(গতকালের পর)

দীর্ঘ দুই বছর শুনানির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারপতি মোস্তফা কামালের নেতৃত্বাধীন বেঞ্চ সরকারের আপিল খারিজ করে দেয় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর। ঐতিহাসিক এ রায়ে বলা হয়: ‘বিচার বিভাগ সংবিধান অনুসারে স্বাধীন অঙ্গ। নির্বাহী বিভাগের অধীন কোন বিচার বিভাগ সংবিধানের সাথে সাংঘর্ষিক।’ আপিল বিভাগ তার রায়ে হাইকোর্টের নির্দেশনার কিছু পরিবর্তন ও পরিমার্জন করে ১২টি সুনির্দিষ্ট নির্দেশনা দেন, যা ‘১২ দফা নির্দেশনা’ নামে পরিচিত। আপিল বিভাগের ১২ দফা নির্দেশনার সারসংক্ষেপে আমরা দেখতে পাই, ১. বিচারক নিয়োগ ও পদোন্নতির জন্য পৃথক Judicial Service Commission (JSC) গঠন। ২. বিচারক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার জন্য Supreme Judicial Council গঠন। ৩.বিচারকদের পদবী ও বেতন কাঠামো নির্বাহী বিভাগের বাইরে নির্ধারণ। ৪.

বিচারকদের বদলি ও পদোন্নতিতে নির্বাহী হস্তক্ষেপ নিষিদ্ধ। ৫. বিচারকদের আলাদা Judicial Pay Commission গঠন। ৬. বিচারকদের চাকরির শর্ত ও নিয়ন্ত্রণ বিষয়ে স্বতন্ত্র বিধিমালা (Judicial Service (Conduct) Rules) প্রণয়ন। ৭. বিচারক ও ম্যাজিস্ট্রেটদের প্রশাসনিক পদে পদায়ন বন্ধ। ৮. বিচার বিভাগীয় সার্ভিসের নাম ও কাঠামো নির্দিষ্ট করা। ৯. বিচারকদের শৃঙ্খলা ও শাস্তিমূলক ব্যবস্থার জন্য সুস্পষ্ট আইন তৈরি। ১০. বিচারকদের প্রতি প্রশাসনের অনুপযুক্ত প্রভাব প্রতিরোধ। ১১. বিচার বিভাগীয় ব্যয় ও আর্থিক বিষয়াবলি পৃথক বাজেটীয় ব্যবস্থায় নিয়ে আসা। ১২. রায়ের বাস্তবায়ন ছয় মাসের মধ্যে শুরু করতে হবে।

মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানা যায় চূড়ান্ত রায়ের আট বছর পর ২০০৭ সালে ফখরুদ্দিন-মইনুদ্দীনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আংশিক বাস্তবায়ন। ১ নভেম্বর ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক ঘোষণা করা হয়। তখন: বিচারক নিয়োগ ও বদলির ক্ষমতা আইন মন্ত্রণালয়ের বিচারিক বিভাগে স্থানান্তরিত হয়। এ সময় Judicial Service Commission ও Judicial Pay Commission গঠন করা হয়। জেলা ও মহানগর ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পৃথক করা হয়। তবে কিছু বাস্তব সমস্যাও রয়ে যায়। যার মধ্যে অন্যতম প্রশাসনের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা। বিচার বিভাগীয় সার্ভিসের পূর্ণ কাঠামো সংবিধানিক মানে এখনো পৌঁছায়নি। বিচারকদের বদলি ও পদোন্নতিতে আইন মন্ত্রণালয়ের প্রভাব এখনও দৃশ্যমান।

ঐতিহাসিক এ রায়ের প্রেক্ষিতে আমরা দেখতে পাই। ১. এটি বাংলাদেশের সংবিধানিক ইতিহাসে বিচার বিভাগের স্বাধীনতার বাস্তব রূপরেখা প্রকাশ করে। ২. বিচারকগণের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি স্থাপন করে। ৩. নির্বাহী আধিপত্য থেকে মুক্তি ও আইনের শাসনের প্রতিষ্ঠায় এটি ছিল এক যুগান্তকারী রায়। ৪. বিচার বিভাগের স্বকীয়তা প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাতে এ রায় অনন্য নজির। যদি আমরা দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশের দিকে তাকাই, তবে দেখতে পাই, ১৯৭৩ সালের ভারতের Kesavananda Bharati মামলায় বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মূল কাঠামো হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৬ সালে পাকিস্তানের Al-Jehad Trust Case -G Judicial Commission গঠন বাধ্যতামূলক করা হয়।

বাংলাদেশে ১৯৯৯ সালে Masdar Hossain Case দক্ষিণ এশিয়ায় বিচার বিভাগের স্বাধীনতার ইতিহাসে ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমরা জানি, ইংল্যান্ডে বিচার বিভাগ পুরোপুরি স্বশাসিত। Judicial Appointments Commission (JAC) স্বতন্ত্র সংস্থা হিসেবে বিচারক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে থাকে। চলতি বছর ২৩ অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বিচারিক কার্যক্রমে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, উচ্চ আদালতের একটি বেঞ্চ এক দিনে ৪-৫ ঘণ্টায় প্রায় ৮০০ মামলায় জামিন দিয়েছেন। জামিন দিতেই পারেন। কিন্তু ৪-৫ ঘণ্টায় ৮০০ মামলা শোনা কি সম্ভব?

আমাদের মনে হয় বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫, এ আইনটি চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারব। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের ১৮ বছর পূর্তি হয়ে গেলো ১ লা নভেম্বর। দীর্ঘ দেড় যুগেও প্রতিষ্ঠিত হয়নি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়। তবে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে অগ্রগতি হয়েছে। এ সংক্রান্ত খসড়া অধ্যাদেশে সম্প্রতি নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এখন সচিবালয়ের আর্থিক স্বাধীনতা কার হাতে থাকবে সেই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মত নিয়ে তা পুনরায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে যাবে। সেখানে অনুমোদনের পরই অধ্যাদেশ জারি করবেন রাষ্ট্রপতি।

এরপরই তা গেজেট আকারে প্রকাশ করবে আইন মন্ত্রণালয়। গেজেট প্রকাশের পরই জানা যাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশে আর্থিক স্বাধীনতা কার হাতে ন্যস্ত থাকবে। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের জন্য আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদি এটা করা সম্ভব না হয় তবে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও পৃথককরণ কোনোটাই অর্থবহ হবে না। কারণ বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা না থাকলে ব্যয় নির্বাহের জন্য সরকারের মুখাপেক্ষী থাকতে হবে। সরকারের মুখাপেক্ষী হলেই বিচার বিভাগের স্বাধীনতায় সরকারের যে অদৃশ্য হস্তক্ষেপের স্থুল প্রভাব থেকেই যাবে। গত বছর ৫ আগস্টের গণবিপ্লবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধান বিচারপতি পদে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

দায়িত্ব নেওয়ার পর ঐ বছরের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠান। প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে হাইকোর্ট বিভাগ কর্তৃক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ যথাযথ রূপে পালনের উদ্দেশ্যে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অধ্যাদেশের খসড়া, প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুল অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেসের সম্ভাব্য সংস্কার সম্পর্কে পরিপূর্ণ প্রস্তাব প্রেরণ করা হয়। প্রস্তাবে বলা হয়, সংবিধানের ২২ অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণকে রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবিধানের চতুর্থ তপশিলের অন্তর্গত ‘অন্তর্বর্তীকালীন ও সাময়িক বিধানাবলির দফা ৬ (৬) অনুযায়ী অধস্তন আদালত সম্পর্কিত সংবিধানের ষষ্ঠ ভাগের ২য় পরিচ্ছেদের বিধানাবলি যথাসম্ভব বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। ঐ রূপ সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রস্তাবিত পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠিত হলে অধস্তন আদালতের বিচারকগণের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি ইত্যাদি বিষয়ে প্রচলিত দ্বৈতশাসনের অবসান ঘটবে এবং বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে। পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব পাঠানোর পরই এ সংক্রান্ত খসড়া সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেই খসড়া কিছুটা সংশোধন করে চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়।

যেখানে সুপ্রিম কোর্ট সচিবালয় নামে বিচার বিভাগের পৃথক সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির হাতে রাখা হয়। বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা ছিল বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। যে অনুচ্ছেদের ক্ষমতাবলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদায়ন, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলা বিধানের কাজটি রাষ্ট্রপতির নামে আইন মন্ত্রণালয় করে থাকত সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে। ফলে বিচার বিভাগে এক ধরনের দ্বৈতশাসন বিরাজমান ছিল। এই দ্বৈতশাসন নিয়ে অতীতে অনেক প্রধান বিচারপতি বক্তব্যও রেখেছেন। কিন্তু দ্বৈতশাসন অবসানে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সব বিচারকের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারকে সরাসরি লিখিত প্রস্তাব পাঠান।

সুপ্রিম কোর্টের লিখিত প্রস্তাব পেয়ে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কাজে হাত দেয় আইন মন্ত্রণালয়। গত ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এক রিট মামলায় দেওয়া রায়ে তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনে সরকারকে নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সংবিধান পরিপন্থি ঘোষণা করে বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করেন। যার মধ্য দিয়ে পুনরুজ্জীবিত হয় ৭২’র সালের আদি সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। যে অনুচ্ছেদে বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত ছিল।

পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সাংবিধানিক বাধা ছিল হাইকোর্টের রায়ের ফলে তাও দূর হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টের অধীনে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত খসড়া অধ্যাদেশে সম্প্রতি নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন পৃথক সচিবালয় কবে প্রতিষ্ঠা হয় সেই অপেক্ষায় অধস্তন আদালতের বিচারকগণ অপেক্ষমাণ। সম্প্রতি, গুম কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর এবং আস্থাশীল বিচার বিভাগ হলো গণতন্ত্রের প্রাণ। বিচার বিভাগের প্রতি জনমানুষ আস্থা হারালে আইনের শাসন ভেঙে যায়। বিচারকার্য পরিচালনায় বিচারকদের স্বাধীন থাকতে হবে এবং রাজনৈতিক বা নির্বাহী কোনো প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না।

বদলির ভয় উপেক্ষা করে ন্যায়বিচারকে দৃশ্যমান করতে হবে। বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত, সততা, নৈতিকতা, সাহসিকতা ও কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে বিচারকদেরই বিচার বিভাগের ওপর জনমানুষের পরিপূর্ণ আস্থা ফিরিয়ে আনতে হবে। নিজেদের নিরপেক্ষতা, সততা ও সাহসিকতা সমুন্নত রাখতে হবে।। দেশের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা কেবল প্রশাসনিক পরিবর্তন নয়; এটি গণতন্ত্রের আত্মা পুনরুদ্ধারের চূড়ান্ত প্রস্তুতি। এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তির পুনর্গঠন প্রক্রিয়া। যে রাষ্ট্রে আদালত স্বাধীন নয়, সেখানে নাগরিক স্বাধীনতাও অনুপস্থিত। পৃথিবীর সকল দেশের সকল জনপদে স্বাধীন বিচারব্যবস্থা মানে বাক স্বাধীনতা ও গণতন্ত্রের টেকসই অস্তিত্ব।

যে কোন জনপদে বিচার বিভাগ স্বাধীন না হলে আইন ও ন্যায়বিচার কেবল কেতাবি কথায় পরিণত হয়ে, রাজনৈতিক স্বেচ্ছাচারিতার হাতিয়ারে রূপ নেয়।। শাসকদের ইচ্ছা যন্ত্রে পরিণত হয়। জুলাই-আগস্টের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে ৩১টি রাজনৈতিক দল সেটা সমর্থন জানিয়েছে। এগুলো উল্লেখ করে হাইকোর্ট বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখতে এখনই পৃথক সচিবালয় গঠনের উপযুক্ত সময় বলে অভিমত প্রকাশ করেছেন। বাংলাদেশের নাগরিক সমাজ, আইনজীবী, বিচারক ও মানবাধিকার কর্মীরা এখন ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে পারে ‘আমরা একটি সত্যিকার অর্থে স্বাধীন বিচার বিভাগ চাই, যেখানে ন্যায়বিচার হবে রাষ্ট্রের হৃৎপিণ্ড, বিচার বিভাগ থাকবে জনগণের কাছে দায়বদ্ধ।’ বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় কেবল একটি প্রশাসনিক সংস্কার নয়। সংবিধান যে প্রতিশ্রুতি দিয়েছিল ১৯৭২ সালে, তার পূর্ণ বাস্তবায়ন সম্ভব তখনই, যখন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগের স্বাধীনতার পথচলা সত্যিকার অর্থে সম্পূর্ণ হবে। উচ্চ আদালতের রায় সেই স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন সরকারের হাতে দুটি পথ-এক- সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে এই রায় বাস্তবায়ন করা। দুই- আমলাতান্ত্রিক স্বার্থে বিলম্ব করে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও ক্ষয় করা। সময়ই বলে দেবে, তারা কোন পথে হাটবে।

(সমাপ্ত) লেখক : সাংবাদিক