(পূর্বে প্রকাশিতের পর) খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও ধারাবাহিক বক্তব্যে বারবার প্রাধান্য পেয়েছে দেশপ্রেম এবং দেশের মানুষের অধিকার অর্থাৎ বাংলাদেশ-মুখী রাজনীতির পক্ষে তাঁর একটি দৃঢ় অবস্থান। তাঁর রাষ্ট্রীয় জাতীয়তাবাদ কখনোই সংকীর্ণ অর্থে নয়; বরং রাষ্ট্রের মর্যাদা, জনগণের সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা ও স্বাধীন ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ব্যক্তিগত রাজনৈতিক আন্দোলের ইতিহাসও তাঁর এই অবস্থানকে আরও অর্থবহ করে তোলে। তিনি ১৯৪৫ সালে ঔপনিবেশিক ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করলেও ১৯৪৭ সালের দেশভাগের পর তাঁর পরিবার চলে আসে স্বাধীন বাংলাদেশের দিনাজপুরে। সেই সময় থেকেই ভৌগোলিক আত্মপরিচয়ের চেয়ে দেশের প্রশ্নে রাজনৈতিক, নৈতিক ও আদর্শিক পরিচয় তাঁর কাছে মুখ্য হয়ে ওঠে। পরবর্তী জীবনে তিনি নিজেকে কখনোই সীমান্তের ওপারের কোনো স্মৃতির সঙ্গে সংজ্ঞায়িত করেননি; বরং সবসময় নিজেকে বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশি রাজনীতিক হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন। এই ধারাবাহিক আত্মপরিচয় ও রাজনৈতিক অবস্থানই প্রমাণ করে তাঁর জাতীয়তাবাদ জন্মসূত্রে নয়, নির্বাচিত ও চর্চিত জীবনবোধের গভীরে প্রোথিত ছিল। আর সে কারণেই বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী নন; তিনি বাংলাদেশের জন্য আধিপত্যবাদবিরোধী ও জনগণনির্ভর রাজনীতির এক স্থায়ী প্রতীকে পরিণত হয়েছে। আর এখানেই তাঁর অনন্যতা এবং তাঁর দেশের জনগণের কাছে তিনি অর্জন করেছে দেশনেত্রীর অবিসংবাদিত শিরোপা।

বেগম খালেদা জিয়ার রাজনীতির প্রেরণাকেন্দ্রে ছিল স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক উত্তরাধিকার। বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীনতা, আত্মনির্ভরশীল রাষ্ট্রচিন্তা এবং সর্বোপরি ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শন তিনি কেবল আবেগে ধারণ করেননি; বরং রাজনৈতিক জীবনে লালন-পালনের চেষ্টা করেছেন এবং সক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত সচেতনভাবে বহন করেছেন। সময়, ক্ষমতা কিংবা পরিস্থিতির চাপে এই আদর্শ থেকে তিনি কখনো একচুলও সরে আসেননি; এটাই তাঁকে সমসাময়িক বহু নেতার থেকে আলাদা করেছে। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ, দীর্ঘস্থায়ী অসুস্থতা, কারাবাস ও রাজনৈতিক নিঃসঙ্গতা সত্ত্বেও দেশ ও দেশের মানুষের অধিকারের প্রশ্নে তাঁর অবস্থান ছিল অবিচল। তিনি বহুবার স্পষ্ট ভাষায় বলেছেন, তাঁর নিজের পরিচয়, দায়–দায়িত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে যুক্ত। নানা অত্যাচার ও অবিচারের শিকার হয়েও বিদেশিদের সান্ত¡না, নিরাপদ আশ্রয় কিংবা সুবিধাজনক প্রবাসজীবন কখনোই তাঁর কাছে বিকল্প হয়ে ওঠেনি। বরং বারবার উচ্চারণ করেছেন, ‘বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো থাকি’। ‘এদেশের বাহিরে আমার কোন ঠিকানা নেইÑ এদেশ, মাটি, মানুষই আমার শেষ ঠিকানা’। এমন উচ্চারণই তাঁর রাজনৈতিক দর্শন ও অনুশীলনের সারমর্ম হয়ে উঠেছে। একারণেই তিনি বলতে পেরেছিলেন, ‘আমার স্বজনহীন জীবনে দেশবাসীই আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না’।

তাঁর রাজনীতিতে দেশপ্রেম কোনো মৌসুমি স্লোগানের বিষয় ছিল না; বরং তা ছিল একটি ধারাবাহিক নৈতিক অবস্থান। খালেদা জিয়া সবসময়ই দেশের সার্বভৌমত্ব, সাংবিধানিক গণতন্ত্র এবং জাতীয় স্বার্থকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার বিপক্ষে ছিলেন। ক্ষমতায় থাকুন বা না থাকুন, রাষ্ট্রের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা, জনগণের ভোটাধিকার এবং সাংবিধানিক কাঠামোর প্রশ্নে তিনি আপোষের পথ বেছে নেননি। রাষ্ট্রচিন্তার দৃষ্টিতে তিনি সেই ধারারই প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে নেতৃত্ব মানে সুবিধাভোগ নয়, বরং দায়িত্ব বহনের সাহস ও নৈতিক-দায়। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একজন দৃঢ়চেতা, স্পষ্টভাষী ও দেশপ্রেমিক নেত্রীকে হারাল যাঁর কণ্ঠ কখনো দ্বিধাগ্রস্ত হয়নি, দেশ ও জনগণের স্বার্থে যিনি নিজ স্বার্থকে জলাঞ্জলি দিতে কুণ্ঠিত হননি, যাঁর অবস্থান মানুষের কাছে কখনো অস্পষ্ট ছিল না। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে গভীর আদর্শিক বার্তাটি রেখে গিয়েছে, সেটি হলো: রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়; এটি আত্মমর্যাদা, নৈতিক সাহস এবং জাতির স্বার্থে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার নাম। দেশ ও দেশের মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসলে কোনো স্বৈরশাসক কিংবা কোনো বর্হিশক্তির সঙ্গে আপোস করা যায় না। মাথা উঁচু করে দাঁড়ানোর মূল্য যদি কারাবাস, নির্যাতন কিংবা নিঃসঙ্গতাও হয়, ইতিহাস শেষ পর্যন্ত সেই অবস্থানকেই স্বীকৃতি দেয় এবং সম্মান জানায়।

অবিসংবাদিতভাবে বেগম খালেদা জিয়া ছিলেন এমন এক আপোসহীন নেত্রী, যিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য দীর্ঘকাল দেশের রাজনৈতিক পরিসরে সক্রিয় থেকেছেন। তাঁর সমগ্র রাজনৈতিক চর্চায় বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ এবং মানুষের মৌলিক অধিকার- এই তিনটি বিষয়ই কেন্দ্রীয় মূল্যবোধ হিসেবে প্রতিপালিত হয়েছে। ক্ষমতার কেন্দ্র বদলালেও তাঁর অবস্থান বদলায়নি; বরং রাষ্ট্রচিন্তার মৌলিক প্রশ্নে তিনি ছিলেন আদর্শিক, ধারাবাহিক ও সুস্পষ্ট। তিনি সামরিক শাসন, স্বৈরাচার এবং একপাক্ষিক সিদ্ধান্তগ্রহণের রাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি হিসেবে দেখেছেন। গণতন্ত্র তাঁর কাছে ছিল কেবল নির্বাচনী প্রক্রিয়া নয়, বরং নাগরিক মর্যাদা ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার একটি নৈতিক কাঠামো। এই কারণে তিনি বারবার রাষ্ট্রক্ষমতার দলীয় নেতৃত্বে কেন্দ্রীভূত করার বিপরীতে জনগণের ক্ষমতায়নের প্রশ্নটি সামনে এনেছেন, যা তাঁকে শাসক হোক কিংবা বিরোধী, উভয় অবস্থানেই রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে রেখেছে। তারই প্রতিফল ঘটেছে দেশের জনগণের উদ্দেশ্যে তাঁর সর্বশেষ সংযমী উচ্চারণেও, বিশেষ করে স্বৈরশাসকের পলায়নের পর, ‘ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়; ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলে’ জাতিকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মাঝ দিয়ে।

বেগম খালেদা জিয়ার দেশপ্রেমিক মনোবৃত্তি ও রাজনৈতিক আদর্শের স্থিতিশীলতায় দেশকে অটল রাখার প্রচেষ্টাই তাঁকে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী বিরোধী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। বিশেষ করে এমন এক সময়ে, যখন দেশের অভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক সম্পর্ক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো জটিল ও সংকটপূর্ণ পর্যায়ে ছিল, তখন তাঁর আপোসহীনতা অনেকের কাছে বিব্রতকর হলেও দেশের আপামর জনগণের একটি বড় অংশের কাছে তা ছিল আস্থার উৎস। রাজনৈতিক সমাজবিজ্ঞানের মতে, সংকটকালে স্পষ্ট অবস্থান গ্রহণকারী নেতৃত্বই দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্মৃতিতে স্থায়ী হয়ে থাকে। যদিও রাজনীতি কখনোই একমাত্রিক বিচারে মূল্যায়নযোগ্য নয়, তবুও বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, সাংবিধানিক গণতন্ত্রের পক্ষে অবিচল অবস্থান এবং বাংলাদেশি রাজনীতিতে নারীর নেতৃত্বের জায়গা প্রতিষ্ঠার সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি প্রমাণ করেছেন, নারীর নেতৃত্ব কেবল প্রতীকী নয়, বরং রাষ্ট্রীয় সিদ্ধান্ত, জাতীয় স্বার্থ ও রাজনৈতিক সাহসের প্রশ্নে সমানভাবে প্রভাবশালী হতে পারে। এই কারণেই বেগম খালেদা জিয়া কেবল একটি সময়ের রাজনীতিক নন; তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অধিকার, মর্যাদা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়ে থাকা এক অনিবার্য নাম। (সমাপ্ত)

লেখক: ভিজিটিং ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অব রোহ্যাম্পটন, যুক্তরাজ্য। Email: mahruf@ymail.com