১৯৫২ সালের সেই অগ্নিঝরা ফেব্রুয়ারিতে যখন রাজপথ লাল হয়েছিল, তখন জন্ম নিয়েছিল এক অদম্য সত্য- বাংলা শুধু উচ্চারণের শব্দ নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অনিবার্য শিকড়, আমাদের অস্তিত্বের অনির্বাণ শ্বাস। প্রতি একুশের প্রভাতে বাতাসে ভেসে আসে সেই অঙ্গীকারের গন্ধ; শহীদের রক্ত যেন এখনো কাঁপিয়ে তোলে আমাদের বিবেক। ইতিহাসের এই গৌরবময় উত্তরাধিকার বুকে ধারণ করেও আমরা এক গভীর বৈপরীত্যের মুখোমুখি। ভাষা আন্দোলনের সাত দশক পেরিয়েছে, স্বাধীনতার অর্ধশতাব্দীও অতিক্রান্ত। কিন্তু যে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করা হয়েছিল, সেই বাংলা এখনো উচ্চতম বিচারালয়ে পূর্ণ মর্যাদায় আসন পায়নি।
আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে আজও যেন মাতৃভাষা অপেক্ষমাণ নিজের ঘরেই অচেনা এক অতিথি।\r\nনিম্ন আদালতের কিছু প্রাঙ্গণে বাংলার ক্ষীণ স্বর শোনা গেলেও উচ্চ আদালতের অঙ্গনে ইংরেজির দৃঢ় প্রাচীর এখনো অটুট। ফলে ন্যায়বিচার অনেক সময় সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে দূরবর্তী ও দুর্বোধ্য এক অচেনা ভাষার আবরণে আবদ্ধ। যে মানুষ বাংলায় কাঁদে, বাংলায় স্বপ্ন দেখে, বাংলায় তার জীবনের গল্প রচনা করে, সে-ই আদালতের দ্বারে এসে নিজের কথা নিজের ভাষায় উচ্চারণের অধিকার থেকে বঞ্চিত হয়। অথচ আদালতই তো মানুষের শেষ আশ্রয়, শেষ ভরসা। বিচারপ্রার্থীর কণ্ঠ থেকে বিচারকের রায়- সবই ভাষার সেতু পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। যদি সেই সেতুই হয় অপরিচিত, তবে ন্যায়বিচারের আলোও অনেক সময় ম্লান হয়ে পড়ে।
মাতৃভাষা যেখানে নির্বাসিত, সেখানে বিচারও পূর্ণতা পায় না। আর যে জাতি রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে, তার বিচারালয়ে মাতৃভাষার পূর্ণ প্রতিষ্ঠাই হওয়া উচিত সেই আত্মত্যাগের প্রকৃত সম্মান।\r\nএকুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে, শিখিয়েছে নিজের ভাষার জন্য লড়তে। সেই চেতনার বাস্তবায়ন তখনই হবে, যখন বিচারালয়ের প্রতিটি প্রাঙ্গণে বাংলা হবে ন্যায়বিচারের ভাষা। যখন সাধারণ মানুষ নিজের ভাষায় বুঝবে নিজের অধিকার, নিজের রায়, নিজের ভবিষ্যৎ। মাতৃভাষায় রায় উচ্চারিত হলে ন্যায়বিচার মানুষের হৃদয়ের আরও কাছে পৌঁছে যায়। মামলার বাদী-বিবাদী সহজেই রায়ের সারমর্ম উপলব্ধি করতে পারে। পরবর্তী করণীয়ও নির্ধারণ করা সহজ হয়। বাস্তবে অধস্তন আদালতে আরজি, জবাব, আপত্তি, নালিশ, আদেশ ও রায় অধিকাংশ ক্ষেত্রেই বাংলায় রচিত হচ্ছে।
অথচ বিস্ময়ের বিষয়, ন্যায়বিচারের সর্বোচ্চ প্রাঙ্গণে উঠলেই সেই বাংলা হারিয়ে যায় ইংরেজির ছায়ায়। উচ্চ আদালতে যখন ইংরেজি ভাষায় রায় ঘোষণা হয়, তখন সেই রায়ের ভাষা সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে দুর্বোধ্য। রায়ের অন্তর্নিহিত যুক্তি, সিদ্ধান্তের কারণ সবকিছুই অচেনা ভাষার আড়ালে চাপা পড়ে। ফলে বিচারপ্রার্থী মানুষ নিজের মামলার ফল জানলেও তার অর্থ ও প্রভাব হৃদয় দিয়ে বুঝতে পারে না।\r\nঅথচ বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে ঘোষণা করেছে বাংলা ই এই প্রজাতন্ত্রের একমাত্র রাষ্ট্রভাষা। সাংবিধানিক চেতনাকে বাস্তবে রূপ দিতে এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে ১৯৮৭ সালে প্রণীত হয় বাংলা ভাষা প্রচলন আইন। এর পর থেকে দেশের নতুন আইন, অধ্যাদেশ, বিধি-বিধান ও প্রজ্ঞাপন বাংলাতেই রচিত হতে থাকে।
কিন্তু সেই আশার আলো অচিরেই ম্লান হয়ে যায়। ১৯৯১ সালে মো. হাসমত উল্লাহ বনাম আজমেরি বিবি মামলার মাধ্যমে বাংলা ভাষা প্রচলন আইনের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে। অধস্তন আদালত ইংরেজিতে দাখিল করা আপত্তি প্রত্যাখ্যান করলে বিষয়টি গড়ায় হাইকোর্ট বিভাগে। শুনানি শেষে বিচারপতি এ আর এম আমীরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ এম মাহমুদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রায় দেন, যা কার্যত বাংলার পথচলাকে সংকুচিত করে দেয়।\r\nযদিও আদালত সরাসরি বাংলা ভাষা প্রচলন আইনকে অসাংবিধানিক ঘোষণা করেননি, তবে দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ইংরেজি ব্যবহারের সুযোগ বহাল রেখে অধস্তন আদালতে ইংরেজি ভাষার ব্যবহারকে বৈধ বলে স্বীকৃতি দেন।
ফলে বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭ থাকা সত্ত্বেও আদালতের কার্যক্রম ইংরেজিতে চলার দরজা খোলা থেকে যায়। বিস্ময়ের বিষয়, এই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে কোনো আপিল বা পুনর্বিবেচনার উদ্যোগও নেওয়া হয়নি।\r\nআইনে স্পষ্টভাবে বলা হয়নি যে, অন্য সব আইনের ঊর্ধ্বে উঠে এই আইনের বিধান কার্যকর হবে। এই দুর্বলতার সুযোগেই বাংলা ভাষা আদালতে পূর্ণ বাস্তবায়নের পথে বাধাগ্রস্ত হয়। ফলে যে আইনটি বিচারালয়ে বাংলার বিস্তারের হাতিয়ার হওয়ার কথা ছিল, তা অনেকটাই পরিণত হয় কাগুজে ঘোষণায়। পরবর্তীতে ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ আইন কমিশন আদালতের সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের সুপারিশ করে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সেই সুপারিশ আজও নথির ভেতর বন্দি, বাস্তবের আলো দেখেনি।
২০১২ সালে হাইকোর্ট বিধিমালা, ১৯৭৩ সংশোধনের মাধ্যমে বিচারালয়ের ভাষার দুয়ার খানিকটা খুলে যায়। সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে বাংলা ও ইংরেজি- উভয় ভাষা ব্যবহারের পথ সুগম হয়। বাংলা ভাষায় মেমো অব আপিল, আবেদনপত্র দাখিল বা বিজ্ঞ বিচারপতিদের রায় লেখায় আর কোনো আনুষ্ঠানিক প্রতিবন্ধকতা রইল না। যদিও বাস্তবে দেখা যায়, ইংরেজির পাশে বাংলা রায়ের উপস্থিতি শুরু হলেও সংখ্যা এখনো হাতেগোনা।\r\nস্বাধীনতার পর দীর্ঘদিন উচ্চ আদালতের ইতিহাসে বাংলা ছিল প্রায় অনুপস্থিত। ১৯৯০ সালের পূর্বে হাইকোর্ট বিভাগে কোনো মামলার রায় বাংলায় প্রকাশিত হয়নি। অবশেষে ১৯৯০ সালে, স্বাধীনতার ১৮ বছর পর বিচারপতি এ আর এম আমীরুল ইসলাম চৌধুরী প্রথমবারের মতো আদালতের কার্যক্রমে বাংলার ব্যবহার শুরু করেন, যা ছিল সাহসী পথচলার সূচনা।
এরপর ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি বিচারপতি কাজী এবাদুল হক ও বিচারপতি মো. হামিদুল হকের দ্বৈত বেঞ্চ নজরুল ইসলাম বনাম রাষ্ট্র মামলায় বাংলায় রায় প্রদান করেন। সেই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, ছিল বিচারালয়ে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার ঐতিহাসিক নজির। ঢাকা ল রিপোর্টে প্রকাশিত সেই রায় আজও অনন্য দৃষ্টান্ত।\r\nদুঃখজনকভাবে সেই আলোর পথ আবার দীর্ঘ সময়ের জন্য অন্ধকারে ঢাকা পড়ে। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাইকোর্ট বিভাগে আর কোনো রায় বাংলায় হয়নি। হিসাব করলে দেখা যায়, ১৯৭২ থেকে ১৯৯৭ পর্যন্ত পঁচিশ বছর এবং ১৯৯৯ থেকে ২০০৬ পর্যন্ত আরও সাত বছর, মোট ৩২ বছর উচ্চ আদালতে বাংলায় বিচারপ্রদান কার্যত স্তব্ধ ছিল। ২০০৭ সাল থেকে কিছু সাহসী উদ্যোগ আবার বাংলাকে ফিরিয়ে আনে বিচারালয়ের পরিসরে।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ কয়েকজন বিচারপতি স্বতঃপ্রণোদিত হয়ে বাংলায় রায় দিতে শুরু করেন। ২০০৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের মে পর্যন্ত প্রায় চার শতাধিক দেওয়ানি, ফৌজদারি ও রিট মামলায় বাংলায় রায় প্রদান করা হয়, যা আশার নতুন অধ্যায় রচনা করে। পরবর্তীতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী, বিচারপতি এম. ইনায়েতুর রহীম, বিচারপতি শেখ মো. জাকির হোসেনসহ আরও কয়েকজন বিচারপতি ধারাবাহিকভাবে বাংলায় রায় প্রদান করছেন। গত বছর ভাষার মাস ফেব্রুয়ারি ও আপিল চেম্বারেও কয়েকজন বিচারপতি বাংলায় আদেশ ও রায় ঘোষণা করেছেন মাতৃভাষার প্রতি এক অনন্য শ্রদ্ধা নিবেদন।\r\nনিঃসন্দেহে আন্তর্জাতিক যোগাযোগ ও জ্ঞানচর্চায় ইংরেজির গুরুত্ব অপরিসীম।
বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বিদেশি ভাষা শেখা, সেই ভাষায় প্রকাশিত গবেষণা ও আইন অধ্যয়ন করা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। কিন্তু সেই বাস্তবতার পাশাপাশিই মনে রাখতে হবে বিচারপ্রার্থী দেশের বিশাল জনগোষ্ঠীর কাছে ন্যায়বিচার তখনই অর্থবহ হয়, যখন তা তাদের বোধগম্য ভাষায় পৌঁছায়। কাজেই আদালতের ভাষা ইংরেজির পাশাপাশি বাংলায় সুপ্রতিষ্ঠিত করা সময়ের দাবি। সংশ্লিষ্ট সবার সদিচ্ছা ও উদ্যোগই পারে একুশের চেতনার আলো বিচারালয়ের প্রতিটি প্রাঙ্গণে ছড়িয়ে দিতে, যেখানে ন্যায়বিচার কথা বলবে মানুষের নিজের ভাষায়।\r\nআদালতে বাংলার ব্যবহার নিয়ে কথা উঠলেই আশার আলো যেমন জ্বলে ওঠে, তেমনি সামনে আসে প্রতিবন্ধকতার দেয়াল।
দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে ভাষার অস্পষ্ট বিধান, বাংলা ভাষা প্রচলন আইনের প্রয়োগে দুর্বলতা, বাংলা গ্রন্থ ও অনুবাদের অভাব, আইনি পরিভাষার অপ্রতুলতা, ইংরেজিতে নজিরের প্রাধান্য, রায়ের বোধগম্যতার সীমাবদ্ধতা, নিম্ন আদালতের প্রশিক্ষিত জনবলের অভাব-এসবই আদালতে বাংলার বিস্তারে বড় বাধা। তবুও এই সীমাবদ্ধতাগুলো কোনো অজুহাত নয়। সদিচ্ছা, পরিকল্পিত উদ্যোগ ও সাংগঠনিক সংস্কারের মাধ্যমে এগুলো অতিক্রম করাই একুশের চেতনার প্রকৃত প্রয়োগ।\r\nবিচারক ও আইনজীবী একে অপরের পরিপূরক। তাদের মিলিত দায়িত্ব হলো এমন পরিবেশ তৈরি করা, যেখানে বিচারপ্রার্থী সহজে ও স্বচ্ছভাবে ন্যায়বিচার পেতে পারেন। আদালতের ভাষা নির্ধারণে তাঁদের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিচারকের কর্তব্য শুধুই আইন প্রয়োগ নয়, এটি নৈতিক দায়বদ্ধতা, সংবিধান ও আইনের আদর্শ অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব। উচ্চ আদালতে বাংলার ব্যবহার আইনগতভাবে স্বীকৃত হলেও বাস্তবায়ন বিচারকদের আগ্রহ, আন্তরিকতা ও সুবিবেচনার ওপর নির্ভর করছে। তাদের সাহস ও উদার দৃষ্টি মাতৃভাষাকে আদালতের প্রতিটি কক্ষে সমানভাবে প্রতিষ্ঠিত করতে পারে।\r\nঅনেকে মনে করেন, যদি উচ্চ আদালতে বাংলা বাধ্যতামূলক করা হয়, তবে আইন পেশার মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু প্রকৃতপক্ষে পেশার সম্মান নির্ধারিত হয় ব্যক্তির জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা ও বিশ্লেষণ ক্ষমতার দ্বারা, ভাষার দ্বারা নয়। ভাষা শুধু মাধ্যম ন্যায়বিচারের মান নয়। তাই মাতৃভাষায় রায় দেওয়াই ন্যায়বিচারের প্রসার ও পেশার মর্যাদা দৃঢ় করে।
আদালতের ভাষা শুধু একটি মাধ্যম নয়; এটি বিচার কার্যক্রমের প্রাণ, ন্যায়বিচারের ধারাকে প্রবাহিত করে। যখন রায় মানুষের নিজের ভাষায় বাংলায় প্রদত্ত হয়, তখন আইন শুধু কাগজে সীমাবদ্ধ থাকে না, এটি নাগরিকদের জীবনের সঙ্গে মিলেমিশে পৌঁছায়। ভাষা যদি দুর্বোধ্য হয়, অধিকারও দূরের থাকে।\r\nবাংলায় আইন গ্রন্থের সংখ্যা কম হতে পারে, অনুবাদের অভাব থাকতে পারে, কিন্তু এ সমস্ত সীমাবদ্ধতা কখনই মাতৃভাষা ব্যবহারের পথে অন্তরায় হতে পারে না। বাংলা ব্যবহার সাধারণ জনগণের সাংবিধানিক অধিকার, যা ভাষা আন্দোলনের রক্তঝরা ইতিহাস এবং মুক্তিযুদ্ধের অমোঘ চেতনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ন্যায়বিচার যেন সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও প্রাণবন্ত হয়, তা নিশ্চিত করতে আদালতে বাংলার পূর্ণ প্রচলন এখন নিতান্ত জরুরি। প্রতিটি আদালতের কক্ষে বাংলাকে প্রধান ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা মানে শুধু ভাষার মর্যাদা নয়, এতে আইন জীবন্ত হয়ে ওঠে, নাগরিকের স্বপ্ন ও আশা স্পন্দিত হয়, আর একুশের চেতনা বাস্তব রূপে উজ্জ্বল হয়ে ওঠে। সময় এসেছে বাংলা যেন আদালতের প্রতিটি প্রাঙ্গণে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়, যেন সেই মর্যাদা হয়ে ওঠে আমাদের সংগ্রামের সোনালি সোপান, আমাদের আত্মপরিচয়ের অমোচনীয় প্রতীক।\r\nলেখক : আইনজীবী ও গবেষক
