বহু চড়াই-উতড়াই পেরিয়ে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া স্মরণকালের সেরা নির্বাচন এটিকে বলাই যায়। দেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ছিল খুবই মামুলি বিষয়। কিন্তু এ নির্বাচনে তেমন ঘটনা ঘটেনি- নিঃসন্দেহে এটি আনন্দের সংবাদ। তবে নির্বাচন-পরবর্তী কিছু অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, যা ঠেকানো যেত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং স্থানীয় রাজনীতিকদের সময়োচিত সিদ্ধান্তে। ভোটের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিপক্ষ ব্যক্তি ও দলের সমর্থকদের বাড়িঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয় একজনকে।

ময়মনসিংহের হালুয়াঘাটে ১২ বছরের শিশু ইমনকে পিটিয়ে হত্যা, পটুয়াখালীতে বিএনপি ও জামায়াত কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঝিনাইদহ জেলা সদর, শৈলকুপা, মহেশপুর ও কালীগঞ্জ এলাকায় ভাঙচুর, সংঘর্ষ, বাড়িঘর ও প্রেস ক্লাবে হামলার ঘটনা ঘটে। বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নে ২০ বাড়ি ভাঙচুর ও সংঘর্ষে ৩৫ জন আহত হয়। এছাড়া হামলা হয়েছে নারায়ণগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, মেহেরপুর, দিনাজপুর ও পঞ্চগড়ে। \r\nভোটগ্রহণের সময় কেন্দ্র ও আশপাশে কিছু সহিংস ঘটনায় বোমা বিস্ফোরণও ঘটেছে। এসব ঘটনায় সারাদেশে প্রায় শতাধিক আহত হয়েছেন। এসব ঘটনা কেবল আইনশৃঙ্খলার কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়; এগুলো রাজনৈতিক অপসংস্কৃতির গভীর সংকট।

গ্রামাঞ্চলের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের বাড়িঘরে আগুন দেওয়া, বাজারে হামলা, রাজনৈতিক কর্মীদের ওপর সশস্ত্র আক্রমণ- এসব কোনোভাবেই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নয়। এগুলো পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। নির্বাচন কোনো যুদ্ধ নয়; এটি ভিন্ন মতের প্রতিযোগিতা। আমরা বারবার দেখেছি, পরাজয়কে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার বদলে প্রতিশোধের হিংস্র ও রক্তক্ষয়ী রাজনীতি প্রাধান্য পাচ্ছে। বিজয়ী পক্ষের উল্লাস কখনো কখনো দম্ভে পরিণত হচ্ছে, আর পরাজিত পক্ষের ক্ষোভ রূপ নিচ্ছে সহিংস আচরণে। এই দুই প্রান্তিক মানসিকতার মাঝে আমজনতা হয়ে পড়েছে অসহায়! \r\nনির্বাচন-পরবর্তী সহিংসতা যে-ই করুক ক্ষমতাসীন, বিরোধী বা উগ্র সমর্থক সবার বিরুদ্ধে সমানভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আইনের প্রয়োগে দলীয় বিবেচনা কোনোভাবেই চলতে পারে না। রাজনৈতিক দলগুলোর দায় আরও বড়। নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশে ভোট - এমন প্রতিশ্রুতি সবাই দেয়। কিন্তু ফল পছন্দ না হলেই মাঠের কর্মীদের লাগামহীন করে দেওয়ার অপসংস্কৃতি বন্ধ না হলে নির্বাচন কখনই প্রকৃত উৎসবে পরিণত হবে না। রাজনীতিকদের স্পষ্ট বার্তা দিতে হবে- সহিংসতায় জড়ালে দলীয় পরিচয় কোনো ঢাল হবে না। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভোটের আগে নিরাপত্তা জোরদার থাকলেও ফল ঘোষণার পর অনেক এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল শিথিল। কোথাও দেখা গেছে বিজয়ী দলের পক্ষে নির্লজ্জ অবস্থান নিতে। সহিংসতা ঠেকাতে আগাম গোয়েন্দা নজরদারি ও দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রকে রক্ষা করতে হলে নির্বাচন-পরবর্তী সহিংসতার বিরুদ্ধে এখনই শূন্য সহনশীলতা নীতি ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী দল বিএনপি ও স্মরণকালের সর্বাধিক আসনে বিজয়ী জামায়াতে ইসলামী- উভয় দল মিলে আগামী পাঁচ বছরে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ে তুলবে, এমন প্রত্যাশা গণমানুষের।