বাংলাদেশ দীর্ঘ এক অস্বাভাবিক রাজনৈতিক সময় পার করে আজ একটি গভীর ক্রান্তিকালে উপনীত। দীর্ঘ সময় ধরে ক্ষমতাকেন্দ্রিক শাসনব্যবস্থা, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং ভোটাধিকার সংকোচনের ফলে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে যে ক্ষয় জমে উঠেছিল, তার বহিঃপ্রকাশ আমরা সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরের পর স্পষ্টভাবে প্রত্যক্ষ করছি। এই প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব একটি অবাধ, নিরপেক্ষ ও ইনক্লুসিভ জাতীয় নির্বাচন অনিবার্য। এই নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়; এটি রাষ্ট্রকে পুনরায় স্থিতিশীল ও কার্যকর করার জন্য একটি অনিবার্য রাজনৈতিক প্রয়োজন।
দীর্ঘ সময় ধরে দেশে কার্যত একটি একচ্ছত্র শাসনব্যবস্থা বিদ্যমান ছিল—এমন অভিযোগ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তির পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনেও উঠে এসেছে। এই সময়ে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে, বিরোধী রাজনৈতিক কার্যক্রম সংকুচিত হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রমে দলীয়করণের শিকার হয়েছে। ফলত গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক অধিকার কার্যকর অর্থে স্থগিত অবস্থায় চলে যায়।
এই দীর্ঘ অচলাবস্থার পর ২০২৪ সালে একটি স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটে। এর পরিপ্রেক্ষিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। নৈতিক গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক আস্থার দিক থেকে এই সরকার একটি ইতিবাচক সূচনা করলেও বাস্তবতা হলো—অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে সীমিত ক্ষমতা ও প্রশাসনিক কাঠামোর ওপর নির্ভরশীল।এই সরকারের নৈতিক গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত হলেও একটি মৌলিক সত্য স্পষ্ট—অন্তর্বর্তী সরকার কখনোই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতিতে যে কর্তৃত্বের শূন্যতা তৈরি হয়, তা দীর্ঘ সময় ধরে বহন করা কোনো অন্তর্বর্তী প্রশাসনের পক্ষে সম্ভব নয়।
গত এক বছরে সেই শূন্যতার ফল ক্রমেই স্পষ্ট হয়েছে।রাজনৈতিক নেতৃত্বের শূন্যতায় রাষ্ট্র কার্যত দিকনির্দেশনাহীন হয়ে পড়েছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ভেঙে পড়া পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখনো পুরোপুরি পুনর্গঠিত ও কার্যকর হয়নি। এর ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু অবনতি নয়, বহু ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মব-সন্ত্রাস, তথাকথিত ‘জনবিচার’, জোরজবরদস্তি ও ভয়ভীতির সংস্কৃতি রাষ্ট্রীয় কর্তৃত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন সামাজিক ব্যাধি নয়; এটি রাষ্ট্রীয় শাসন কাঠামো দুর্বল হয়ে পড়ার সরাসরি লক্ষণ।
একই সময়ে অর্থনীতি পড়েছে গভীর অনিশ্চয়তার মুখে। গত এক বছরে শিল্প উৎপাদন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতা লক্ষণীয়। ছোট ও মাঝারি উদ্যোক্তারা বিনিয়োগে পিছিয়ে পড়ছেন। ব্যাংকিং খাতে আস্থার সংকট কমেনি, দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা অপেক্ষমাণ অবস্থানে। কারণ একেবারে পরিষ্কার—রাজনৈতিক বৈধতা ছাড়া কোনো অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে না। অন্তর্বর্তী সরকার যত আন্তরিকই হোক, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার কেবল অলীক কল্পনা। এই প্রেক্ষাপটে সরকার আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং তফসিলও জারি করেছে। এটি নিঃসন্দেহে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত। কিন্তু এই মুহুর্তে জনমনে একটি আশংকা তৈরি হয়েছে—এই নির্বাচন কি আদৌ হতে দেওয়া হবে? কারণ তফসিল ঘোষণার পর থেকেই দেশের ভেতরে কিছু রাজনৈতিক দলের বক্তব্য ও কার্যকলাপে একটি বিপজ্জনক ইঙ্গিত স্পষ্ট—নির্বাচন প্রশ্নবিদ্ধ করো, বিলম্বিত করো, অথবা যেকোনো মূল্যে বানচাল করো।
এটি কোনো আকস্মিক ঘটনা নয়। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয়, প্রতিটি ট্রানজিশন পিরিয়ডে নির্বাচিত সরকার গঠনের মুহূর্তেই দেশি ও বিদেশি নানা স্বার্থান্বেষী শক্তি সক্রিয় হয়ে ওঠে। কেউ চায় ক্ষমতার শূন্যতা দীর্ঘস্থায়ী হোক, কেউ চায় অস্থিতিশীলতার সুযোগে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে। কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে ঘোলা করা হয়, কখনো অর্থনৈতিক আতঙ্ক ছড়ানো হয়, আবার কখনো নির্বাচনকে আগেভাগেই ‘অগ্রহণযোগ্য’ প্রমাণ করার অপচেষ্টা চলে।
এই বাস্তবতায় নির্বাচন বিলম্বিত হওয়া মানে কেবল একটি তারিখ পিছিয়ে যাওয়া নয়; এর অর্থ রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে অনিশ্চয়তা আরও গভীর হওয়া। নির্বাচন যত দেরি হবে, প্রশাসনিক শৈথিল্য তত বাড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভঙ্গুর হবে এবং রাষ্ট্র ও শান্তিবিরোধী শক্তি সেই শূন্যতার সুযোগ নিয়ে সংগঠিত হওয়ার সময় পাবে। এর প্রত্যক্ষ প্রভাব পড়বে অর্থনীতিতে, সামাজিক স্থিতিতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানের ওপর।
এ কথা স্পষ্ট করে বলা প্রয়োজন—এই নির্বাচন কোনো একক রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার প্রশ্ন নয়।এটি রাষ্ট্রকে বাঁচানোর প্রশ্ন। এটি রাষ্ট্রের বৈধতা পুনর্নির্মাণের প্রশ্ন।একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই পারে জনগণের হাতে আবার রাষ্ট্রীয় কর্তৃত্ব ফিরিয়ে দিতে, প্রশাসনকে জবাবদিহির আওতায় এনে কার্যকর করতে এবং সহিংসতা ও ষড়যন্ত্রের রাজনীতিকে পরাজিত করতে।
বাংলাদেশ আজ এক সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই মুহূর্তে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে তার মাশুল দিতে হবে বহু বছর ধরে।ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত না হলে ইতিহাস এর দায় কাউকে ক্ষমা করবে না। তাই সময়ের দাবি একটাই—সব ধরনের ষড়যন্ত্র, সহিংসতা ও অনিশ্চয়তাকে অগ্রাহ্য করে ঘোষিত তফসিল অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করা। গণতন্ত্র ও সুশাসনে ফেরার এই সুযোগ হাতছাড়া হলে তার মূল্য রাষ্ট্রকে বহু বছর ধরে দিতে হবে। জনগনের দ্বারা নির্বাচিত জন প্রতিনিধিত্বশীল সরকার ও গনতন্ত্রের পথে প্রত্যাবর্তনই পারে এই ট্রানজিশন সংকটের ইতি টেনে দেশকে স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে।
লেখক: শেখ আহমেদ ফরহাদ ব্লগার ও এক্টিভিস্ট যুগ্ম আহবায়ক, বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার এশোসিয়েশন
