সমকাল অনলাইনে বৃহস্পতিবারের প্রতিবেদন অনুসারে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিলিন্ডার (এলপিজি) বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের যে ঘোষণা এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড দিয়েছিল, সেখান থেকে তারা সরে এসেছে। কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল সংগঠনটি। বস্তুত এলপিজি নিয়ে যে নৈরাজ্য চলছে, তাদের ধর্মঘট ডাকা ও প্রত্যাহার তারই উদাহরণ। প্রাকৃতিক গ্যাস সংকটে রান্না ও গৃহস্থালি কাজে দেশের মানুষের কাছে এলপিজি যেন বিকল্পহীন বিকল্প। বলাবাহুল্য, এলপিজির দাম কিন্তু বেড়েই চলেছে। তারপরও কেন তাদের আন্দোলন? তা ছাড়া সরকার বলে এক দাম, বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সরকার বলে, মজুত ও সরবরাহে ঘাটতি নেই। বাজার বলে, ‘গড়ের মাঠ’। এলপিজি সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে দেখা যাচ্ছে তুঘলকি কাণ্ড। এটি সরকারের নীতিগত ও ব্যবস্থাপনাজনিত ব্যর্থতার ফল।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এলপিজির দাম একাধিকবার বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আন্তর্জাতিক বাজারের সৌদি কন্ট্রাক্ট প্রাইস অনুসরণ করে প্রায় প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে যেখানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৯৫০ থেকে এক হাজার টাকার মধ্যে, সেখানে ধাপে ধাপে তা এখন ১৩শ টাকা ছাড়িয়ে গেছে। সর্বশেষ দফায় ৪ জানুয়ারি প্রতি সিলিন্ডারে (১২ কেজি) ৫৩ টাকা বাড়িয়ে দাম এক হাজার ৩০৬ টাকায় উন্নীত করা হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়েই তিন থেকে চার দফা দাম বেড়েছে। এই দাম কাগজ-কলমেই সীমাবদ্ধ। সমকালের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকায় সরকারি দামের চেয়ে ৪০০ থেকে ১২শ টাকা বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৮০০ থেকে দুই হাজার ৪০০ টাকায় বিক্রির অভিযোগও রয়েছে। অর্থাৎ দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট, যার পুরো দায় এসে পড়ছে ভোক্তার ঘাড়ে।
আইন অনুযায়ী এলপিজির দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির। আন্তর্জাতিক বাজারদর, ডলারের বিনিময় হার, আমদানি ও পরিবহন খরচ বিবেচনা, সঙ্গে ভ্যাট ও অন্যান্য ফি যোগ করে মাসিক ভিত্তিতে দাম নির্ধারণ করার কথা। তাত্ত্বিকভাবে এটি এক স্বচ্ছ প্রক্রিয়া। বাস্তবে বিইআরসি নিজেই স্বীকার করেছে, খুচরা বাজারে নির্ধারিত দাম বাস্তবায়নের কার্যকর ক্ষমতা তাদের নেই। ফলে একদিকে কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণ হচ্ছে, অন্যদিকে মাঠ পর্যায়ে চলছে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন বাজার। এই ফাঁকফোকরেই গড়ে উঠেছে সিন্ডিকেট, মজুতদারি ও অতিরিক্ত মুনাফার সংস্কৃতি।
এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের অবস্থা বেশ নাজুক ও অস্বস্তিকর। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও অনেক উন্নত দেশ এলপিজির ভোক্তামূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করে থাকে। ভারতে এলপিজিকে সামাজিকভাবে সংবেদনশীল পণ্য হিসেবে বিবেচনা করা হয়। সেখানে সরকার সরাসরি দাম নির্ধারণ করে এবং গৃহস্থালি গ্রাহকদের জন্য ভর্তুকি অব্যাহত রাখে। ফলে দাম বাড়লেও তা হয় ধীরে এবং দীর্ঘ বিরতিতে। বর্তমানে ভারতের বহু শহরে ১৪ কেজি সিলিন্ডারের দাম বাংলাদেশি টাকায় ৯০০ থেকে এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে ইউরোপ ও উন্নত দেশগুলোতে এলপিজি পুরোপুরি বাজারভিত্তিক হলেও সেখানে মানুষের আয় ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে দামের সামঞ্জস্য রয়েছে। বাংলাদেশে দাম প্রায় বাজারভিত্তিক হলেও মানুষের আয় সেই বাজারের উপযোগী নয়। তা ছাড়া এলপিজি বাংলাদেশে অনেকটা আমদানিনির্ভর। এসব বিষয় এ সংকটের কারণ।
সরকার ও ব্যবসায়ীরা প্রায়ই বৈশ্বিক সংকটের কথা বলে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, ডলার সংকট; সবই বাস্তব। তবে সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্লেষণ বলছে, এমন সময়ও দেশে এলপিজির দাম বেড়েছে, যখন আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল ছিল বা কমেছে। এতে স্পষ্ট হয়, সংকটের বড় অংশই ঘরোয়া– দুর্বল বাজার তদারকি, আমদানি ও মজুত ব্যবস্থাপনার ঘাটতি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য।
গত ১১ অক্টোবর এক সভায় জ্বালানি উপদেষ্টা বলেছেন, ‘এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকার মধ্যে হওয়া উচিত।’ ওই কথার বাস্তব প্রয়োগ কোথায়? ওই সভায় তিনি বাজার মনিটরিং জোরদারের আশ্বাসও দিয়েছিলেন। প্রকৃত চিত্র ভিন্ন। মোবাইল কোর্টের ঘোষণা থাকলেও তা নিয়মিত নয়। ফলে ভোক্তার ভোগান্তি কমছে না, বরং পাল্লা দিয়ে বাড়ছে। এলপিজি গ্যাস আর বিলাসী পণ্য নয়; এটি এখন নিত্যপ্রয়োজনীয়। তাই এর দাম নির্ধারণে শুধু আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। উন্নত দেশের মতো এ ক্ষেত্রে মানুষের আয়, জীবনযাত্রার ব্যয় এবং সামাজিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে। শক্ত বাজার তদারকি, সিন্ডিকেট ভাঙা, খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের কঠোর বাস্তবায়ন, প্রয়োজনে সীমিত ভর্তুকি– সমন্বিত পদক্ষেপ ছাড়া এ সংকট কাটবে না।
সংবিধানে আমাদের জীবন ও জীবন ধারণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ‘গ্যাস’ জীবন ধারণের অপরিহার্য উপাদান ‘খাদ্য প্রক্রিয়াজাতকরণ’-এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এটা আমাদের বেঁচে থাকার অন্যতম অনিবার্য অনুষঙ্গ। তাই ‘গ্যাস সংযোগ’ বা সুলভ মূল্যে ‘গ্যাস’ পাওয়াটা শুধু নাগরিক অধিকার নয়; এটা জনগণের মৌলিক অধিকার। অথচ সেই গ্যাস সংযোগের দরজা দীর্ঘদিন বন্ধ। আনুষ্ঠানিকভাবে বন্ধ আজ প্রায় ছয় বছর। চলমান সংকট নিরসনে ওই দরজা খোলা এখন খুবই জরুরি। জীবন বাঁচাতে বিকল্প হিসেবে যে এলপিজি গ্যাসে অসহায় জনগণ আশ্রয় খুঁজছে, সেই গ্যাসের দাম ও সরবরাহ নিয়ে চলছে উদ্ধারহীন হয়রানি ও নৈরাজ্য। সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়? এই নৈরাজ্য ঠেকাবে কে?
আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট aftabragib2@gmail.com
