মার্কিন-সৌদি পারমাণবিক চুক্তি ঘিরে উত্তেজনা বেশ স্বল্পস্থায়ী বলেই প্রমাণিত হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এতে পানি ঢেলে দিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি একটি শর্ত জুড়ে দিয়ে বলেন, এই চুক্তি এগিয়ে নিতে হলে সৌদি আরবকে অবশ্যই প্রথমে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতে যোগ দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই শর্ত পূরণের দাবি করা আর চাঁদ হাতে পাওয়ার কল্পনা করা একই কথা।

তবে এটি প্রায় নিশ্চিত, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পরামর্শ করেই ট্রাম্প এই চুক্তি স্বাক্ষরের অনুমতি দিয়েছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল, ইরানের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধে সৌদি আরবকে ইসরায়েল এবং আরব আমিরাতের পাশে একনিষ্ঠ সহযোগী হিসেবে দাঁড় করানো। এমন একটি যুদ্ধ, যা এক পর্যায়ে ইরানের ভেতরে সরাসরি সামরিক অভিযান পর্যন্ত গড়ায়। আর রিয়াদকে দৃঢ় ও চূড়ান্তভাবে নিজেদের পক্ষে না টেনে তা করা মার্কিন বাহিনীর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

সৌদি আরব যদি ট্রাম্পের এই আসন্ন যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে রাখে এবং মার্কিন বাহিনীকে সৌদি সামরিক ঘাঁটি ব্যবহার বা লজিস্টিকস সহায়তায় বাধা দেয়, তবে পেন্টাগনের জেনারেলরা যুদ্ধ পরিচালনায় মহাবিপাকে পড়বেন। অন্যদিকে রাজনৈতিক দিক থেকেও সৌদি আরবের অবস্থান পারস্য উপসাগরের অন্যান্য আঞ্চলিক রাজতন্ত্রের ওপর প্রভাব ফেলবে। বিশেষ করে এমন একটি সময়ে যখন পুরো আরব বিশ্বে ইরানের প্রভাব ব্যাপক। এরই মধ্যে ১৫ জুলাই মার্কিন সফরে আসা যুক্তরাষ্ট্রপন্থি ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময়কেও বিবেচনায় নেওয়া দরকার। সোজা কথায়, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরাক।

ইরান আঞ্চলিক পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াক– তা সৌদিরা কখনোই চাইবে না। ইরানও সৌদি আরবের ঘন ঘন মনোভাব বদল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ট্রাম্পকে রাগিয়ে না দেওয়ার বাধ্যবাধকতা থেকেই সৌদি আরব তা করছে। কারণ, রিয়াদের অভ্যন্তরীণ ক্ষমতার উত্তরাধিকার ইস্যু সামনে এলে ট্রাম্প ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি দুই দেশের গভীর পেট্রোডলার সম্পর্কের বিষয়টি তো রয়েছেই। এদিকে তেহরানকে সৌদি আরবে আক্রমণ না করার জন্য পাকিস্তানের সাম্প্রতিক পরামর্শ, সৌদি আরবের প্রতি হুথিদের হুমকি এবং বাব আল-মানদে প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা– সবই তেহরান ও রিয়াদের ভেতরের সুপ্ত উত্তেজনারই ইঙ্গিত দেয়, যদিও দৃশ্যত দুপক্ষই একটি স্বাভাবিক সম্পর্কের ভাব বজায় রাখছে। চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার শর্ত জুড়ে দিয়ে পুরো চুক্তিকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। এটি কি ট্রাম্পের কোনো নীতিগত পিছুটান, নাকি তাঁর প্রশাসনের সেই পরিচিত বিশৃঙ্খল কৌশল মাত্র? সত্যটা হয়তো এর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন– আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দিলে ‘এই চুক্তি বাতিল’। বুধবার মার্কিন জ্বালানি বিভাগ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার সময় কেন এই শর্তের কথা বলা হয়নি? এর জবাবে লেভিট বলেন, ট্রাম্পই যে ‘চূড়ান্ত ডিল মেকার’ বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী– তা প্রমাণের জন্যই এমনটা করা হয়েছে।

ট্রাম্প এখানে পূর্বপরিকল্পিত একটি চিত্রনাট্য অনুযায়ী পিছু হটেছেন। আব্রাহাম অ্যাকর্ডসের শর্তটি চুক্তির অংশ হলে তিনি আগেই তার কৃতিত্ব নিতে পারতেন। কিন্তু সৌদিদের ওপর নিজের দরকষাকষির জোর বাড়াতে ট্রাম্প প্রকাশ্যে এই শর্ত জুড়ে দিয়েছেন। এর ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা যাচাইকরণের শর্তগুলোতে যুক্তরাষ্ট্রের বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। সামগ্রিকভাবে, ট্রাম্পের হাতে এখানে ভালো একটি সুযোগ রয়েছে। আব্রাহাম অ্যাকর্ডসের এই শর্তটি মূল চুক্তি বাস্তবায়নে বিলম্ব ঘটাতে পারে; যতক্ষণ না সৌদিরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তাদের কঠোর অবস্থান শিথিল করছে। অন্যদিকে ট্রাম্পের হাতে এখন সেই চাপ দেওয়ার চাবিকাঠি রয়েছে, যার ফলে সৌদিদের ভেবে দেখতে হবে, তারা সত্যিই ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে যাবে কিনা।

এম কে ভদ্রকুমার: ভারতের সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক; ইন্ডিয়ান পাঞ্চলাইন থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম