমনকি যদি লেবাননে ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে যুদ্ধবিরতি বাস্তবায়ন না হয় এবং ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে নির্ধারিত আলোচনাও ভেস্তে যায়, তবুও তেহরান–বিপুল মূল্য দিতে হলেও–বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ সামরিক শক্তির মোকাবিলা করেছে।

কেউ কেউ বর্তমান মুহূর্তটিকে বিভিন্ন ঐতিহাসিক সম্মেলনের সঙ্গে মিলিয়ে পাঠ করছেন। কেউ বান্দুং সম্মেলনের মাধ্যমে উপনিবেশবাদবিরোধী তৃতীয় বিশ্ব আন্তর্জাতিকতাবাদের স্বর্ণযুগের সঙ্গে, এমনকি অনেকে বলশেভিক বিপ্লবের অল্প পরেই বাকুতে লেনিনের আয়োজিত ‘কংগ্রেস অব দ্য পিপল’-এর সঙ্গেও তুলনা করছেন। তাহলে এটিকে নতুন সাম্রাজ্যবাদবিরোধী উত্থান বলে চিহ্নিত করা যায়? স্নায়ুযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার ওলটপালট নিঃসন্দেহে আরও তীব্রতর হচ্ছে। যুদ্ধবিরতিতে তেহরানের জামিনদার হিসেবে বেইজিংয়ের ভূমিকা এটাই প্রমাণ করে যে একটি সাম্রাজ্যবাদী যুদ্ধ ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। এই সাম্রাজ্যবাদী শক্তি চেয়েছিল ইরানে শাসন পরিবর্তনের জায়নবাদী কল্পনার বাইরেও চীনকে ঘিরে ফেলার ব্যাপারে ওয়াশিংটনের প্রচেষ্টা আরও শক্তিশালী করতে। এইমাত্র যা ঘটল, তার ব্যাখ্যা এবং পরে আমরা কী আশা করতে পারি, সে বিষয়ে আমি এখানে কয়েকটি প্রাথমিক ধারণা তুলে ধরছি।

মার্কিন সাম্রাজ্য এবং তার জায়নবাদী ঘাঁটি যখন যেখানে সম্ভব সহিংসতা চালিয়ে যাবে। ওয়াশিংটনের আপেক্ষিক অর্থনৈতিক পতন কেবল আরও নগ্নভাবে বলপ্রয়োগের মাধ্যমেই আড়াল করা সম্ভব, যার মধ্যে হরমুজ প্রণালি ও তার বাইরেও ডলারের আধিপত্য হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। লেবানন ছাড়াও আমাদের ভুলে গেলে চলবে না যে গাজায় ২০২৫ সালের অক্টোবর থেকে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর রয়েছে। তেল আবিব অনিবার্যভাবে ইরানের সঙ্গে আবারও যুদ্ধের জন্য চাপ দেবে, ট্রাম্প হয়তো কিউবার বিরুদ্ধে তাঁর হুমকিগুলো সত্যিই বাস্তবায়ন করবেন। তা ছাড়া পুরোনো ও নতুন সব ধরনের প্রক্সি সংঘাত উত্তপ্ত থাকবে। একটি নতুন আধিপত্যবাদী ব্যবস্থা দ্বারা চালিত পরিস্থিতিতে স্থায়ী শান্তির সম্ভাবনা কার্যকরভাবে রূপ নেওয়ার আগে অবস্থা আরও খারাপ হবে।

দক্ষিণ ও পশ্চিম এশিয়ার পাশাপাশি উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপসহ অন্যান্য অঞ্চলে পুরোনো জোটগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু নতুন জোট এখনও অনিশ্চিত। সংযুক্ত আরব আমিরাতের কথাই ধরা যাক। দেশটি কয়েকটি দৃষ্টিকোণ থেকে উপসাগরীয় অঞ্চল-জিসিসির বাকি দেশগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যেভাবেই হোক, এটা স্পষ্ট যে ‘পূর্ব’ বা ‘গ্লোবাল সাউথ’ পুঁজিবাদী বিশ্বব্যবস্থার পশ্চিমা কেন্দ্রভূমির বিপরীতে আদর্শগতভাবে সুসংহত ও ঐক্যবদ্ধ বলয় হওয়া থেকে এখনও অনেক দূরে। দক্ষিণ ও পশ্চিম এশিয়ার জনগণ যদি একসঙ্গে সমৃদ্ধি লাভ করতে চায়, তবে যে দীর্ঘ ও কঠিন কাজ করতে হবে, তার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো পাকিস্তানের নিকটতম প্রতিবেশী ভারত ও আফগানিস্তানের সঙ্গে তার সম্পর্ক।

মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্যের পতন এবং এ-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির পরিবর্তনগুলো এক নতুন ভোরের সম্ভাবনা সামনে আনে। শেষ পর্যন্ত ‘প্রাচ্যের জনগণের’ মুক্তি আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে যা ঘটছে তার মতোই অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। এই জটিল দ্বান্দ্বিকতা বোঝার জন্য আমাদের নিজ নিজ দেশের দিকে তাকালেই যথেষ্ট। সর্বতোভাবে, পাকিস্তানের সামরিকায়িত শাসকশ্রেণি ঔপনিবেশিক পুঁজিবাদী ব্যবস্থার সেই শ্রেণিগত, জাতিগত ও লিঙ্গভিত্তিক বিভাজিত যুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ; যা বিপুলসংখ্যক মানুষকে পরাধীন করে রাখে। বর্তমান পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য কৃতিত্ব দাবি করতে পারে এবং করা উচিতও, কিন্তু এর ফলে দেশের অভ্যন্তরে বাড়াবাড়ির জন্য তাদের দায়বদ্ধতা শিথিল করে দেখার সুযোগ নেই। বিদেশনির্ভরতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি দমনমূলক ব্যবস্থা দক্ষ কূটনীতির কারণে নমনীয় হয় না। যদি বহুমেরুতা এবং এমনকি সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতি ও অর্থনীতির একটি নতুন যুগের দ্বারপ্রান্তে থাকে, তাহলে তাকে আন্তর্জাতিক অঙ্গন এবং জাতিরাষ্ট্রের সীমানার ভেতরে উভয় ক্ষেত্রেই বাস্তব রূপ নিতে হবে।

আসিম সাজ্জাদ আক্তার: ইসলামাবাদে অবস্থিত কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; ডন থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম