গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের যেন দুঃখের সীমা নেই। শুধু দুঃখ নয়, তার মাথাব্যথাও তীব্র হয়ে উঠেছে। তার এই দুঃখ ও মাথাব্যাথা তীব্র হয়ে ওঠার কারণ বাংলাদেশ তার হাতছাড়া হয়ে গেছে। তার নাচের পুতুল হাসিনাকে দিয়ে দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে হাতের মুঠোয় রেখেছিল। করদরাজ্যে পরিণত করে বাংলাদেশে তার যত ধরনের চাওয়া ছিল, তা হাসিল করে নিয়েছে। হাসিনাকে দিয়ে তার স্বার্থ হাসিলে বাংলাদেশকে সে যেভাবে ব্যবহার করেছে, তার কোনো অঙ্গরাজ্যকেও এভাবে ব্যবহার করতে পারেনি। যেমন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল, তখন কেন্দ্রের মোদি সরকারের বেশ কিছু প্রজেক্ট বাস্তবায়ন করেনি।
২০১৯ সালে মোদি সরকার রাজ্যটিতে আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্য বিমা চালু করতে চাইলেও মমতা ব্যানার্জির সরকার তা কার্যকর করেনি। এছাড়া ফসল বিমা যোজনা, স্মার্ট সিটি মিশনের মতো প্রকল্পগুলোও করতে দেয়নি। অর্থাৎ, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হলেও কেন্দ্রীয় মোদি সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করেনি। মমতা তার কথা শোনেনি। এমনকি, তিস্তা চুক্তি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের অনুরোধও মমতা রাখেনি। অন্যদিকে, হাসিনা সরকারকে দিয়ে বাংলাদেশে তার এমন কোনো চাওয়া নেই, যা সে আদায় করে নেয়নি। এর অর্থ হচ্ছে, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদি সরকারের কথা না শুনলেও স্বাধীন বাংলাদেশে হাসিনা তার দাসী হয়ে বিনাবাক্যে তার সব হুকুম পালন করেছে। এ থেকে প্রমাণিত হয়, বাংলাদেশ হাসিনার আমলে নামমাত্র স্বাধীন ছিল। ভারতের অঙ্গরাজ্যের চেয়েও খারাপ অবস্থায় ছিল। হাসিনার পতনের পর সঙ্গতকারণেই বাংলাদেশ তার হাতছাড়া হয়ে যাওয়ায়, তার রাগ, ক্ষোভ, দুঃখের অন্ত নেই। সে যেন দিশাহারা হয়ে গেছে। ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছে। নাকগলানোর চেষ্টা করছে। বাংলাদেশের আভ্যন্তরীণ যেকোনো ঘটনা নিয়ে তার পররাষ্ট্রমন্ত্রণালয় নিয়মিত ব্রিফিং করে নানা মন্তব্য করছে।
দুই. হাসিনার পতনের পর বাংলাদেশ এখন আর ভারতের রক্তচক্ষুকে তোয়াক্কা করছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার তার পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’ নিয়ে এগিয়ে চলেছে। পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে নিজ দেশের স্বার্থ আগে, এই নীতি অবলম্বন করছে। যার কাছ থেকে নিজ স্বার্থ বজায় রেখে বেশি পাওয়া যাবে, তার দিকেই হাত বাড়িয়েছে। এটা দেশের মানুষের জানা, ভারত বাংলাদেশ থেকে নেয়া ছাড়া কিছুই দেয় না। বাংলাদেশের কোনো স্বার্থই ভারত রক্ষা করেনি, করবেও না। ফলে বর্তমান সরকার দেশের সর্বোচ্চ স্বার্থ বজায় রেখে ভারতের সাথে ডিল করছে। এতে ভারত চাওয়া মাত্রই পেয়ে যাবে না। পেতে হলে আগে তাকে বাংলাদেশের স্বার্থ ও শর্ত মেনে নিতে হবে। এখন বাংলাদেশ যার কাছ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পাবে, তার দিকেই ধাবিত হচ্ছে।
এক্ষেত্রে, চীন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কমফোর্টেবল দেশ। তার অঢেল অর্থ-সম্পদ রয়েছে এবং বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সহযোগিতাও করে। উন্নয়ন সহযোগী দেশের তালিকায়ও এক নম্বরে রয়েছে। হাসিনা সরকার লুটপাট ও দুর্নীতি করে বাংলাদেশকে যে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া এই ঝুড়ি বিএনপি সরকারকে পূর্ণ করতে হলে, এ সময়ে চীন ছাড়া কোনো গতি নেই। একমাত্র চীনই পারবে এই ঝুড়ি পূর্ণ করে দিতে। ইতোমধ্যে তার কিছু আলামত দৃশ্যমান হয়েছে। চীন-মিয়ানমার-বাংলাদেশ নিয়ে যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীন দিয়েছে, এটি বাস্তবায়িত হলে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।
অর্থনৈতিক উন্নতি-অগ্রগতি যেমন দ্রুত হবে, তেমনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসহ সুদূর ইউরোপ পর্যন্ত সড়ক, রেল, সমুদ্রপথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এতে যে বিপুল ব্যবসা-বাণিজ্য, আমদানি রফতানি ও মানুষের যাতায়াত হবে, তাতে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শক্তিশালী অর্থনীতির কেন্দ্রবিন্দু। সম্প্রতি আইএমএফ তার এক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির পূর্বাভাস দিয়ে বলেছে, আগামী পাঁচ বছর বা ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ সময়ের মধ্যে বাংলাদেশের দেশজ উৎপাদনের (জিডিপি) আকার মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোর অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।
আমরা যদি এই পূর্বাভাসকে বাস্তবে পরিণত করতে চাই, তাহলে প্রশ্নাতীতভাবেই চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন করতেই হবে। এটি বাস্তবায়ন করলে অর্থনীতিতে শুধু মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডকেই বাংলাদেশ ছাড়িয়ে যাবে না, এশিয়ার অর্থনীতি চার টাইগার হিসেবে পরিচিত হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পর বাংলাদেশ পঞ্চম টাইগারে পরিণত হবে। সঙ্গতকারণেই, ভারত এটা চাইবে না। সে নানাভাবে বাধা দিচ্ছে। তার সঙ্গে যুক্তরাষ্ট্রও যুক্ত হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের এই করিডোর না চাওয়ার কারণ চীন। ভূ-রাজনৈতিক কারণে, তথা ইন্দো-প্যাসিফিক রিজিওনে চীনের আধিপত্য ঠেকাতে বাংলাদেশ তাদের জন্য অপরিহার্য। এ অঞ্চলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ফলে তারা চাইবে না, বাংলাদেশ চীনের দিকে বেশি ঝুঁকে যাক। অথচ চীন স্পষ্ট করেই বলে দিয়েছে, অর্থনৈতিক এই করিডোরে ভারতসহ যেকোনো দেশ যুক্ত হতে পারে। এ প্রেক্ষিতে, বাংলাদেশ এখন সুবিধাজনক ‘বার্গেইনিং পয়েন্টে’ রয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র, ভারত ও চীন কেউই বাংলাদেশকে হাতছাড়া করতে চাইবে না। এ অবস্থায়, বাংলাদেশের শুধু প্রয়োজন শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে দেশগুলোর সাথে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নীতি নিয়ে নিজের স্বার্থ হাসিল করা। নিজের স্বার্থ বজায় রেখে দেশগুলোর সাথে লেনাদেনা করা। এই লেনাদেনার মাধ্যমে বাংলাদেশই সবচেয়ে বেশি লাভবান হবে। চীনও তার বিশাল স্বার্থের জন্য বাংলাদেশের পাশে থাকবে। ইতোমধ্যে সে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখে চলেছে। যুক্তরাষ্ট্রের কাছে পোশাক রফতানির সুযোগ পাওয়া ছাড়া তেমন বড় ধরনের কিছু পাওয়ার নেই। আর ভারত প্রতিবেশি ছাড়া বেশি কিছু না। ফলে এই দুই দেশের সাথে নিজ স্বার্থ রক্ষা করে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ছাড়া হুজুর হুজুর করার প্রয়োজন নেই।
তিন. নিবন্ধের শুরুতেই বাংলাদেশ নিয়ে ভারতের মাথাব্যাথার কথা। যতই দিন যাচ্ছে, তার মাথাব্যাথা ও জ্বালাপোড়া বাড়ছে। প্রেসব্রিফিং করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছে। বাংলাদেশ নিয়ে প্রশ্ন ঠিক করে দেয়া তাদের ফরমায়েশখাটা সাংবাদিকরা প্রশ্ন করেন, আর তার উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। যেমন গত ২৮ আগস্ট শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকরা মক্কা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভূক্ত হওয়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের আগ্রহ থাকার কথার সূত্র ধরে জয়সোয়ালকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা সব ঘটনার ওপর ঘনিষ্টভাবে নজর রাখছি।’ এছাড়া রংপুরে এক হিন্দু পরিবারের সদস্যদের খুন হওয়া নিয়ে প্রশ্ন করলে জয়সোয়াল বলেছেন, ‘আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব তার পালন করা উচিৎ।’ অর্থাৎ বাংলাদেশ কি করছে, না করছে এবং অভ্যন্তরে কি ঘটনা ঘটেছে, এ নিয়ে যেন ভারতের মাথ্যাব্যাথার অন্ত নেই। বাংলাদেশ তো তার কোনো বিষয় নিয়ে মাথাঘামায় না, মন্তব্যও করে না। সে কোন জোটে গেল কি গেল না, কিংবা তার অভ্যন্তরে মুসলমানদের হত্যা-নির্যাতন করাসহ নাম নিশানা মুছে ফেলার যে নিরন্তর ঘটনা ঘটছে, এ নিয়ে তো বাংলাদেশ সরকার কোনো নাক গলায় না।
তাহলে, ভারত কেন একেবারে নিয়মিত প্রেস ব্রিফিং করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করবে? সে কি এখনো মনে করে যে, তার দাসী হাসিনার মতো সরকার বাংলাদেশে ক্ষমতাসীন এবং যা বলবে তাই শুনবে? ভারত যদি এখনো হাসিনার দেড় দশকের শাসনামলে পড়ে থাকে, তাহলে বলতে হয়, বাংলাদেশ সম্পর্কে সে বহু পিছিয়ে রয়েছে, কিংবা জেনেও না জানার ভান করে বসে আছে। সে এটা মনে করছে না, বাংলাদেশ আর সেই আগের অবস্থানে নেই। বাংলাদেশ এখন স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেয় এবং যেখানে ও যার সাথে স্বার্থ বেশি, তার সাথে সেই নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এ নীতির প্রতি বাংলাদেশের জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। বিএনপি সরকারও জনগণের এই সমর্থনের উপর দাঁড়িয়ে। কাজেই, বাংলাদেশের আভ্যন্তরীণ সিদ্ধান্ত ও ঘটনা নিয়ে মন্তব্য করে ভারত প্রচ্ছন্নভাবে বাংলাদেশকে ভয় দেখানোর যে পথ অবলম্বন করছে, সে পথ বন্ধ হয়ে গেছে। যেমন করে বন্ধ করে দিয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটানের মতো দেশ। চীন-পাকিস্তানের কথা বাদই থাক। ফলে ভারতের উচিৎ, বাংলাদেশকে নিয়ে মাথা না ঘামিয়ে কীভাবে পারস্পরিক স্বার্থ রক্ষা করে সুপ্রতিবেশিসুলভ আচরণের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেয়া যায়, সেদিকে মনোযোগ দেয়া।
চার. বাংলাদেশের জনগণ এখন আর কারো হুমকি-ধমকি বা দাদাগিরির তোয়াক্কা করে না, বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে। আশার কথা, সরকার দেশের জনগণের এই মনোভাব ধারণ করে এগিয়ে যাচ্ছে বলে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার টিম প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম জনগণের পাল্স বুঝে এগিয়ে যাচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশের জন্য যেটা ভালো হবে, সেভাবেই তারা পররাষ্ট্রনীতি সাজাচ্ছেন। ভারতের অন্যায্য আচরণের যেমন ছাড় দিচ্ছেন না, তেমনি যে দেশ ও যেখানে বা যে জোট বাংলাদেশের জন্য উপকার ও স্বার্থ হাসিল হবে, সেখানে যাওয়ার প্রক্রিয়া অবলম্বন করছেন। বাংলাদেশ এখন স্বাধীনভাবে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারছে। কারো সাথে বৈরিতা নয়, পারস্পরিক স্বার্থভিত্তিক বন্ধুত্ব—এই নীতি নিয়ে চলছে, এটা আশার কথা।
মক্কা চুক্তিতে অংশগ্রহণের ইতিবাচক মনোভাব এবং তাতে যদি যোগ দেয়, তাহলে বাংলাদেশের মর্যাদা বিশ্বে অনেক গুণে বেড়ে যাবে। তবে শুধু মনোভাব দেখালে হবে না, তা বাস্তবায়ন করতে হবে। এতে অনেক বাধা থাকবে, সে বাধা দক্ষ কূটনীতির মাধ্যমে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে, সবচেয়ে বড় অস্ত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতি। এ নীতি বিশ্বের সব দেশ জেনে গেছে এবং এতে কারো আপত্তি করার সুযোগ নেই। তবে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর বাস্তবায়ন নিয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তিস্তা প্রকল্প ও গঙ্গা ব্যারেজ নিয়েও তেমন কথা শোনা যাচ্ছে না। বোঝা যাচ্ছে, পর্দার অন্তরালে ভারত বাধা দিচ্ছে। আগেই বলা হয়েছে, জনগণ এখন আর ভারতকে তোয়াক্কা করছে না। সরকারের শক্তি দেশের জনগণ, তাই এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের কোনো ধরনের হেজিটেশন থাকা উচিৎ নয়। ভারতের যতই বাধা বা জ্বালাপোড়া থাকুক না কেন, তা উপেক্ষা করেই সরকারকে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে, বিরোধীদলেরও সোচ্চার হওয়া এবং সরকারকে সহযোগিতা করা উচিৎ। যতই মতবিরোধ থাকুক, দেশের স্বার্থরক্ষা ও কল্যাণের কমন ইস্যুতে উভয় পক্ষকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।
darpan.journalist@gmail.com
