শীত আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ঋতু হলেও এ সময় সুস্থ থাকা এক বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা কমে গেলে ঠান্ডা হাওয়া, কুয়াশা ও শুষ্ক পরিবেশ দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। ফলে সর্দি-কাশি, ফ্লু, হাঁপানি, ত্বকশুষ্কতা ও অ্যালার্জির মতো সমস্যা বেড়ে যায়। তাই পুরো শীতজুড়ে সচেতনভাবে স্বাস্থ্যপরিচর্যা করা অত্যন্ত জরুরি।\r\nশীতের খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবারের ভূমিকা সবচেয়ে বেশি। যেমন, মৌসুমি সবজি, গাজর, পালং শাক, মুলা, বাঁধাকপি ও টমেটো- দেহে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করতে সাহায্য করে। কমলা, মাল্টা, পেয়ারা ও আমলকীর মতো ভিটামিন সি -সমৃদ্ধ ফল রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শীতজনিত সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। শীতের সকালে গরম স্যুপ, খিচুড়ি বা ডালের মতো উষ্ণ খাবার দেহকে শক্তি ও উষ্ণতা দেয়।
কিন্তু শীতকালে তৃষ্ণা কম পেলেও নিয়মিত পানি পান করা অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত সাত থেকে আট গ্লাস পানি পান না করলে শরীরে ডিহাইড্রেশন দেখা দিতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।\r\nত্বকের ওপর শীতের প্রভাব বেশ স্পষ্ট। ঠান্ডা বাতাসে ত্বক দ্রুত শুষ্ক হয়ে রুক্ষতা ও ফাটল দেখা দেয়। তাই গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করা অবশ্যই দরকার। অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে, তাই হালকা গরম পানি ব্যবহার করা উচিত। ঠোঁট ও গোড়ালি ফেটে যাওয়া রোধে নিয়মিত লিপবাম ও পেট্রোলিয়াম জেলি ব্যবহার কার্যকর। যাদের হাঁপানি, অ্যালার্জি বা সাইনাসের সমস্যা রয়েছে, তাদের জন্য শীত আরও সংবেদনশীল সময়। বাইরে বের হলে ধুলোবালি ও ঠান্ডা বাতাস থেকে রক্ষা পেতে মাস্ক, স্কার্ফ ও গরম কাপড় ব্যবহার করা জরুরি। ঘর পরিষ্কার রাখা, হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলা সংক্রমণ প্রতিরোধে বড় ভূমিকা রাখে।\r\nসুস্থ থাকার জন্য শীতে নিয়মিত ব্যায়ামও গুরুত্বপূর্ণ। অনেকে ঠান্ডার কারণে বাইরে যেতে চান না- তাদের জন্য বাসায় হালকা ব্যায়াম, যোগব্যায়ামই যথেষ্ট। এতে রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে এবং শরীর উষ্ণ থাকে। সবশেষে, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি ও উষ্ণ পোশাক পরিধান সুস্থতার অপরিহার্য অংশ। সামান্য সচেতনতা, নিয়ম-শৃঙ্খলা এবং স্বাস্থ্যকর অভ্যাস পুরো শীতকালকে করে তুলতে পারে আরামদায়ক, নিরাপদ ও প্রাণবন্ত।\r\nইডেন মহিলা কলেজ, ঢাকা থেকে
