দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিত পঞ্চগড়ের সমতলের চায়ে কয়েক বছর ধরে অব্যাহতভাবে লোকসান গুনছিলেন চাষিরা। একসময় ৮-১২ টাকা কেজিতে কাঁচা পাতা বিক্রি করতে হতো। সেখান থেকে আবার কর্তন করা হতো৩০-৪০ শতাংশ ওজন। পাওনা টাকার জন্য কারখানায় ধরনা দিতে হতো মালিকদের কাছে। মাসের পর মাস ঘুরেও টাকা পাওয়া যেত না। ফলে লোকসানে পড়তে হতো চা চাষিদের। কিন্তু সময় বদলে ভাগ্য ফেরাতেও সময় লাগে না। এবার ক্ষুদ্র চা চাষিদের মুখে দেখা গেছে হাসির ঝিলিক। খুশিতে ভাসছে সমতলের চা চাষের সবুজ প্রকৃতি। এবার উত্তরাঞ্চলের সমতলের ৫ জেলায় চা চাষে বিপ্লব ঘটেছে।
বিশেষ করে পঞ্চগড়ের সমতলের চা বাগান রক্ষার্থে জেলা প্রশাসন, স্থানীয় চা বোর্ডের নীতি নির্ধারণসহ কড়া তদারকি এবং কারখানা মালিক ও চাষিদের সম্মিলিত প্রচেষ্টায় বৃদ্ধি পেয়েছে চায়ের গুণগত মান। এতে চলতি বছরে নিলাম বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে। ফলে উপযুক্ত দামেই কাঁচা চা পাতা কিনছেন কারখানা মালিকরা। উন্নতমানের কাঁচা পাতা সরবরাহের ফলে কারখানা মালিকরাও ভালোমানের চা তৈরি করতে পেরে খুশি। \r\nগত কয়েক মৌসুমে লোকসানের পর চলতি চা মৌসুমে উপযুক্ত দাম পেয়ে খুশি চা চাষিরা। বিগত কয়েক বছর থেকে সিন্ডিকেটের কারণে নিলাম বাজারে চায়ের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছিল না। ফলে ক্রমাগত লোকসান গুনতে হয়েছে চা বাগান মালিক ও ক্ষুদ্র চাষিদের। ২০১৫-২৪ পর্যন্ত চায়ের উৎপাদন খরচ বেড়েছিল ৫৮ দশমিক ৩০ শতাংশ।
দামের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় চা-শিল্পের আর্থিক সক্ষমতাও কমে এসেছিল। \r\nচা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। দেশের জনসংখ্যা বৃদ্ধি ও ক্রমান্বয়ে নগরায়ণের ফলে এবং জনতার শহরবিমুখতার কারণে চায়ের অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে। বিগত তিন দশকে চায়ের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে ব্যাপক। জাতীয় অর্থনীতিতে চা-শিল্পের গুরুত্ব অপরিসীম ও সুদূরপ্রসারী। জিডিপিতে এ খাতের অবদান শূন্য দশমিক ৮১ শতাংশ। বাংলাদেশের চা-শিল্পের বয়স ১৭৮ বছর। সুদীর্ঘ এই সময়ে দেশের মানচিত্র বদলেছে দুই বার। তবে চা-শিল্পের অগ্রযাত্রা থামেনি। অমিত সম্ভাবনার অনুপাতে সম্পূর্ণ অর্জিত না হলেও এ শিল্পের অর্জন কম নয়। বাংলাদেশের মোট উৎপাদিত চায়ের ৯০ ভাগ হয় সিলেট বিভাগে এবং অবশিষ্ট ১০ ভাগ চট্টগ্রাম বিভাগে উৎপন্ন হয়। বর্তমানে বাগানগুলো থেকে ভালো মানের কাঁচা পাতা ৩২-৩৫ টাকা কেজিতে কিনছেন কারখানা মালিকরা। বায়াররা ছুটছেন উত্তরাঞ্চলের সমতলের চায়ের নিলামে। এতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সমতলের চাষিরা। এমন দাম পেলে এলাকায় চা চাষ আরও সম্প্রসারিত হবে- এটাই প্রত্যাশা।
