বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। নদী, পলি ও সমুদ্রের সম্মিলিত প্রভাবে গড়ে ওঠা এ ভূখ- একদিকে যেমন উর্বর কৃষিজমি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ, অন্যদিকে তেমনি প্রকৃতির রুদ্ররোষের কাছে অত্যন্ত সংবেদনশীল। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূলজুড়ে ছড়িয়ে থাকা জনপদগুলোর মানুষের জীবন তাই প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে এক অসম লড়াইয়ের নাম। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বহুমুখী সংকটের মধ্যে তাদের প্রতিদিনের জীবন ও জীবিকা আবর্তিত হয়। অথচ এই বিপুল সম্ভাবনাময় উপকূলীয় অঞ্চলই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠতে পারত।

সমুদ্রের বিপুল সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনার কথা যখন আমরা ক্রমাগত বলে চলেছি, তখন সেই সমুদ্রের তীরবর্তী মানুষের জীবন কেন এখনো এত অনিরাপদ, অনিশ্চিত ও বঞ্চনাপূর্ণ তা ভাববার বিষয়। যদিও উপকূলের মানুষের দুর্দশা কেবল প্রাকৃতিক দুর্যোগের পরিণতি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, পরিকল্পনার ঘাটতি, সম্পদের অসম বণ্টন এবং উন্নয়ন অগ্রাধিকারের প্রশ্ন। উপকূলের বহু এলাকায় সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততার বিস্তার, কর্মসংস্থানের সীমাবদ্ধতা, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব মানুষের জীবনকে প্রতিনিয়ত দুর্বিষহ করে তুলছে। একটি ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকার উপকরণ হারিয়ে বহু পরিবারকে আবার শূন্য থেকে শুরু করতে হয়। নদীভাঙনে বসতভিটা হারানো মানুষ কিংবা লবণাক্ততার কারণে কৃষিকাজে অনিশ্চয়তায় পড়া কৃষকের কাছে জলবায়ু পরিবর্তন কোনো দূরবর্তী বৈজ্ঞানিক পরিভাষা নয়। এটি প্রতিদিনের বাস্তবতা, অস্তিত্ব রক্ষার সংগ্রাম। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ, দরিদ্র কৃষক ও জেলে পরিবারগুলো এ সংকটের অসম অনুপাতে বড় বোঝা বহন করে।

বিগত দিনের ক্ষত শুকানোর পূর্বেই নতুন জীবনসংগ্রামে লিপ্ত হতে হয় উপকূলবাসীকে। প্রকৃতির সঙ্গে তাদের এ লড়াই কোনো সাময়িক দুর্যোগের গল্প নয়, বরং প্রতিদিনের বেঁচে থাকার এক নিরন্তর সংগ্রাম। একটি ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে ঘরবাড়ি বিধ্বস্ত হয়, ফসলের মাঠ পানিতে তলিয়ে যায়, পুকুর ও জলাশয়ের মিঠাপানি লবণাক্ত হয়ে পড়ে, গবাদিপশু মারা যায়, সেইসাথে নদীভাঙনে অনেকের শেষ সম্বল বসতভিটাটুকুও বিলীন হয়ে যায়। দুর্যোগের তাৎক্ষণিক বিপদ কেটে গেলে সংবাদমাধ্যমের শিরোনাম থেকে হারিয়ে যায় ক্ষতিগ্রস্ত জনপদগুলোর নাম। কিন্তু উপকূলের মানুষের দুর্ভোগ তখনই যেন নতুন করে শুরু হয়। ভেঙে যাওয়া ঘরের চাল মেরামত, হারিয়ে যাওয়া জীবিকার উপকরণ সংগ্রহ, ঋণ পরিশোধ, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া এবং নতুন করে মাথা গোঁজার ঠাঁই তৈরি করার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। প্রকৃতির আঘাতে ক্ষতবিক্ষত মানুষগুলোকে নিজের সীমিত সামর্থ্য নিয়েই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হয়। সিডর, আইলা, ইয়াস, আম্পান, সিত্রাং ও রেমালের মতো একের পর এক ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলীয় জনপদে যে ক্ষত সৃষ্টি করেছে, তার অনেকটাই এখনো পুরোপুরি শুকায়নি। একটি দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন দুর্যোগের আশঙ্কা উপকূলবাসীর জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। ফলে উপকূলবাসীর কাছে জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যৎ আশঙ্কার পরিবর্তে এটি প্রতিনিয়ত মোকাবিলা করতে থাকা এক কঠিন বাস্তবতায় পরিণত হয়েছে।

উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম নির্মম বাস্তবতা। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় শুষ্ক মৌসুমে লবণাক্ত পানির প্রভাব এবং নিরাপদ পানির সীমিত প্রাপ্যতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। উপকূলীয় এলাকায় বাড়ি হওয়ায় ছোট থেকে এসব নির্মম বাস্তবতা দেখে এসেছি। কোনো কোনো এলাকায় নিরাপদ পানির উৎস বাড়ি থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় নারী ও শিশুদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয়। কোথাও বৃষ্টির পানি সংরক্ষণ, কোথাও পুকুর বা জলাধারের পানি পরিশোধন, আবার কোথাও দূরবর্তী উৎসের ওপর নির্ভর করে পরিবারগুলোকে পানির চাহিদা মেটাতে হয়। এতে প্রতিদিনের মূল্যবান সময় ও শ্রম ব্যয় হয়, যা শিক্ষা, আয়বর্ধক কাজ এবং বিশ্রামের সুযোগ কমিয়ে দেয়। বিশেষ করে নারীদের ওপর এ বোঝা বেশি পড়ে। যে অঞ্চলের চারদিকে নদী, খাল ও সমুদ্রের পানি, সেখানে নিরাপদ পানীয় জলের অভাব মানুষের জন্য এক গভীর পরিহাস। পানির প্রাচুর্যের মাঝেও এক গ্লাস নিরাপদ পানি নিশ্চিত করতে না পারা উপকূলীয় উন্নয়নের সীমাবদ্ধতাকেই সামনে নিয়ে আসে।

কৃষিনির্ভর পরিবারগুলোর জীবনসংগ্রাম আরও জটিল। লবণাক্ততা বৃদ্ধি, জলাবদ্ধতা, অনিয়মিত বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের কারণে বহু এলাকায় কৃষি উৎপাদন অনিশ্চিত হয়ে পড়ছে। যে জমিতে একসময় ধান, শাকসবজি ও অন্যান্য ফসল ফলিয়ে একটি পরিবার সারা বছরের খাদ্যের সংস্থান করত, সেই জমি অতিরিক্ত লবণাক্ততা কিংবা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে কাক্সিক্ষত উৎপাদন দিতে পারছে না। কোনো বছর ফসল ভালো হলেও পরের বছর জলোচ্ছ্বাস বা অস্বাভাবিক বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। কৃষকের বিনিয়োগ করা বীজ, সার, শ্রম ও অর্থ এক মুহূর্তে পানির নিচে তলিয়ে যায়। অথচ কৃষিঋণ, মহাজনি ঋণ কিংবা ধারদেনার দায় থেকে মুক্তি মেলে না। অনেক পরিবার বাধ্য হয়ে গবাদিপশু বিক্রি করে, জমি ইজারা দেয় কিংবা পরিবারের কর্মক্ষম সদস্যকে কাজের সন্ধানে অন্যত্র পাঠায়। ফলে একটি প্রাকৃতিক দুর্যোগ শুধু একটি মৌসুমের ফসল নষ্ট করে না, এটি একটি পরিবারের বহু বছরের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনাকেও বিপর্যস্ত করে দিতে পারে।

নদীভাঙন উপকূলের মানুষের কাছে আরেক আতঙ্কের নাম। নদীর গতিপথ পরিবর্তন, প্রবল স্রোত ও জোয়ারের আঘাতে যখন বসতভিটা, ফসলি জমি কিংবা গ্রামের রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়, তখন ক্ষতিগ্রস্ত পরিবারের সামনে নতুন করে জীবন গড়ার প্রশ্নটি বড় হয়ে দাঁড়ায়। শহরে বসবাসকারী একজন মানুষের কাছে বাড়ি হারানো হয়তো একটি সম্পত্তিগত ক্ষতি, কিন্তু নদীভাঙনের শিকার মানুষের কাছে তা একই সঙ্গে শিকড়, পরিচয়, সামাজিক সম্পর্ক এবং জীবিকার ভিত্তি হারানোর বেদনা। যে জমিতে তার পূর্বপুরুষেরা বসবাস করেছেন, যে উঠানে সন্তানেরা বেড়ে উঠেছে, যে পুকুরে মাছ চাষ কিংবা যে জমিতে ফসল ফলিয়ে সংসার চলেছে সবকিছু মুহূর্তে হারিয়ে যেতে পারে। এরপর অনেক পরিবারকে অন্যের জমিতে, বাঁধের ওপর, রাস্তার পাশে কিংবা দূরবর্তী কোনো এলাকায় আশ্রয় নিতে হয়। নতুন জায়গায় জমি, কাজ, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকলে বাস্তুচ্যুতির যন্ত্রণা দীর্ঘস্থায়ী দারিদ্র্যে রূপ নেয়।

উপকূলের জেলে পরিবারগুলোর জীবনও প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে অতিবাহিত হয়। বঙ্গোপসাগর তাদের জীবিকার উৎস, আবার সেই সাগরই কখনো কখনো জীবন কেড়ে নেওয়ার ভয়ংকর শক্তি হয়ে ওঠে। আবহাওয়ার পূর্বাভাস উপেক্ষা করে কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সমুদ্রে মাছ ধরতে গেলে জেলেদের জীবন ঝুঁকির মুখে পড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ ধরতে না পারলে পরিবারের আয় বন্ধ হয়ে যায়। আবার সমুদ্রে মাছের প্রাপ্যতা, মাছ ধরার নিষেধাজ্ঞার সময়কাল, জ্বালানির ব্যয়, নৌযানের রক্ষণাবেক্ষণ এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতার কারণে অনেক জেলের প্রকৃত আয় সীমিত থাকে। মাছ নিয়ে ঘাটে ফিরে ন্যায্য দাম না পেলে কিংবা ঋণের দায়ে আয়ের বড় অংশ পরিশোধ করতে হলে তাদের হাতে সংসার চালানোর মতো অর্থ অবশিষ্ট থাকে না। সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনার কথা বলা হলেও সেই সম্পদের ওপর নির্ভরশীল সাধারণ জেলে পরিবারগুলো নিরাপদ জীবন, ন্যায্য বাজারব্যবস্থা ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত থাকলে ব্লু ইকোনমির সুফল তাদের কাছে পৌঁছাবে না।

উপকূলের দুর্যোগের অভিঘাত নারী ও শিশুদের জীবনকে বিশেষভাবে বিপন্ন করে। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশুদের দেখাশোনা, বৃদ্ধ ও অসুস্থ সদস্যদের সেবা, খাবার ও পানি সংগ্রহ এবং পরবর্তী সময়ে সংসার পুনর্গঠনের দায়িত্বের বড় অংশ নারীদের ওপর বর্তায়। অনেক ক্ষেত্রে জীবিকার সন্ধানে পরিবারের পুরুষ সদস্য অন্যত্র চলে গেলে নারীকে একাই সন্তান প্রতিপালন, সংসার পরিচালনা এবং সীমিত সম্পদ দিয়ে পরিবারের প্রয়োজন মেটাতে হয়। নিরাপদ স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও ব্যক্তিগত গোপনীয়তার অভাব দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রেও নারীদের জন্য বাড়তি সমস্যা তৈরি করতে পারে। অন্যদিকে পরিবারের আয় কমে গেলে শিশুদের পুষ্টি, পড়াশোনা ও স্বাভাবিক শৈশব ব্যাহত হয়। কোনো কোনো পরিবার অর্থনৈতিক সংকটে সন্তানকে বিদ্যালয় থেকে সরিয়ে কাজে যুক্ত করতে বাধ্য হয়। এভাবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এক প্রজন্মের জীবিকা ধ্বংস করার পাশাপাশি পরবর্তী প্রজন্মের শিক্ষা ও সম্ভাবনাকেও সংকুচিত করে।

উপকূলীয় মানুষের দুর্দশা আরও দীর্ঘায়িত হয় যখন ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের পর বেড়িবাঁধ ভেঙে দীর্ঘদিন ধরে লবণাক্ত পানি জনপদে আটকে থাকে। তখন শুধু বসতবাড়ি নয়, কৃষিজমি, পুকুর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে মানুষকে দীর্ঘ সময় জলাবদ্ধতার মধ্যে বসবাস করতে হয়। কৃষিকাজ বন্ধ হয়ে যায়, কর্মসংস্থান সংকুচিত হয় এবং পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই ত্রাণ ও সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু জরুরি ত্রাণ দিয়ে সাময়িক খাদ্যসংকট মোকাবিলা করা গেলেও দীর্ঘমেয়াদি জীবিকা পুনর্গঠন, ঘরবাড়ি মেরামত, সুপেয় পানি নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন ফিরিয়ে আনার জন্য প্রয়োজন ধারাবাহিক ও পরিকল্পিত সহায়তা।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদে মানুষের স্থানান্তরের প্রবণতাও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। এই বাস্তবতার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশ ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি দায়ী, তাদের তুলনায় বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর দায় ও সক্ষমতা অনেক কম। শিল্পবিপ্লবের পর থেকে জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্পায়ন, অতিমাত্রায় কার্বন নিঃসরণ এবং ভোগবাদী উৎপাদন ও জীবনযাপন পদ্ধতি পৃথিবীর বায়ুম-লে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়িয়েছে। এর ফল হিসেবে বৈশ্বিক উষ্ণায়ন তীব্রতর হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং বহু অঞ্চলে চরম আবহাওয়াজনিত ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

অথচ এসব পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে এমন সব জনগোষ্ঠীকে, যাদের মাথাপিছু নিঃসরণ তুলনামূলকভাবে কম এবং অভিযোজনের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতাও সীমিত। জলবায়ু সংকট কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য, আন্তর্জাতিক দায়িত্ববণ্টন এবং মানবাধিকারের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। যারা দীর্ঘদিন ধরে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সম্পদ ও শিল্পশক্তি গড়ে তুলেছে, তাদের দায়িত্বও হওয়া উচিত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সংকট মোকাবিলায় কার্যকর সহায়তা দেওয়া। জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতি প্রদান কিংবা দীর্ঘমেয়াদি নিঃসরণ হ্রাসের লক্ষ্য ঘোষণা করাই যথেষ্ট নয়।

প্রয়োজন বাস্তবভিত্তিক নিঃসরণ হ্রাস, অভিযোজন অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ুজনিত অপূরণীয় ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা। বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ সহায়তা কোনো দয়া বা অনুদানের বিষয় নয় বরং এটি ন্যায্যতা ও আন্তর্জাতিক দায়িত্বের প্রশ্ন। তবে আন্তর্জাতিক দায়ের কথা বলেই নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক কারণগুলোর ওপর বাংলাদেশের নিয়ন্ত্রণ সীমিত হলেও এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জাতীয় পরিকল্পনা, সুশাসন ও দূরদর্শী বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক তথা এডিবি’র এক রিপোর্টে বলা হয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেসব দেশের অর্থনীতি বহুলাংশে সমুদ্র সম্পদের উপর নির্ভরশীল, সেসব দেশ ক্রমেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ নানাবিধ ভূপ্রাকৃতিক পরিবর্তনের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ‘এশিয়া প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট ২০২৬: কোস্টাল রিস্কস অন দ্য রাইজ- অ্যাকশনস ফর এ রেজিলিয়েন্ট ফিউচার’ শিরোনামে প্রকাশিত এডিবির রিপোর্টে এ অঞ্চলে ২০৫০ সাল নাগাদ বন্যাজনিত বার্ষিক ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমান হারের অন্তত ৬ গুণ বৃদ্ধির আশঙ্কা প্রকাশিত হয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে পর্যায়ক্রমে উপকূলীয় অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে থাকবে। অভিযোজন খাতে পর্যাপ্ত বিনিয়োগের মাধ্যমে এ চ্যালেঞ্জ অনেকটাই মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন এডিবির সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এ প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের অর্থনৈতিক সম্ভাবনা বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ। সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকা-, যা সাধারণভাবে ‘ব্লু ইকোনমি’ নামে পরিচিত, তার আওতায় মৎস্যসম্পদ, সামুদ্রিক জীবপ্রযুক্তি, সামুদ্রিক পর্যটন, বন্দর ও নৌপরিবহন, সামুদ্রিক নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক খনিজসম্পদ এবং বৈজ্ঞানিক গবেষণার মতো বহুমুখী খাত অন্তর্ভুক্ত। বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর সমুদ্রসম্পদের পরিকল্পিত অনুসন্ধান ও ব্যবহারের সুযোগ আরও সুস্পষ্ট হয়েছে। কিন্তু সমুদ্রসীমা অর্জন এবং সেই সীমার মধ্যে থাকা সম্পদকে জাতীয় উন্নয়নে কাজে লাগানো এক বিষয় নয়। প্রকৃত সাফল্য নির্ভর করে সম্পদের বৈজ্ঞানিক মূল্যায়ন, দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, স্বচ্ছ বিনিয়োগনীতি এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার ওপর। দুঃখজনকভাবে, সমুদ্রসম্পদের সম্ভাবনা নিয়ে আলোচনা যতটা দৃশ্যমান, তার তুলনায় এ খাতের গবেষণা, তথ্যভিত্তিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক উদ্যোগের প্রয়োজন আরও বেশি। বাংলাদেশের সমুদ্রসীমায় কোথায় কী ধরনের জ্বালানি ও খনিজসম্পদ রয়েছে, সেগুলোর সম্ভাব্য পরিমাণ কত, উত্তোলনের ব্যয় ও পরিবেশগত ঝুঁকি কেমন এবং কোন সম্পদ কীভাবে জনকল্যাণে ব্যবহার করা যায় এসব প্রশ্নের উত্তর দিতে সমন্বিত সামুদ্রিক জরিপ ও গবেষণা প্রয়োজন। তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে আধুনিক ভূতাত্ত্বিক ও ভূকম্পন জরিপ, স্বচ্ছ দরপত্র, উপযুক্ত বিনিয়োগ কাঠামো এবং আন্তর্জাতিক মানের পরিবেশগত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মৎস্যসম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের সুরক্ষা উপেক্ষা করে কোনো স্বল্পমেয়াদি অর্থনৈতিক লাভের পথে হাঁটা যাবে না।

ব্লু ইকোনমির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উপকূলীয় জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নের অংশীদার করা। সমুদ্রসম্পদ আহরণ ও বন্দরকেন্দ্রিক শিল্পায়নের মাধ্যমে জাতীয় আয় বাড়লেও স্থানীয় জনগণ যদি কর্মসংস্থান, আয়বৃদ্ধি এবং উন্নত জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত থাকে, তবে সেই উন্নয়ন টেকসই হবে না। কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, পটুয়াখালী, ভোলা, সুন্দরবনসংলগ্ন অঞ্চলসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় স্থানীয় পরিবেশ ও সম্পদের উপযোগিতা বিবেচনা করে অর্থনৈতিক অঞ্চল, সামুদ্রিক গবেষণাকেন্দ্র, মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, শীতল সংরক্ষণাগার, আধুনিক নৌপরিবহন সুবিধা এবং পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলা যেতে পারে। তবে এসব উদ্যোগ গ্রহণের আগে স্থানীয় জনগণের ভূমি অধিকার, জীবিকা, পরিবেশ এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা অপরিহার্য। (চলবে)

লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com