একটি বছর বিদায় নেওয়া মানে কেবল সময়ের পরিবর্তন নয়; এটি একটি রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র, অর্থনৈতিক সক্ষমতা এবং সামাজিক ও নৈতিক হিসাব চুকিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। ২০২৫ সাল বাংলাদেশ ও বিশ্বের জন্য ছিল উত্তেজনা, সংঘাত, পুনর্মূল্যায়ন ও প্রত্যাশার এক গভীর অধ্যায়। ক্ষমতা চিরস্থায়ী নয়, জনতার ধৈর্যও সীমাহীন নয়, আর ইতিহাস কখনো একপাক্ষিকভাবে লেখা যায় না। রাষ্ট্র পরিচালনায় ভুলের মূল্য কতটা গভীর হতে পারে এবং একই সঙ্গে পরিবর্তনের সম্ভাবনা কতটা কঠিন অথচ অপরিহার্য- এ বছর এসবরই প্রতিচ্ছবি।\r\n২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সাল ছিল বাংলাদেশের জন্য এক গভীর রূপান্তরকাল। দীর্ঘদিন ক্ষমতাসীন স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের অবসান দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করে।

উন্নয়ন ও গণতন্ত্রের দ্বন্দ্ব এ বছর আরও স্পষ্ট হয়ে ওঠে। একদিকে অবকাঠামোগত অগ্রগতি, অন্যদিকে, মানবাধিকার লঙ্ঘন, গুম-খুন, একতরফা নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ জাতিকে দাঁড় করায় আত্মসমালোচনার মুখে। এই প্রেক্ষাপটে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ ছিল ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনা, যার কাছে জাতির প্রত্যাশা ছিল সংঘাত নয়, বরং সংস্কার, সংলাপ ও গণতান্ত্রিক পুনর্গঠনের পথ উন্মুক্ত করা।\r\n২০২৫ সালে সবচেয়ে আলোচিত জাতীয় সিদ্ধান্ত ছিল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। অন্তর্বর্তী সরকারের ঘোষণা মতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এই তফসিল একদিকে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর নতুন আশার সঞ্চার করলেও, অন্যদিকে পুরানো শঙ্কাকেও সামনে এনে দাঁড় করিয়েছে। বাংলাদেশের ইতিহাসে নির্বাচন মানেই কেবল একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়; এটি আস্থা, বিশ্বাস, অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতার কঠিন পরীক্ষা। ভোট অংশগ্রহণমূলক হবে কি না, প্রশাসন নিরপেক্ষ থাকবে কি না বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকতে পারবে কি না সর্বোপরি, জনগণের ভোটাধিকার বাস্তবে কতটা নিশ্চিত হবে তা নিয়ে জোরালো প্রশ্ন থেকেই যায়। \r\nএই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আলোচনায় আসে ন্যাশনাল সিটিজেন পার্টি (ঘঈচ)। তরুণ ও ছাত্রনেতৃত্বাধীন এই দল রাজনীতিতে নতুন ভাষা ও পরিবর্তনের দাবি নিয়ে হাজির হলেও নিবন্ধন, প্রতীক বরাদ্দ এবং সাংগঠনিক সীমাবদ্ধতার মুখে পড়ে।

তাদের এই অভিজ্ঞতা স্পষ্ট করে দেয় বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এখনো কতটা রুদ্ধ ও প্রাতিষ্ঠানিকভাবে কঠোর কাঠামোর ভেতর আবদ্ধ, সেখানে নতুন ও ভিন্ন কণ্ঠের জন্য জায়গা করে নেওয়া সহজ নয়। ফলে, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়; এটি হবে বাংলাদেশের গণতন্ত্র কতটা অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য হতে পারে, তারই একটি নির্ণায়ক মুহূর্ত।\r\nঅন্যদিকে, ২০২৫ সালে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসে। দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত অংশীদারত্ব -এর বয়ান থাকলেও শাসন পরিবর্তনের পর এই সম্পর্কের ভারসাম্য ও পারস্পরিকতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

সীমান্ত হত্যা বন্ধে দৃশ্যমান অগ্রগতির অভাব, তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির দীর্ঘসূত্রতা, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের প্রকাশ্য ও অপ্রকাশ্য উদ্বেগ সব মিলিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে পুনর্মূল্যায়নের প্রয়োজন স্পষ্ট হয়ে পড়েছে।\r\nসংক্ষেপে বলা যায়, ২০২৫ সাল বাংলাদেশের জন্য ছিল বহুমাত্রিক এক সংকট ও পরীক্ষার বছর। রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতি রাষ্ট্রের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চাপ গণতন্ত্রের ভিত্তিকে করেছে দুর্বল।

অপরদিকে, দ্রব্যমূল্য ও জীবন যাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করেছে, যা রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রাধিকারের বাস্তবতা সামনে এনেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ প্রমাণ করেছে এটি আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমানের নির্মম বাস্তবতা। সব মিলিয়ে বছরটি ছিল কেবল রাজনৈতিক পরিবর্তনের নয়, বরং রাষ্ট্রের শাসনব্যবস্থা, সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক সক্ষমতার এক কঠিন পরীক্ষার সময়।\r\n২০২৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিয়ে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার ও খাদ্য সরবরাহ ব্যবস্থাকে অস্থির রেখেছে।

একই সময়ে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত মানবিক বিপর্যয়কে আরও গভীর করেছে, যেখানে নারী ও শিশুদের দুর্দশা বিশ্ব বিবেককে নাড়া দিলেও কার্যকর রাজনৈতিক সমাধান অধরাই থেকে গেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্বাচনকেন্দ্রিক বিভাজন ও অস্থিরতা বৈশ্বিক নেতৃত্বে অনিশ্চয়তা বাড়িয়েছে। পাশাপাশি চীন-তাইওয়ান উত্তেজনা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এসব আন্তর্জাতিক ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বাংলাদেশেও পড়েছে বিশেষ করে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায়, যা উন্নয়নশীল অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।\r\n২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতি ছিল চাপের মধ্যে।

মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ডলার সংকট সাধারণ মানুষের জীবনে তৈরি করেছে অনিশ্চয়তা। রপ্তানি খাত, বিশেষ করে পোশাক শিল্প বৈশ্বিক মন্দা ও বাজার পরিবর্তনের কারণে অনিশ্চয়তায় পড়েছে। তবে প্রবাসী আয়ের ধারাবাহিকতা ও শিল্পে শ্রমিক ও উদ্যোক্তাদের অভিযোজন ক্ষমতা দেখিয়েছে যে, সংকটের মাঝেও বাংলাদেশের অর্থনীতি টিকে থাকার সক্ষমতা রাখে। ২০২৫ বছরটি আমাদের সামনে প্রশ্ন রেখে গেছে, বাংলাদেশে কি সত্যিই গণতন্ত্র পুনরুদ্ধার হবে? আসন্ন নির্বাচন কি জনগণের আস্থা ফিরিয়ে আনবে, নাকি নতুন বিতর্ক সৃষ্টি করবে? প্রতিবেশী দেশ ও বৈশ্বিক শক্তির সঙ্গে সম্পর্ক কি ভারসাম্যপূর্ণ হবে? সর্বোপরি, রাজনৈতিক পরিবর্তন সাধারণ মানুষের জীবনে কি স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে? এই পরিস্থিতিতে ড.

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ঐতিহাসিক। তার মূল চ্যালেঞ্জ হলো নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং বিশ্বাসযোগ্য প্রশাসনিক ও অর্থনৈতিক পরিবেশ তৈরি করা। ইতিহাস বিচার করবে, তিনি কি কেবল সংকট পার করালেন, নাকি নতুন গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা স্থাপন করলেন।\r\nপরিশেষে, ২০২৫ সাল আমাদের স্পষ্ট করে শিখিয়েছে গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্ব একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আবার অর্থনৈতিক ন্যায্যতা ছাড়া গণতন্ত্রও দুর্বল হয়ে পড়ে। একইভাবে, সার্বভৌমত্ব রক্ষা না করলে উন্নয়ন ও গণতন্ত্র দুটিই প্রশ্নবিদ্ধ হয়। ২০২৫ আমাদের শিখিয়েছে- ক্ষমতার সীমা, গণতন্ত্রের ভঙ্গুরতা, অর্থনীতির বাস্তব চাপ এবং বৈশ্বিক অস্থিরতার গভীর প্রভাব।

রাজনৈতিক রূপান্তর, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, প্রতিবেশি ও আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন, দ্রব্যমূল্য ও জীবন-যাত্রার সংকট, ধর্মের নামে অন্যায়, আইনশৃঙ্খলা ও মতপ্রকাশের স্বাধীনতা- সব মিলিয়ে বছরটি ছিল আত্মসমালোচনার এক কঠিন সময়। তবে, একই সঙ্গে এই বছর দেখিয়েছে পরিবর্তনের সম্ভাবনা ও সংলাপ, সংস্কার ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে নতুন পথ তৈরির সুযোগ। এখন দেখার বিষয় হলো, ২০২৬ সাল কি বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাহসী সিদ্ধান্ত, গ্রহণযোগ্য নির্বাচন এবং সাধারণ মানুষের জীবনে বাস্তব স্বস্তি ফিরিয়ে আনতে পারে কিনা। এই উত্তরের মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশের আগামী দিনের পথচলা। বছর শেষে বহুল আলোচিত তিনটি ঘটনা। এক. আসন্ন নির্বাচনে সম্ভাব্য সপ্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর ঢাকায় আততায়ীর হাতে গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর ২০২৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দুই. দীর্ঘ দেড় যুগ পর বীরের বেশে ২৫ ডিসেম্বর ২০২৫ দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উজ্জীবিত হয় দেশের আপামর জনসাধারণ। তিন. ৩০ ডিসেম্বর ২০২৫ দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এতে শোকবিহ্বল হয়ে পড়ে দেশের সর্বস্থরের মানুষ। \r\nলেখক : প্রভাষক, ইংরেজি বিভাগ, নটর ডেম কলেজ ময়মনসিংহ