ইরান যুদ্ধে হরমুজ প্রণালী, জ্বালানি টার্মিনাল, তেল গ্যাস অবকাঠামো এবং আমাজনের ডেটা সেন্টারগুলো লক্ষ্যবস্তু হওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা কার্যত জিম্মি। এটি এমন এক ধ্রুপদী অর্থনৈতিক ধাক্কা যেখানে যুদ্ধ কেবল সরবরাহ কমিয়েই থামে না, বরং বীমা, জাহাজ ভাড়া ও অর্থায়নের খরচে স্থায়ী ঝুঁকি প্রিমিয়াম যোগ করে, যা যুদ্ধ থামার পরও দীর্ঘকাল পণ্যের দামে যুক্ত থাকে। ফলে জ্বালানি ও খাদ্যের চড়া দাম বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও চরম অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। জ্বালানি ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথকে ভূরাজনৈতিক অস্ত্রে পরিণত করার প্রভাব বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষত রেখে যাবে। তাই যুদ্ধ থামলেই যে দাম রাতারাতি স্বাভাবিক অবস্থায় ফিরবে এমনটি ভাবার কোনো সুযোগ নেই।

এই বৈশ্বিক সিস্টেমিক শকের প্রভাবে বাংলাদেশের মতো আমদানিনির্ভর এবং প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল সামষ্টিক অর্থনীতি চরম ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের আমদানি করা এলএনজির ৭২ থেকে ৭৫ শতাংশ এবং মোট জ্বালানি চাহিদার প্রায় ৪৫ শতাংশ সরাসরি মধ্যপ্রাচ্য ও হরমুজ রুটের ওপর নির্ভরশীল। কাতার টার্মিনাল মূলত হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল হওয়ায় এই রুটে সামান্য ব্যাঘাত দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও শিল্প কারখানা ধসিয়ে দিতে পারে। দেশের মোট জ্বালানি চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল হিসেবে আমদানি হয়। বাকি ৮০ শতাংশ পরিশোধিত আকারে মালয়েশিয়া, চীন ও সিঙ্গাপুরের রিফাইনারি থেকে আসে। একে ঝুঁকি বহুমুখীকরণ মনে হলেও ওই রিফাইনারিগুলোর আপস্ট্রিম ফিডস্টকের বড় অংশই মধ্যপ্রাচ্য ও হরমুজনির্ভর।

ফলে একাধিক স্তরে একই চেকপয়েন্টের ওপর আমাদের মারাত্মক নির্ভরতা তৈরি হয়েছে। এই ব্যাপক আমদানিনির্ভরতা শুধু ফিজিক্যাল সাপ্লাই চেইনকে নয়, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এবং বিনিময় হারকেও এক ধরনের টুইন ডিপেন্ডেন্সিতে ঠেলে দেয়। ডলার ঘাটতি যত বাড়ে, টাকার অবমূল্যায়ন তত দ্রুত জ্বালানি ও খাদ্যের দেশীয় মূল্যকে উপরের দিকে ঠেলে দেয়, যা একটি স্বয়ংক্রিয় নেতিবাচক চক্র সৃষ্টি করে। খাদ্য নিরাপত্তায়ও বড় শঙ্কা রয়েছে। বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশে পৌঁছেছে। বৈশ্বিক ইউরিয়া রপ্তানির প্রায় ৩০ শতাংশ আসে উপসাগরীয় দেশগুলো থেকে। হরমুজ সংকটে আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম অঞ্চলভেদে প্রায় ৫০ শতাংশ বাড়ার প্রভাব আসন্ন বোরো ও সেচ মৌসুমে কৃষক ও খাদ্যমূল্যের ওপর পড়বে। সারের আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সাথে জ্বালানি ও গ্যাসের যুগপৎ দাম বৃদ্ধি গ্রামীণ অর্থনীতিকে চরম চাপে ফেলবে, যার ফলে দারিদ্র্য বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হবে।

বিগত সরকারের রেখে যাওয়া ‘জাস্ট ইন টাইম’ সাপ্লাই মডেল পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। দেড় দশকের স্বৈরতান্ত্রিক শাসনে বিশ্ববাজারে জ্বালানির দাম কমার সুবিধা পেলেও দেশের জন্য কোনো কৌশলগত মজুত গড়ে তোলা হয়নি। নিজস্ব পরিশোধন ক্ষমতা চাহিদার মাত্র ২০ শতাংশ। ডিজেল ও পেট্রোলের প্রকৃত মজুত ১৫ থেকে ৩০ দিনের মধ্যে সীমাবদ্ধ। যুদ্ধ দ্রুত শেষ হলেও তেলের উচ্চমূল্য এবং বীমা ও শিপিং খরচের ধাক্কায় পুরো জ্বালানি ও সারের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। এর সাথে বিগত সরকারের ঋণের সুদ, ২০২৬ সালের এলডিসি উত্তরণপরবর্তী কঠোর বাণিজ্য শর্ত, তরুণ বেকারত্ব, ৯.১৩ শতাংশের উচ্চ মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপ মিলে এক ভয়াবহ বহুমুখী পলি ক্রাইসিস ধেয়ে আসছে।

এই পরিস্থিতিতে সরকারের ফিসকাল স্পেস এতটাই সংকুচিত যে, একদিকে বিশাল ঋণের সুদ এবং অন্যদিকে ভর্তুকি ও সামাজিক সুরক্ষায় পূর্ণ মাত্রায় সাড়া দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে। নীতিগত ভাষায়, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এমন এক ক্রমশ পতনের দুষ্টচক্র উত্তরাধিকার হিসেবে পাচ্ছে, যেখানে খারাপ নীতি, খারাপ প্রণোদনা ও খারাপ প্রতিষ্ঠান পরস্পরকে শক্তিশালী করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সরকার টিকে থাকা বা পতন শুধু রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভর করে না। বৈশ্বিক জ্বালানি বাজারের ব্যারেলপ্রতি দামের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ২০ থেকে ২৫ ডলার।

কিন্তু ৯/১১ এর পর মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযান এবং বৈশ্বিক অস্থিরতায় তেলের দাম লাফিয়ে বাড়ে। ২০০৮ সালের মাঝামাঝি তা ব্যারেলপ্রতি ১৪০ ডলারের রেকর্ড স্পর্শ করে। আমদানিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে এই বৈশ্বিক ধাক্কা সরাসরি আছড়ে পড়ে। তেলের দাম বাড়ায় দেশে পরিবহন, কৃষি ও উৎপাদন ব্যয় বেড়ে তীব্র মূল্যস্ফীতি তৈরি হয়। জনগণের ক্রয়ক্ষমতা কমে জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। মানুষের এই অর্থনৈতিক দুর্দশা ও অসন্তোষ তৎকালীন সরকারের জনপ্রিয়তায় ধস নামায় এবং রাজনৈতিক অস্থিরতা উসকে দিয়ে শেষ পর্যন্ত একটি অগণতান্ত্রিক শক্তির উত্থান ও বিএনপি সরকারের পতনকে ত্বরান্বিত করে। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় বসার সময় বড় সুবিধা ছিল বিশ্ববাজারে তেলের দীর্ঘমেয়াদি দরপতন।

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ থেকে ৬০ ডলারে ঘোরাফেরা করে। স্বৈরতন্ত্র টিকে থাকার একটি অর্থনৈতিক সমীকরণ হলো লুটপাটের সাম্যাবস্থা। স্বৈরশাসককে ক্ষমতা টিকিয়ে রাখতে সুবিধাভোগীদের বিপুল টাকা দিতে হয়, আবার খেয়াল রাখতে হয় জনগণ যেন রাস্তায় না নামে। রাজনৈতিক অর্থনীতির ভাষায় এটি এক ধরনের বিকৃত সামাজিক চুক্তি, যেখানে জনগণকে ভোটাধিকার ছেড়ে দেওয়ার বিনিময়ে স্থিতিশীল মূল্যস্ফীতি ও দৃশ্যমান অবকাঠামোর আশ্বাস দেওয়া হয়। হাসিনাকে এই সাম্যাবস্থা এনে দেয় সস্তা জ্বালানি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অর্ধেক হলেও সরকার দেশের বাজারে তা কমায়নি। সস্তা তেল আমদানি করে দেশে উচ্চমূল্যে বিক্রির মাধ্যমে সরকার বিপুল উদ্বৃত্ত রেন্ট তৈরি করে।

এই রেন্টকে কেন্দ্র করে একটি ক্লাসিক রিসোর্স রেন্ট স্টেট গড়ে ওঠে, যেখানে বাজেটের স্বচ্ছ অ্যাকাউন্টের বাইরে গিয়ে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, নির্বাচন ইঞ্জিনিয়ারিং এবং দমন যন্ত্রের অর্থায়ন হয়। টাকার মানও কৃত্রিমভাবে ধরে রাখা হয়। এই উদ্বৃত্ত অর্থ দিয়েই সরকার মেগা প্রজেক্টের নামে অবকাঠামো প্রদর্শন, দুর্নীতি ও লুটপাটের পাহাড় গড়ে অনুগত শ্রেণীকে পুষ্ট করে। সস্তা জ্বালানিতে মূল্যস্ফীতি না বাড়ায় জনগণ উন্নয়নের গল্পে মেতে এই বিকৃত সামাজিক চুক্তি মেনে নেয়। বিশ্ব অর্থনীতির এই সুবিধা চিরস্থায়ী ছিল না। বিগত সরকার অসম্ভবের ত্রিভুজ বা ম্যাক্রোইকোনমিক ট্রাইলেমার ফাঁদে পা দিয়েছিল। সে একই সাথে টাকার বিনিময় হার কৃত্রিমভাবে ধরে রাখা, সুদের হার বেঁধে রাখা এবং মূলধন পাচার হতে দেওয়ার মতো আত্মঘাতী নীতি গ্রহণ করে।

পাশাপাশি ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ বাধলে তেলের দাম লাফিয়ে ৭০ থেকে ১২০ ডলারে পৌঁছায় এবং তেলের ঊর্ধ্বমুখী লাফ হাসিনার লুটপাটের সাম্যাবস্থাকে ভেঙে চুরমার করে দেয়। ভেতর থেকে ফাঁপা অর্থনীতি এই ধাক্কা সামলাতে পারেনি। ৮৪ টাকার ডলার ১২০ টাকা ছাড়ায় এবং ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ তলানিতে ঠেকে। জ্বালানি আমদানির ব্যয় মেটাতে সরকার হিমশিম খায়, শুরু হয় নজিরবিহীন লোডশেডিং। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। বাজারে আগুন লাগে এবং মূল্যস্ফীতি দুই অঙ্কে পৌঁছায়। একদিকে তরুণ বেকারত্ব, অন্যদিকে জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয়। মেগা উন্নয়নের আড়ালে বর্তমান ও ভবিষ্যৎ লুট হওয়ার বিষয়টি বুঝতে পেরে মানুষ আর ঘরে থাকেনি।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান বাহ্যিকভাবে কোটা সংস্কার বা গণতন্ত্রের আন্দোলন হলেও এর গভীরে ছিল মানুষের রুটি-রুজির সংগ্রাম। অর্থনৈতিক এই খাদের কিনারায় দাঁড়িয়েই স্বৈরতন্ত্র ধসে পড়ে। বিগত স্বৈরতন্ত্রের এই লিগ্যাসি শুধু অতীতের ব্যর্থতা নয়, এটি বর্তমানের পলিসি স্পেসকে সংকুচিত করে ভবিষ্যতের গণতন্ত্রকেও ঝুঁকির মুখে ফেলছে। ইরান যুদ্ধ যদি সহসাই থেমেও যায়, তবুও অর্থনীতির তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই স্বস্তি সাময়িক। কেননা যেকোনো বড় বৈশ্বিক সিস্টেমিক শকের অর্থনৈতিক লং টেইল বা দীর্ঘমেয়াদি প্রভাব থাকে। ভূরাজনৈতিক মেরুকরণ ও সাপ্লাই চেইনের কাঠামোগত ক্ষতিতে সস্তা জ্বালানির যুগ সহসাই ফিরছে না। এখানেই নতুন বিএনপি সরকারের সামনে বড় কাঠামোগত চ্যালেঞ্জ।

যুদ্ধ থামলেও অর্থনীতিতে চারটি বহুমুখী চাপ স্থায়ী হবে। প্রথমত, জ্বালানি দাম ও ক্রাউডিং আউট ইফেক্ট: যুদ্ধ শেষ হলেও সাপ্লাই চেইন রিশেপিং এবং ওপেক প্লাসের নীতিগত কারণে অপরিশোধিত তেল ও এলএনজির দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে ১২০ ডলারের নতুন উচ্চতর ব্যান্ডে স্থিতিশীল হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বর্তমানে তেল ও এলএনজিসহ বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি বিল ৮-১০ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করে। বর্তমান সংকটে এই বিল অতিরিক্ত ৩-৪ বিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্য সরাসরি দেশের প্রায় ৩৮-৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প এবং কৃষিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। বিগত সরকারের রেন্টাল বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ ও সিস্টেম লসে বিদ্যুৎ খাত জর্জরিত।

বাড়তি দাম ভোক্তার ওপর চাপালে মূল্যস্ফীতির বিস্ফোরণ ঘটবে, আর সরকার ভর্তুকি দিলে বাজেট ঘাটতি ও ব্যাংকঋণনির্ভরতা এত বাড়বে যে, বেসরকারি খাতের ঋণপ্রবাহ শুকিয়ে যাবে। ফলে ক্রাউডিং আউট ইফেক্টে বেসরকারি বিনিয়োগ আরও সংকুচিত হবে। দ্বিতীয়ত, ঋণের সুদ ও এলডিসি উত্তরণ: আইএমএফের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মোট ঋণ জিডিপির ৪২.৪ শতাংশ এবং এর সুদ পরিশোধেই রাজস্বের বড় অংশ ব্যয় হচ্ছে। বিগত স্বৈরতান্ত্রিক সরকারের মেগা প্রকল্পগুলোর গ্রেস পিরিয়ড শেষে আসলসহ বিশাল কিস্তি পরিশোধের সময় এসেছে। বৈশ্বিক বাজারে সুদের হার চড়া। পুরোনো ঋণ পরিশোধে নতুন ঋণ নেওয়া বা রোল ওভার করতে সরকারকে অতিরিক্ত ফি ও চড়া কুপন রেট গুনতে হবে। এর ওপর ২০২৬ সালের এলডিসি উত্তরণ বড় খাঁড়া হয়ে ঝুলছে।

উত্তরণ না পেছালে জিএসপি সুবিধা হারানো, শুল্কমুক্ত রপ্তানিসুবিধা বাতিল এবং বিশ্ব বাণিজ্য সংস্থার কঠোর বাণিজ্য শর্তের মুখে পড়বে বাংলাদেশ। উচ্চসুদ ও রপ্তানিসুবিধা হারানোর জোড়া ধাক্কা দেশের ব্যালেন্স অব পেমেন্ট ধ্বংস করতে পারে। তৃতীয়ত, তরুণ বেকারত্ব ও মুদ্রাস্ফীতির দ্বৈত ফাঁদ বা স্ট্যাগফ্লেশন: জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্য শিল্পখাত ও বেসরকারি বিনিয়োগ সংকুচিত করবে। বিনিয়োগ কমার অর্থ নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া। একদিকে তৈরি পোশাক খাতে বিদেশি অর্ডারের ঝুঁকি ও কারখানা বন্ধ হওয়ার উপক্রম, অন্যদিকে শ্রমবাজারে প্রবেশ করা লাখ লাখ তরুণের কাজের তীব্র আকাল। উচ্চমুদ্রাস্ফীতিতে জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় বেকার তরুণদের চরম হতাশায় ফেলবে।

এটি ক্লাসিক ইয়ুথ বালজ উইথ গ্রিভ্যান্স; রাজনৈতিক অর্থনীতির সবচেয়ে বিপজ্জনক ককটেল। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণে এই তরুণ প্রজন্মের সামনে তখন দুটি পথ খোলা থাকবে, হয় প্রবাসে পাড়ি জমানোর মরিয়া চেষ্টা, নতুবা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসা। চতুর্থত, সার্বজনীন ব্যয় চাপ: রাজস্ব ঘাটতি ও ঋণের প্রবল চাপের মধ্যেও সরকারকে চরম রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে। নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বাড়ায় সরকারি কর্মচারীরা বেতন-ভাতা সমন্বয়ের প্রবল চাপ তৈরি করবে। একই সময়ে মূল্যস্ফীতিতে পিষ্ট সাধারণ মানুষ ও বস্তিবাসীকে বাঁচাতে সরকারকে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ বহুগুণ বাড়াতে হবে। কিন্তু রাষ্ট্রীয় কোষাগার কার্যত শূন্য।

ইরান যুদ্ধ থামলেও বিগত সরকারের কাঠামোগত ভঙ্গুরতা ও বৈশ্বিক অর্থনীতির দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবিলায় নতুন সরকারকে অবিলম্বে সাত দফা দূরদর্শী পদক্ষেপ নিতে হবে। প্রথমত, তথ্য স্বচ্ছতা ও ক্রাইসিস সেল গঠন। তথ্য লুকিয়ে কৃত্রিম স্বস্তি তৈরির পথ ছেড়ে জ্বালানি, সার ও রিজার্ভের প্রকৃত অবস্থা নিয়মিত প্রকাশ করতে হবে। স্বাধীন অর্থনৈতিক পর্যালোচনা কমিশন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে ন্যাশনাল ক্রাইসিস সেল গঠন করতে হবে, যা রিয়েল-টাইম মজুত ট্র্যাকিং করে জরুরি সিদ্ধান্ত নেবে। দ্বিতীয়ত, রেশনিং এড়িয়ে যৌক্তিক মূল্য সমন্বয়। জনপ্রিয়তা হারানোর ভয়ে ভর্তুকি দেওয়া আত্মঘাতী হবে এবং এটি একটি ক্লাসিক টাইম ইনকনসিস্টেন্সি, যা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে।

এর বদলে বাজারভিত্তিক মূল্য সমন্বয় করে শুধু নি¤œ আয়ের মানুষ ও কৃষকদের জন্য সরাসরি নগদ সহায়তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, কৌশলগত মজুত গড়ে তোলা। পনেরো দিনের মজুতের ঝুঁকিপূর্ণ ‘জাস্ট ইন টাইম’ মডেল বাদ দিয়ে বৈশ্বিক দাতা সংস্থাগুলোর সহায়তায় স্টোরেজ অবকাঠামো নির্মাণ করে ধাপে ধাপে ষাট থেকে নব্বই দিনের আপৎকালীন মজুত গড়ে তোলার কাজ শুরু করতে হবে। চতুর্থত, বিকল্প উৎস ও সরবরাহ বহুমুখীকরণ। হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানি ও সারের জন্য আসিয়ান এবং আফ্রিকান দেশগুলোর সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করতে হবে। সামুদ্রিক রুট বন্ধ হলে জরুরি মুহূর্তে স্থলপথে ভারত বা মিয়ানমার হয়ে জ্বালানি আনার করিডর প্রস্তুত রাখতে হবে। পঞ্চমত, অর্থনৈতিক পুনর্গঠন ও আগ্রাসী কূটনীতি।

ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে খেলাপি ঋণ আদায় ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার জরুরি। তৈরি পোশাক খাতের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা কমিয়ে কৃষি প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং আইটি খাতের প্রসার ঘটাতে হবে। পাশাপাশি রেমিট্যান্স বাড়াতে আগ্রাসী শ্রম কূটনীতি চালাতে হবে। ষষ্ঠত, কঠোর রাষ্ট্রীয় কৃচ্ছ্রসাধন। জনগণকে ত্যাগে উদ্বুদ্ধ করতে রাষ্ট্রকে আগে উদাহরণ তৈরি করতে হবে। এসির ব্যবহার কমানো, বিলাসী গাড়ি কেনা স্থগিত, অপ্রয়োজনীয় মেগা প্রকল্প স্থগিত ও অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বাতিল করে জ্বালানি সাশ্রয়ী নীতি নিতে হবে। এটি শুধু টাকা বাঁচাবে না বরং রাজনৈতিক আস্থা ফেরাতে শক্তিশালী সিগন্যাল হিসেবে কাজ করবে। সপ্তমত, জাতীয় ঐকমত্য ও তথ্যভিত্তিক নীতি। শীর্ষ অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় ঐকমত্যের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বিগত স্বৈরতন্ত্রের সমালোচনা কেবল রাজনৈতিক ভাষায় না করে ডেটা ভিত্তিক নীতি সমালোচনার মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে, যাতে তরুণরা একে রাজনৈতিক প্রতিশোধ না ভেবে প্রয়োজনীয় সংস্কার হিসেবে গ্রহণ করে।

দেশের সাধারণ মানুষ বিমূর্ত গণতান্ত্রিক আদর্শের চেয়ে রুটি-রুজি নিয়ে বেশি সংবেদনশীল। চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান মূলত সেই অর্থনৈতিক বঞ্চনারই বহিঃপ্রকাশ। তেলের উচ্চমূল্য, মেগা ঋণের সুদ, এলডিসি উত্তরণের শর্ত, বেকারত্ব এবং বেতন বৃদ্ধির বহুমুখী চাপে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে দীর্ঘস্থায়ী যুদ্ধ পরবর্তী অর্থনীতির কঠিন বাস্তবতার জন্য প্রস্তুত থাকতে হবে। এই পলি ক্রাইসিসের যুগে নতুন সরকারের সামনে দুটি পথ খোলা। প্রথমটি হলো, সততা ও সাহসের সাথে তথ্য উন্মুক্ত করে অভিজাতদের কৃচ্ছ্রসাধনে বাধ্য করা এবং জনগণের সাথে একটি নতুন সামাজিক চুক্তি স্থাপন করা। প্রথম দিকেই কঠিন সত্য বলার এই বিশ্বাসযোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হলে জনগণ কষ্ট মেনে নিয়ে সরকারের পাশেই দাঁড়াবে। দ্বিতীয় পথটি হলো, বিগত সরকারের মতো তথ্য লুকানো এবং স্ট্যাটাস কো বা রেন্ট রাজনীতির পুনরাবৃত্তি করা, যা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে আত্মঘাতী। এতে ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি ঘটবে এবং আগামীর জনদুর্ভোগের জন্য মানুষ বিগত সরকার বা বৈশ্বিক যুদ্ধকে দায়ী করবে না বরং শতভাগ রাজনৈতিক দায় বর্তমান সরকারকেই বইতে হবে।

লেখক: সহযোগী অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী Email: hhafij@yahoo.com