সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল গঠনের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলে মনোনিবেশ না করে প্রস্তাবনা দিয়ে বসেছেন, ‘সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা ব্যাংক গঠন করা হোক’, যা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা-কল্পনা। ছোট্ট এই দেশে এমনিতেই ব্যাংকের সংখ্যা অনেক বেশি এবং দেশের অধিকাংশ ব্যাংকই তারল্য সংকটে পড়ে হাবুডুবু খাচ্ছে। হাতেগোনা কয়েকটি ব্যাংকের অবস্থা ভালো অবস্থানে হলেও বেশিরভাগ ব্যাংকের অবস্থা বড়ই নাজুক ও ভঙ্গুর। মানুষের ব্যাংকের প্রতি আস্থা ও বিশ্বাস ক্রমান্বয়ে তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে নতুন ব্যাংকের প্রস্তাবনা কতটা যৌক্তিক, সে প্রশ্ন থেকেই যায়।
বিগত সরকারের সময় থেকেই সরকারি চাকরিজীবীদের দাবি ছিল নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঢেলে সাজানো হোক। যেটি বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আন্দোলনের যেমন জোয়ার বইছিল তেমনি সরকারি কর্মচারীদের নতুন বেতন-ভাতা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল। তাই সরকার গত ২৭ জুলাই ২০২৫ তারিখে ২২ সদস্যের একটি কমিশন গঠন করে, যাদের কাজ হলো, বর্তমান সময়ে বাজার ব্যবস্থা ও অর্থনৈতিক বিচার বিশ্লেষণ করে, একটি নতুন বেতন কাঠামো দাঁড় করানো। কিন্তু এই কমিশন নতুন বেতন কাঠামো নিয়ে কতটুকু বিচার বিশ্লেষণ করছে তা বোধগম্য নয়। তারা তাদের মূল ট্র্যাক বা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে মনোনিবেশ করছে কীভাবে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা ব্যাংক গঠন করা যায় সেদিকে। সরকারি কর্মচারীদের জন্য ব্যাংক প্রতিষ্ঠা করতে কিছু যুক্তি তৈরি করেছেন বেতন কমিশনের প্রভাবশালী সদস্যরা, তা কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও তাঁরা যুক্তি দেখিয়েছেন, ‘পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার-ভিডিপির জন্য আলাদা আলাদা ব্যাংক রয়েছে। ফলে ২০ লাখ সরকারি কর্মচারীর জন্যও একটি ব্যাংক গঠন করা যেতেই পারে। তাঁদের বেতন-ভাতা বাবদ বছরে বরাদ্দ থাকে এক লাখ কোটি টাকার কাছাকাছি’। কিন্তু তারা হয়তো জানেন না, ব্যাংক গঠনের জন্য মিশ্র আমানত দরকার অর্থাৎ স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী আমানতের প্রয়োজন। কিন্তু এথানে এক লাখ কোটি টাকা সম্পূর্ণ টাকার উপযোগিতা শেষ হবে। কে কতটুকু টাকা সঞ্চয় করবে? কর্মচারীদের সচ্ছলভাবে জীবন যাপন না করার কারণেই এই পে স্কেল দেওয়া হচ্ছে। অপরদিকে বিশেষ বাহিনীর বিশেষ বরাদ্দ বা তহবিল থাকে, এক্ষেত্রে কি সে ব্যবস্থা থাকবে? যদি না থাকে তাহলে ব্যাংক গঠন করার অর্থ কি?
তারা আরও যুক্তি তুলে ধরেন, ‘সরকারি কর্মচারীরা বেতন-ভাতা পান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে। এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হলে তাঁদের ব্যাংক হিসাব পাল্টাতে হয়, বেতন-ভাতা পেতে দেরী হয়। শুধু সরকারি কর্মচারীদের ব্যাংক থাকলে এ সমস্যার সৃষ্টি হতো না। ছেলেমেয়ের পড়াশোনা, মেয়ের বিয়ে ইত্যাদি বিষয়ে স্বল্প সুদে ঋণের ব্যবস্থাও থাকবে প্রস্তাবিত সরকারি কর্মচারী ব্যাংকে। এখন যেমন সরকারি কর্মচারীদের বিভিন্ন ব্যাংক থেকে গৃহনির্মাণ ঋণ নিতে হয়, আলাদা ব্যাংক হলে আর এ পেরেশানি পোহাতে হবে না। এমনকি সুদের হারও কম রাখা সম্ভব হবে’। যদি তাই হয় তাহলে রাষ্ট্রায়ত্ত যে চারটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে তার কি প্রয়োজন আছে? প্রয়োজন শুধু সুশাসনের। অপ্রয়োজনে ব্যাংক বাড়িয়ে লাভ কি? যেখানে শহরের অলিতে গলিতে ব্যাংকার পাওয়া যায়, যারা সাধারণ জনগণকে ব্যাংকিং বুঝাছেন। অনেকটা বীমা কোম্পানির মতো। অথচ দেশে এতো ব্যাংক থাকা সত্ত্বেও গ্রামে ব্যাংক ও ব্যাংকার খুঁজে পাওয়া যাবে না। তাদের আরো যুক্তি হলো, ২০১৪ সালে গঠিত কমিশনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন প্রথম প্রস্তাব দিয়েছিলেন যে, সরকারি চাকরিজীবীদের জন্য ‘সমৃদ্ধির সোপান ব্যাংক’ নামক একটি ব্যাংক গঠন করা হোক। সুপারিশটিতে তারা বলেছিলেন, রাজধানীর দৈনিক বাংলা মোড়ের কাছাকাছি থাকা সরকারি জমি থেকে ২০ থেকে ২৫ কাঠা জমি বিক্রি করে একটি ব্যাংক গঠন করা হবে এবং এ প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছিল ৪০০ কোটি টাকা।
সারা বিশ্বে কোথাও কোনো দেশে সরকারি চাকরিজীবীদের জন্য এরকম ব্যাংকিং ব্যবস্থা নেই। অথচ, বাংলাদেশ এ বিষয়ে ইতিহাস গড়তে চাচ্ছে, যেখানে ব্যাংকের প্রতি আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতির চাকা বলতে বোঝানো হয় এই ব্যাংক খাতকে। বর্তমান ব্যাংক খাতের অবস্থা আরো বেশি ভঙ্গুর এবং বিশেষ বাহিনীর জন্য বিশেষায়িত ব্যাংকগুলোর অবস্থা ভালো বা খারাপ কোনটাই প্রতীয়মান নয়। এসব ব্যাংককে রয়েছে নিজস্ব বাহিনীর অর্থ বা বরাদ্দের টাকা, যা অন্য বাণিজ্যিক ব্যাংকে গচ্ছিত। আবার এসব বাহিনীর অনেক সদস্যকে অন্য বাণিজ্যিক ব্যাংক থেকেও ঋণ নিতে দেখা যায়। সুতরাং, যে উদ্দেশ্যে ব্যাংক গঠন করা হয়েছিল সেই উদ্দেশ্য কতটুকু প্রতিফলিত হয়েছে তা অনেকটাই অনুমেয়।
প্রশ্ন হলো, নতুন ব্যাংক তৈরি করার উদ্দেশ্য কী, যেখানে বিদ্যমান ব্যাংকগুলো নিজেদের অস্তিত্ব সংকটে পড়ছে, সেখানে কী করে নতুন ব্যাংক দাঁড়াবে? ২০১৯ ও ২০২০ সাল তথ্য বিশ্লেষণ করে বিশ্ব ব্যাংক ও সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, বাংলাদেশের জিডিপির আকার ছিল ৩২৩ বিলিয়ন ডলার, ভারতের ২ হাজার ৬৬০ বিলিয়ন ডলার, থাইল্যান্ডের ৫০০ বিলিয়ন ডলার এবং মালয়েশিয়ার ৩৩৭ বিলিয়ন ডলার। দেশগুলোর লাইসেন্স প্রাপ্ত দেশীয় ব্যাংকের সংখ্যা ছিল যথাক্রমে বাংলাদেশের ৫২, ভারতের ৩৪, থাইল্যান্ডের ১৮ এবং মালয়েশিয়ার ৮টি (দৈনিক বণিক বার্তা মার্চ ১, ২০২২)। আবার বিশাল অর্থনীতির দেশ চীনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা মাত্র ১২টি। অথচ বাংলাদেশ প্রয়োজনে অপ্রয়োজনে এবং রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য ব্যাংক গঠন করা হয়েছে, যা অনেকটা ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট তৈরিতে প্রভাবিত করেছে। প্রশ্ন হলো, বিগত সরকারের দেখানো পথেই কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলবে?
অনেকেই সমালোচনা করছেন এবং প্রশ্ন তুলছেন জাতীয় বেতন কমিশনে কর্মরত সদস্যদের দক্ষতা ও জ্ঞানের পরিধি নিয়ে। অনেকেই বলছেন, তারা যেহেতু অদূরদর্শী এবং অপরিপক্ব প্রস্তাব দিচ্ছেন, তারা জাতীয় বেতন কমিশনের সদস্য হয়ে ২০ লক্ষ কর্মচারীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। কারণ, তাদের লক্ষ্য হলো বর্তমান বাজার বিশ্লেষণ করে এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে একটি সুন্দর ও সুসংগঠিত বেতন কাঠামো প্রস্তাব করা, যেখানে সবার আশার প্রতিফলন ঘটবে, ঘুচবে সংসারের অভাব অনটন ও দারিদ্র্য। কিন্তু জাতীয় বেতন কমিশন যদি নতুন ব্যাংক প্রস্তাবনা নিয়ে কাজ করে তাহলে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুতি হবে, এটাই স্বাভাবিক। তাই সাধারণ কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের নতুন পে স্কেল নিয়ে দুশ্চিন্তা করেছেন। সরকার অতি শীঘ্রই এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে অথবা নতুন করে কমিশন গঠন করে সুন্দর একটি বেতন কাঠামো দাঁড় করাবেন, সেটাই প্রত্যাশা।
লেখক: ব্যাংকার ও কলামিস্ট aktarrofikul@gmail.com
