দারিদ্র্য মানুষের জন্য এক চরম অভিশাপ। দারিদ্র্য মানবতাকে পশুত্বের পর্যায়ে নিয়ে যেতে পারে। এ জন্য মহানবী (সা.) সবসময় আল্লাহর নিকট এ বলে প্রার্থনা করতেন, ‘হে আল্লাহ্, তুমি আমাদের খাদ্যে বরকত দাও।’ মহানবী (সা.) মানবজাতির সামনে রেখে গেছেন দারিদ্র্য বিমোচনের এক উজ্জ্বল শিক্ষা ও আদর্শ। এ পর্যায়ে দারিদ্র্য বিমোচনে মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ সম্পর্কে কিছু আলোচনা করা হল। মালিকানার ধারণায় পরিবর্তন সাধন: সম্পদের উপর একচ্ছত্র মালিকানা মানুষের ভেতর স্বেচ্ছাচারিতা ও লাগামহীনতার জন্ম দেয়। এই স্বেচ্ছাচারী মানসিকতাই হচ্ছে শোষণের মূল, যা সমাজে দারিদ্র্য বিকাশে সহায়তা করে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পদের উপর মানুষের নিরংকুশ মালিকানার ধারণা রহিত করে শুরুতেই শোষণবাদী মানসিকতার মূলোৎপাটন করেন।
এ ক্ষেত্রে তিনি দু’টি যুগান্তকারী মূলনীতি আল্লাহর পক্ষ থেকে মানুষকে জানিয়ে দেন। প্রথমত, সার্বভৌমত্ব ও মালিকানা কেবল মাত্র আল্লাহরই। সৃষ্টি জগতের কোনো বস্তু, তা যত ক্ষুদ্রই হোক না কেন, মানুষ তার আসল মালিক নয়। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘আকাশম-লী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন...।’ আল্লাহ্ আরও বলেন, ‘আসমান ও যমীনে যা কিছু আছে সমস্ত আল্লাহরই।’ সম্পদ অর্জনের ধারণায় পরিবর্তন সাধন: দারিদ্র্য বিমোচনে মহানবী (সা.) আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি অর্থ-সম্পদ অর্জন সম্পর্কে প্রচলিত ধারণা আমূল বদলে দেন। আবহমান কাল থেকে মানুষ এ ধারণা পোষণ করত যে, ধনার্জনই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য এবং এর মাধ্যমেই তাদের মর্যাদা নির্ধারিত হয়। এ ধারণার পরিবর্তে মহানবী (সা.) ঘোষণা করলেন, অর্থ-সম্পদ মানুষের জৈব জীবনের জন্য অপরিহার্য বটে, তবে তা কখনই মানুষের একমাত্র লক্ষ্যবস্তু নয়। মহানবী (সা.) আল্লাহর পক্ষ থেকে মানুষকে জানিয়ে দেন, ‘তোমাদিগের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর নিকট অধিক মর্যাদাসম্পন্ন যে অধিক মুত্তাকী।’ (৪৯:১৩) এ ঘোষণার পর ধনার্জনের প্রতিযোগিতা স্তিমিত হয়ে পড়ে, বদলে যায় দারিদ্র্য সম্পর্কে মানুষের চিন্তার সূত্র।
কর্মে উৎসাহ দান: সমাজ থেকে দারিদ্র্য দূর করার অন্যতম উপায় হল অবিরত কাজে থাকা। মহানবী (সা.) নিজে সবসময় কাজে ব্যস্ত থাকতেন এবং তাঁর সাহাবীদেরকে কাজে উৎসাহ দিতেন। মহানবী (সা.) শ্রমের মাধ্যমে জীবিকার্জনে অভ্যস্ত ছিলেন আর কাজ করার কারণে তাঁর হাতে ফোস্কা পড়ে যায়। এ হাত দেখিয়ে তিনি বলেন, ‘আল্লাহ্ ও তাঁর রাসূল এরূপ শ্রমাহত হাত খুবই পছন্দ করেন ও ভালবাসেন।’ মহানবী (সা.) সবসময় কাজ করাকে উৎসাহিত করতেন।
তিনি বলেন, ‘হালাল রুজি উপার্জন করা সর্বাপেক্ষা প্রধান কর্তব্য।’ তিনি আরও বলেন, ‘নিজ হস্তে উপার্জিত খাদ্য অপেক্ষা অধিক উত্তম খাদ্য আর কিছুই নেই।’ মহানবী (সা.) বলেন, ‘ইবাদতের সত্তরটি অংশ রয়েছে, তন্মধ্যে সর্বোচ্চ হচ্ছে হালাল রিযিক সন্ধান।’ সাহাবীগণ একদিন মহানবী (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘কোন প্রকারের উপার্জন উত্তম।’ মহানবী (সা.) বললেন, ‘ব্যক্তির নিজ হাতের কাজের বিনিময় বা সুষ্ঠু ব্যবসায় লব্ধ মুনাফা।’ শ্রম নিয়োগের উৎসাহ দিয়ে তিনি বলেন, ‘তোমাদের কেউ রশি নিয়ে গিয়ে জঙ্গল হতে কাঠ কেটে স্বীয় পিঠের উপর বহন করে নিয়ে আসলে আল্লাহ্ তাকে সে ভিক্ষাবৃত্তি হতে রক্ষা করবেন, যাতে কিছু পাওয়া না পাওয়ার নিশ্চয়তা নেই।’ তিনি আরও বলেন, ‘ফজর নামায পড়ার পর জীবিকার্জনে লিপ্ত না হয়ে ঘুমিয়ে থেকো না।’ মহানবী (সা.) নিজে ব্যবসা করতেন এবং বকরী চরাতেন। বস্তুত শুধু মহানবী (সা.)-ই নয়, হযরত দাউদ (আ.), হযরত আদম (আ.), হযরত নূহ (আ.), হযরত ইদ্রীস (আ.) ও হযরত মূসা (আ.)-সহ সকল নবী-রাসূলই কাজ করতেন। মহানবী এমনিভাবে অনবরত কাজ করার জন্য উৎসাহ দানের মাধ্যমে তাঁর সমাজের লোকদের দারিদ্র্য নিরসনে ব্যাপক ভূমিকা রাখেন। কর্মসংস্থানের অধিকার সংরক্ষণ: দারিদ্র্যের অন্যতম কারণ বেকারত্ব। কোন সমাজেই বেকার থাকাবস্থায় দারিদ্র্য নিরসন সম্ভব নয়। এ জন্যই মহানবী (সা.) সকল মানুষের কর্মসংস্থানের অধিকারের কেবল স্বীকৃতিই দেননি, বরং তা নিশ্চিতও করেছেন। বস্তুত এ অধিকারের ক্ষেত্রে সকল মানুষ সমান অংশীদার এবং এটি একটি মানবাধিকারও বটে। কোন মানুষকেই তার এ জন্মগত অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এ ক্ষেত্রে অন্যায়ভাবে একজন অন্যজনের উপর প্রাধান্যও পেতে পারে না। মদীনারাষ্ট্রে মহানবী (সা.) এ অধিকার লাভের সুযোগ সকলের জন্য সমভাবে উন্মুক্ত করেছিলেন। এর ফলে সকল মানুষই দক্ষতাবলে অর্থ উপার্জন করে বিত্তবান হতে পারত। অবশ্য নিজের অক্ষমতার কারণেও অনেকে সচ্ছলতা হারাত, কিন্তু তাই বলে কোন লোককেই তার মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত হতে হত না। স্বীয় দক্ষতার পরীক্ষায় কেউ ব্যর্থ হলে সে রাষ্ট্রীয়ভাবে তার মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থাদি পাকাপোক্ত দেখতে পেত। ফলে কারুরই দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হবার সম্ভাবনা ছিল না। শ্রমিকের মর্যাদা ঘোষণা : সাধারণত সমাজের দরিদ্র শ্রেণিই অর্থাভাবে শ্রমিকের কাজ করে থাকে। পুঁজিপতি ও শিল্পপতিদের দ্বারা তারা হয় শোষিত, নির্যাতিত। যথাযথ পারিশ্রমিকের অভাবে তারা দিনের পর দিন অতিবাহিত করে অনাহার অর্ধাহারে। দারিদ্র্য হয়ে পড়ে তাদের জীবনের সঙ্গী। শ্রমিক শ্রেণিকে এ অনিবার্য দারিদ্র্যের হাত থেকে রক্ষার জন্য মহানবী (সা.) সকলকেই ভাই ভাই বলে ঘোষণা করেছেন। তিনি নিজেও শ্রমিক বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। শ্রমিকদের মর্যাদার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘শ্রমজীবী ও উপার্জনকারী আল্লাহর বন্ধু।’ অধীনস্থ শ্রমিক ও দাস-দাসীর প্রতি ভালো ও সমান ব্যবহারের তাকিদ দিয়ে মহানবী (সা.) বলেন, ‘তোমরা যা খাবে তোমাদের অধীনস্থদের তাই খেতে দেবে এবং তোমরা যা পরবে তাদেরকে তাই পরতে দেবে।’ মহানবী (সা.) শ্রমিককে মালিকের সমান মর্যাদাবান ঘোষণা করে বলেন, ‘এমন হওয়া অস্বাভাবিক নয় যে, মর্যাদায় মালিকের তুলনায় শ্রমিকই শ্রেষ্ঠ। এটাও অসম্ভব নয় যে, অধীনস্থ দাসের ক্রিয়াকর্ম আল্লাহর কাছে অধিক পছন্দনীয়।’ শ্রমিকদের নিরাপত্তা প্রশ্নে তিনি বলেন, ‘শ্রমিককে এমন কাজ করতে বাধ্য করা যাবে না, যা তাদেরকে অক্ষম ও অকর্মণ্য বানিয়ে দেবে।’ তিনি আরও বলেন, ‘তাদের উপর অতখানিই কর্মের চাপ দেওয়া যেতে পারে, যতখানি তাদের সামর্থ্যে কুলায়।’ শ্রমিকদের শোষণের হাত থেকে রক্ষা করার জন্য তিনি ঘোষণা করেন, ‘শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার প্রাপ্য মিটিয়ে দাও।’ তিনি আরও বলেন, ‘মজুরি নির্ধারণ না করে শ্রমিক নিয়োগ করবে না।’ তাঁর মতে, ‘মজুর-শ্রমিক-ভৃত্যদের যথারীতি খাদ্য ও পোশাক দিতে হবে।’ উৎপদিনের মুনাফায় শ্রমিকের অংশ দান: শ্রমিক ও কর্মচারীদের আর্থিক দৈন্য লাঘবের জন্য মহানবী (সা.) মুনাফায় শ্রমিকের অধিকারের স্বীকৃতি দিয়ে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেন। তাঁর প্রবর্তিত নীতি অনুযায়ী শ্রমিকদের খাওয়া, পরা বা বাসস্থান কিছুতেই মালিকের জীবন যাত্রার মানের নিচে নামতে পারবে না। ও রাসূল (সা.) ঘোষণা করেছেন, ‘শ্রমিকগণকে তাদের উৎপাদিত পণ্য থেকে অংশ প্রদান কর। কারণ, আল্লাহর বান্দা এ শ্রমিকদের কিছুতেই বঞ্চিত করা যাবে না।’ মহানবী (সা.) আরও বলেন, ‘তিন ধরনের ব্যক্তির বিরুদ্ধে আমি অভিযোগ করব। তাদের মধ্যে একজন হল সে, যে শ্রমিক খাটিয়ে নিজের কাজ পুরোপুরি আদায় করে নেয়ার পর শ্রমিকের মজুরি পরিশোধ করে না।’ শ্রমিকশ্রেণির দারিদ্র্য বিমোচন ও তাদের অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে মহানবী (সা.)-এর ঘোষণাটি যুগান্তকারী। সুদ রহিতকরণ: সুদ সমাজ শোষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সুদের কারণেই সমাজে দরিদ্র শ্রেণি আরও দরিদ্র এবং ধনী শ্রেণী আরও ধনবান হয়। দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষ প্রয়োজনের সময় সাহায্যের কোনো দরজা খোলা না পেয়ে সুদের উপর ঋণ গ্রহণে বাধ্য হয়। সুদের টাকা ফেরত দেয়ার বাধ্যবাধকতার কারণে ঋণ গ্রহীতাকে অনেক সময় স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রয় করে হলেও সুদসহ আসল টাকা পরিশোধ করতে হয়। এর ফলে অপ্রতিহত গতিতে বেড়ে চলে দারিদ্র্য। মহানবী (সা.)-এর আবির্ভাবকালীন আরব সমাজে এমনিতর চক্রবৃদ্ধিহারে সুদের প্রচলনের কথা জানা যায়। সুদের এই ভয়াবহ ও ঘৃণ্য কুফল থেকে মানবতাকে রক্ষার জন্য মহানবী (সা.) আল্লাহর বিধান অনুযায়ী সুদকে নিষিদ্ধ করে বিনিয়োগ ও উৎপাদনকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। সুদ নিষিদ্ধ হওয়ার ফলে অর্থবণ্টন ব্যবস্থায় সুসামঞ্জস্য ও ভারসাম্যের সৃষ্টি হয়। মদীনার সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত হওয়ায় সুদজনিত মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মন্দা ও অস্থিতিশীলতা থেকে অর্থব্যবস্থা রক্ষা পায় এবং বিনিয়োগ ও উৎপাদনে সুস্থ পরিবেশ বজায় থাকে। সুদের মাধ্যমে সৃষ্ট শোষণ ও বৈষম্যের অবসান ঘটে। ভোক্তাগণ সুদজনিত ব্যয় থেকে রেহাই পায়, তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ে। (চলবে)
লেখক: কবি ও কলামিস্ট।
