আমরা যখন ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বলি তখন আমাদের মনের পর্দায় ভেসে ওঠে মাদরাসা শিক্ষার কথা। সাধারণ মানুষের ধারণা, এসব মাদরাসাই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বাকী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের জেনারেল শিক্ষা সেক্যুলার শিক্ষা ব্যবস্থা। জেনারেল শিক্ষা ব্যবস্থাকে সেক্যুলার গণ্য করার একটি ঐতিহাসিক কারণ হচ্ছে, উপনিবেশবাদী ইংরেজরাই গোলামী যুগে এই শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিল। প্রশ্ন হল, আমরা কী আজীবন মাদরাসা শিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ জাতীয় বিভাগগুলোকেই একমাত্র ইসলামী শিক্ষা হিসেবে গণ্য করব, নাকি জেনারেল শিক্ষা ব্যবস্থাকেও ইসলামী শিক্ষা ব্যবস্থার আওতায় আনার চিন্তা করব। এক শ্রেণির লোকের চিন্তাধারা হচ্ছে, মাদরাসা শিক্ষা বা জেনারেল শিক্ষা আলাদা নয়; বরং দুইটাকে এক করে একমুখি শিক্ষা ব্যবস্থা চালু হওয়া দরকার। স্কুল-মাদরাসা আলাদা থাকলে সমাজে বা একই পরিবারে একজন স্কুলে পড়ে মিস্টার হবে আরেকজন মাদরাসায় পড়ে মোল্লা পরিচয় বহন করবে । তার চেয়ে সর্বত্র একই শিক্ষা অর্থাৎ জেনারেল শিক্ষা ব্যবস্থা চালু হলে বর্তমানের মতো একটি শ্রেণি ইসলামিক স্টাডিজ বা এ্যরাবিক কিংবা এ জাতীয় বিষয় পাঠ করে ইসলামিক স্কলার হবেন। পশ্চিমা দুনিয়ার সেক্যুলার বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ব্যবস্থা বলবৎ আছে এবং সেখান থেকে অরিয়েন্টালিস্ট স্কলাররা বের হচ্ছেন।

এ সম্পর্কে প্রথম কথা হচ্ছে, বর্তমান দুনিয়ায় প্রচলিত শিক্ষাব্যবস্থার কোনো একটি সাব্জেক্টও ইসলামী শিক্ষার আওতার বাইরে নয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হল, ইসলামের দ্বীনি শিক্ষা বলতে যা বুঝায় তা সম্পূর্ণ দ্বীনি পরিবেশ ছাড়া সেক্যুলার পরিবেশে চর্চা করার সুযোগ নেই। কারণ, ইসলামের দৃষ্টিতে শিক্ষা মানে কেবল পুথিগত বিদ্যাচর্চা নয়; বরং তালিমের সঙ্গে তাযকিয়া থাকতে হবে। এমনকি তালিমের আগেই তাযকিয়া শর্ত। বাংলায় পরিভাষাটিকে আমরা শিক্ষা ও দীক্ষা বলে থাকি। ইসলামী ঐতিহ্যের আলোকে বর্তমান জেনারেল শিক্ষা ব্যবস্থায়ও এই নিয়মটির প্রতি সম্মান দেখানো হয়। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তখন যে বিভাগেই লেখাপড়া করবেন আপনাকে আগে ছাত্র হতে হবে হলের। ছাত্র হিসেবে হলে ভর্তি হওয়ার পরই আপনাকে পাঠ গ্রহণের জন্য বিভিন্ন বিভাগ বা ডিসিপ্লিনে পাঠানো হবে। তার নিগুঢ় অর্থ হল, আপনাকে হলের ছাত্র হয়ে বিভাগে পঠিত জ্ঞানের আলোকে জীবন গড়ার অনুশীলন করতে হবে ছাত্রাবাসে। এভাবে দীক্ষা ও শিক্ষা একই সাথে চললেই আপনি জ্ঞানী হতে পারবেন।

দ্বীনি শিক্ষার ক্ষেত্রে বিষয়টি আরো স্পর্শকাতর। কুরআন ও হাদীসে পারদর্শী এবং ব্যক্তিজীবনে ইসলামের সত্যিকার অনুসারী হিসেবে গড়ে উঠতে হলে অবশ্যই ছোটবেলা থেকেই আপনাকে ইসলামের হুকুম আহকাম পরিপালন ও অনুশীলন করতে হবে। কুরআন ও হাদিসের সূক্ষèাতিসূক্ষ বিষয়গুলো রপ্ত করার জন্য কুরআন পঠনশৈলী ও আরাবি ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্রসহ জটিল জটিল বিষয় ছোটবেলা থেকেই আয়ত্ব করতে হবে। ছোটবেলা থেকে অজু নামাজ হারাম হালালের বাচবিছার না হলে ওহীর ইলম ধারণ করা কারো পক্ষে সম্ভব হবে না। কারণ ইসলামী জ্ঞান কতক পুথিগত বিদ্যার নাম নয়, এখানে আল্লাহর ভয় ও ভালোবাসার অনুশীলন হতে হবে। দ্বীনি মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের বাথরুমগুলো পরিদর্শন করলেই আমার বক্তব্যের যৌক্তিকতা খুঁজে পেতে কষ্ট হবে না। ভবিষ্যতে যারা সামরিক বাহিনীতে যোগ দেবেন তাদের জন্য যেমন ক্যাডেট স্কুল বা কলেজের আলাদা প্রতিষ্ঠান ও নিয়ম কানুন আছে, যারা ভবিষ্যতে সমাজের ধর্মীয় নেতৃত্ব দেবেন তাদের জন্যও মাদরাসা নামের আলাদা প্রতিষ্ঠান ও নিয়ম কানুন থাকতে হবে, যার ধারাবহিকতা আমাদের দেশে আলিয়া বা কওমী নেসাবের মাদরাসাগুলোর মাধ্যমে ত্রুটিবিচ্যুতি নিয়ে এখনো চালু আছে।

এখন প্রশ্ন হল, আমরা কী একমাত্র মাদরাসাগুলোকেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গণ্য করব এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে দ্বীন বর্জিত সেক্যুলার শিক্ষা ব্যবস্থা অখ্যায়িত করে আত্মতৃপ্তি লাভ করতে থাকব? কুরআন মজীদের প্রতিটি শব্দ বা আয়াত নিয়ে যে গবেষণা করবে সে আল্লাহর পরিচয় ও ইসলামের সত্যতার সাক্ষ্য পাবে। এই অর্থে কুরআনের বাক্যগুলোকে আয়াত বা নিদর্শন নামে আখ্যায়িত করা হয়েছে। কুরআনের আয়াতের মহিমা তুলে ধরার জন্য আছে হাদীস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামের ইতিহাস, তাফসীর প্রভৃতি সাব্জেক্ট। প্রশ্ন হল, আল্লাহপাক তো কেবল কুরআনের আয়াত ও হাদীস নিয়ে গবেষণা করার মধ্যে সীমাবদ্ধ থাকার নির্দেশ দেননি; বরং সৃষ্টিজগতে বিরাজিত আল্লাহর নিদর্শনগুলো নিয়ে চিন্তা গবেষণা করার জোর নির্দেশ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নানা সাব্জেক্টে যেখানে সৃষ্টিজগত নিয়ে, সৃষ্টিজগত পরিচালনার কলাকৌশল নিয়ে জ্ঞানচর্চা করা হয় সেগুলোকে সেক্যুলার সাব্জেক্ট আখ্যা দিয়ে কেন বিজাতীয়দের জ্ঞান বলে কোন যুক্তিতে অবজ্ঞা করা হবে? আমাদের চিন্তাধারা ও মানসিকতায় সংকীর্ণতার কারণে সমাজে দ্বীনদার লোকদের অবস্থা চিন্তা করে দেখুন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, পশ্চিমা দেশগুলোতে অনেক ধর্মপ্রাণ শিক্ষিত লোক আছেন তারাও দ্বীনি শিক্ষা বলতে হেফজখানা ও মাদরাসা বলে বুঝেন এবং তাদের সন্তানদের এসব প্রতিষ্ঠানে পড়ানোকেই ধার্মিকতা বলে ধরে নিয়েছেন। অথচ সাইন্স ও টেকনোলজিতে মুুসলিম ঘরের সন্তানরা পিছিয়ে থাকার কারণে মুসলিম দেশগুলোর অর্থনৈতিক স্বাধীনতা ও সম্পদরাজি বিজাতীয়দের ভোগ দখলে চলে যাচ্ছে। আমাদের দেশে কর্মরত বিদেশী বিশেষজ্ঞের বেতনভাতা জীবনযাত্রার সাথে আমাদের সন্তানদের জীবনমান তুলনা করলে দেখা যাবে, সাইন্স টেকেèালজিতে পিছিয়ে থাকার কারণে আমরা কতভাবে প্রতারিত ও বঞ্চিত হচ্ছি।

অতএব কুরআনের আয়াতনির্ভর জ্ঞানচর্চা তথা প্রচলিত অর্থে মাদরাসা শিক্ষা আমাদের জন্য যতখানি গুরুত্বপূর্ণ ও সওয়াবের কাজে, সৃষ্টিজগতে বিরাজিত আয়াতসমূহ উদ্ঘাটনের জ্ঞানচর্চা, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হয় তাও সমান গুরুত্বের ও সওয়াবের আমল। আলেমদের গুরুত্ব প্রমাণের জন্য আমরা প্রায় সময় কুরআন মজীদের একটি আয়াতের শেষাংশ উদ্ধৃত করি- ‘নিশ্চয়ই আলেমগণই আল্লাহকে ভয় করেন।’ কিন্তু এই আলেম কারা? সম্পূর্ণ আয়াতটি সামনে রাখলে আমরা এর জবাব পাব। ‘তুমি কি দেখ না, আল্লাহ আকাশ হতে বৃষ্টিপাত করেন; এবং আমি তা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি। আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ-শুভ্র, লাল ও নিকষ কাল। এভাবে রং বেরং এর মানুষ, জন্তু ও গবাদি পশু রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী আলেম তারাই আল্লাহকে ভয় করে; আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল।’ (সূরা ফাতির-২৭-২৮)। লক্ষ করুন, আল্লাহ পাক নৃবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান, সৌরবিজ্ঞান, প্রতœতত্ত, ভূতত্ত্ব, কৃষি, প্রাণিবিদ্যা প্রভৃতি অর্থাৎ বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধিত সকল জ্ঞান বিজ্ঞানের দিকে ইঙ্গিত করার পর বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে আলেম (জ্ঞানী ব্যক্তি)-রাই আল্লাহকে ভয় করে।’ পরের আয়াতে এসব জ্ঞানী ব্যক্তির চরিত্রগত বৈশিষ্ট্য বর্ণনা করে বলা হয়েছে, আল্লাহর সঠিক পরিচয় লাভে ঋদ্ধ এসব জ্ঞানীর জীবন ও জবান দিয়ে আল্লাহর যিকির ও স্মরণ উদ্ভাসিত হবে।

কুরআন মজীদে এই ভাবধারা বহু আয়াত আছে। উদাহরণ স্বরূপ- ‘আল্লাহ তাআলাআকাশম-ল ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রাতের পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধশক্তিসম্পন্ন লোকের জন্য, যারা দাঁড়িয়ে, বসে ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করে এবং আকাশম-ল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে (এবং গভীর উপলব্দিতে উপনীত হয়ে বলে) হে আমাদের প্রতিপালক! তুমি এসবকে নিরর্থক সৃষ্টি করোনি, তুমি পবিত্র, তুমি আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা কর। (সূরা আলে ইমরান, আয়াত-১৯০-১৯১)। কুরআন মজীদে কেবল আল্লাহর তাওহীদের বাণী ও শরীয়তের হুকুম আহকাম বর্ণিত হয়নি; বরং আগেকার জাতিসমূহের ইতিহাস, তাদের ভ্রান্তি বিচ্যুতি ও পরিণতি তুলে ধরা হয়েছে। বিশেষ করে আহলে কিতাব বা আজকের ইহুদী খ্রিষ্টানদের ইতিহাস সবিস্তারে তুলে ধরা হয়েছে। কাজেই ইসলামী শিক্ষা বলতে কেবল কুরআন হাদীসের বাণীচর্চার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে কেন। বদরের যুদ্ধে মক্কার কুরাইশ বাহিনীর সত্তরজন যুদ্ধবন্দি মদীনায় আনা হয়েছিল। বন্দিমুক্তির অন্যতম শর্ত হিসেবে নবীজি নির্দেশ দিয়েছিলেন, কোনো বন্দি যদি ১০ জন মুসলমানকে লেখাপড়া শেখায় তাহলে তা মুক্তিপণ হিসেবে গণ্য হবে। তাকে আর অর্থ পরিশোধ করতে হবে না। এ ঘটনা উম্মতকে লেখাপড়া শেখানোর প্রতি নবীজি কতখানি যতœশীল ছিলেন তার প্রমাণ। প্রশ্ন করুন তো, বন্দি মুশরিকদের সাথে কী কুরআন হাদীসের তালিম দানের শর্ত করেছিলেন নাকি প্রচলিত লেখাপড়ার বিদ্যা? নিশ্চয়ই আমরা যারা নিজেদেরকে ধর্মপ্রাণ মনে করি, তাদের জন্য এই ঘটনায় বিরাট শিক্ষা রয়েছে।

চিন্তার ক্ষেত্রে আমাদের দৈন্যের কারণ এখানেই। আমরা কুরআন মজীদের আধ্যাত্মিক ও জাগতিক আবেদনকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি। আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী বা চিন্তাবিদ তারা কেবল জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত আর যারা নিজেদেরকে ধর্মের অথরিটি মনে করেন তারা জাগতিক বিষয়-আশয় ছেড়ে শরীয়ত কিংবা মারফত নিয়ে ব্যস্ত। নিম্নোক্ত আয়াতের আবেদন কত গভীর ও সুদূর প্রসারী লক্ষ্য করুন, ‘আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো বিশ্বচরাচরে ও তাদের নিজেদের অভ্যন্তরে, ফলে তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে যে, তিনিই পরম সত্য। তোমার পরিচালক সম্পর্কে এটুকুই কি যথেষ্ট নয় যে, তিনি সর্ববিষয়ে অবহিত।’ (সূরা: হা-মীম-আস সাজদা, আয়াত-৫৩)। আমরা যখন সর্বজনীন ইসলামী শিক্ষার কথা বলি, তখন অনেকে ভাবেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে বুঝি মাদরাসা বানানোর কথা বলা হচ্ছে। কিন্তু এই ধারণা সঠিক নয়। আমাদের বক্তব্য হল, ডাক্তারী, ইঞ্জিনিয়ারিং প্রভৃতিসহ জেনারেল সাব্জেক্টে জ্ঞান চর্চার ব্যবস্থা বর্তমানের ন্যায় চালু থাকবে। আর ওহীলব্ধ জ্ঞানের চর্চা হবে আলাদা পরিবেশে দ্বীনি মাদরাসাগুলোতে।

মনে রাখতে হবে, আমাদের অধিকাংশ ছেলেমেয়ে পড়ে স্কুল-কলেজ-ভার্সিটিতে। তারা তো মুসলমানের সন্তান। ইসলাম তো কেবল আলেম ইমাম বা মাদরাসা অঙ্গনের জন্য আসেনি। ইসলামের দায়িত্ব প্রতিটি ঈমানদার মুসলমানের উপর অর্পিত। কাজেই আমাদের জেনারেল শিক্ষিতরা যাতে সত্যিকার ইসলামী ভাবধারায় গড়ে উঠে এবং দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করে সেই চিন্তা আমাদের করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাব্জেক্টগুলোকে কীভাবে ইসলামী ভাবধারায় সাজাতে হবে তা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি। খুব সংক্ষেপে কথা হল, বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বিষয়গুলো ঠিক থাকবে তবে পাশাপাশি ইসলাম সম্পর্কে কয়েকটি কোর্স সংযোজন করলে কাঙ্খিত সুফল পাওয়া যাবে।

উদাহরণ স্বরূপ, মেডিক্যাল সাইন্সের একজন ছাত্র বা ছাত্রীকে ডাক্তার হওয়ার জন্য মনে করুন একশটি কোর্সে পড়াশোনা ও পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। তাকে যদি কুরআনে চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত আয়াতসমূহ নিয়ে একটি কোর্স, হাদীস শরীফে রাসূলুল্লাহর চিকিৎসা সম্পর্কিত নির্দেশনা নিয়ে একটি কোর্স, ইবনে সীনা আল রাজি প্রমুখ মুসলিম চিকিৎসা বিজ্ঞানীদের জীবন ও অবদান নিয়ে একটি কোর্স, মানবসেবা বিশেষত অসুস্থ লোকদের সেবায় পরকালে আল্লাহকে পাওয়ার বর্ণনা সম্বলিত একটি কোর্স আর অজু, নামাজ, রোজা প্রভৃতি পরিপালনও পাক পবিত্রতার স্বাস্থ্যগত উপকার নিয়ে একটি কোর্স পড়ানোর ব্যবস্থা করা হয় তাহলে ডাক্তাররা তথাকথিত গলাকাটা না হয়ে মানবিক হবেন এবং কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। আমাদের দেশে শীতের মওসুমে ওয়াজ মাহফিলের একটি সুন্দর রেওয়াজ আছে এবং তার পেছনে টাকা পয়সা ব্যয় করাতে সওয়াব আছে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের ভবিষ্যত প্রজন্মের শতকরা ৯০ ভাগ স্কুলে পড়ে বাকী ১০ ভাগ মাদরাসায়। পাঠ্য বইয়ের মধ্যে হেদায়তের একটি বাণীও যদি ঢুকিয়ে দেয়া যায় নিশ্চয়ই লক্ষ টাকা ব্যয়ে মাহফিল করার চেয়ে সওয়াব কোনো অংশে কম হবে না।

লেখক: আমির, ইসলামী ঐক্য আন্দোলন