সুদূর অতীত থেকে উপহার-উপঢৌকন, ঘুষ-চাঁদা, চাঁদাবাজি ইত্যাদি শব্দবন্ধ রাষ্ট্র পরিচালনায় যে অর্থে প্রতিষ্ঠিত বা বহুল ব্যবহৃত, ইদানীং মনে হয় সেই অর্থ পাল্টে যাচ্ছে, অথবা পাল্টে দেয়া হচ্ছে। এটি এক বিপজ্জনক প্রবণতা। অভিযোগ উঠেছে, উপহার-উপঢৌকন, ঘুষ ও চাঁদা এবং চাঁদাবাজির সংজ্ঞায় পরিবর্তন আনার চেষ্টা চলছে খোদ ক্ষমতাসীনদের তরফ থেকে। বর্তমানে ক্ষমতাসীন অনেকের বিবেচনাহীন বক্তব্য ও শব্দ প্রয়োগে বৈধ ও অবৈধের নির্দিষ্ট সীমা ঘুচতে বসেছে। পরিণামে নীতিহীনতার প্রবণতা তীব্রভাবে হাজির হচ্ছে রাষ্ট্র ও সমাজে। অথচ ঘুষ আর উপহারের মধ্যে যে একটি স্পষ্ট পার্থক্য বা নৈতিকতার দেয়াল তোলা আছে, তা তারা ভুলে যাচ্ছেন। এটি কী ইচ্ছাকৃত ভুল; নাকি জ্ঞানের স্বল্পতা— এ নিয়ে সাধারণ মানুষ পড়েছে ধন্দে। যেখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী আইন ও সুশাসনের সংজ্ঞায় পরিষ্কার বলা হয়েছে, সরকারি ক্ষমতার প্রভাবে বা স্বার্থের সঙ্ঘাতের মুখে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের সুবিধা বা উপহার নেয়া সরাসরি দুর্নীতির আওতাভুক্ত। ঠিকাদাররা তো আর সমাজসেবা করতে আসেননি। ব্যবসা করতে এসেছেন। মুনাফা অর্জনই তাদের মূল লক্ষ্য। তারা যখন সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা নীতিনির্ধারককে ‘খুশি হয়ে’ উপহার দেন; তখন তারা মূলত ওই উপহারের বিনিময়ে বহুগুণ বেশি সুবিধা আদায়ের ফন্দি আঁটেন। তাই সরকারের কোনো মন্ত্রী যখন এর পক্ষে চটজলদি বেফাঁস মন্তব্য করে বসেন, নৈতিকতার বিচারে এসব আত্মঘাতী হয়ে ওঠার আশঙ্কা থেকে যায়। একটি রাষ্ট্রে যখন দুর্নীতি নির্মূলে শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করা হয়, তখন মন্ত্রীদের কাণ্ডজ্ঞানহীন কথা দুর্নীতিবাজদের মনে নতুন করে সাহস জোগায়। আওয়ামী লীগের ফ্যাসিবাদী জমানায় ক্ষমতাধর ওবায়দুল কাদেরের বহুমূল্য বাহারি ঘড়ি উপহার নেয়ার ঘটনা আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয়, উপহারের মোড়কে কিভাবে লুকিয়ে থাকে দুর্নীতি। কিভাবে উপহারের আড়ালে আশ্রয় নেয় দুর্নীতি। তাই ঠিকাদারের সন্তুষ্টির দোহাই দিয়ে উপহারকে বৈধতা দেয়ার ঘোষণা করা; কিংবা সমঝোতার ভিত্তিতে সড়ক পরিবহণ খাতে টাকা তোলাকে চাঁদা নয় বলে অনুমোদন দেয়া কোনোভাবে সুস্থ স্বাভাবিক হতে পারে না। জনগণের রক্ত পানি করা করের অর্থে পরিচালিত সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হলে এই ধরনের দ্বিমুখী মানসিকতা থেকে বেরিয়ে আসার বিকল্প নেই। উপহার বা উপঢৌকন যদি সরকারের মন্ত্রী-নীতিনির্ধারক বা সরকারি কর্মকর্তা কেউ দেন, তবে নির্দিষ্ট অঙ্কের বেশি দামের উপহারসামগ্রী রাষ্ট্রের কোষাগারে তোষাখানায় জমা পড়তে হবে। ব্যক্তিগত হওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে মনে রাখা দরকার, নীতিমালার ফাঁকফোকর গলিয়ে যারা দুর্নীতির বৈধতা খোঁজেন, তাদের প্রতিহত না করলে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে। আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের বিতর্কিত মানসিকতার কঠোর আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে আমাদের এই সময়ে অগ্রাধিকারের তালিকায় এক নম্বর কাজ। কারণ, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহি। কিন্তু যখন নীতিনির্ধারক বা জনপ্রতিনিধিরা নীতি বা বৈধতার সীমানা নির্ধারণ করতে গিয়ে অদ্ভুত সব তত্ত্ব হাজির করেন, তখন সাধারণের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক— তবে কি রাষ্ট্রীয় আইন ও নীতির চেয়ে ব্যক্তিবিশেষের খেয়ালখুশি শেষ কথা? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ বিষয়ে একটি নতুন বিতর্ক উসকে দিয়েছেন। এর আগেও নিজ এলাকায় নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ তার দুই ছেলে ও এক ভাতিজির নামের সাথে মিলে যাওয়ায় সংবাদপত্রে আলোজনার জন্ম দেয়। পরে সমালোচনার ঝড় উঠলে ওই সব নাম সরকার বাদ দিতে বাধ্য হয়। মজার ব্যাপার হলো— শুধু প্রতিমন্ত্রী মীর শাহে আলম একা নন, এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি সড়কমন্ত্রী শেখ রবিউল আলমও চাঁদার সংজ্ঞা বদলে যাওয়ার মতো মন্তব্য করেছিলেন। দিনকয়েক আগে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঠিকাদাররা যদি সন্তুষ্টচিত্তে প্রকৌশলীদের কোনো উপহার দেন, তা নাকি ঘুষ হিসেবে গণ্য হবে না। তার বিবেচনায় এটি বৈধ। তবে পরে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রীর এমন বক্তব্য যে প্রশাসনিক কাঠামোর অন্তরালে লুকিয়ে থাকা দুর্নীতি ও স্বার্থের সঙ্ঘাতকে বৈধতা দেয়ার শামিল, এ নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন তিনি। এলজিআরডি প্রতিমন্ত্রী হয়তো খেয়াল করেননি যে, সরকারি দায়িত্ব পালনকারী কোনো প্রকৌশলী বা আমলা যদি কাজের তদারকি করা ঠিকাদারের কাছ থেকে উপহার নেন, তা কিভাবে নিরপেক্ষ তদারকি নিশ্চিত করবে? তার এই বক্তব্যের সূত্র ধরে সামনে চলে আসে তোষাখানা আইনের বিধান। পতিত ফ্যাসিবাদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘড়ি উপহার নেয়ার আত্মপক্ষ সমর্থন এবং বর্তমান সরকারের সময়ে সড়ক পরিবহন খাতের সমতার ভিত্তিতে টাকা নেয়াকে ‘চাঁদা নয়’ বলে সংশ্লিষ্ট মন্ত্রীর চালিয়ে দেয়ার চেষ্টা, অদ্ভুত সব বয়ান। এলজিআরডি প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ঠিকাদার যদি তার লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দেন, তবে তাতে দোষের কিছু নেই। প্রথম নজরে এটি উদার মানসিকতা বা নির্দোষ মনে হতে পারে। কিন্তু এর গভীর ও সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব যে কত ভয়াবহ হতে পারে তা আমলে নেননি প্রতিমন্ত্রী। সরকারি কেনাকাটায় ঠিকাদাররা কাজ পান সরকার থেকে। সেই কাজের মান যাচাই ও বিল পাশের দায়িত্ব সরকারি প্রকৌশলী ও কর্মকর্তাদের। যে ঠিকাদারকে কাজের বিল পেতে প্রকৌশলীর দফতরে ফাইল নিয়ে দৌড়াতে হয়। সেই তিনি যখন প্রকৌশলীকে ‘সন্তুষ্টচিত্তে’ উপহার দেন, তখন তা আর নিছক উপহার থাকে না; হয়ে দাঁড়ায় ভবিষ্যতের প্রভাব বিস্তারের অগ্রিম বিনিয়োগ। এই দৃষ্টিকোণ থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) সুশীল সমাজের প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি সরকারি কর্মচারীদের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার একটি বিপজ্জনক প্রয়াস। সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে রাষ্ট্র নির্ধারিত বেতন দেয়, ঠিকাদারের কাছ থেকে উপঢৌকন নিতে নয়। রাষ্ট্রীয় দায়িত্বে থাকা কোনো ব্যক্তি দেশী-বিদেশী উৎস থেকে উপহার-উপঢৌকন পেলে আইন কী বলে। এ বিষয়ে তোষাখানা আইন নামে একটি বিধান আছে। তাতে বলা হয়েছে, দায়িত্বে থাকা কোনো ব্যক্তি বিদেশ বা দেশীয় উৎস থেকে কোনো উপহার বা মূল্যবান সামগ্রী পেলে তা ব্যক্তিগতভাবে নিজে রাখতে পারেন না। সরকারি উপহার ব্যবস্থাপনায় ‘তোষাখানা আইন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোষাখানা হলো এমন একটি রাষ্ট্রীয় ভাণ্ডার, যেখানে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রী বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের প্রাপ্ত মূল্যবান উপহার জমা রাখা হয়। আইন অনুযায়ী, একটি নির্দিষ্ট টাকা মূল্যের বেশি দাম হলে ওই উপহার তোষাখানায় জমা দিতে হয়। অথবা নির্দিষ্ট মূল্য পরিশোধ করে তা অর্জন করতে হয়। দেশের মন্ত্রী-আমলারা যখন দেশী-বিদেশী কারো কাছ থেকে বা ব্যক্তিগত উৎস থেকে উপহার নেয়াকে ‘বৈধ’ বলে অনুমোদন দেন, তখন তা আইন ও নৈতিকতার চরম লঙ্ঘন হিসেবে প্রতিভাত হয়। এর আগে পতিত ফ্যাসিবাদী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার হাতের নামী দামি ব্র্যান্ডের ঘড়ি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। তখন নিউজ পোর্টাল নেত্রনিউজে ওবায়দুল কাদেরের লাখো টাকা মূল্যের ঘড়ি ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তখন তিনি সাফাই গেয়েছিলেন, এসব ঘড়ি তার নিজের পয়সায় কেনা নয়। দলীয় কর্মী বা শুভানুধ্যায়ী তাকে ‘উপহার’ দিয়েছেন। সিঙ্গাপুর বা অন্য কোনো দেশ থেকে কেউ কটি বা ঘড়ি এনে উপহার দিলে তিনি কী করবেন, এমন প্রশ্ন তুলেও পার পাওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক একইভাবে, এলজিআরডি প্রতিমন্ত্রীর ঠিকাদারের উপহার বৈধকরণের তত্ত্বের সাথে ওবায়দুল কাদেরের ‘উপহার সংস্কৃতি’র মিল খুঁজলে তাতে কি কাউকে দোষ দেওয়া যাবে? ক্ষমতার অপব্যবহার করে কাউকে কাজ পাইয়ে দেয়া এবং বিনিময়ে দামি উপঢৌকন নেয়াকে ‘উপহার’ বলে চালিয়ে দেয়ার এই সংস্কৃতি দেশের অর্থনীতিকে গহ্বরে ঠেলে দিয়েছিল। উপহারের পাশাপাশি চাঁদাবাজি ‘জায়েজ’ করতে দেশের নীতিমালার অভিধানে ‘সমঝোতার ভিত্তিতে’ আরেকটি শব্দবন্ধ হাজির করেছিলেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। বলেছিলেন, মালিক ও শ্রমিক সমিতির সমঝোতার ভিত্তিতে যদি নির্দিষ্ট হারে টাকা নেয়া হয়, তবে তাকে জোরপূর্বক চাঁদাবাজি বলা যাবে না; বরং সেটি তাদের কল্যাণে ব্যবহৃত হয়। সড়কমন্ত্রীর যুক্তিটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘সন্তুষ্টচিত্তের উপহার’ তত্ত্বের মতো একই রকম বিপজ্জনক। জোর করে টাকা আদায় না করে যদি একটি নিয়মতান্ত্রিক বা অলিখিত সমঝোতার মাধ্যমে পরিবহন খাত বা ঠিকাদারি খাতে হরিলুটের ক্ষেত্র তৈরি করা হয়, তাতে কি অপরাধের মাত্রা কমে যায়? সমঝোতার নামে সাধারণ মানুষ, যাত্রী সাধারণ বা ঠিকাদারদের ওপর যে অদৃশ্য আর্থিক শোষণ চালানো হয়, তা পরোক্ষভাবে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি নয় কি? যখন রাষ্ট্র বা সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা এই ধরনের উপহার বা সমঝোতাকে বৈধতা দেন, তখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ দুষ্টচক্রের পোয়াবারো হয়। তারা বেপরোয়া হয়ে দুর্নীতির চাষবাদ করতে উদ্যোগী হয়। লেখক : সহকারী সম্পাদক, নয়া দিগন্ত camirhamza@.yahoo.com
Opinion মতামত
