বাংলার বারো ভূঁইয়া দের জনপ্রিয় শাসন এবং দেশরক্ষার অমিত সাহসিকতার কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। আমাদের দেশপ্রেমের এক বড় অনুপ্রেরণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম প্রতীক তাদের দীর্ঘ শাসনযুগ। সংখ্যার দিক থেকে ১২ হলেও কার্যত কামরূপ (আসাম)-এর অধিপতি গৌড়রাজসহ মোট ১৩ জন ভুঁইয়া বাংলা শাসন করেন বলে জানা যায়। উত্তর ভারতের রাজা-মহারাজারা সে সময়কার বাংলাকে বারো ভুঁইয়াকা মুল্লুক বলে উল্লেখ করতেন। আবুল ফজলের লেখা আইন-ই-আকবরী গ্রন্থে এবং মির্জা নাথান-এর লেখা বাহারিস্তান-ই-গাইবি তেও বাংলার বারো ভুঁইয়াদের শাসন যুগের উল্লেখ দেখা যায়। তাদের যুগের উল্লেখ সন্ধ্যাকর নন্দীর লেখা রাম চরিতম গ্রন্থেও দেখা মেলে।
এসব স্বাধীন রাজা মূলত পূর্ব বাংলার সোনারগাঁও, বৃহত্তর খুলনা পরগনা, নদীবেষ্টিত বরিশাল অঞ্চল এবং উত্তরবঙ্গের কিছু এলাকা শাসন করতেন। ১৫৭৫ সালে সম্রাট আকবর বাংলা দখল করতে এসে বারো ভুঁইয়াদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পড়েন এবং মোঘলদের বঙ্গ বিজয় অনেক বিলম্বিত হয়। \r\nমোঘল সেনাপতি মানসিংহ কখনোই ঈসা খাঁকে পরাস্ত করতে পারেননি। ঈসা খাঁর জন্মভিটে ছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পরগনায়। ঈসা খাঁর পিতা কালিদাস গজদানী গৌড়ে দেশান্তরী হন এবং গৌড় রাজার রাজস্ব মন্ত্রীর পদে আসীন হন। গজদানী বিয়ে করেন সুলতান গিয়াসুদ্দীন মাহমুদ শাহের মেয়েকে। তাকে তিনি ইসলাম ধর্ম কবুল করে ঈসমাইল খাঁ নামে পরিচিতি পান এবং সরাইলসহ পূর্ব মোমেনশাহী পরগনা লাখরাজ সম্পত্তি হিসেবে অনুদান পান।
১৫৪৫ সালে শের শাহের ছেলে ইসলাম শাহ দিল্লির মসনদে আসীন হলে সুলায়মান শাহ্ দিল্লীর আনুগত্য অস্বীকার করলে তার পুত্র ঈসা খাঁ এবং ইসমাইল খাঁকে এক তুরানী বণিকের কাছে বিক্রি করে দেওয়া হয়। এই বীর বারো ভুঁইয়াদের মধ্যে ঈসা খান ঢাকায়, প্রতাপাদিত্য যশোর-খুলনায়, চাঁদ রায় বিক্রমপুরে, পীতাম্বর রায় পাথিয়ায়, গণেশ রায় দিনাজপুরে, মুকুন্দরাম ফরিদপুরে, কংস নারায়ণ নাটোরে, মসনদ-ই-আলী ও মুসা খান উভয়েই ঢাকায়, কেদার রায় মুন্সিগঞ্জে, রামচন্দ্র রায় রাজশাহীতে ও রঘুনাথ ভূষণ ফরিদপুরে শাসন করেন। বর্গী, মারাঠী, হার্মাদ, দিনেমার, পর্তুগীজ ও সবশেষে ইংরেজদের আগ্রাসন অত্যন্ত সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে মোকাবিলা করেন বাংলার বীর বারো ভুঁইয়ারা। এ দেশের ধর্মীয় সহনশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে আছেন বারো ভুঁইয়ারা।
\r\n১৫৬৩ সালে ঈসা খাঁর চাচা কুতুব খাঁ বহু খোঁজাখুঁজির পর সেই তুরানী বণিকের কাছ থেকে প্রচুর টাকার বিনিময়ে তার দুই ভাতিজাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন। ঈসা খাঁ তখন ২৭ বছরের যুবক। সুলতান তাজ খাঁ কররানি (১৫৬৪-৬৫) সিংহাসনে আসীন হয়ে ঈসা খাঁকে তার পিতার জায়গীর অর্থাৎ সরাইলসহ পূর্ব মোমেনশাহী ফিরিয়ে দেন। বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ খাঁ কররানির শাসনকালে (১৫৭২-৭৬) ঈসা খাঁ বিশেষ অর্থ প্রতিপত্তির অধিকারী হন। তিনি ছিলেন এক সাহসী ও বীর সেনাধ্যক্ষ। ১৫৭৫ সালে বাংলার সুবাহদার মুনিম খাঁর মৃত্যুর পর আফগান শাসক দাউদ খাঁ কররানি স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নামে বাংলা ও বিহারে খুৎবা পাঠের ব্যবস্থা করেন।
তাকে অনুসরণ করে, বা বলা যায় তার থেকে অনুপ্রাণিত হয়ে স্বাধীন অন্যান্য ভুঁইয়ারাও মোঘলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলেন। বাংলার এই যুদ্ধ ইতিহাস খুব ভালো করে অনুধাবন করেন তরুণ ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ। তাই ১৯৪৭ সালে ঢাকায় নতুন বিন্যাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার লিখিত বক্তৃতায় দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, Bengalis were a martial race, but they were disarmed by the Britishers. Time is now they once again take up their arms. (অর্থাৎ বাঙালিরা বরাবরই একটি যোদ্ধা জাতি। তবে তাদের নিরস্ত্র করেছিল ব্রিটিশরা। আজ আবার সেই সময় এসেছে যখন বাঙালিরা আবার তাদের অস্ত্র নিয়ে গর্জে উঠবে)। \r\nবাংলার বীর বারো ভুঁইয়ারা রেখে গেছেন যুদ্ধযজ্ঞ ও বীরত্ব গাথার অজস্র নজির।
১৫৯৭ সালে ঢাকার বিক্রমপুরে মানসিংহের ছেলে দুর্জন সিংহের আক্রমণ সাফল্যের সঙ্গে রুখে দেন ঈসা খাঁ ও মাসুম খাঁ। দুর্জন সিংহ বহু মোঘল সৈন্যসহ নিহত হন সম্মুখ যুদ্ধে। অনেকে হন বন্দি। কৌশলবিদ ঈসা খাঁ বিজয়ের পরও মোঘলদের সঙ্গে যুদ্ধ বিরতির কৌশল অবলম্বন করেন এবং সম্রাট আকবরের বশ্যতা মেনে নেন। তিনি বন্দী মোঘল ফৌজিদেরও সসম্মানে মুক্তি দেন এবং মানসিংহকে সঙ্গে নিয়ে আগ্রায় সম্রাটের সঙ্গে দেখা করেন। সম্রাট বাংলার এই বাঘকে মসনদ-ই-আলা উপাধি দিয়ে দেওয়ানী প্রদান করেন। \r\nমাসুম খাঁ কাবুলী যখন আকবরের শাসনামলে বাংলার মোঘল বাহিনীর সেনাপতি, তখন আকবরের তথাকথিত ধর্ম নিরপেক্ষ দ্বীন-ই-ইলাহী নামের নতুন ধর্ম প্রবর্তন প্রচেষ্টার বিরুদ্ধে এই বাংলায় নিয়োজিত খোদ মোঘল ফৌজিদের মধ্যেই বিদ্রোহের ঘটনা ঘটে।
ঈসা খাঁর ছেলে মুসা খাঁ তার শাসনামলে বাংলার বীর ভুঁইয়াদের মধ্যে সৈন্য, অস্ত্র, হাতি ঘোড়া এবং তীরন্দাজ শক্তিতে বলীয়ান হয়ে ওঠেন। তিনিও পিতা-পিতামহের ধারায় মোঘল বাদশাহ জাহাঙ্গীরের বশ্যতা অস্বীকার করেন এবং বাংলার স্বাধীনতা সুরক্ষিত করতে আজীবন লড়াই জারি রাখেন। তাঁর রাজত্বের বিস্তার ছিল এখনকার ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহ পরগনা তথা পূর্ব বাংলার প্রাণকেন্দ্রে। তাঁর রাজধানী ছিল বহু ইতিহাসের নীরব সাক্ষী বীর তীর্থ সোনারগাঁয়। ১৬১১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধে সোনারগাঁর পতন ঘটে এবং মুসা খাঁকে মোঘল সার্বভৌমত্বের অনুগত হতে বাধ্য করা হয়। \r\nবাংলার আর এক বীর ভুঁইয়া ফজল গাজী শেরশাহ এবং বাদশাহ আকবর উভয় সার্বভৌমের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং তার বীরত্ব সমসাময়িক ভারতবর্ষে এক অভূতপূর্ব আলোড়ন জাগায়।
এক পর্যায়ে তাঁকেও বাধ্য করা হয় মোঘল সার্বভৌমত্বের কাছে নতি স্বীকারে। ফজল গাজী ছিলেন একজন পরহেজগার এবং অত্যন্ত জনপ্রিয় শাসক। তাঁর রাজত্ব ভাওয়ালসহ বৃহত্তর মোমেনশাহী। তবে তার পছন্দের জায়গা ছিল নদ-নদী-খাল বেষ্টিত বরিশাল এবং তিনি তার শেষ জীবন কাটান বাকেরগঞ্জে। \r\nমুসা খাঁর মোঘল বিরোধী অগ্রাভিযানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন বাংলার আর এক বীর ভুঁইয়া বাহাদুর গাজী। অবশ্য মোঘল অভিযানে মুসা খাঁর পরাজয় ঘটলে মোঘলরা বাহাদুর গাজীর সঙ্গে সন্ধি করে এবং যশোর ও পূর্ব ভারতের কাছাড়-কামরূপ অভিযানে মোঘলরা বাহাদুর গাজীর সৈন্য সামন্তের সহায়তা নিয়ে কামরূপ দখলে সক্ষম হয়। বাহাদুর গাজীর ফৌজিরা ছিল বেশিরভাগই মধ্য বাংলাদেশের বীর যোদ্ধা। \r\nআর এক ভুঁইয়া খাজা ওসমান খাঁ লোহানীও ছিলেন বাংলার এক অমিত তেজী দেশপ্রেমিক শাসক।
তিনি প্রাণপণ যুদ্ধে শহীদ হন, তবু মোঘলদের আনুগত্য বরণ করা থেকে বাংলার ইজ্জত রক্ষায় অটল থাকেন। তাঁর হাজারীতে ছিল দুই হাজার অশ্বারোহী, পাঁচ হাজার পদাতিক ও চল্লিশ হাতির এক বিশাল বহর। ওসমানের শক্তির সঙ্গে যোগ দেন শের-ই-ময়দান, খাজা ইব্রাহীম এবং খাজা দাউদের মতো ছোট ছোট আঞ্চলিক ফৌজ। ১৬১২ সালে বাঙালি-মোঘল সম্মুখযুদ্ধে খাজা ওসমান যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন। \r\nবাংলার আর এক দেশপ্রেমিক শাসক বায়েজিত কররানি ছিলেন সিলেটের রাজা। তিনি বেশকিছু দুর্ভেদ্য আফগান ফরমেশনকে তার বশ্যতা বরণে বাধ্য করেন। কিন্তু খাজা ওসমানের পতনে তার ফৌজিদের মনোবলে ভাটা পড়ে। ফলে মোঘলদের বিরুদ্ধে বাংলার বাঘ বায়েজিদ কররানির সংগ্রাম স্তিমিত হয়ে যায় এবং এখান থেকেই সূচনা ঘটে গোটা বাংলা দিল্লি-আগ্রার শাসনাধীনে বশ্যতা বরণের পরিণতি।
এর আগে ১৫৬১ থেকে ১৬১১ সাল পর্যন্ত বারো ভুঁইয়াদের মধ্যে অন্যতম শক্তিধর বাঙালি শাসক প্রতাপাদিত্য যশোর সাম্রাজ্য কেন্দ্রিক মোঘলবিরোধী স্বাধীনতার পতাকা অটুট রাখেন। প্রতাপাতিত্যের বিশাল বঙ্গ বাহিনী ইতিহাস খ্যাত শালিখার যুদ্ধ এমনকি যশোর থেকে বহু দূরের রণক্ষেত্র পাটনা ও রাজমহলের যুদ্ধে ও সপ্তগ্রাম অভিযানে মোঘল বাহিনীর দুর্ভেদ্য প্রতিরক্ষাকে তছনছ করে দেয়। মোঘলদের বিরুদ্ধে মধ্য বঙ্গের স্বাধীনতার প্রতীক রাজা প্রতাপাদিত্যের শাসন সীমার মধ্যে ছিল কুষ্টিয়া, নদীয়া, চব্বিশ পরগনা, বৃহত্তর যশোর ও নড়াইল পর্যন্ত পরিব্যাপ্ত। প্রতাপাদিত্যের শাসনকাল ছিল ২৫ বছরের। তাঁর প্রজা প্রীতি ও সম্প্রীতির বহু স্মৃতি কথা এখনো পর্যন্ত যশোর-খুলনা-কুষ্টিয়ার মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জোগায়। যেমন- অনুপ্রেরণার জন্য আরও কিছু বঙ্গবীরের নামের মধ্যে রয়েছে বীর হাস্বির, মুকুন্দ রায়, কেদার রায়, উজির বামুন, তপসী লস্কর ও মালামুলিয়া লস্কর, পীতাম্বর রায়, গণেশ রায় প্রমুখ। \r\nবারো ভুঁইয়ারা বাংলার স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন এবং দেশকে ভালোবাসতেন। সে কারণেই গোটা ভারত যখন মোঘলদের বশ্যতা মেনে নিয়েছিল বা মানতে বাধ্য হয়েছিল, বাংলার স্বাধীনচেতা ভুঁইয়ারা তখন প্রাণপণে লড়েছেন মোঘলদের আধিপত্যের বলয়ের বাইরে থেকে দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে। এই ভূখণ্ডে সাম্প্রদায়িক বিভেদের বীজ বোনে ব্রিটিশ এবং তাদের লেজুড় বাংলার উচ্চবর্ণ হিন্দু জমিদার ও পকলেহী বুদ্ধিজীবিরা। তারা বাংলার হিন্দু-মুসলিম ঐক্যের ঐতিহাসিক নজির অস্বীকার করে দেশের স্বাধীনতাকে তুলে দেয় ইউরোপীয় জলদস্যুদের জাহাজে।
