দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত চ্যালেঞ্জ নানামুখী। স্বচ্ছ চাকরি বিধিমালার অভাব, চাকরির অনিশ্চয়তা, প্রতিযোগিতামূলক বেতনের অভাব, সীমিত পদোন্নতির সুযোগ ইত্যাদি। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অভ্যন্তরীণ পূর্ণকালীন শিক্ষকদের চেয়ে অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি সার্ভিস বেনিফিটসহ অন্যান্য আর্থিক সুবিধার অভাব আছে এবং যখন-তখন বরখাস্ত হওয়ার আশঙ্কা থাকে। বেসরকারি খাতে উচ্চশিক্ষার প্রবৃদ্ধি সত্ত্বেও অনেক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত এসব অনিয়ম শিক্ষকদের মনোবল, পেশাদার বিকাশ এবং সামগ্রিক জীবনযাত্রার মানকে প্রভাবিত এবং তাদের মানসিকভাবে দুর্বল করে তোলে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনেকেই অন্যায্য ছাঁটাই, নিম্ন-বেতন কাঠামো, বিলম্বিত পদোন্নতি এবং শোষণের ঝুঁকিতে পড়েন। শিক্ষকরা তাদের অবস্থাকে কেবল বেসরকারি কর্মচারীদের সঙ্গে তুলনা করেন, যাদের একাডেমিক স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে ন্যায্য আচরণের অভাব রয়েছে। সুশাসন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০১০ সালে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন’ প্রণয়ন করা হলেও অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের পেশাগত সুরক্ষা/কল্যাণ নিশ্চিত এবং একটি অনুকূল শিক্ষা-উপযোগী পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। অনেক সময় শিক্ষকরা শ্রম আইন সুরক্ষার তুলনায় আইনি আশ্রয়ের অভাবের কারণে যৌক্তিক কথা বলতে ভয় পান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে সম্প্রতি জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষকদের পেশাগত স্বার্থ রক্ষার জন্য একটি যুতসই নীতিমালা বাস্তবায়নে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থাটি কিছু মহল থেকে প্রতিরোধের সম্মুখীন। আমলাতন্ত্র কিছুটা হলেও যে কোনো ভালো নীতি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মর্যাদা এবং বাংলাদেশের উচ্চশিক্ষার সামগ্রিক মানের জন্য অভিন্ন চাকরি বিধিমালা বাস্তবায়ন জরুরি। অনেক বিশ্ববিদ্যালয় স্বল্পমেয়াদি, নবায়নযোগ্য চুক্তিতে (যেমন এক বছর/দুই বছর) প্রভাষক/সহকারী অধ্যাপক/সহযোগী অধ্যাপক নিয়োগ করে। এতে ক্রমাগত অনিশ্চয়তা তৈরি হয়। অনেক বিশ্ববিদ্যালয় জেনেশুনেই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ মেনে চলে না। যার ফলে মানবসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব থাকে।

বছরের পর বছর দেখা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক ইউনিয়ন না থাকার কারণে সম্মিলিত দর কষাকষির কণ্ঠস্বর খুব দুর্বল হয়ে যায়। ফলে কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। অনেক শিক্ষক অন্যায্য আচরণের সম্মুখীন হন। কখনও কখনও তাদের সঙ্গে শিক্ষকের চেয়ে কর্মচারীর মতো আচরণ করা হয়, যেখানে তাদের চাকরির নিরাপত্তা বা সুরক্ষা খুবই কম থাকে। কয়েকটি মানবসম্পদ গবেষণায় চাকরির অনিশ্চয়তার সঙ্গে দুর্বল বেতন কাঠামো, পেশাগত বিকাশের অভাব এবং শিক্ষকের টার্নওভারের মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র তুলে ধরা হয়েছে, যা সরাসরি মানসম্মত শিক্ষার ওপর প্রভাব ফেলে। আজকাল কর্মক্ষেত্রে চাকরির অনিশ্চয়তা এবং অসন্তুষ্টি বেশ কিছু শিক্ষককে বিদ্যায়তন ত্যাগ করতে বাধ্য করেছে। এ ধরনের প্রবণতা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভবিষ্যতে ধারাবাহিকতা এবং মানের ওপর প্রভাব ফেলবে। তা ছাড়া কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি নিয়ম মেনে চলে না। তারা মানসম্মত বেতন স্কেল ও দীর্ঘমেয়াদি চুক্তি প্রদান করে না এবং সুবিধাও থাকে অপ্রতুল। অপ্রতিযোগিতামূলক বা কম বেতন, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং খারাপ কর্মপরিবেশ শিক্ষকদের মধ্যে অসন্তোষের কারণ হয়। এ জন্য তাদের মানসিক চাপের মাত্রাও বেশি। এ রকম মানসিক অস্থিরতায় পেশাগত বিকাশ বাধাগ্রস্ত হয়। সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং শিক্ষার মান বজায় রাখতে গেলে শিক্ষকদের জন্য একটি সুন্দর কর্মপরিবেশ তৈরি করা জরুরি।

এমন বিশ্ববিদ্যালয় আছে যেখানে পূর্ণকালীন প্রভাষক/সিনিয়র প্রভাষকরা খুব কম বেতন পান, যদিও তাদের ওপর কোর্স/কাজের চাপ বেশি থাকে। চার মাসের সেমিস্টারে তাদের পাঁচ বা ছয়টি কোর্স পড়াতে হয়। কখনও কখনও তাদের অতিরিক্ত কোর্সও পড়াতে হয়। দুর্ভাগ্যবশত, শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সুবিধা (যেমন ভবিষ্য তহবিল, গ্র্যাচুইটি/পেনশন ইত্যাদি) খুবই কম দেওয়া হয়। এমনকি কিছু বিশ্ববিদ্যালয়ে লিখিত মানবসম্পদ নীতিমালারই অভাব রয়েছে।

অনেক সময় অন্যায্য আচরণের বিরুদ্ধে আপিল সরকার-সমর্থিত বিশ্ববিদ্যালয় কমিটি বা সংস্থাগুলোতে যায়, যা স্বার্থের সংঘাত তৈরি করে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে উত্তরা বিশ্ববিদ্যালয়ে এ রকম ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি, ইউজিসি এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সম্প্রতি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজন শিক্ষককে বরখাস্ত করেছে এবং তারও আগে আরেকজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। প্রকৃতপক্ষে সুশাসন এবং চাকরির নিরাপত্তার অভাব শিক্ষকদের পেশাগত প্রেরণাকে নষ্ট করে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সার্বিক পরিবেশ ও মানকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।

বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের অভাব একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিগত সমস্যা, যা তাদের পেশাগত জীবন ও শিক্ষার মানকে প্রভাবিত করছে। একাডেমিক ইউনিয়ন ছাড়া শিক্ষকরা (অবশ্যই কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক নয়) বিশ্ববিদ্যালয়ের অন্যায্য সিদ্ধান্ত বা পদক্ষেপের বিরুদ্ধে কার্যকর চ্যালেঞ্জ জানাতে পারবেন না। তা ছাড়া চাকরির নিরাপত্তার অভাব শিক্ষকদের মনোবল ভেঙে দেয়, যা উচ্চ শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার বিকাশকে বাধাগ্রস্ত করে।

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন এবং বাধ্যতামূলক ‘চাকরি বিধিমালা’ কার্যকর করার উদ্যোগ ইউজিসিকে নিতে হবে, যাতে শিক্ষকরা মানসিকভাবে নিরাপদ বোধ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করতে পারেন। বিশ্ববিদ্যালয়ে সুশাসন বজায় রাখতে এবং একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য অবিলম্বে একটি স্বাধীন ‘উচ্চশিক্ষা কমিশন’ গঠন করা এখন সময়ের দাবি। তার আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ জরুরিভাবে সংশোধন করা দরকার। বিশ্ববিদ্যালয়ের অংশীজনের একজন হিসেবে শিক্ষকদের ন্যায্য কণ্ঠস্বর অবশ্যই শুনতে হবে।

শেখ নাহিদ নিয়াজী: সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ nahidneazy@yahoo.com