বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। স্বাধীনতার পর আমরা রাজনৈতিকভাবে মুক্ত হলেও অর্থনৈতিক দিক থেকে দীর্ঘদিন ধরে নির্ভরশীল ও ভোগবাদী কাঠামোর মধ্যে আবদ্ধ থেকেছি। দেশীয় উৎপাদন খাতের পরিবর্তে আমদানিনির্ভর বাজার গড়ে তোলা হয়েছে, যার ফলে কৃষি ও শিল্প দীর্ঘ সময় অবহেলিত থেকেছে। অথচ যে কোনো জাতির টেকসই উন্নয়নের মূল শর্ত হলো উৎপাদনমুখী অর্থনীতি। এই সত্যটি প্রথম উপলব্ধি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বুঝেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা কেবল তখনই অর্থবহ হবে, যখন অর্থনৈতিক স্বনির্ভরতা প্রতিষ্ঠিত হবে। তাই তাঁর হাত ধরেই শুরু হয়েছিল বাংলাদেশের উৎপাদনমুখী অর্থনীতির যাত্রা। আর আজকের প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই নীতিকে আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে বিকশিত করতে চান, যেখানে তথ্যপ্রযুক্তি, বৈশ্বিক প্রতিযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও পরিবেশবান্ধব শিল্পই হবে অর্থনৈতিক মুক্তির চালিকাশক্তি।