রাত বাড়ে, আমি শুধু তাকিয়ে থাকি সিলিংয়ের দিকে। ঘুম আসে না, আসে শুধুই অতীতের মুখ। এক সময় রাত দশটা মানেই ছিল গভীর রাত। চারপাশে নিস্তব্ধতা নেমে আসত ঘুমের রাজ্যে চলে যেতাম নিমিশেই। এখন সেই রাত দশটা আমার কাছে যেন বিকেলের মতো। সময় বদলেছে, আমিও বদলেছি। হয়তো খানিকটা ভেতর থেকে ভেঙে গেছি। স্কুল, কলেজ পেরিয়ে ভার্সিটির দিনগুলোও এখন অতীত। সেই রঙিন দিনগুলোর জায়গায় এসেছে একঘেয়ে বাস্তবতা, আর না-পাওয়ার দীর্ঘ তালিকা। হলের আনন্দময় জীবন ছেড়ে বাসায় ফিরেছি বেশ কিছু দিন। মনে হয়, হল ছেড়েছি, যেন ঘুমটাকেও ফেলে এসেছি। \r\nফোন হাতে নিলে দেখি, সবাই এগিয়ে যাচ্ছে। কেউ বিদেশে, কেউ সংসারে, কেউ চাকরিতে। ভালো লাগে, আবার এক মুহূর্তেই বুকের ভেতর বিষণ্নতার নরম কাঁটা বিঁধে যায়। ফোনটা বন্ধ রেখে দেই।
আয়নায় চোখ পড়লে নিজেকে অপরিচিত লাগে। এই মুখ, এই ক্লান্ত চাহনি। কোথায় হারিয়ে গেছে সেই আলো, সেই প্রাণচঞ্চলতা! এক সময় কত স্বপ্ন ছিল পৃথিবী দেখব, পাহাড় সাগর ঘুরে বেড়াব, লিখব, মানুষের গল্প বলব। নিজেকে নিয়ে আশার হাজার রঙিন নকশা ছিল। আজ সব স্বপ্নগুলো যেন সরকারি চাকরির প্রতিযোগিতার শেকলে বন্দি। তার ওপর পরিবারের বিয়ের চিন্তা- মেয়ে মানুষের জন্য এটাই যেন জীবনের পরিণতি। \r\nভাবি, এখন স্বপ্ন দেখা মানেই পাপ। নভেম্বরের রাতগুলো ভয়ংকর নীরব লাগে। এই নীরবতা যেন অদৃশ্যভাবে বুক চেপে ধরে। মনে হয়, আমি কোনো এক সার্কাসের দুঃখী চরিত্র, যাকে সবাই দেখে, কিন্তু কেউ বুঝে না। চোখ বন্ধ করলেই মনে হয়, আমি হারিয়ে যাচ্ছি এক অচেনা অন্ধকারে।
তবুও সেদিন হঠাৎ ঘুম এসেছিল, অদ্ভুত এক শান্তিতে, স্বপ্ন দেখলাম এক পাহাড়ে বসে আছি শান্তভাবে। ঘুম ভাঙল কিছু নাম-না-জানা পাখির কিচিরমিচিরে। ভোর তখনও পুরো হয়নি। কুয়াশার পর্দা ভেদ করে সূর্যের আলো আসছে ধীরে। চিলেকোঠার দরজা খুলে ছাদে গেলাম। ঠান্ডা বাতাসে কুয়াশা মিশে এক রহস্যময় দৃশ্য তৈরি করেছে। \r\nমা হয়তো কবুতর পোষে, ছাদে আসা হয় না তাই জানি না। খাঁচাগুলো ছাদের এক কোণে। শিউলি ফুল অনাদরে মাটিতে পড়ে আছে, ফুলের গন্ধে যেন বাতাস আমোদিত। কয়েকটা তুলে নিলাম, নাকে ধরলাম। এক মুহূর্তের জন্য মনে হলো মনে হলো, এই ছোট্ট ঘ্রাণেও লুকিয়ে আছে অদ্ভুত এক ভালো লাগা। প্রাণ ভরে ঘ্রাণ নিলাম বেশ কয়েকবার। রাস্তার মোড়ের দোকানে চায়ের উনুন জ্বলছে, টুংটাং করে চামচ নাড়ার শব্দ আসছে। দুইটা বাচ্চা ব্যাগ পিঠে টিউশনে যাচ্ছে।
ওরা জানে না, জীবনের সবচেয়ে সুন্দর সময়টা এখনই পার করছে। \r\nঠিক তখন চোখ গেল কবুতরের খাঁচায়। এক কোণে বসে আছে একটা শালিক পাখি। কেমন যেন বিষণ্ণ চোখে তাকিয়ে আছে। অন্য কবুতরগুলোর মধ্যে ও যেন একা, অচেনা, অবাঞ্ছিত। হঠাৎ মনে হলো—ওর চোখে আমার নিজের ছায়া দেখছি। খাঁচার দরজা খুলে আলতো করে হাতে নিলাম ওকে। ওর শরীর কাঁপছে, কিন্তু চোখে আছে এক অদ্ভুত শান্তি। আমি হাত বুলিয়ে দিলাম পিঠে, বললাম, যাও, তোমার জায়গা এখানে নয়। তার পর ধীরে ধীরে ছেড়ে দিলাম মুক্ত আকাশে। প্রথমে শালিকটা স্থির হয়ে রইল। যেন ভাবছে, সত্যিই কি মুক্তি সম্ভব? \r\nতারপর একবার ডানা ঝাপটাল, বাতাসে একটু দুলে গেল। দ্বিতীয়বার ঝাপটায় সূর্যের আলোয় তার পালকগুলো ঝিলমিল করে উঠল। তৃতীয়বারে যেন নিজের সমস্ত সাহস জোগাড় করে এক লাফে উঠে গেল আকাশে। ডানা দুটো ছড়িয়ে দিল এমনভাবে, যেন বহুদিনের বন্দিত্বের শৃঙ্খল ছিঁড়ে ফেলছে। আমি স্থির দাঁড়িয়ে ছিলাম। শালিকটা কুয়াশার ভেতর মিলিয়ে গেল, কিন্তু ওর উড়ে যাওয়া যেন আমার বুকের ভেতর আঁচড় কাটল। চোখের কোণে জল এসে জমলো। অদ্ভুত, উষ্ণ এক অনুভূতি। মনে হলো, আজ অন্তত একটা প্রাণী সত্যিকারের মুক্তি পেল। আর আমি? আমার ভেতরেও কিছু একটা বদলে গেল। হয়তো আমিও উড়ব একদিন, এমনই এক সকালে, নিজের মতো করে, নিজের আকাশে। সেদিন স্বপ্ন গুলাই হবে আমার ডানা।
