সরকার সামাজিক সুরক্ষা বলয়ের অধীন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ৯শ টাকা হারে ভাতা প্রদান করে থাকে। অপরদিকে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হয়। তবে এ দুই সহায়তা পেতে প্রতিবন্ধী ব্যক্তিদের একটি কঠিন হিসাবনিকাশের ভেতর দিয়ে যেতে হয়।
নীতিমালা অনুযায়ী, যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি ভাতা গ্রহণ করেন তাহলে তিনি শিক্ষাবৃত্তি পাবেন না। আবার যদি কেউ শিক্ষাবৃত্তি গ্রহণ করেন তাহলে তিনি প্রতিবন্ধী ভাতা পাবেন না। যদিও সরকার বলে থাকে– কোনো প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষাজীবন সমাপ্ত হবার পরও তিনি ভাতার জন্য আবেদন করতে পারবেন। অথচ প্রতিবন্ধীদের ভাতা ও শিক্ষাবৃত্তি উভয়ই জরুরি।
প্রতিবন্ধী ব্যক্তিরা প্রাথমিক পর্যায়ে মসিক ৪৫০, মাধ্যমিক পর্যায়ে ৬০০, উচ্চ মাধ্যমিকে ৮০০ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১০০০ টাকা করে বৃত্তি পান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ ২০২১ অনুযায়ী, বাংলাদেশে মোট প্রতিবন্ধী ব্যক্তির ৪০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে যান। অপরদিকে ২০ শতাংশ মাধ্যমিক পর্যায়ে, ৭ থেকে ৮ শতাংশ উচ্চ মাধ্যমিক এবং ২ থেকে ৩ শতাংশ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।
আমরা যদি এ পরিসংখ্যানকে বিবেচনা করি তাহলে দেখতে পাব, খুব কম প্রতিবন্ধী ব্যক্তিই লেখাপড়া করছেন। আর ২০২৪-২৫ অর্থবছরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি বাবদ ৬৭ কোটি টাকা খরচ করা হয়েছে। যেখানে আমাদের বার্ষিক বাজেট ৭ লাখ কোটি টাকা! সংগত কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা সরকার ও সমাজের কাছ থেকে একটু বাড়তি মনোযোগ প্রত্যাশা করতেই পারেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তি দুটোই তার প্রাপ্য। কারণ সরকার, সমাজ; সকলেরই দায়িত্ব এসব মানুষের পাশে থাকা। এটা করার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা যাবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন সম্পর্কে যারা জানেন তারা অবগত, আমাদের সমাজের এসব মানুষের জীবনযাত্রা অনেক ব্যয়বহুল। একজন অপ্রতিবন্ধী শিক্ষার্থী হেঁটে স্কুলে যেতে পারে। কিন্তু একজন হুইলচেয়ার ব্যবহারকারী কিংবা একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি কোনোভাবেই বাহন ব্যবহার না করে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না। এর সঙ্গে যুক্ত হয় শিক্ষা উপকরণের ব্যয়।
দেশে প্রতিবন্ধিতা বিষয় এখনও অনেক অজ্ঞতা ও কুসংস্কারে আছে। মানুষের মাঝে প্রোথিত এসব ধারণা দূর করতে হলে প্রতিবন্ধীদের এগিয়ে আসতে হবে। আর এই কাজ করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এই জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করা। যার মাধ্যমে তারা বলতে পারেন– আমাদের একটি মেধা আছে, আমরা চিন্তা করতে পারি এবং সুযোগ পেলে অবদান রাখতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তাদের এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দিচ্ছি কঠিন শর্তের মাধ্যমে। অন্যদিকে যেসব উৎসাহী প্রতিবন্ধী ব্যক্তি লেখাপড়া করতে চাইছেন তাদের পুরস্কৃত করার পরিবর্তে নিরুৎসাহিত করছি আমাদের এই নীতির মাধ্যমে।
বাংলাদেশের অধিকাংশ প্রতিবন্ধী ব্যক্তির পরিবার খুব দরিদ্র। ২০২১ সালের জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ পরিচালনা করে পরিসংখ্যান ব্যুরো। সে জরিপ দেখাচ্ছে, ৩৫ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তির পরিবার দরিদ্র, যেখানে ২৪ শতাংশ অপ্রতিবন্ধী ব্যক্তির পরিবার দরিদ্র। আর ২১ শতাংশ পরিবার চরম দারিদ্র্যসীমার মাঝে বাস করছে। এ রকম পরিস্থিতিতে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির পরিবারকে বলা হয়– তুমি কি ভাতা নেবে, নাকি বৃত্তি– তার উত্তর ভাতার দিকে যাবার সম্ভাবনা বেশি। কারণ প্রতিবন্ধী ভাতা সারাজীবনের; শিক্ষা ভাতা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যদিও শিক্ষাজীবন শেষ হবার পরে প্রতিবন্ধী ভাতা পাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়– আমরা কেন ওইসব দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির পরিবারকে এত কঠিন হিসাবের মাঝে ফেলে দিচ্ছি। কোনো শর্ত ছাড়াই তাদের ভাতা ও বৃত্তি উভয়ই দিতে হবে।
তালুকদার রিফাত পাশা: অ্যাডভোকেসি অফিসার, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ rifatir2@gmail.com
